শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:০৫ এম
মার্কিন কংগ্রেসের সদস্য ডেলিয়া রামিরেজ যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরুদ্ধে ইরানে তীব্র সমালোচনা করেছেন। তিনি কংগ্রেসের কাছে ‘ব্লক দ্য বোম্বস অ্যাক্ট’ পাশ করার জন্য আহ্বান জানিয়েছেন।
এক্স সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে রামিরেজ উল্লেখ করেন, "আমাদের বোমায় নিরীহ নারী ও শিশুরা নিহত হচ্ছে।"
ফিলিস্তিন ও ইরানসহ বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
রামিরেজ বলেন, কংগ্রেসকে যুদ্ধ বন্ধে নিজের ক্ষমতা পুনরুদ্ধার করতে হবে এবং "এই অন্তহীন যুদ্ধের অবসান ঘটাতে হবে।"
তিনি অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কর্মকাণ্ডের বিষয়ে কংগ্রেস আর চোখ বন্ধ করে থাকতে পারে না। তার মতে, ট্রাম্প ও হেগসেথের যুদ্ধাপরাধের দিকে কংগ্রেস আর চোখ বন্ধ করে থাকতে পারে না।
রামিরেজের উদ্যোগে ২০২৫ সালে ‘ব্লক দ্য বম্বস অ্যাক্ট (এইচ.আর.৩৫৬৫) কংগ্রেসে উত্থাপিত হয়। এই আইনটি ইসরাইলে নির্দিষ্ট কিছু মার্কিন অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর সীমিত করার প্রস্তাব দেয়।
২০২৬ সালের জুনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসএ জানায়, বিলটির সহ-প্রস্তাবক সংখ্যা ৭২-এ পৌঁছেছে।
রামিরেজ দীর্ঘদিন ধরে গাজায় মার্কিন অস্ত্র সরবরাহের সমালোচনা করে আসছেন এবং ইসরাইলে অস্ত্র হস্তান্তর বন্ধে কংগ্রেসে চাপ দিয়ে আসছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সঙ্গীত জগতের নক্ষত্র ও জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মবার্ষিকী আজ। সাতক্ষীরায় ১৯৫৪ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।
সাবিনা ইয়াসমিনের পিতা লুতফর রহমান ছিলেন ব্রিটিশ রাজের অধীনে সরকারি কর্মকর্তা এবং মা বেগম মৌলুদা খাতুন ছিলেন একজন কণ্ঠশিল্পী। তার মা সঙ্গীতজ্ঞ ওস্তাদ কাদের বকশের কাছে গানের তালিম গ্রহণ করেছিলেন। পাঁচ বোনের মধ্যে ছোট সাবিনার চার বোনও সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন। তাদের মধ্যে ফরিদা ইয়াসমিন, ফৌজিয়া ইয়াসমিন, নীলুফার ইয়াসমিন এবং নাজমা ইয়াসমিন উল্লেখযোগ্য।
ছোটবেলা থেকেই সাবিনা ইয়াসমিনের সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ ছিল। মাত্র সাত বছর বয়সে তিনি স্টেজে উঠে গান গাইতে শুরু করেন। বড় বোন ফরিদা ইয়াসমিন যখন ওস্তাদ দুর্গাপ্রসাদ রায়ের কাছে গানের তালিম নিতেন, তখন সাবিনাও তার পাশে বসে সেই গানগুলো গাইতেন।
প্রতিবেশী সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদ প্রথমবারের মতো সাবিনা ইয়াসমিনের গায়কী প্রতিভা আবিষ্কার করেন। তিনি বাড়িতে বসে হারমোনিয়ামে প্রথম যে গানটি শিখেছিলেন, সেটি ছিল ‘খোকন মণি সোনা’। মাত্র ১৩ বছর বয়সে তিনি ওস্তাদ পি সি গোমেজের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। এর আগে ১৯৬২ সালে ‘নতুন সুর’ চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে শিশুশিল্পী হিসেবে একটি গানে অংশগ্রহণ করেন।
শৈশবে বেতারের ‘খেলাঘর’ অনুষ্ঠানে ছোটদের গান গেয়ে তিনি প্রশংসা অর্জন করেন। পরে ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রের মাধ্যমে পূর্ণাঙ্গ নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর ১৯৭২ সালে ‘অবুঝ মন’ চলচ্চিত্রে ‘শুধু গান গেয়ে পরিচয়’ গানটিতে কণ্ঠ দিয়ে তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন।
শিশুশিল্পী হিসেবে ১৯৬২ সালে পরিচালক এহতেশামের উদ্যোগে ‘নতুন সুর’ চলচ্চিত্রে প্রথম গান গাওয়ার সুযোগ পান সাবিনা ইয়াসমিন। খ্যাতনামা পরিচালক আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে ১৯৬৭ সালে তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে সুযোগ পান। এরপর তার দীর্ঘ পথচলায় অসংখ্য দেশাত্মবোধক গান ও চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন।
তিনি শুধু দেশাত্মবোধক বা চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নন, বরং উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ঘরানার গানে তিনি কণ্ঠ দিয়েছেন। এসব গান তাকে উচ্চমাত্রায় প্রতিষ্ঠিত করেছে। প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি গান গেয়ে চলেছেন। প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরকার আর. ডি. বর্মণের সুরে শত্রু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।
অন্যদিকে, ইন্দো-বাংলা যৌথ প্রযোজনার ‘অন্যায় অবিচার’ চলচ্চিত্রে ব্যতিক্রমী ঘরানার গান ‘ছেড়ো না ছেড়ো না হাত’ গানে কণ্ঠ দিয়েছেন। প্রখ্যাত কণ্ঠশিল্পী কিশোর কুমারের ও মান্না দে’র সাথেও দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা।
তিনি জনপ্রিয় গায়ক শ্যামল মিত্রের সাথে ডুয়েটে ‘পথের সাথী নামো গো পথে আজ’-গানটিতে কণ্ঠ দিয়েছেন। এছাড়া ভূপেন হাজারিকা সুরে ও মাসুদ করিমের গীতে দুটি গান করেছেন সাবিনা ইয়াসমিন।
সাবিনা ইয়াসমিনের গাওয়া উল্লেখযোগ্য দেশাত্মবোধক গানগুলোর মধ্যে রয়েছে, ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘ও আমার বাংলা মা’, ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘মাঝি নাও ছাড়িয়া দে’, ‘ও মাঝি পাল উড়াইয়া দে’, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য’ ও ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’।
বিশিষ্ট সুরকার আলাউদ্দিন আলীর সুরে তার গাওয়া বিপুল জনপ্রিয় গান ‘ও আমার রসিয়া বন্ধুরে’ এবং ‘চিঠি দিও প্রতিদিন’ গান দুটি এখনও সমান জনপ্রিয়। ‘একবার যেতে দে না’, ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘কতো সাধনায় এমন ভাগ্য মেলে’, ‘ও মাঝি নাও ছাইড়া দে’, ‘সুন্দর সুবর্ণ’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘মনেরই রঙে রাঙাবো’, ‘তুমি বড় ভাগ্যবতী’-এমন প্রায় ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন।
এই গুণী শিল্পী প্রায় ১৪ বার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ১৯৮৪ সালে একুশে পদক এবং ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার, বাচসাস পুরস্কারসহ (ছয়বার) অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।
এদিকে, সাবিনা ইয়াসমিনের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের সঞ্চালনায় রাত ১০টা ২০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই’য়ে প্রচারিত হবে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শিরোনামের একটি অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুক্র ও শনিবার প্রচারিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার খাজানগরের এক চাল ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে ১৩ মেট্রিক টন চাল ক্রয় করে এক সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায়, ঝালকাঠি ও বরিশালে টানা দুদিনের অভিযানে প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এই অভিযানের ফলে চুরি হওয়া ১৩ টন চালের মধ্যে প্রায় ৬ মেট্রিক টন চাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, আব্দুর রাজ্জাকের ছেলে মো. আরিফ হোসেন (৪০), মৃত মোফাজ্জেল মোল্লার ছেলে আব্দুর রহিম (৩৮), শাহ আলম খানের ছেলে মো. মিজানুর রহমান রাজু (৩২), মৃত শৌকে আলী খান তালুকদারের ছেলে মো. বাদশা তালুকদার (৬৫) এবং ঝালকাঠি জেলার নলসিটি থানার গোবিন্দপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মো. আলম হাওলাদার (৫০)। বাকি চার আসামির বাড়ি ঝালকাঠি জেলার গাবখান ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত।
মামলার এজাহার অনুযায়ী, ঢাকার মিরপুর কচুক্ষেত এলাকার মো. কাশেম (৪৫) পূর্ব পরিচয়ের সূত্রে কুষ্টিয়ার খাজানগর এলাকার নূর অটো রাইস মিলের মালিক ব্যবসায়ী হাজি আমিরুল ইসলামের কাছ থেকে দুইবার চাল ক্রয় করেন। গত ১৫ আগস্ট প্রতারক কাশেম মোবাইল ফোনের মাধ্যমে ১৩ টন চাল ক্রয়ের প্রস্তাব দেন।
ব্যবসায়ী আমিরুল ইসলাম সরল বিশ্বাসে পরের দিন সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৩ টন চাল আসামির পাঠানো ট্রাক ড্রাইভার মো. রাসেলের মাধ্যমে ঢাকার কচুক্ষেত রজনীগন্ধা সুপার মার্কেটের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। পরবর্তীতে প্রতারক কাশেমের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর তিনি ট্রাক ড্রাইভার মো. রাসেলের সাথে যোগাযোগ করেন। মোবাইলে ওই ট্রাক চালক জানায় যে, ২০ আগস্ট রাত একটার সময় চাল কাশেমের ঠিকানায় পৌঁছে দেয়।
পরবর্তীতে কাশেমসহ অজ্ঞাতনামা প্রতারক চক্রটি কৌশলে ট্রাকটি ঢাকার বাবু বাজার টিন পট্টিতে নিয়ে যায়। এরপর আরেকটি ট্রাক করে ১৩ মেট্রিক টন চাল আনলোড করে অজ্ঞাতস্থানে চলে যায়। এ ঘটনায় ব্যবসায়ী আমিরুল ইসলাম কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) জাকির হোসেন জানান, সংঘবদ্ধ প্রতারক চক্রটি ঝালকাঠি এবং বরিশালে দুই জায়গায় চাল লুকিয়ে রেখেছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে। মূল আসামি ঢাকার মিরপুর কচুক্ষেত এলাকার মো. কাশেমসহ প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের একটি আদালত গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার কার্যক্রম ও ব্যবসায়িক নিয়মে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে, যা অনলাইন বিজ্ঞাপনের বাজারে প্রতিযোগীদের জন্য সুযোগ বৃদ্ধি করবে। তবে, আদালত গুগলের বিশাল বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসা ভেঙে বিক্রি করে দেওয়ার নির্দেশ দেয়নি।
বুধবার (২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলা আদালতের বিচারক লিওনি এম. ব্রিংকেমা এই আদেশ প্রদান করেন। মার্কিন বিচার বিভাগের করা মামলার রায়ে বেআইনিভাবে বিজ্ঞাপন প্রযুক্তির বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগের ভিত্তিতে এই নির্দেশনা এসেছে।
অনলাইন বিজ্ঞাপনের বাজারে গুগলের আধিপত্য নিয়ে গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সরকার আইনি পদক্ষেপ গ্রহণ করে আসছে। এ ক্ষেত্রে দুটি মামলা বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২০ সালে দায়ের করা একটি মামলায় গুগলের অনলাইন সার্চ ব্যবসার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। অন্যদিকে, ২০২৩ সালে দায়ের করা মামলাটি সরাসরি গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসাকে কেন্দ্র করে।
সরকারের অভিযোগ, গুগল বিভিন্ন কৌশলের মাধ্যমে অনলাইন বিজ্ঞাপনের বাজারে বেআইনিভাবে একচেটিয়া অবস্থান তৈরি করেছে। ২০২৪ সালের একটি পৃথক রায়ে আদালত গুগলের সার্চ ব্যবসাকে অবৈধ একচেটিয়া ব্যবসা হিসেবে চিহ্নিত করে। সেখানে সার্চ-ভিত্তিক বিজ্ঞাপন ব্যবসার বিষয়টিও উঠে আসে। আদালতের মতে, গুগল নিজেদের বাজারক্ষমতা কাজে লাগিয়ে সার্চ ও সার্চ বিজ্ঞাপনের ক্ষেত্রে আধিপত্য বজায় রেখেছে।
গুগলের ব্যবসায়িক কাঠামো পরিবর্তনের জন্য মার্কিন বিচার বিভাগ পরবর্তী সময়ে বেশ কিছু প্রস্তাব দেয়। এর মধ্যে ক্রোম ব্রাউজার ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে গুগলের মূল ব্যবসা থেকে আলাদা করার প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।
তবে, ২০২৫ সালের সেপ্টেম্বরে বিচারক অমিত মেহতা এসব প্রস্তাবের একটি বড় অংশ প্রত্যাখ্যান করেন। ফলে ক্রোম ও অ্যান্ড্রয়েড গুগলের অধীনেই থেকে যায়। তবে, বিভিন্ন ডিভাইসে গুগল সার্চকে ডিফল্ট হিসেবে রাখার জন্য অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একচেটিয়া চুক্তি করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাশাপাশি, নির্দিষ্ট কিছু সার্চ-সংক্রান্ত তথ্য প্রতিযোগীদের সঙ্গে ভাগ করার নির্দেশও দেওয়া হয়।
এবার বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার ক্ষেত্রেও গুগলকে একই ধরনের প্রতিযোগিতাবান্ধব পরিবর্তন আনতে বলা হয়েছে। বিচারক ব্রিংকেমার নির্দেশ অনুযায়ী, গুগলকে বিজ্ঞাপন ব্যবসা বিক্রি করতে হবে না। তবে, বাজারে প্রতিযোগীদের জন্য আরও সমান সুযোগ তৈরি হয়, এমনভাবে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক নিয়ম ও কার্যক্রম বদলাতে হবে।
আদালতের বিস্তারিত লিখিত রায় এখনো প্রকাশ করা হয়নি। আগামী ১৪ দিন এটি গোপন রাখা হবে। এই সময়ের মধ্যে মামলার পক্ষগুলো রায়ে থাকা সংবেদনশীল তথ্য চিহ্নিত করে প্রয়োজনীয় অংশ গোপন করার কাজ করবে। এরপর আদালতের পূর্ণাঙ্গ নির্দেশনা প্রকাশ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ