ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দীর্ঘস্থায়ী মাংসপেশির ব্যথায় হালকা গরম সেঁক আরাম দেয়


দীর্ঘস্থায়ী মাংসপেশির ব্যথায় হালকা গরম সেঁক আরাম দেয়

শীত এলেই কি জয়েন্টের ব্যথা বেড়ে যায়? আর বাড়লেও কী কারণে বাড়ে এবং ব্যথা কমানোর উপায় নিয়ে আজ আমরা হ্যালো ডাক্তার বিভাগে কথা বলব ডা. শেখ সাদিউল ইসলাম-এর সঙ্গে।

প্রশ্ন : শীতকালে কি সত্যিই জয়েন্টের ব্যথা বেড়ে যায়?

উত্তর : হ্যাঁ, অনেকের ক্ষেত্রে শীতকালে জয়েন্টের ব্যথা ও শক্তভাব বেড়ে যেতে পারে। বিশেষ করে, যারা অস্টিওআর্থ্রাইটিস বা দীর্ঘস্থায়ী মাংসপেশি ও জয়েন্টের ব্যথায় ভুগছেন, তারা বেশি অস্বস্তি অনুভব করতে পারেন। তবে শীত সরাসরি জয়েন্টের ক্ষয় বাড়িয়ে দেয়, এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই।

আরও পড়ুন: পিত্তথলিতে পাথর: কেন হয়, ঝুঁকিতে কারা এবং চিকিৎসার উপায়

প্রশ্ন : শীতকালে ব্যথা বাড়ার কারণ কী?

উত্তর : ঠান্ডায় অনেকের মাংসপেশি ও জয়েন্টে শক্তভাব বেশি অনুভূত হয়। পাশাপাশি শীতকালে হাঁটাচলা ও ব্যায়াম কমে যায়। ফলে জয়েন্টের স্বাভাবিক নড়াচড়া এবং মাংসপেশির কার্যক্ষমতা কমে ব্যথা বাড়তে পারে। আবহাওয়ার তাপমাত্রা, বায়ুচাপ ও আর্দ্রতার পরিবর্তনের সঙ্গেও কিছু মানুষের ব্যথার সম্পর্ক পাওয়া গেছে, যদিও এর সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত নয়।

প্রশ্ন : কোন কোন রোগের ব্যথা শীতে বেশি হতে পারে?

উত্তর : হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস, কোমরব্যথা, লাম্বার ও সার্ভাইক্যাল স্পন্ডাইলোসিস, ফ্রোজেন শোল্ডার এবং পুরোনো আঘাতজনিত ব্যথা শীতে বেশি অনুভূত হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীরাও অস্বস্তি বেশি অনুভব করতে পারেন। কারণ হাঁটাচলা ও ব্যায়াম কমে যাওয়ায় এ রোগের উপসর্গ বেড়ে যায়। তবে সবার ক্ষেত্রে এমন হয় না।

আরও পড়ুন: পিসিওএস শুধু মাসিকের সমস্যাই নয়, স্বাস্থ্যেও প্রভাব ফেলে

প্রশ্ন : শীতে কি কোমরের ডিস্ক প্রলাপস বা PLID বেড়ে যায়?

উত্তর : না। শীতের কারণে মেরুদণ্ডের ডিস্ক বেশি বেরিয়ে আসে কিংবা স্নায়ুর ওপর চাপ বেড়ে যায়, এমন প্রমাণ নেই। তবে আগে থেকে কোমরব্যথা বা সায়াটিকা থাকলে শারীরিক নিষ্ক্রিয়তা ও মাংসপেশির শক্তভাবের কারণে অস্বস্তি বাড়তে পারে।

প্রশ্ন : শীতকালে কি হাড় ক্ষয় বেড়ে যায়?

উত্তর : শীত সরাসরি হাড় ক্ষয়ের কারণ নয়। তবে দীর্ঘদিন পর্যাপ্ত সূর্যালোক না পাওয়া, শারীরিক কার্যক্রম কমে যাওয়া এবং পুষ্টির ঘাটতি হাড়ের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের এ বিষয়ে সচেতন থাকা জরুরি।

আরও পড়ুন: বিএসআরএম'র অনন্য উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা

প্রশ্ন : শীতকালে জয়েন্টের ব্যথা কমাতে কী করবেন?

উত্তর : নিয়মিত হাঁটাহাঁটি, হালকা স্ট্রেচিং এবং মাংসপেশি শক্তিশালী করার ব্যায়াম চালিয়ে যেতে হবে। সকালে ঘুম থেকে উঠে হঠাৎ ভারী কাজ না করে কিছুক্ষণ ওয়ার্মআপ করা ভালো। দীর্ঘস্থায়ী শক্তভাব ও মাংসপেশির ব্যথায় হালকা গরম সেঁক আরাম দিতে পারে। পাশাপাশি শরীর উষ্ণ রাখা, ওজন নিয়ন্ত্রণ এবং সুষম খাবার গ্রহণ জরুরি।

প্রশ্ন : কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত?

উত্তর : ব্যথা দীর্ঘস্থায়ী হলে, ক্রমাগত বাড়তে থাকলে কিংবা স্বাভাবিক চলাফেরায় বাধা সৃষ্টি করলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে জয়েন্ট ফুলে যাওয়া, লাল বা গরম হয়ে যাওয়া, জ্বর, হাত-পায়ে দুর্বলতা কিংবা কোমরব্যথার সঙ্গে প্রস্রাব-পায়খানার নিয়ন্ত্রণে নতুন সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

আরও পড়ুন: পীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের সভায় শীতজনিত রোগ প্রতিরোধের আলোচনা

শীতকাল মানেই হাড় বা জয়েন্টের রোগ বেড়ে যাওয়া নয়। তবে আগে থেকে থাকা কিছু রোগের ব্যথা ও শক্তভাব শীতে বেশি অনুভূত হতে পারে। তাই ব্যথার ভয়ে হাঁটাচলা বন্ধ না করে নিয়মিত ব্যায়াম, সঠিক জীবনযাপন এবং প্রয়োজনমতো চিকিৎসার মাধ্যমে সুস্থ ও সচল থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, শীতের কারণে ব্যথা বাড়তে পারে, কিন্তু সব ব্যথার কারণ শীত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ উল্লেখ করে একটি ব্যানার টানিয়ে দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার সময় কলেজের ক্যাম্পাসের দেয়ালে এই ব্যানারটি টানানো হয়। পরে, এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের একটি দল কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে আলোচনা করছেন। এ সময় তারা অধ্যক্ষকে বলেন, ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ নামটি অন্তর্বর্তীকালীন (ইউনূস) সরকারের দেওয়া নাম। তারা অধ্যক্ষকে অনুরোধ করেন, ভবিষ্যতে কলেজের পূর্বের নাম, অর্থাৎ ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ ব্যবহার করার জন্য।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
যুগান্তরে সংবাদ প্রকাশ

ছাত্রদল নেতা বাবুল হোসেনের চাঁদার ৪ লাখ টাকা ফেরত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


ছাত্রদল নেতা বাবুল হোসেনের চাঁদার ৪ লাখ টাকা ফেরত

বড়াইগ্রামে পাঁচ ঘণ্টা ধরে এক ব্যবসায়ীকে আটকে রেখে পৌনে চার লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেনের বিরুদ্ধে। গত ১৪ নভেম্বর যুগান্তরের অনলাইন সংস্করণে এবং পরদিন প্রিন্ট সংস্করণে ‘ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে তিন লাখ টাকা আদায় ছাত্রদল নেতার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর মঙ্গলবার সন্ধ্যায় জোনাইল পাগলা বাজারে ওই ব্যবসায়ীকে পৌনে চার লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের।

আব্দুল কাদের জানান, মঙ্গলবার জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন, বিএনপি নেতা আফসার আলী এবং রফিকুল ইসলামসহ অন্যান্যদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়। সেখানে তাকে তিন লাখ ৭৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়।

তিনি আরও বলেন, গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তিনি টাকা ফেরত পেয়েছেন। এ জন্য তিনি যুগান্তরসহ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন বলেন, বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছিল। বর্তমানে মীমাংসার মাধ্যমে সেটার অবসান হয়েছে।

উল্লেখ্য, উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে একটি সেতুর মুখে সোঁতিজাল বসিয়ে মাছ ধরছিলেন স্থানীয় ছাত্রদল নেতা বাবুল হোসেন। উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে সোঁতিজাল উচ্ছেদ করে। একই সঙ্গে প্রায় তিন লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ ঘটনার পর বাবুল হোসেন ভুক্তভোগী জোনাইল বাজারের ব্যবসায়ী আব্দুল কাদেরকে সন্দেহ করেন। পরে উপজেলা প্রশাসনকে খবর দিয়ে অভিযান পরিচালনায় সহযোগিতা করার অভিযোগ তুলে তাকে আটকে রাখা হয়। এ সময় ক্ষতিপূরণের নামে ১২ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন আব্দুল কাদের। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। পরে চার-পাঁচ ঘণ্টা আটকে রেখে বাড়ি থেকে লোক মারফত প্রথমে তিন লাখ টাকা এবং পরবর্তীতে আরও এক লাখ টাকা আদায় করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চান নওয়াজউদ্দীন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


আধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চান নওয়াজউদ্দীন

বলিউড অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকী পর্দায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে আসছেন। এবার তিনি একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।

নওয়াজউদ্দীন জানান, যদি সুযোগ পান, তাহলে তিনি আধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চান। তবে তিনি ছবির পরিচালনার প্রতি আগ্রহী নন বলে জানিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এই ইচ্ছার কথা জানান।

অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, বাস্তবের কোনো ব্যক্তিত্বের চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে কাকে বেছে নেবেন? এই প্রশ্নের জবাবে তিনি এক মুহূর্তও অপেক্ষা না করে বলেন, ‘ওশো’।

নওয়াজের এই আধ্যাত্মিক গুরুর প্রতি আকর্ষণের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ওশোর দর্শন, তার জীবনযাপন, ব্যক্তিত্ব এবং মনোভাব আমাকে খুব আকর্ষণ করে। তাই এমন সুযোগ পেলে আমি অবশ্যই তার চরিত্রে অভিনয় করতে চাই।’

নওয়াজউদ্দীনের এই ইচ্ছার কথা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কি তবে সত্যিই ওশোর জীবন নিয়ে সিনেমা তৈরি হবে? তার দর্শন, জীবনবোধ ও বিতর্ক একসময় সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল। নওয়াজউদ্দীনকে সেই চরিত্রে কেমন দেখাবে, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন নওয়াজ। তিনি বলেন, ‘পরিচালনা আমার জন্য নয়; সিনেমা পরিচালনার প্রতি আমার সামান্যতম আগ্রহও নেই।’

অভিনেতা আরও জানান, তিনি আজীবন অভিনয় করে যেতে চান। একজন ভালো অভিনেতা হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাওয়াই তার প্রধান লক্ষ্য। পরিচালক হওয়ার বদলে ক্যামেরার সামনে থেকেই কাজ করতে চান বলে জানান নওয়াজ।

উল্লেখ্য, যার চরিত্রে অভিনয় করার বিষয়ে এত আলোচনা, সেই ওশোর জন্ম ১৯৩১ সালের ১১ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের কুচওয়াড়ায়। তার আসল নাম ছিল চন্দ্রমোহন জৈন। তিনি ভগবান শ্রী রজনীশ নামেও পরিচিত ছিলেন। আধ্যাত্মিকতা, ধ্যান, প্রেম, সম্পর্ক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে তার বক্তব্য বহু মানুষকে আকৃষ্ট করেছিল।

১৯৭৪ সালে পুনেতে আশ্রম প্রতিষ্ঠা করেন ওশো। পরে ১৯৮১ সালে আমেরিকায় চলে যান। সেখানে তার অনুগামীরা তার নামে একটি বসতি গড়েন। নানা আইনি বিতর্কের কারণে ১৯৮৫ সালে আমেরিকা ছাড়তে হয় তাকে। ভারতে ফিরে আসার পর ১৯৯০ সালের ১৯ জানুয়ারি পুনেতে ওশোর মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনোয়ারায় অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


আনোয়ারায় অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত কয়েকজন

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মধ্যে সংঘর্ষের ফলে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় চিকিৎসক সফি আলমের চেম্বারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। এ সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম নটু মিত্র, যিনি (৫৮) বোয়ালগাঁও এলাকার বাসিন্দা। তার পিতার নাম হিমাংশু মিত্র।

প্রত্যক্ষদর্শী জাহেদুল ইসলাম জানান, "আমি তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। এ সময় টানেলের গোলচত্বরের পাশ থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চাতরী চৌমুহনী বাজারের দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে কয়েকজন আহত হন। তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে জানতে পারি, তাদের মধ্যে একজন মারা গেছেন।"

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী বলেন, "দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। এর আগেই তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। অপরজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি অটোরিকশা জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%