ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

সেন্টমার্টিন ভ্রমণের পরিকল্পনা করছেন? জরুরি কিছু তথ্য জানুন


সেন্টমার্টিন ভ্রমণের পরিকল্পনা করছেন? জরুরি কিছু তথ্য জানুন

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দ্বীপ সেন্টমার্টিনে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ফলে দেশের একমাত্র প্রবালদ্বীপ ভ্রমণের সুযোগ খুলে গেছে পর্যটকদের জন্য। এবার দ্বীপে গিয়ে রাত কাটানোর সুযোগও রয়েছে।

তবে নির্বিঘ্নে ভ্রমণ উপভোগ করার জন্য যাওয়ার আগে জাহাজের টিকিট, যাতায়াত খরচ, আবাসন এবং প্রয়োজনীয় নিয়মকানুন সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন।

আগেভাগেই সংগ্রহ করুন জাহাজের টিকিট

আরও পড়ুন: প্রতিদিন একই খাবার খাওয়ার অভ্যাস শরীরে যেসব প্রভাব ফেলতে পারে

যদি সেন্টমার্টিন যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত হয়ে থাকে, তাহলে দেরি না করে জাহাজের টিকিট বুকিং করে নেওয়া উচিত। শেষ মুহূর্তে টিকিটের সংকট এড়াতে ভ্রমণের তারিখ নির্ধারণের পরই টিকিট সংগ্রহের ব্যবস্থা করা উচিত।

জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, গ্রাহকসেবা নম্বর অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেনা যাবে। বুকিংয়ের আগে যাত্রার সময় এবং টিকিটের প্রাপ্যতা নিশ্চিত করে নেওয়া উচিত।

কোন কোন জাহাজে যেতে পারবেন

চলতি পর্যটন মৌসুমে কক্সবাজার থেকে সেন্টমার্টিন নৌপথে প্রায় ১০টি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। এসব জাহাজের মধ্যে রয়েছে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, বে-ক্রুজার ১, এমভি বারো আউলিয়া এবং কেয়ারি সিন্দাবাদ। ভ্রমণের তারিখ নির্ধারণের আগে কোন জাহাজের টিকিট পাওয়া যাচ্ছে, তা যাচাই করে নেওয়া উচিত।

আরও পড়ুন: কম ঘুমিয়েও যেভাবে অনেকে সতেজ থাকেন

যাতায়াত খরচ কত হতে পারে

জাহাজের টিকিটের মূল্য আসনের ধরন এবং সুযোগ-সুবিধার ওপর নির্ভর করবে। সাধারণ আসন থেকে শুরু করে বিজনেস চেয়ার, মোজার্ট চেয়ার, বেড এবং কেবিন—বিভিন্ন শ্রেণির টিকিট পাওয়া যাবে।

যাওয়া-আসার জন্য এসব আসনের টিকিটের দাম প্রায় ৩ হাজার ৫০০ টাকা থেকে ১৫-২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। তাই টিকিট কেনার আগে আসনের সুবিধা, ভাড়া এবং আসন খালি আছে কি না, সেসব বিষয় ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।

ট্রাভেল পাস নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই।

আরও পড়ুন: পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? সমস্যায় ভুগছেন জানুন

সেন্টমার্টিন ভ্রমণে যেতে পর্যটকদের জন্য ট্রাভেল পাস বাধ্যতামূলক। তবে এ জন্য আলাদাভাবে নিবন্ধনের ঝামেলা পোহাতে হবে না।

জাহাজের টিকিট বুকিং সম্পন্ন হলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন ও ট্রাভেল পাসসংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানই সম্পন্ন করবে।

আগে থেকেই বুকিং দিন হোটেল বা রিসোর্ট।

দ্বীপে রাত কাটানোর পরিকল্পনা থাকলে আগেভাগেই আবাসন নিশ্চিত করা ভালো। সেন্টমার্টিনে ২৩০টিরও বেশি হোটেল, রিসোর্ট এবং কটেজ রয়েছে। তবে সেখানে পৌঁছে থাকার জায়গা খোঁজার পরিবর্তে যাওয়ার আগেই পছন্দের হোটেল বুকিং দিলে সময় এবং ভোগান্তি দুটোই কমবে। আবাসনের ধরন এবং সুযোগ-সুবিধা অনুযায়ী হোটেল-রিসোর্টের ভাড়া ভিন্ন হয়ে থাকে।

আরও পড়ুন: লন্ডনে রবীন্দ্রসংগীতের মূর্ছনায় মুগ্ধতা ছড়ালেন তানজীনা তমা

হোটেল বুকিংয়ের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে চলমান অফার এবং বিশেষ ছাড় সম্পর্কে খোঁজ নিতে পারেন।

ভ্রমণের আগে যে বিষয়গুলো মনে রাখবেন

সেন্টমার্টিনের পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের কিছু নিয়ম মেনে চলতে হবে। দ্বীপে প্রবেশের সময় প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি পরিচয় নিশ্চিত করার জন্য জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা জরুরি।

ভ্রমণের সময় পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে পলিথিন এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলা উচিত। সৈকতে উচ্চ শব্দে গান বাজানো, রাতে দীর্ঘসময় উজ্জ্বল আলো জ্বালিয়ে রাখা কিংবা সৈকতে বারবিকিউ পার্টি আয়োজন করা থেকে বিরত থাকা উচিত।

আরও পড়ুন: রাজপরিবারের নানা সমাচার: চার্লস ও ডায়ানার জীবন ও মৃত্যুর কাহিনী

এছাড়া সৈকতের পরিবেশ এবং জীববৈচিত্র্য সুরক্ষায় মোটরচালিত যানবাহন ব্যবহার না করে বাইসাইকেল বেছে নেওয়া যেতে পারে।

সেন্টমার্টিনের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ রক্ষার দায়িত্বও প্রত্যেক পর্যটকের। তাই ভ্রমণের আনন্দ যেন প্রকৃতির ক্ষতির কারণ না হয়, সেদিকেও সচেতন থাকা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাতনির টাঙানো সাইনবোর্ড ভাঙলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে এনসিপি নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০১ এম


নাতনির টাঙানো সাইনবোর্ড ভাঙলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে এনসিপি নেতারা

ভাষা সৈনিক এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন কুমিল্লায় স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবিতে সেখানে স্থাপিত সাইনবোর্ডটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

এই ঘটনা ঘটে শুক্রবার (৬ নভেম্বর) রাতে। সাইনবোর্ড ভাঙার ঘটনার পর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বাড়িটির ওয়ারিশ এবং ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি আরমা দত্ত, যিনি সংরক্ষিত নারী আসনের দুই বারের সংসদ সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে বিভিন্ন সময়ে বাড়িটি সংস্কার, স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও সংরক্ষণের দাবি উঠলেও তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি আরমা দত্ত ওই সম্পত্তির বৈধ ওয়ারিশ দাবি করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। তিনি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের একমাত্র ছেলে সঞ্জিব দত্তের মেয়ে। সাইনবোর্ডে লেখা ছিল—‘এই জমির প্রকৃত মালিক ওয়ারিশ সূত্রে আরমা দত্ত। পিতা মৃত সঞ্জিব দত্ত। দাগ নং ১৮০০, মৌজা ছোটরা, কুমিল্লা।’

এনসিপি নেতারা দাবি করেছেন, বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক ও জাতীয় ঐতিহ্য হিসেবে সংরক্ষণের ব্যবস্থা করা উচিত। তারা জানান, বাড়ি বিক্রির প্রচেষ্টা হিসেবে সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে পুরোনো স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। তাই বাড়ি বিক্রি প্রতিহত করার উদ্দেশ্যে সেখানে ঝোলানো সাইনবোর্ডটি ভেঙে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর এনসিপি নেতারা সেখানে গিয়ে প্রথমে বাড়িটি সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন। পরে তারা সাইনবোর্ডটি ভেঙে ফেলেন।

রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব মাসুমুল বারী কাওসার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত বাড়িটি সাধারণ স্থাপনা নয়; এটি ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ জাতীয় ঐতিহ্য। সুতরাং, বাড়িটি ব্যক্তিগত কেনাবেচার বিষয় নয়, বরং রাষ্ট্রীয় উদ্যোগে সংরক্ষণ করা উচিত।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, তারা এ উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করবেন।

এনসিপি কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব মাসুমুল বারী কাওসার বলেন, আমরা একটি ঐতিহাসিক বাড়ি রক্ষা করতে সাইনবোর্ড ভেঙে ফেলেছি। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। তিনি আশা প্রকাশ করেন যে সরকার এবং ওয়ারিশ হিসেবে আরমা দত্ত তাদের পাশে থাকবে। তিনি বলেন, যদি এ জায়গা বিক্রি করা হয় বা বহুতল ভবন নির্মাণের চেষ্টা করা হয়, তাহলে জনগণ নিয়ে প্রতিহত করা হবে।

আরমা দত্ত বলেন, এটি তাদের পৈতৃক সম্পত্তি। তিনি এর বৈধ ওয়ারিশ। কুমিল্লাবাসীও এটি জানে। তাই এ বাড়িটির জায়গা তিনি কী করবেন, তা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তবে রাতে এভাবে একটি বাড়ির বৈধ সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি দুঃখজনক। তিনি প্রশাসনকে বিষয়টি অবহিত করবেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড কে ভেঙেছে, এ বিষয়ে এখনো কেউ অবহিত করেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে কুমিল্লার নিজ বাসভবন থেকে পাকিস্তানি সেনাবাহিনী তাকে ও তার ছেলে দিলীপ কুমার দত্তকে ধরে নিয়ে যায়। এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। দিলীপ কুমার দত্তের মেয়ে আরমা দত্ত একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজেপি এমপি নিশিকান্ত দুবে নোয়াখালী-চট্টগ্রাম-সিলেট দখলের উসকানি দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০২ এম


বিজেপি এমপি নিশিকান্ত দুবে নোয়াখালী-চট্টগ্রাম-সিলেট দখলের উসকানি দিলেন

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোকসভা সদস্য নিশিকান্ত দুবে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের পাশাপাশি বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর নিজেদের দখলে নেওয়ার খোলাখুলি উসকানি দিয়েছেন। তিনি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের এই অঞ্চলগুলোকে ভারতের অংশে পরিণত বা ‘পুনরুদ্ধার’ করার দাবি তুলে চরম বিতর্ক সৃষ্টি করেছেন।

শুক্রবার (৬ নভেম্বর) ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা আসন থেকে নির্বাচিত এই এমপি এই বিতর্কিত উসকানি দেন। গোড্ডাতে আদানির তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত, যেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয়।

দেশভাগের সময়কার ইতিহাসের ভুল ব্যাখ্যা দিয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তীব্র সমালোচনা করেন নিশিকান্ত। তিনি দাবি করেন, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম তৎকালীন ত্রিপুরা রাজ্যের অন্তর্গত ছিল। কিন্তু নেহরুর ভুল নীতির কারণে তা জোর করে পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়।

নোয়াখালী দাঙ্গার প্রসঙ্গ টেনে নিশিকান্ত অভিযোগ করেন, নেহরু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিলেন। তিনি বলেন, ‘আজ উত্তর-পূর্বাঞ্চল যে পিছিয়ে রয়েছে এবং সেখানকার খনিজ সম্পদ সদ্ব্যবহার করা যাচ্ছে না, তার একমাত্র কারণ চট্টগ্রাম বন্দর হাতে না থাকা। তাই সময় এসেছে নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম পুনরুদ্ধারের।’

এছাড়া সিলেটে গণভোট পরিচালনাকারী বাহারুল ইসলামকে ‘মুসলিম লীগ রেড আর্মি’র সদস্য দাবি করে নিশিকান্ত বলেন, পরবর্তীতে কংগ্রেস তাকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি বানিয়েছিল।

বিজেপি এমপির এই ভূখণ্ড দখলের দাবির সমর্থন জানিয়েছেন ত্রিপুরার রাজপরিবারের বংশধর ও ‘তিপ্রা মথা’ দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি লেখেন, দেশভাগের সময় ত্রিপুরার একটি বিশাল অংশ হস্তান্তর করা ঐতিহাসিক ভুল ছিল। চট্টগ্রাম বন্দর থাকলে আজ ‘চিকেনস নেক’ (শিলিগুড়ি করিডোর) নিয়ে ভারতকে দুশ্চিন্তা করতে হতো না।

নানা উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্যের জন্য নিশিকান্ত দুবে আগেও সংবাদের শিরোনাম হয়েছেন। এর আগে তিনি পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ এবং বিহারের কাটিহার ও কিষানগঞ্জ নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তুলেছিলেন। এ ছাড়া তৃণমূলের সাবেক এমপি মহুয়া মৈত্রের বিরুদ্ধে অর্থ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগকারীও ছিলেন এই বিজেপি নেতা। বাংলাদেশের অবিচ্ছেদ্য ভূখণ্ড নিয়ে তাঁর এই সাম্প্রতিক মন্তব্যে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে চরম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেঞ্চুরি করেও হতাশ আমির জাঙ্গু, বাংলাদেশকে ২৫০ রানের নিচে আটকে রাখতে চান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৩ এম


সেঞ্চুরি করেও হতাশ আমির জাঙ্গু, বাংলাদেশকে ২৫০ রানের নিচে আটকে রাখতে চান

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শেষে কিছুটা এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীরা প্রথম ইনিংসে ৩৫৬ রান সংগ্রহ করার পর বাংলাদেশের ৩ উইকেট নিয়েছে ৮৮ রানে। তৃতীয় দিনে বাংলাদেশকে আড়াইশ'র নিচে আটকে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ, সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা আমির জাঙ্গু। দলীয় চারশ' রান না পেরোনোয় হতাশা প্রকাশ করেছেন এই ব্যাটার।

জাঙ্গুর কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশকে কত রানে আটকে রাখতে চান ওয়েস্ট ইন্ডিজ। তার উত্তরে তিনি বলেন, "আমি বলব ২৫০ রানের নিচে। উইকেট বেশ ভালোই। তাদের ফাস্ট বোলাররা বেশ ভালো বল করেছে এবং উইকেট তুলে নিয়েছে। তবে কোনো ব্যাটার ক্রিজে টিকে গেলে তাদেরকে ফেরানো বেশ কঠিন। কালকের দিনটা আমাদের সংগ্রাম করতে হতে পারে অথবা ভিন্নও হতে পারে। ক্রিকেট এরকমই। তবে আমাদেরকে তাদের উপর চাপ দিয়ে যেতে হবে। যেন তারা অত বেশি রান বের করতে না পারে, কারণ তারা বেশ দ্রুত রান তুলে ফেলতে পারে। ফলে আমাদেরকে ধৈর্য ধরে খেলে যেতে হবে এবং আশা করছি কিছু উইকেটও নিতে পারব।"

প্রথম ইনিংসে স্কোর নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন জাঙ্গু। তবে তৃতীয় দিনে এই স্কোর নিয়েই লড়াই চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। তিনি বলেন, "আসলে আমাদের লক্ষ্য ছিল ৪০০ এর বেশি রান করা, ফলে কিছুটা হতাশ হয়েছি। তবে বাংলাদেশ অনেক ভালো বল করেছে। দ্বিতীয় নতুন বল পেয়ে তারা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছিল। তবুও আমরা ইনিংসটাকে লম্বা করতে পেরেছি, ৩৫০ রান ছাড়াতে পেরেছি। দেখি কাল কী হয়।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাইশার মৃত্যুর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা চ্যালেঞ্জ, বিশেষজ্ঞ দল আসছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৪ এম


মাইশার মৃত্যুর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা চ্যালেঞ্জ, বিশেষজ্ঞ দল আসছে

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেওয়া তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে নতুন চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ পারাপারের উদ্দেশ্যে আইআইইউসি প্রধান ফটক এলাকায় বসানো অস্থায়ী গতিরোধক (রাম্বল স্ট্রিপ) তীব্র যানজট সৃষ্টি করায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ তা অপসারণ করেছে। তবে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করার জন্য স্থায়ী ও বিজ্ঞানসম্মত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সওজের কেন্দ্রীয় ‘রোড সেফটি উইং’-এর একটি বিশেষজ্ঞ দল সরেজমিনে পরিদর্শনে আসছে।

গত ৩ নভেম্বর সীতাকুণ্ডের কুমিরায় আইআইইউসির প্রধান ফটকের সামনে একটি দ্রুতগতির লরির ধাক্কায় মিনিবাস উল্টে শিক্ষার্থীদের ওপর পড়ে মর্মান্তিকভাবে নিহত হন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী মাইশা মুশফিরাত। এই দুর্ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী আহত হন। দুর্ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ সড়ক, ফুটওভারব্রিজ নির্মাণ, দায়ী ব্যক্তিদের শাস্তি ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় সাত ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাৎক্ষণিক গতি নিয়ন্ত্রণের জন্য দুর্ঘটনাস্থলের আশপাশে রাম্বল স্ট্রিপ বসানো হয়। কিন্তু দেশের প্রধান এই অর্থনৈতিক ধমনীতে দূরপাল্লার ভারী কনটেইনারবাহী লরি ও ট্রেইলার চলাচলের কারণে এসব গতিরোধকের মুখে তীব্র যানজট সৃষ্টি হয়। এর ফলে, যানজট এড়াতে অনেক চালক উল্টো পথে যান চালানোর ফলে সড়ক নিরাপত্তার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

পরিস্থিতি মূল্যায়নের পর শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টা থেকে সওজ কর্তৃপক্ষ আইআইইউসি গেটসংলগ্ন এলাকা থেকে রাম্বল স্ট্রিপগুলো অপসারণের কাজ শুরু করে।

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় সওজের নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম জানান, জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে জরুরি ভিত্তিতে রাম্বল স্ট্রিপগুলো বসানো হয়েছিল। তবে জাতীয় মহাসড়কে ভারী যানবাহন চলাচলের ধরন বিবেচনায় এটি দীর্ঘমেয়াদি বা বিজ্ঞানসম্মত সমাধান ছিল না। এর ফলে যানজটের পাশাপাশি চালকদের মধ্যে উল্টো পথে চলার মতো আইন অমান্যের প্রবণতা তৈরি হচ্ছিল।

তিনি আরও জানান, অস্থায়ী গতিরোধক অপসারণের স্থানে দৃশ্যমান থার্মোপ্লাস্টিক জেব্রা ক্রসিং এবং 'ধীরে চলুন' নির্দেশক প্রতিফলক সাইনবোর্ড বসানো হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য ঢাকা থেকে সওজের কেন্দ্রীয় রোড সেফটি উইং ও অভিজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ দল দ্রুত এলাকা পরিদর্শন করবে। এই দলটি মহাসড়কের জ্যামিতিক নকশা, যানবাহনের চাপ ও শিক্ষার্থীদের যাতায়াতের সময়সূচি কারিগরিভাবে বিশ্লেষণ করে নকশা তৈরি করবে।

সওজের এই কর্মকর্তা মহাসড়কের অন্যান্য কাঠামোগত ঝুঁকির কথা তুলে ধরে বলেন, শুভপুর সেতু থেকে সীতাকুণ্ড অংশ পর্যন্ত বিদ্যমান ফুটওভারব্রিজ ব্যবহারে পথচারীদের অনিচ্ছা এবং বিভিন্ন শিল্পকারখানা কর্তৃক অবৈধভাবে মহাসড়কের ডিভাইডার কেটে ফেলাও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। সওজ ইতিমধ্যে এসব অবৈধ ডিভাইডার বন্ধের উদ্যোগ নিয়েছে।

এদিকে, আইআইইউসি গেট এলাকায় অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে ৪ নভেম্বর বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া শিক্ষার্থীদের প্রধান দাবি অনুযায়ী একটি আধুনিক ফুটওভারব্রিজ দ্রুত নির্মাণের আহ্বান জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) প্রেরণ করেছেন।

সড়ক পরিবহন বিশেষজ্ঞদের মতে, যেকোনো বড় দুর্ঘটনার পর কেবল সাময়িক গতিরোধক বা বিচ্ছিন্ন অভিযান চালিয়ে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। কার্যকর অবকাঠামো নির্মাণ, গতি নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং পুরোপুরি বন্ধ এবং নিয়মিত নজরদারির সমন্বিত পদক্ষেপই কেবল এই ঝুঁকিপূর্ণ পয়েন্টটিকে নিরাপদ করতে পারে। বিশেষজ্ঞ দলের পরিদর্শন শেষে দীর্ঘমেয়াদি ও সমন্বিত এই পরিকল্পনা কত দ্রুত বাস্তবায়িত হয়, সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দা ও আইআইইউসি শিক্ষার্থীদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%