১০:৫৮ পি.এম
রাজশাহীর তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তানোর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক অভিযান চালিয়ে কালীগঞ্জ বাজারের তৈয়বুর রহমান (৩৬) কে ২০ হাজার টাকা এবং সরঞ্জাই মণ্ডল পাড়ার মিজানুর রহমান (৪৭) কে ১০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক জানান, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর আওতায় লাইসেন্স ছাড়া সার বিক্রি করার অপরাধে তাদেরকে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা ও আইন যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে। লাইসেন্স ছাড়া সার বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
তানোর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সাব ও বীজ মনিটরিং কমিটির সভাপতি নাঈমা খান বলেন, কৃষকরা যাতে সরকারি নির্ধারিত দামে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। লাইসেন্স ছাড়া সার বিক্রি ও কৃত্রিম সংকট তৈরি কারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বেশী কেউ সার বিক্রি করছে, এমন অভিযোগ পেলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
আরও পড়ুন: পাঁচ শিক্ষকেই ৫ শত ৫০ শিক্ষার্থীর পাঠদান, শিক্ষক সংকটে ভুগছে ভাণ্ডারিয়ার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, সরকার নির্ধারিত ডিলারদের কাছে গিয়ে সরকারী মূল্য অনুযায়ী প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না। কিন্তু লাইসেন্স ছাড়া সার বিক্রেতাদের কাছে গিয়ে বেশী দাম দিয়ে চাহিদামত সার পাওয়া যাচ্ছে। এসব ব্যবসায়ীদের জরিমানা না করে সরকারি বিসিআইসি সার ডিলারদের প্রতি নজরদারি বাড়ানো উচিৎ। কারণ এই ডিলাররাই কৃষকদের সার না দিয়ে রাতের আঁধারে বেশী দামে খুচরা ব্যবসায়ীদের সার দিচ্ছে এবং খুচরা ব্যবসায়ীরা কৃষকদের কাছে বেশী দাম নিলেও সার পেতে সমস্যা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন