মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচরকিশোরগঞ্জ
০৭:৫৮ পি.এম
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং কুলিয়ারচর প্রেসক্লাব গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক, কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিনের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম-এর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নিতে হাসপাতালে যান কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বুধবার (১ জুলাই) বিকাল ৬টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই সাংবাদিক নেতার কেবিনে প্রবেশ করেন তিনি।
প্রতিমন্ত্রী শরীফুল আলম হাসপাতালের কেবিনে গিয়ে অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলমের শারীরিক পরিস্থিতির সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এর পর তিনি সেখানে কর্তব্যরত চিকিৎসক ও রোগীর পরিবারের সদস্যদের সাথে তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিক শাহ্ আলমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
এদিকে উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাঁরা সকলেই অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলমের দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত সোমবার ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর একটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম সাংবাদিকতা, আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডে অনেকদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তাঁর অসুস্থতা ও অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কুলিয়ারচরসহ কিশোরগঞ্জের সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উদ্বেগ দেখা দেয়। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
এদিকে সফল অস্ত্রোপচারের পর প্রতিমন্ত্রী শরীফুল আলম হাসপাতালে ছুটে যাওয়ায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় সুধীসমাজ এটিকে মন্ত্রীর মানবিকতা ও সহমর্মিতার একটি অনন্য প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ও মরক্কো বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগ গড়ার প্রস্তাব দিয়েছে। একই সাথে, দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ এবং উচ্চপর্যায়ের সফর সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
মরক্কো সরকারের পক্ষ থেকে এই প্রস্তাবটি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দেওয়া হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা আল কেরদুদি আল কুলালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেন।
রাষ্ট্রদূত আরও জানান, মরক্কোর কৌশলগত ভৌগোলিক অবস্থান আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ গড়ে তোলা সম্ভব।
এছাড়া, তিনি উল্লেখ করেন, দক্ষ ও অর্ধদক্ষ বাংলাদেশি জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মরক্কো প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
বৈঠকে বাংলাদেশের সঙ্গে মরক্কোর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করতে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত।
বৈঠকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় যা অন্তর্ভুক্ত ছিল বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, বস্ত্রশিল্প, পাট ও পাটজাত পণ্য, সামুদ্রিক বিষয়, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির প্রবণতা।
শামা ওবায়েদ ইসলাম ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতেও সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দিতে থাকেন। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি, নিয়মিত দ্বিপক্ষীয় সংলাপ এবং উচ্চপর্যায়ের সফর বৃদ্ধির ওপর গুরুত্বআরোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং জনসাধারণের অবাধ চলাচল বজায় রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট ও বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
আজ বুধবার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ধানমন্ডির কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের সময় স্কুলের কাছাকাছি অবস্থানরত বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সাথে, ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সকল অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে রাস্তার পুরোটা পরিষ্কার করা হয়।
ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে এ সময় ৫টি মামলা দায়ের করা হয়, যার মাধ্যমে সর্বমোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে, নগরীর উন্মুক্ত স্থান এবং ফুটপাত দখলমুক্ত রাখার জন্য এই ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানির পাশাপাশি সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
আজ রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ২০২৬ সালের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৯তম সভায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই প্রস্তাবগুলো অনুমোদন করা হয়।
এই সভায় খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিভিন্ন ক্রয় প্রস্তাবকে বিবেচনা করা হয়।
অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে খাদ্য মন্ত্রণালয়ের গম আমদানি সম্পর্কিত দুটি প্রস্তাব। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের প্যাকেজ-৩-এর আওতায় ৫০ হাজার (৫ শতাংশ কম/বেশি) মেট্রিক টন গম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এই গম সরবরাহ করবে সিঙ্গাপুর ভিত্তিক এম/এস অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৭ দশমিক ৯২ মার্কিন ডলার। এই ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১৮২ কোটি ৮৪ লাখ টাকা।
এছাড়া, পৃথক এক সিদ্ধান্তের মাধ্যমে সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এ ক্ষেত্রে প্রতি মেট্রিক টনের মূল্য ৩২২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এ আমদানিতে সরকারের মোট ব্যয় হবে আনুমানিক ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. তাজমুন্নাহারের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গঠিত কমিটি যখন শিক্ষকদের কাছ থেকে লিখিত বক্তব্য নিচ্ছিল, তখন অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ওই কর্মকর্তাকেই তদন্তকক্ষে ঘুরে বেড়াতে ও শিক্ষকদের সঙ্গে কথা বলতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে।
একই সঙ্গে কয়েকজন শিক্ষক অভিযোগ করেছেন, তদন্ত কমিটির কাছে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা তাদের লিখিত অভিযোগপত্র অভিযুক্ত কর্মকর্তা নিজের কাছে নিয়ে রাখেন। ফলে তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা ও সাক্ষীদের স্বাধীনভাবে বক্তব্য দেওয়ার পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তদন্ত কার্যক্রম চলাকালে এসব অভিযোগ সামনে আসে। তদন্তে উপস্থিত একাধিক শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, অভিযুক্ত কর্মকর্তার উপস্থিতি ও তৎপরতার কারণে অনেকেই খোলামেলা বক্তব্য দিতে পারেননি। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ভাষ্য, তদন্ত চলাকালে অভিযুক্ত কর্মকর্তার চলাফেরা, শিক্ষকদের সঙ্গে কথোপকথন এবং কাগজপত্র গ্রহণের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন, যার বিরুদ্ধে তদন্ত, তিনি যদি তদন্ত চলাকালেই সাক্ষীদের সামনে অবস্থান করেন, তাহলে প্রকৃত তথ্য তুলে ধরা কঠিন হয়ে পড়ে। তাদের অভিযোগ, এমন পরিস্থিতিতে অনেকেই ভয় ও সংকোচের কারণে গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখতে বাধ্য হয়েছেন।
শিক্ষকদের অভিযোগ, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। দীর্ঘদিন ধরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. তাজমুন্নাহারের বিরুদ্ধে স্লিপ ফান্ডের অর্থ ছাড়ে অনিয়ম, ঘুষ দাবির অভিযোগ, ভোটকেন্দ্র সংস্কারের বিল আটকে রাখা, পেনশন ফাইল নিষ্পত্তিতে বিলম্ব, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ ওঠে এবং এসব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। সেই অভিযোগগুলোর তদন্ত চলাকালেই নতুন করে তদন্তে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠায় শিক্ষক সমাজে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ