০৫:০৮ পি.এম
চট্টগ্রাম মিরসরাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদক-চোরাচালান রোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মিরসরাইয়ের মাটিতে কোনো ধরনের অপরাধ ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও তৎপর হতে হবে। অপরাধী যে দলের বা মতেরই হোক না কেন, আইন তার নিজস্ব গতিতে চলবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি। তিনি এলাকার আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা উন্নয়নে প্রশাসনের পাশে থেকে রাজনৈতিক ও সামাজিক সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে ইউএনও সোমাইয়া আক্তার বলেন, "মিরসরাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যানজট নিরসন, মাদক নির্মূল ও কিশোর গ্যাং কালচার রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।"
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের , বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সদস্যগণ উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি আগামী দিনগুলোতে এলাকার শান্তি-সম্প্রীতি বজায় রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন