ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশের ১২ খাতের পণ্যে আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ প্রকাশ


বাংলাদেশের ১২ খাতের পণ্যে আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ প্রকাশ

গ্লোবাল সোর্সিং এক্সেপো-২০২৬ এর মাধ্যমে বাংলাদেশের বহুমুখী রপ্তানি সক্ষমতার প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহের নতুন বার্তা প্রকাশিত হয়েছে। তিন দিনের এই আয়োজনে ১১টি দেশের আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিরা অংশগ্রহণ করে নতুন ব্যবসায়িক যোগাযোগ ও সম্ভাব্য রপ্তানি অংশীদারিত্বের সুযোগ তৈরি করেছেন। ১২টি রপ্তানি খাতের ১৬১টি প্রতিষ্ঠান ২৪০টি স্টলে নিজেদের পণ্য ও সক্ষমতা প্রদর্শন করে বাংলাদেশের নতুন সম্ভাবনার চিত্র তুলে ধরেছে।

এই আন্তর্জাতিক সোর্সিং এক্সপো ১৫ থেকে ১৭ নভেম্বর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়, যা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়।

মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

আরও পড়ুন: ইসরায়েলি বাহিনী ১৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে

সমাপনী বক্তব্যে বাণিজ্য সচিব উল্লেখ করেন, বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, এই অগ্রযাত্রাকে টেকসই করতে পণ্যের মান উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এক্সপোর সাফল্য শুধুমাত্র অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা দিয়ে বিচার করা উচিত নয়, বরং এক্সপো-পরবর্তী সময়ে কতগুলো কার্যকর ব্যবসায়িক সম্পর্ক তৈরি হলো, সম্ভাব্য রপ্তানি আদেশ কতটা বাস্তব বাণিজ্যে রূপ নিল এবং নতুন বাজারের কতটা সুযোগ সৃষ্টি হলো—এসবের ওপর প্রকৃত সাফল্য নির্ভর করবে। এজন্য এক্সপোতে তৈরি হওয়া ব্যবসায়িক যোগাযোগের যথাযথ ফলোআপের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সমাপনী অনুষ্ঠানে আগামী ৮ নভেম্বর ২০২৭ তৃতীয় গ্লোবাল সোর্সিং এক্সেপো আয়োজনের তারিখও ঘোষণা করেন বাণিজ্য সচিব।

আরও পড়ুন: চীনা বিজ্ঞানীদের উদ্ভাবন: ‘জাদুকরী চিরুনি’তে ইঁদুরের মাথায় ফিরেছে প্রায় শতভাগ চুল

ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বলেন, এবারের এক্সপোতে বাংলাদেশের বহুমুখী উৎপাদন ও রপ্তানি সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চল থেকে আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিদের অংশগ্রহণ বাংলাদেশের প্রতি বৈশ্বিক ক্রেতাদের আগ্রহ ও আস্থার প্রতিফলন।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন শুধু তৈরি পোশাকনির্ভর রপ্তানি গন্তব্য নয়। চামড়াজাত পণ্য, কৃষি ও কৃষিজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, প্লাস্টিক, ফার্মাসিউটিক্যালস, আইসিটি, লাইট ইঞ্জিনিয়ারিং, সিরামিকস ও ফার্নিচারসহ বিভিন্ন খাতে বাংলাদেশ একটি সম্ভাবনাময় বহুমুখী সোর্সিং হাব হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করছে।

১২ খাতে পণ্যের প্রদর্শনী

এবারের এক্সপোতে অ্যাপারেলস ও টেক্সটাইলস, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোমডেকর, ফার্মাসিউটিক্যালস, আইসিটি, পেপার ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার খাতের প্রতিষ্ঠান অংশ নেয়।

আরও পড়ুন: যুক্তরাজ্যে আদালতের ঐতিহাসিক রায়: বাবার বিপুল সম্পদ নিয়ে ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের জয়

তিন দিনের আয়োজনে পণ্য প্রদর্শনের পাশাপাশি চারটি বিশেষ সেমিনার, B2B মিটিং, ফ্যাক্টরি ভিজিট, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোর আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়।

অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এক্সপোর মাধ্যমে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ হয়েছে। তাঁরা এ ধরনের আন্তর্জাতিক আয়োজন নিয়মিত চালু রাখার ওপর গুরুত্ব দেন।

সেরা স্টলকে পুরস্কার

এক্সপোর বিশেষ আকর্ষণ ছিল Best Stall Awards। অংশগ্রহণকারী ১২টি সেক্টর থেকে পণ্য উপস্থাপন, সৃজনশীলতা ও স্টল সাজানোর মান বিবেচনায় নির্বাচিত সেরা প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন: প্রতিশ্রুতি আছে, প্রাপ্তি নেই: জলবায়ু সম্মেলনে জৌলুস হারাচ্ছে

আয়োজকরা আশা করছেন, Global Sourcing Expo 2026 Dhaka বাংলাদেশের রপ্তানি পণ্যের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন বাজার অনুসন্ধান, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইপিবির পক্ষ থেকে এক্সপোর সফল আয়োজন ও সমাপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশের বিদেশস্থ মিশন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদেই লস্কর কমান্ডার লতিফ ভাটকে হত্যা করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


মসজিদেই লস্কর কমান্ডার লতিফ ভাটকে হত্যা করল ভারত

ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন লস্কর-ই-তাইয়েবার কমান্ডার লতিফ ভাট। আত্মসমর্পণের আহ্বান অগ্রাহ্য করে তিনি একটি মসজিদের ভেতর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালান, যার ফলে সংঘর্ষ শুরু হয়। পরে গুলির আঘাতে তিনি নিহত হন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, লতিফ ১১ নভেম্বর আখরান এলাকায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি চেকপোস্টে হামলার সঙ্গে জড়িত ছিলেন। ওই হামলায় তিন নিরাপত্তাকর্মী আহত হন। এ ঘটনায় তার সহযোগী উমর নিসার দার সোমবার কুলগামে পৃথক বন্দুকযুদ্ধে নিহত হন।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, লতিফ মসজিদের ভেতরে আত্মগোপন করেছিলেন। তাকে আত্মসমর্পণের জন্য রাজি করানোর উদ্দেশ্যে পুলিশের পক্ষ থেকে ভিডিও কলে যোগাযোগ করা হয়। কর্মকর্তারা তাকে জীবনের মূল্য বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তিনি আত্মসমর্পণে রাজি হননি।

কুলগামের জ্যেষ্ঠ পুলিশ সুপার আনায়াত আলী জানান, লতিফকে আত্মসমর্পণের জন্য বারবার অনুরোধ করা হয়েছিল। তিনি দীর্ঘ সময় ভিডিও কলে কথা বলেছেন। লতিফকে বলা হয়েছিল, তার সামনে অনেক জীবন রয়েছে এবং তিনি বয়সেও তরুণ। কিন্তু কোনো অনুরোধে তিনি সাড়া দেননি।

মসজিদের বাইরেও মাইকিং করে তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তবে রাত ২টা ৪৫ মিনিটের দিকে তিনি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালান। এরপর দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। মসজিদের ভেতরে অবস্থান করায় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সংযম দেখানোর চেষ্টা করেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

পুলিশের তদন্তে জানা গেছে, ১০ নভেম্বর লতিফ ভাট ও তার সহযোগী উমর নিসার দার আখরানসহ মীরবাজার, হাবলিশ ও কিলাম এলাকায় নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য অবস্থান পর্যবেক্ষণ করেন। হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ ও পরিকল্পনার অংশ হিসেবে তারা এসব এলাকায় রেকি চালিয়েছিলেন বলে পুলিশের দাবি।

পরদিন ১১ নভেম্বর আখরানে সিআরপিএফের চেকপোস্টে হামলা চালিয়ে পালিয়ে যান তারা। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উমর নিসার দার গত পাঁচ থেকে ছয় মাস ধরে লতিফকে আশ্রয় ও অন্যান্য সহযোগিতা দিয়ে আসছিলেন। দার নিখোঁজ হওয়ার পর তার পরিবার থানায় সাধারণ ডায়েরিও করেছিল।

এ ছাড়া ২২ জুলাই অনন্তনাগে পুলিশের ওপর হামলায়ও লতিফ জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় এক পুলিশ সদস্য নিহত হন। ১ আগস্ট কুলগামে দুই অভিবাসী শ্রমিক হত্যার পেছনেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

লতিফ নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিআরপিএফপ্রধান জিপি সিং প্রতিক্রিয়া জানান। তিনি সংশ্লিষ্ট সদস্যদের অভিনন্দন জানিয়ে লেখেন, "কিছু প্রতিশোধ ঠান্ডা মাথায় নেওয়াই ভালো।"

এদিকে জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, "কেউ পালিয়ে থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত লুকিয়ে থাকতে পারে না।"

এর আগে লতিফ ও তার সহযোগীকে ধরতে কুলগামে বড় পরিসরে তল্লাশি ও ঘেরাও অভিযান চালানো হয়। এ সময় পাঁচ শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্টের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্টের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গ্রহণের অনুমতি পাবে না যতক্ষণ না এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হয়, এমন নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ প্রদান করে। আদালত একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্টদের জন্য রুলও জারি করেছেন।

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশিত হবে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টুঙ্গিপাড়ায় সড়কে ব্যারিকেড: যান চলাচল বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


টুঙ্গিপাড়ায় সড়কে ব্যারিকেড: যান চলাচল বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারের মোড়ে অবরোধের চিত্র দেখা যায়। এর ফলে ঢাকা-পিরোজপুর, ঢাকা-টুঙ্গিপাড়া ও টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

বুধবার সকাল থেকে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের নীলফা বাজার, মালেকের দোকান, রামচন্দনপুর, সিঙ্গিপাড়া, কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের সামনের এলাকা, গিমাডাঙ্গা নতুন বাজার ও পাটগাতী বাসস্ট্যান্ড মোড়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করে রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অবরোধের কারণে কোথাও গাছের গুঁড়ি, কোথাও পল্লী বিদ্যুতের খুঁটি, বাঁশ ও পুলিশের চেকপোস্টের বক্স ফেলে রাখা হয়েছে। এর ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে না পেরে পথে আটকা পড়ছেন। কিছু যাত্রী বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়দের মতে, বুধবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত অধিকাংশ এলাকায় বড় ধরনের কোনো মিছিল দেখা যায়নি। তবে সকাল ১০টার পর পাটগাতী বাসস্ট্যান্ড মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেখানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার, স্লোগান ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এদিকে টুঙ্গিপাড়া থানা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বুধবার সকালে উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দৃশ্যমান উপস্থিতি ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন। থানার স্বাভাবিক কার্যক্রমও বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন পুলিশ সদস্য ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যারাক ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন বলেও স্থানীয় সূত্রের দাবি। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পাটগাতী এলাকার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, আগুনে সংসদ সদস্যের বাড়ির পাশাপাশি আশপাশের আরও প্রায় ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসব ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামালও পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া মঙ্গলবার রাতের সহিংসতায় টুঙ্গিপাড়া থানার ছয়টি পুলিশের গাড়ি, নীলফা বাজার এলাকায় বিজিবির গাড়ি ও একটি পুলিশ ভ্যানসহ মোট ১০টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এ ঘটনায় যানবাহন ও সরকারি স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া উত্তেজনার জেরে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ অব্যাহত থাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ, রোগী ও দূরপাল্লার যাত্রীরা পড়েছেন বিপাকে।

বুধবার সকাল ১১টা পর্যন্ত পাওয়া স্থানীয় তথ্য অনুযায়ী, টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সড়কের অবরোধ অপসারণ, যান চলাচল স্বাভাবিক করা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯৮ বছরে মিকি মাউস, এখনো জনপ্রিয়তার শীর্ষে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


৯৮ বছরে মিকি মাউস, এখনো জনপ্রিয়তার শীর্ষে

আজ ১৮ নভেম্বর, বিশ্বজুড়ে কোটি মানুষের পরিচিত কার্টুন চরিত্র মিকি মাউসের ৯৮তম জন্মদিন উদযাপন করা হচ্ছে। ১৯২৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলোনি থিয়েটারে মুক্তি পায় ওয়াল্ট ডিজনির অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্টিমবোট উইলি। এই চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো দেখা যায় মিকি মাউস এবং মিনি মাউসকে। দিনটিকে মিকির আনুষ্ঠানিক জন্মদিন হিসেবে পালন করা হয়।

মিকি মাউসের যাত্রা শুরু হয়েছিল আরও আগে। ১৯২৮ সালের মে মাসে নির্মিত প্লেন ক্রেজি ছিল মিকির ওপর ভিত্তি করে তৈরি প্রথম কার্টুন। এরপর নির্মিত হয় দ্য গ্যালোপিন গাউচো। তবে সে সময় চলচ্চিত্র দুটি পরিবেশনার জন্য উপযুক্ত পরিবেশক পাওয়া যায়নি। পরে শব্দযুক্ত অ্যানিমেশন তৈরির পরিকল্পনা থেকে নির্মিত হয় স্টিমবোট উইলি, যা প্রথম মুক্তি পায় এবং মিকিকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলে।

যেভাবে তৈরি হলো মিকি মাউস

মিকি মাউসের স্রষ্টা ওয়াল্ট ডিজনি। চরিত্রটির নকশা ও অ্যানিমেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যানিমেটর ইউবি আইওয়ার্কস। ডিজনির আগের জনপ্রিয় চরিত্র অসওয়াল্ড দ্য লাকি র‍্যাবিটের স্বত্ব হারানোর পর নতুন একটি চরিত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়। সেখান থেকেই জন্ম নেয় এক দুষ্টু, প্রাণবন্ত ইঁদুরের চরিত্র—মিকি মাউস।

প্রচলিত আছে যে চরিত্রটির নাম প্রথমে ‘মর্টিমার’ রাখার কথা ভাবা হয়েছিল। তবে ওয়াল্ট ডিজনির স্ত্রী লিলিয়ান ডিজনির পরামর্শে নাম রাখা হয় ‘মিকি’। এরপর থেকেই এই নামেই পরিচিতি পায় চরিত্রটি।

‘স্টিমবোট উইলি’ বদলে দেয় অ্যানিমেশনের ইতিহাস। মিকি মাউসের জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রাখে এই চলচ্চিত্র। এটি সমন্বিত শব্দযুক্ত অ্যানিমেশনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল। পর্দায় চরিত্রের নড়াচড়া, সংগীত ও শব্দের সমন্বয় দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করে। আট মিনিটের সাদা-কালো এই চলচ্চিত্রে মিকিকে দেখা যায় একটি স্টিমবোটের নাবিক হিসেবে। সেখানে জাহাজের ক্যাপ্টেন পিটের সঙ্গে নানা মজার ঘটনায় জড়িয়ে পড়ে সে।

চলচ্চিত্রটির শব্দ ধারণের কাজও ছিল বেশ চ্যালেঞ্জিং। সংগীত ও দৃশ্যের সঙ্গে তাল মেলাতে নির্মাতাদের একাধিকবার চেষ্টা করতে হয়েছিল। শেষ পর্যন্ত সংগীত ও শব্দের যথাযথ সমন্বয়ে চলচ্চিত্রটি দর্শকদের প্রশংসা অর্জন করে। এর সাফল্য ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন স্টুডিওর জন্য নতুন সম্ভাবনা তৈরি করে।

শুধু কার্টুন নয়, বিনোদনজগতের পরিচিত প্রতীক হিসেবেও মিকি মাউসের পরিচিতি রয়েছে। ১৯২৮ সালে যাত্রা শুরুর পর মিকি ধীরে ধীরে ওয়াল্ট ডিজনি প্রতিষ্ঠানের অন্যতম প্রধান প্রতীকে পরিণত হয়। কার্টুন চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান, কমিকস, বই, খেলনা ও নানা ধরনের পণ্যে জায়গা করে নেয় চরিত্রটি। ১৯৪০ সালে মুক্তি পাওয়া ফ্যান্টাসিয়া চলচ্চিত্রের মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিষেক ঘটে মিকির।

১৯৭৮ সালে চরিত্রটির ৫০তম জন্মদিন উপলক্ষে হলিউড ওয়াক অব ফেমে তারকা পায় মিকি মাউস। অ্যানিমেটেড চরিত্র হিসেবে এটি ছিল প্রথম। সময়ের সঙ্গে মিকির চেহারা ও উপস্থাপনায় পরিবর্তন এসেছে, তবে তার পরিচিত গোল কান, লাল পোশাক ও প্রাণবন্ত ব্যক্তিত্ব এখনো দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ।

প্রায় এক শতাব্দী ধরে প্রজন্মের পর প্রজন্মের দর্শকের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছে মিকি মাউস। অ্যানিমেশনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি চরিত্রটি হয়ে উঠেছে বিশ্ব বিনোদনজগতের অন্যতম পরিচিত মুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%