ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

পিৎজা ডেলিভারির সময় গুলিবিদ্ধ হয়ে নিহত ভারতীয় তরুণ


পিৎজা ডেলিভারির সময় গুলিবিদ্ধ হয়ে নিহত ভারতীয় তরুণ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় পিৎজা ডেলিভারি দিতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন অংশুল কুঞ্চা (২৮) নামে এক ভারতীয় যুবক। তবে, নিহত অংশুলের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে পিৎজার অর্ডারকে টোপ হিসেবে ব্যবহার করে অংশুলকে হত্যার ফাঁদে ফেলা হয়েছিল।

রোববার (৭ জুন) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে যে, নিহত অংশুল ভারতের তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। অতিরিক্ত আয়ের জন্য তিনি যুক্তরাষ্ট্রে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে খণ্ডকালীন পিৎজা ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে উত্তর ফিলাডেলফিয়ার এডগলি স্ট্রিটের একটি আবাসিক ভবনে পিৎজা ডেলিভারির অর্ডার পান অংশুল। সেখানে পৌঁছে ডেলিভারি দেয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিতে যায়। সেখানে চিকিৎসকরা রাত প্রায় ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তদন্তে জানা গেছে, যেই ফ্ল্যাটে পিৎজা পৌঁছে দিতে গিয়েছিলেন অংশুল, সেটি ছিল ফাঁকা। ভবনের নজরদারি ক্যামেরার ফুটেজেও দেখা গেছে, অংশুল ভবনে প্রবেশের সময় দুজন ব্যক্তি তাকে অনুসরণ করছিল।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ব্যবহৃত গুলির খোল উদ্ধার করেছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। পরে তার গাড়িটিও উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত ও তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল

এদিকে, নিউইয়র্কে অবস্থিত ভারতীয় কনস্যুলেট অংশুলের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে।

অন্যদিকে, অংশুলের পরিবারের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের বোন তানভি বলেন, অংশুল প্রায় চার বছর ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন এবং কারও সঙ্গে তার শত্রুতা ছিল বলে পরিবারের জানা নেই।

তিনি বলেন, ‘সে খুবই হাসিখুশি মানুষ ছিল। কেন তাকে হত্যা করা হলো, তার দ্রুত তদন্ত চাই।’ একইসঙ্গে ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরনদীতে নিখোঁজ যুবকের মরদেহ ডোবা থেকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


গৌরনদীতে নিখোঁজ যুবকের মরদেহ ডোবা থেকে উদ্ধার

নিখোঁজের দুদিন পর রবিবার (৭ জুন) সকালে বাড়ির পাশের ডোবা থেকে পুলিশ রেজাউল হাওলদার (২১) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে। বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকায় রবিবার (৭ জুন) এই ঘটনাটি ঘটে।

তিনি ওই গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে। স্থানীয় গ্রামপুলিশ রাসেল মৃধা মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, শুক্রবার (৫ জুন) দুপুরে রাজমিস্ত্রী রেজাউল হাওলাদার বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও রেজাউলের সন্ধান পায়নি। রবিবার (সকাল সাতটার দিকে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাকে খবর দেন।

পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গৌরনদী থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। তিনি আরো নিশ্চিত করেন যে, ঘটনাস্থল পুকুর সংলগ্ন এলাকা থেকে পুলিশ ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে। ফলে এই বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে ভাসমান অবস্থায় রেজাউলের মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি রেজাউলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল। পুরো ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেল ১ জনের

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি আবুল কাশেম রুমন

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেল ১ জনের

সিলেটের গোয়াইনঘাটে ঘটেছে এক মৃত্যুর ঘটনা, যেখানে এক ব্যক্তির ঘুষিতে প্রাণ যায়। বিষয়টি মেয়েকে উত্ত্যক্ত করার কারণে শুরু হয়। ঘটনাটি ঘটে সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে। এই ঘটনায় নিহত ব্যক্তির নাম চতন্য গোয়ালা। প্রতিবেশি সুমন প্রধান (৪২) কে পুলিশ আটক করেছে। শনিবার (৬ জুন ২০২৬ইং) বিকেল ৪টার সময় চাওড়াতল চা বাগানে ঘটে এই মারাত্মক ঘটনা। পুলিশ জানিয়েছে, এ ঘটনার সুত্রপাত হয়েছিল মেয়েকে উত্ত্যক্ত করার কারণে। নিহত ব্যক্তির বয়স ৪৩ বছর। দুইজনই চাওড়াতল চা বাগানের শ্রমিক হিসেবে কাজ করতেন এবং তারা একই বাগানে বসবাস করতেন। শনিবার (৬ জুন ২০২৬ইং) বিকেল অনুমানিক ৪টার সময় সুমন প্রধানের মেয়েকে উত্ত্যক্ত করে চতন্য গোয়ালা। এরপর তাদের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে সুমনের ঘুষিতে প্রাণ হারান চতন্য। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন, পরে পুলিশ ঘটনা¯’লে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং সুমনকে আটক করে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চাওড়াতল চা বাগানে একটি মেয়েকে উত্ত্যক্তের জের ধরে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করে একজনকে আটক করেছে। পরবর্তী আইনানুগ ব্যব¯’া প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রের সব যন্ত্র সক্রিয়ভাবে কাজ করায় দ্রুত বিচার সম্ভব হয়েছে: অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০১:১০ পি.এম


রাষ্ট্রের সব যন্ত্র সক্রিয়ভাবে কাজ করায় দ্রুত বিচার সম্ভব হয়েছে: অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের সব যন্ত্র সক্রিয়ভাবে কাজ করার ফলে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলাকেটে হত্যা মামলার বিচার দ্রুত সম্ভব হয়েছে, এ কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।

রোববার (৭ জুন) শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণার প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টে তিনি এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।

অ্যাসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের রায়কে বিচারিক প্রক্রিয়ার মাইলফলক হিসেবে উল্লেখ করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, "এত কম সময়ে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে।"৷ তিনি আরও বলেন, রাষ্ট্রের সব যন্ত্র সক্রিয়ভাবে কাজ করেছে বলেই এত দ্রুত বিচার করা সম্ভব হয়েছে।

অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, রামিসা হত্যা মামলার রায়ের রেকর্ড পাওয়ার পর হাইকোর্টে দ্রুত সময়ের মধ্যে মামলার শুনানি ও আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

সেইসঙ্গে প্রধান বিচারপতি এই মামলার বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।

এর আগে আলোচিত এই মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালত মৃত্যুদণ্ড দেন। রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রধান আসামি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই অর্থদণ্ডের পুরো টাকা ভুক্তভোগী শিশু রামিসার আইনগত উত্তরাধিকারী (মা-বাবা) পাবেন। আদালত নির্দেশ দিয়েছেন যে, আসামিরা যদি এই ক্ষতিপূরণ না দেয়, তবে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে রামিসার পরিবারকে দিতে হবে।

মামলার বিবরণ অনুসারে, নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে সে ঘর থেকে বের হলে, আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যান। এরপর সেখানে রামিসাকে ধর্ষণের পর পৈশাচিক উপায়ে গলা কেটে হত্যা করা হয়।

মেয়ের খোঁজ না পেয়ে খুঁজতে গিয়ে আসামিদের ঘরের সামনে রামিসার জুতা দেখতে পান তার মা। ডাকাডাকিতে সাড়া না পেয়ে বিরোধীদের সহায়তায় দরজা ভেঙে ঘরের ভেতর থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে পুলিশ এসে স্বপ্নাকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে। এই ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন।

এই লোমহর্ষক হত্যাকাণ্ডের তদন্ত শেষে রেকর্ড গড়ে মাত্র ৫ দিনের মধ্যে (২৪ মে) আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছিল পুলিশ। এরপর ১ জুন এসে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ট্রাইব্যুনালে মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে ঘটনার মাত্র ১৯ দিনের মধ্যে আজ এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানমন্ডি লেককে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০১:১১ পি.এম


ধানমন্ডি লেককে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ধানমন্ডি লেককে কোনোভাবেই বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, লেকের সৌন্দর্য সংরক্ষণ, পানির মান উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে হকার ও রিকশাচালকদের নিবন্ধনের আওতায় আনা হবে।

তিনি রোববার (৭ জুন) সকালে ধানমন্ডি লেক সংলগ্ন রাশিয়ান কালচারাল সেন্টারে ডিএসসিসি গণশুনানিতে এসব মন্তব্য করেছেন। নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম আরও কার্যকর করার জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডিএসসিসির প্রশাসক আজ বলেন, সিটি করপোরেশন জনগণের অংশগ্রহণের ভিত্তিতে কাজ করবে এবং সাধারণ মানুষের সমস্যা শুনে তা দ্রুত সমাধান করবে। তিনি বর্জ্য অপসারণে রেকর্ড অগ্রগতির উল্লেখ করেন এবং নাগরিকদের নিয়ম মানার আহ্বান জানান।

আবদুস সালাম জানান, গত কয়েকটি ঈদে নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সিটি করপোরেশন আগের সব রেকর্ড ছাড়িয়ে কাজ করেছে। তবে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার জন্য নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য ফেলতে হবে নির্দিষ্ট স্থানে, কারণ যেকোনো সময় বর্জ্য ফেলা হলে তা দ্রুত অপসারণ করা সম্ভব হয় না।

তিনি বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে লেক ও আশপাশের পরিবেশ সংরক্ষণে কাজ চলছে। এই বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও সহযোগিতা পাওয়া যাচ্ছে। তবে লেকের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজন।

লেক এলাকার কোনো অংশকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দেয়া হবে না জানিয়ে ডিএসসিসির প্রশাসক বলেন, এটি একটি উন্মুক্ত ও সাংস্কৃতিক পরিবেশসমৃদ্ধ স্থান হিসেবে সংরক্ষণ করতে হবে, যেখানে এলাকার মানুষ অবাধে হাঁটাচলা ও অবসর কাটাতে পারবেন। শুধুমাত্র সীমিত পরিসরে কিছু সুযোগ-সুবিধা থাকতে পারে, তবে পুরো এলাকাকে রেস্টুরেন্ট বা বাণিজ্যিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করা যাবে না।

এছাড়াও তিনি বলেন, ধানমন্ডিকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। খেলার মাঠ, উন্মুক্ত স্থান ও জনসেবামূলক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকাটির পরিবেশ আরও সুন্দর ও সুশৃঙ্খল রাখার জন্য পরিকল্পনা রয়েছে।

আবদুস সালাম জানান, এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র নিউ মার্কেটকেও আরও পরিচ্ছন্ন ও আধুনিক বাজার হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বাজার ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন।

তিনি মন্তব্য করেন, অনেক স্থানে হকারদের কারণে ফুটপাত ও সড়ক দখল হয়ে যাচ্ছে এবং ময়লা-আবর্জনার কারণে পরিবেশেরও ক্ষতি হচ্ছে। অথচ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা নিয়মিত কর ও সেবামূল্য পরিশোধ করলেও হকাররা অনেক ক্ষেত্রে সেই সুবিধা ভোগ করছেন, কিন্তু পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষায় সমান দায়িত্ব পালন করছেন না। তাই সবার জন্য সমান নিয়ম ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%