ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নাটোরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা


নাটোরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা

নাটোর, ২ জুলাই, ২০২৬ : সারাদেশের সাথে আজ থেকে নাটোরেও এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বর্তমানে জেলার মোট ৩৪টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ১৬ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী বৃহত্তম এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

এরমধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় ২০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৫৭ জন শিক্ষার্থী, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএম/বিএমটি পরীক্ষায় ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১১১ জন, এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পাঁচটি কেন্দ্রে ৫৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিক নেওয়াজ তালুকদার বাসস’কে জানান যে, পরীক্ষা কেন্দ্রটি সিসি ক্যামেরার আওতায় আছে। রোভার এবং বিএনসিসি সদস্যরা পরীক্ষার্থীদের পর্যবেক্ষণ বা তল্লাশী করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন এবং আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে পরীক্ষার কেন্দ্র সচিবদের নিদের্শনা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করছেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। জেলা প্রশাসন সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে বদ্ধপরিকর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ দাবানল, আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ দাবানল, আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী

ঢাকা, ২ জুলাই, ২০২৬ : বুধবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি বৃহৎ মাত্রার দাবানল ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অসংখ্য মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেটি দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

খরা ও প্রবল বাতাসের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এরো এবং অওদ বিভাগের বিভিন্ন এলাকায় শত শত দমকলকর্মী মোতায়েন করা হয়েছে আগুন নিয়ন্ত্রণের জন্য।

এ খবর প্রতিবেদন করেছে বার্তা সংস্থা এএফপি। গত বছর করবিয়ের অঞ্চলে বড় ধরনের দাবানল এবং ইউরোপজুড়ে সাম্প্রতিক স্মরণীয় প্রাণঘাতী তাপপ্রবাহের কয়েক দশ দিনের মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আবহাওয়া পূর্বাভাসে আবারও তাপপ্রবাহের আশঙ্কার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট দফতরের তথ্য অনুযায়ী, বুধবার রাত পর্যন্ত আগুনে প্রায় ৮০০ হেক্টর এলাকা পুড়ে গেছে।

স্থানীয় সময় রাত ১১টার দিকে উক্ত দফতরের একটি সূত্র এএফপিকে জানায়, ‘কখনও কখনও আগুনের বিস্তার সীমিত রাখা সম্ভব হচ্ছে, তবে এটি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।’

পাহাড়ি দুর্গম এলাকায় যাতায়াতের উপযুক্ত পথের অভাব থাকার কারণে, আগুন নেভাতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আকাশ থেকে পানি নিক্ষেপকারী উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।

প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রবল দমকা হাওয়া ও অত্যন্ত শুষ্ক নিচু ঝোপঝাড়ের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

কর্মকর্তারা জানান, পুজোল-মিনারভোয়া ও মাইয়াক কমিউনের প্রায় ২০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে অথবা নিজ নিজ বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে।

পুজোল-মিনারভোয়ার ৯৯ বছর বয়সী বাসিন্দা দানিয়েল বলেন, ‘ধোঁয়া এতটাই ঘন ও দমবন্ধ করা ছিল, যে দমকলকর্মীরা আমাদের এলাকা ছেড়ে চলে যেতে বলেন।’

এদিকে, মার্সেইয়ের কাছে রোনিয়াক ও লানকঁ-প্রোভঁস এলাকায় আরও দুটি ছোট দাবানলের সৃষ্টি হওয়ার খবর জানিয়েছে স্থানীয় দমকল বিভাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসনিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


বসনিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

ঢাকা, ২ জুলাই ২০২৬ : বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোল নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

ম্যাচের শুরুতেই ফোলারিন বালোগানের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। কিন্তু দ্বিতীয়ার্ধে তিনি লাল কার্ডের কারণে মাঠ ছাড়লে বাকি সময়টা যুক্তরাষ্ট্রকে একজন কম নিয়েই খেলতে হয়েছে।

আগামী সোমবার সিটলে শেষ ষোলর ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। এটি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মত সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের জন্য শেষ ষোলতে খেলার যোগ্যতা অর্জনের ঘটনা।

বালোগানের প্রথমার্ধের গোলটি ম্যাচের শেষ মুহূর্তে আসে। কিন্তু ৬৪ মিনিটে বালোগান বসনিয়ার টারিক মুহারমোভিচকে বাজেভাবে ট্যাকেল করায় ভিএআর রিভিউর মাধ্যমে লাল কার্ড দেওয়া হয়। ১০ জন নিয়ে প্রতিরোধ গড়ে তোলা যুক্তরাষ্ট্র ৮২ মিনিটে মালিক টিলমানের ফ্রি-কিকের গোলে জয় নিশ্চিত করে।

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিচ বলেন, "ছেলেরা অসাধারণ লড়াই করেছে। লাল কার্ড পাওয়ায় ম্যাচটা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোয়নি, কিন্তু এটিই প্রমাণ করে আমরা কতটা ভালো দল।"

যুক্তরাষ্ট্রের সমর্থকরা উৎসবমুখর পরিবেশে সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে ভিড় জমান। ক্যালিফোর্নিয়ার আকাশে ম্যাচ শুরুর আগে ঐতিহ্যবাহী যুদ্ধবিমান উড্ডয়ন তাদের আত্মবিশ্বাস ও উচ্ছ্বাসের প্রতীক হয়ে দাঁড়ায়।

কিক-অফের পর থেকেই বসনিয়ার কৌশল স্পষ্ট ছিল, তারা দীর্ঘ পাসে আক্রমণ শুরু করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ দ্রুতই মাঝমাঠের কাছাকাছি অবস্থান নেয়।

তবু ম্যাচের প্রথম দিকে বসনিয়াই সেরা সুযোগগুলো পায়। ৪০ বছর বয়সী অধিনায়ক এডিন জেকো গোলরক্ষকের লম্বা পাস নিয়ন্ত্রণে এনে এরমেদিন ডেমিরোভিচকে বাড়িয়ে দেন। কিন্তু তার শট সরাসরি গোলরক্ষক ম্যাট ফ্রিজের কাছে এসে পড়ে।

দ্রুত চাপ বাড়াতে থাকে যুক্তরাষ্ট্র। আমার ডেডিচের বেপরোয়া ট্যাকলে ফোলারিন বালোগান পেনাল্টির জোরালো আবেদন জানালেও রেফারি তা নাকচ করে দেন। কিছুক্ষণ পর বালোগান গোল করতে গেলেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়।

দর্শকদের উৎকণ্ঠা কাটে ৪৫তম মিনিটে। যুক্তরাষ্ট্রের অধিনায়ক টিম রিম বসনিয়ার একটি গোলকিক প্রতিহত করে দ্রুত বল বাড়িয়ে দেন মালিক টিলম্যানকে। টিলম্যানের থ্রু পাস প্রতিপক্ষের গায়ে লেগে বালোগানের সামনে প্রবেশ করলে তিনি সহজেই বল জালে পাঠান।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে বালোগানের আরেকটি শট ক্রসবারে গিয়ে লাগে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইনজুরিতে মাঠ ছাড়েন জেকো। এরপর বসনিয়ার কোচ সের্গেই বারবারেজ একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন।

৬৪ মিনিটে ভিএআরের পর্যালোচনার পর মুহারেমোভিচের পায়ে পা দেওয়ার কারণে বালোগানকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। অনেকের কাছেই এই সিদ্ধান্ত কঠোর মনে হয়েছিল।

হাইড্রেশন বিরতির সময় যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পোচেত্তিনো মাঠে খেলোয়াড়দের একত্র করে ১০ জনে পরিণত হওয়া দলের জন্য লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পণা করেন।

তিনি পরে জানান, "আমি তাদের বলেছিলাম, আমাদের দেখাতে হবে আমরা একটি দল, আমরা ঐক্যবদ্ধ।"

তিনি আরও বলেন, "এটাই ছিল সবার কাছে এবং নিজেদের কাছে প্রমাণ করার মুহূর্ত। আমরা নিজেদের একটি 'পরিবার' বলি, সেটা এখন আর শুধু মুখের কথা নয়।"

পুলিসিচের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

৮২তম মিনিটে যুক্তরাষ্ট্র বসনিয়ার বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায়। টিলম্যানের দারুণ বাঁকানো শট ডিফেন্সিভ দেয়ালকে পিছনে ফেলে গোলরক্ষক নিকোলা ভাসিলজের আঙুল ছুঁয়ে জালে প্রবেশ করে।

অতিরিক্ত সময়ের স্নায়ুচাপের ১০ মিনিট সফলভাবে সামলে নেয় যুক্তরাষ্ট্র। বদলি খেলোয়াড় এরমিন মাহমিচের একটি শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।

অবশেষে যুক্তরাষ্ট্র ইতিহাস গড়া জয় নিশ্চিত করে এবং নিজেদের মাটিতে বিশ্বকাপ অভিযান টিকিয়ে রাখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস বিল নিয়ে গ্রাহকদের সতর্ক করল তিতাস গ্যাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১২:২১ পি.এম


গ্যাস বিল নিয়ে গ্রাহকদের সতর্ক করল তিতাস গ্যাস

গ্যাস বিল আদায়ের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে একটি মহল। এ বিষয়ে জরুরি সতর্কবার্তা জারি করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে যে, কিছু প্রতারক নিজেদের তিতাসের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে কল করে তারা। তারা বকেয়া গ্যাস বিলের কথা বলে গ্রাহকদের ভয় দেখিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলছেন।

এ ধরনের প্রতারণার ক্ষেত্রে সতর্ক থাকতে তিতাস আহ্বান জানিয়েছে। কোম্পানির নির্ধারিত ব্যাংক অথবা অনুমোদিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ যেমন বিকাশ, রকেট, উপায় ও ট্যাপের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করতে হবে।

প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, কোনো ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিল পরিশোধ করা যাবে না।

গ্রাহকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিতাস আরও বলেছে যে, সন্দেহজনক কোনো কল বা বিল সংক্রান্ত বিষয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট তিতাস অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। অথবা তিতাস গ্যাসের ওয়েবসাইটে দেওয়া যোগাযোগ নম্বরে পরামর্শ ও সেবা গ্রহণ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন সুন্দরবনের মধু আহরণ, কেন এমন পরিস্থিতি?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১২:২২ পি.এম


পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন সুন্দরবনের মধু আহরণ, কেন এমন পরিস্থিতি?

জিআই (ভৌগোলিক নির্দেশক) স্বীকৃতি পাওয়ার পর সুন্দরবনের মধু নিয়ে দেশ-বিদেশে নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল। ব্যবসায়ীরা রফতানি বাজার সম্প্রসারণের স্বপ্ন দেখছিলেন, তবে সেই সম্ভাবনার মাঝে উদ্বেগ বাড়াচ্ছে উৎপাদন কমে যাওয়ার প্রবণতা।

জানা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অনুকূল আবহাওয়ার অভাব, বনাঞ্চলে নিরাপত্তা ঝুঁকি এবং ফুলের উৎপাদন কমে যাওয়ার কারণে চলতি মৌসুমে সুন্দরবনের মধু আহরণ গত পাঁচ বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ কমেছে। একই সঙ্গে মৌয়ালের সংখ্যা, বন বিভাগের রাজস্ব এবং মধু আহরণের জন্য দেয়া পাসও কমেছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে সুন্দরবন থেকে সংগ্রহ হয়েছে এক হাজার ৭৪০ দশমিক ৫০ কুইন্টাল বা প্রায় ১৭৪ মেট্রিক টন মধু। আগের মৌসুমে এ পরিমাণ ছিল দুই হাজার ৭৫ কুইন্টাল বা প্রায় ২০৭ মেট্রিক টন। এক বছরের ব্যবধানে উৎপাদন কমেছে ৩৩৪ দশমিক ৫০ কুইন্টাল, যা প্রায় ১৬ দশমিক ১ শতাংশ। একই সময়ে বন বিভাগের রাজস্ব ৩৩ লাখ ২১ হাজার ৬০০ টাকা থেকে কমে ২৭ লাখ ৮৪ হাজার ৮০০ টাকায় নেমে এসেছে।

পরিসংখ্যান বলছে, পাঁচ বছর আগে সুন্দরবন থেকে প্রায় ৩০০ মেট্রিক টনের বেশি মধু আহরণ হতো। ২০২১-২২ অর্থবছরে উৎপাদন ছিল প্রায় ৩০০ মেট্রিক টন। পরের বছর তা কমে দাঁড়ায় ২৮২ মেট্রিক টনে। ২০২৩-২৪ অর্থবছরে কিছুটা বেড়ে ৩১৮ মেট্রিক টনে পৌঁছালেও এরপর আবার শুরু হয় নিম্নমুখী ধারা। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন নেমে আসে ২০৭ মেট্রিক টনে। আর সর্বশেষ মৌসুমে সংগ্রহ হয়েছে মাত্র ১৭৪ মেট্রিক টন, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।

মধু উৎপাদন কমে যাওয়ার প্রভাব পড়েছে বননির্ভর মানুষের জীবন-জীবিকাতেও।

বন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মধু আহরণের জন্য অনুমতি নিয়েছেন ৫৫২টি দল ও ৩ হাজার ৪৮১ জন মৌয়াল। আগের মৌসুমে এ সংখ্যা ছিল ৬৫৫টি দল এবং ৪ হাজার ১৫৮ জন মৌয়াল। অর্থাৎ এক বছরে ১০৩টি দল ও ৬৭৭ জন মৌয়াল কম বনে গেছে।

মৌয়ালরা বলছেন, বনাঞ্চলে প্রবেশে জলদস্যুদের দাপট, খরচ বৃদ্ধি এবং অনুকূল বৃষ্টিপাতের অভাবের কারণে ফুলের পরিমাণ কমে গেছে, যার প্রভাব পড়েছে মধু উৎপাদনেও।

খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জের মৌয়াল মো. আব্দুস সাত্তার বলেন, ‘আগে একেকটা চাক থেকে অনেক বেশি মধু পাওয়া যেত। এবার অনেক জায়গায় ঘুরেও তেমন চাক পাইনি। গেওয়া, খলসি ও অন্যান্য গাছে ফুল কম হওয়ায় মৌমাছিও কম এসেছে। নৌকা ভাড়া, জ্বালানি এবং শ্রমিকের খরচ সবই বেড়েছে। কিন্তু উৎপাদন কমে যাওয়ায় সেই খরচই উঠানো কঠিন হয়ে পড়েছে।’

একই উপজেলার আরেক মৌয়াল মো. রফিকুল ইসলাম বলেন, ‘বনে ঢুকতে এখনও নানা ধরনের ঝুঁকি থাকে। অনেক সময় নিরাপত্তার চিন্তা নিয়েই কাজ করতে হয়। তার ওপর আগের মতো মধু পাওয়া যায় না। কয়েকদিন বনে থেকে যে পরিমাণ মধু পাওয়া যায়, তা দিয়ে পরিবারের খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে।’

মৌয়াল শেখ নুর ইসলাম বলেন, ‘আমরা বছরের এই মৌসুমটার জন্য অপেক্ষা করি। কিন্তু কয়েক বছর ধরে মধুর পরিমাণ কমতেই আছে। আবহাওয়ার পরিবর্তনের কারণে ফুল কম ফোটে, ফলে চাকও ছোট হয়। উৎপাদন কমে যাওয়ায় অনেক মৌয়াল এবার বনে যাওয়ার আগ্রহও হারিয়ে ফেলেছেন।’

উৎপাদন কমে যাওয়ার কারণে ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ছে। জিআই স্বীকৃতির কারণে সুন্দরবনের মধুর চাহিদা বাড়লেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না বলে জানান সুন্দরবন পিওর মার্টের স্বত্বাধিকারী আবু হানিফা সজীব।

তিনি বলেন, ‘জিআই স্বীকৃতির পর দেশ-বিদেশে সুন্দরবনের মধুর চাহিদা অনেক বেড়েছে। অনলাইন ও করপোরেট পর্যায় থেকেও নিয়মিত অর্ডার আসছে। কিন্তু উৎপাদন কম থাকায় সেই চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না। উৎপাদন বাড়ানো গেলে রফতানির সম্ভাবনা তৈরি হবে এবং বননির্ভর মানুষের আয়ও বাড়বে।’

সংশ্লিষ্টরা বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য, ফুল ফোটার সময়, বৃষ্টিপাত, তাপমাত্রা ও লবণাক্ততার পরিবর্তনের সঙ্গে মধু উৎপাদনের সরাসরি সম্পর্ক রয়েছে।

সুন্দরবন বন বিভাগের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, ‘মধু উৎপাদন সম্পূর্ণভাবে প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের কারণে ফুলের উৎপাদনে প্রভাব পড়ছে, যার সরাসরি প্রভাব দেখা যাচ্ছে মধু আহরণে। বিষয়টি নিয়ে বন বিভাগ নিয়মিত পর্যবেক্ষণ করছে। উৎপাদন কমে যাওয়ার কারণগুলো চিহ্নিত করে দীর্ঘমেয়াদি গবেষণা, বনজ সম্পদ সংরক্ষণ এবং মৌয়ালদের নিরাপদে মধু আহরণের ব্যবস্থা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’

বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষা, মৌমাছির খাদ্য উদ্ভিদ সংরক্ষণ, বনাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নিলে আগামী বছরগুলোতে সুন্দরবনের মধু উৎপাদন আরও কমে যেতে পারে। এতে ক্ষতিগ্রস্ত হবে হাজারো বননির্ভর পরিবার, পাশাপাশি থেমে যাবে জিআই স্বীকৃতিপ্রাপ্ত এ পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনাও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%