ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ময়মনসিংহের নান্দাইলে ১৪৪ ধারা জারি


ময়মনসিংহের নান্দাইলে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় চলমান বিরোধ ও সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এ আদেশ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে জারি করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।

ফাতেমা জান্নাত জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, খারুয়া ইউনিয়নের খারুয়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মাত্র দুই শতক জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে খারুয়া গ্রামের আব্দুর রউফ ভূঁইয়া এবং পাশের নরেন্দ্রপুর গ্রামের শওকত আলীর মধ্যে। এই বিরোধকে কেন্দ্র করে গত কয়েক দিনে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

আরও পড়ুন: নড়াইলে হত্যা মামলার চার্জশিটে প্রকৃত আসামিদের নাম বাদ দেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

বুধবার ও বৃহস্পতিবার বিরোধের জেরে ঘটতে থাকে বসতবাড়িতে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হওয়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

জারি করা আদেশে বলা হয়েছে, খারুয়া বাজার ও আশপাশের এলাকায় চলমান উত্তেজনার কারণে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, অস্ত্রের মহড়া এবং দাঙ্গার ঘটনা ঘটছে। যে কারণে জননিরাপত্তা নিশ্চিত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ আদেশের আওতায় খারুয়া বাজার ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, মাইক ব্যবহার, লাঠিসোঁটা এবং আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

আরও পড়ুন: চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আটক

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, ‘আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষের আশঙ্কা ছিল। তাই আমরা দুই পক্ষের সঙ্গেই কথা বলেছি। তাদের নিয়ে আমরা বসবো। তাদের সমস্যা জানবো। পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

স্থানীয় সূত্র জানায়, বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা চরমে পৌঁছায়। বুধবার আব্দুর রউফ ভূঁইয়ার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ ওঠে। পরদিন দুই গ্রামের লোকজন মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।

এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

আরও পড়ুন: দুর্গাপুরে ১৭টি ভারতীয় ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের অনলাইন নির্যাতন প্রতিরোধে সিএসও প্রতিনিধিদের কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


শিশুদের অনলাইন নির্যাতন প্রতিরোধে সিএসও প্রতিনিধিদের কর্মশালা

শিশুদের অনলাইন নির্যাতন ও শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করা এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশে বাগেরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) প্রতিনিধিদের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ জুন) বাগেরহাট জেলা সদরের অভিজাত হোটেল ধানসিড়ির সেমিনার কক্ষে এই কর্মশালাটি আয়োজিত হয় ইনসিডিন বাংলাদেশের দ্বারা। ইউরোপীয় ইউনিয়ন (ঊঁৎড়ঢ়বধহ টহরড়হ) এর অর্থায়নে এবং তেরে দে হোমস নেদারল্যান্ডস (ঞবৎৎব ফবং ঐড়সসবং ঘবঃযবৎষধহফং) এর কারিগরি সহযোগিতায় কর্মসূচিটি সম্পন্ন হয়।

“শিশুদের অনলাইন নির্যাতন প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ” শীর্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা।

কর্মশালায় অনলাইন প্ল্যাটফর্মে শিশুদের ঝুঁকি, সাইবার বুলিং, অনলাইন শোষণ, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা তথা শিশু সুরক্ষায় পরিবারের, শিক্ষা প্রতিষ্ঠানের এবং সমাজের করণীয় বলে বিস্তারিত আলোচনা করা হয়।

ইনসিডিন বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী রাফিউল আলীর সঞ্চালনায উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, সিএসও প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক ইসরাত জাহান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিএসও প্রতিনিধি সজীব সরকার, ইনসিডিন বাংলাদেশের প্রকল্প কর্মকতা মোঃ মঈন খান এবং কমিউনিটি অর্গানাইজার সৈয়দ মারুফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বললেন, তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে শিশুদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হলেও অনলাইন নির্যাতন ও শোষণের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে শিশুদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমের সমন্বিত কার্যক্রম আবশ্যক।

কর্মশালায় অংশগ্রহণকারীরা শিশুদের অনলাইন নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং অভিযোগ গ্রহণ ও সহায়তা ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানালেন, শিশুদের বিরুদ্ধে অনলাইন নির্যাতন ও শোষণ প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাই কর্মশালার মূল উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১২

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে মোট ১২ জনের মৃত্যু হয়েছে এবং আরো আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে, বুধবার (৩ জুন) সন্ধ্যায় কলম্বো থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কালুতারা জেলার আঙ্গুরুওয়াতোটায় অবস্থিত মাওপিয়া সেভানা বৃদ্ধাশ্রমে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের মুখপাত্র ফ্রেডরিক উটলার জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ৫১ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। সেখানে মানসিক রোগীদেরও রাখা হতো বলে তিনি উল্লেখ করেন।

প্রথমে ১১ জনের মৃত্যুর খবর এলেও, চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নিহত হয়ে মোট মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। অপরদিকে, ৮ জন গুরুতর আহত অবস্থায় হোরানা বেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অবহেলা জনিত কারণে মৃত্যুর অভিযোগ এনে বৃদ্ধাশ্রমটির মালিক ও পরিচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের ফুটেজে দেখা গেছে, বৃদ্ধাশ্রমের ভবনটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে, যেখানে আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায় এবং আশপাশে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল হিরুর লাইভ দৃশ্যে দেখা যাচ্ছে, দমকলকর্মী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে।

অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে মোট ৭১ জন বাসিন্দা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায় ৫১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

ন্যাশনাল সেক্রেটারিয়েট ফর এল্ডার্সের পরিচালক চতুরা মিহুদুম জানিয়েছেন, বৃদ্ধাশ্রমটি কোনোরকম নিবন্ধিত ছিল না। এই সংস্থার মাত্র ১৫ জনের ধারণক্ষমতাসম্পন্ন ছোট জায়গায় গাদাগাদি করে ৭১ জনকে রাখা হয়েছিল।

বৃদ্ধাশ্রমটিতে বয়স্কদের পাশাপাশি কিছু মানসিক প্রতিবন্ধী তরুণ এবং শিশুও ছিল। অগ্নিকাণ্ডে হতাহতের মধ্যে সবচেয়ে কম বয়সী একজনের বয়স ১৭ বছর ছিল।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কর্মকর্তারা এখনও আগুন লাগার সঠিক কারণ নির্ধারণ করতে পারেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভয়নগরে মদ্যপ অবস্থায় মাতলামি, তিনজনের জেল-জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


অভয়নগরে মদ্যপ অবস্থায় মাতলামি, তিনজনের জেল-জরিমানা

যশোর জেলার অভয়নগরে মদ পান করে মাতলামি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে সাত দিনের ও একজনকে পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করেছে। পাশাপাশি, তাদেরকে ৩০০ টাকা জরিমানারও দণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার, ৪ জুন, সকাল ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছে নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরোলি গ্রামের তকিবর ফকিরের ছেলে আরমান ফকির (২০), অপর একজন তৈয়েবুর মোল্যার ছেলে আপন মোল্যা (১৮), এবং খুলনা জেলার তেরখাদা উপজেলার পানতিতা গ্রামের দেলবার শেখের ছেলে ইসরাফিল শেখ (২২)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের শিকদার বাড়ি মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মদ খেয়ে মাতলামি করার কারণে আরমান ফকির ও আপন মোল্যাকে সাত দিনের কারাদণ্ড এবং ইসরাফিল শেখকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু বলেন, মদ পান করে প্রকাশ্যে মাতলামি করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় দুইজনকে সাত দিনের ও একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, তাদের জরিমানা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব

টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

এদিন সকালে যশোর প্রাচ্যসংঘ হলরুমে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটির গঠন সম্পন্ন হয়। কমিটির আহ্বায়ক হিসেবে মোঃ ইলিয়াস উদ্দীন (আমার দেশ) এবং সদস্য সচিব হিসেবে এস এম সোহেল (ফিনান্সিয়াল) নির্বাচিত হয়েছেন।

সভায় বক্তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করেন যে, শিক্ষকতা পেশা ও সাংবাদিকতা পেশা উভয়ই মর্যাদাপূর্ণ। শিক্ষিত মানুষ যখন সাংবাদিকতায় যুক্ত হন, তখন তা সাংবাদিকতার মর্যাদা বাড়তে সাহায্য করে। এছাড়া বক্তারা উল্লেখ করেন যে, সমাজের শিক্ষিত ও সচেতন অংশ হিসেবে শিক্ষকদের অন্তর্ভুক্তি সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশে সহায়ক হয় এবং গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এই ভাবনার ওপর ভিত্তি করে নতুন সংগঠনটি নিজেদের যাত্রা শুরু করেছে।

সভায় উল্লেখ করা হয় যে, মজনুর রহমান (মনিরামপুর), আবু জাফর (চৌগাছা), গোলাম মোস্তফা মুন্না (সদর), আশরাফুজ্জামান বাবু (ঝিকরগাছা), মামুনুর রশীদ মামুন (শার্শা), প্রদীপ বিশ্বাস (বাঘারপাড়া), নুরুল ইসলাম খান (কেশবপুর) কে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে। এছাড়া, ফারুক আহমেদ লিটন, নুরুল হক, বাবুল আক্তার, আব্দুর রহিম, নয়ন মনি ও রুহুল আমিনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নব গঠিত এই কমিটির নেতৃবৃন্দ শিক্ষক ও সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়ের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%