১২:৪৭ পি.এম
মজুরি নিয়ে দরকষাকষির সংস্কৃতি থেকে বের হয়ে আসার প্রয়োজন রয়েছে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটকে মাথায় রেখে তথ্য-উপাত্তের ভিত্তিতে পোশাক শ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণের জন্য তাগিদ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে অনুষ্ঠিত ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে সিপিডির পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা ছাড়াই মজুরি বোর্ড বেতন কাঠামো নির্ধারণের কাজ শুরু করেছে। শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের জন্য দেশের আর্থসামাজিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্তের গুরুত্ব অপরিসীম।
আরও পড়ুন: স্বনির্ভর বাংলাদেশ গড়তে সৎ ও দক্ষ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সিপিডি উল্লেখ করেছে, ২০২৩ সালের ১২,৫০০ টাকার মূল্যস্ফীতি বিবেচনায় ২০২৬ সালে চারজনের পরিবারের জন্য মজুরি হতে পারে ১৬,৩৫১ টাকা। দারিদ্রসীমার আলোকে মজুরি হতে পারে ১৮,৫৭৮ টাকা এবং ন্যূনতম মানবিক জীবনযাপনে ব্যয় নির্বাহের জন্য মজুরি হতে পারে ২৪,২০৪ টাকা।
সিপিডির প্রস্তাব অনুযায়ী, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকার মধ্যে নির্ধারণ করা হতে পারে।
এর আগে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে। একই দিনে শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় জরুরি সভা অনুষ্ঠিত হয়। তবে এর পরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।
আন্দোলনের কারণে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, সড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গোয়েন্দাদের বরাতে জানা গেছে, আন্দোলনে আওয়ামী লীগ-সমর্থিত শিল্প মালিক এবং ছাত্রলীগ-যুবলীগের সদস্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এই পরিস্থিতিতে সরকার শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে। পুলিশের পাশাপাশি বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়ানোর আহ্বান মাহ্দী আমিনের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন