ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭টি বিষধর সাপ উদ্ধার


হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭টি বিষধর সাপ উদ্ধার

হবিগঞ্জের বিভিন্ন বসতবাড়ি ও আঙিনা থেকে ১৩৭টি বিষধর সাপ এবং পাঁচটি সাপের ডিম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে ৭০টি পদ্ম গোখরা এবং ৬০টি খৈয়া গোখরা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, সাতটি দাঁড়াশ সাপও উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) উদ্ধার করা এসব সাপ বর্তমানে হবিগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের হেফাজতে রয়েছে। বন বিভাগ জানিয়েছে, উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ নির্ধারণ করে শিগগিরই সাপগুলো অবমুক্ত করা হবে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকার বসতবাড়ি, আঙিনা ও আশপাশের স্থান থেকে সাপগুলো উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা সাপের উপস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা সংগঠন জীববৈচিত্র্য ফেডারেশনের সদস্যরা সাপগুলো উদ্ধার করেন।

আরও পড়ুন: নারায়ণ জেলার গার্মেন্টস সেক্টরে আন্দোলনের শিথিল রাখার অঙ্গীকার জেলা প্রশাসক

উদ্ধারের পর জীববৈচিত্র্য ফেডারেশনের উদ্যোগে সাপগুলো হবিগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়। উদ্ধার করা পাঁচটি ডিমের মধ্যে কয়েকটি থেকে ইতোমধ্যে বাচ্চা ফুটেছে।

বন বিভাগ জানিয়েছে, সাপগুলো লোকালয়ের কাছাকাছি বা জনবসতিপূর্ণ এলাকায় অবমুক্ত করা হবে না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাপগুলোর জন্য উপযুক্ত পরিবেশ বিবেচনায় নিয়ে নিরাপদ প্রাকৃতিক স্থান নির্ধারণের কাজ চলছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, উপযুক্ত স্থান নির্ধারণের পর শিগগিরই সাপগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হবে। এতে মানুষের ঝুঁকি কমার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন: দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: চসিক প্রশাসক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে ২০২৬ এর উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে ২০২৬ এর উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ (এমআইএস) বিভাগের উদ্যোগে ‘বিটিসি ও এমআইএস ডে ২০২৬' শীর্ষক দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানটি মঙ্গলবার (৩ নভেম্বর) একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয়। নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ একটি সমন্বিত ব্যবস্থা, যা তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও যথাযথ ব্যবহারের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সৃষ্টি করে। আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে এমআইএসের গুরুত্ব অপরিসীম।

তিনি আরও বলেন, বর্তমানে তথ্য সংগ্রহ করাই যথেষ্ট নয়, বরং তথ্যের বিশ্লেষণ করে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করতে হবে।

উপাচার্য বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল অটোমেশনের এই যুগে এমআইএসের জ্ঞান নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। নোবিপ্রবির এমআইএস বিভাগের শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের ডিজিটাল রূপান্তর, ব্যবসায়িক উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপাচার্য উল্লেখ করেন যে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও নতুন উদ্ভাবনে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ (এমআইএস) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিয়াউল হক। অনুষ্ঠানে এমআইএস বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান, কুমিল্লা বার্ডের উপ-পরিচালক অসীম কুমার সরকার এবং থ্রাইভিং স্কিলস লিমিটেডের ফাউন্ডার এন্ড সিইও মো. আবদুল্লাহ আল মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের এমআইএস নেটের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের স্পন্সর হিসেবে রয়েছে হালিমা গ্রুপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী।
সভার শুরুতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ফুল দিয়ে প্রধান অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানান। এর আগে উপজেলা পরিষদ চত্বরের সামনে একটি বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, ওসি তদন্ত এবাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন,উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, হাফেজ এবাদত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সংবাদকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি,
জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী বলেন,
কাউখালী উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের সাথে আজকের মতবিনিময় সভাটি অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়েছে। এখানে এসে আমি সকলের মাঝে এলাকার উন্নয়নের এক বুক প্রত্যাশা ও আন্তরিকতা দেখতে পেয়েছি। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড স্বচ্ছতা ও জবাবদিহির সাথে সঠিক সময়ে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নে প্রশাসন সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়তে আমি কাউখালীর সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানের সভাপতি
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার
বলেন,আজকের সভাটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল। সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনা আমাদের আগামীদিনের কাজের গতি আরও বাড়িয়ে দেবে। কাউখালীর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সরকারি সেবাগুলো সাধারণ মানুষের মাঝে সুষমভাবে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসক মহোদয়ের ঐকান্তিক সহযোগিতায় আমরা কাউখালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবি ছাত্র ইউনিয়নের পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলায় নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


ইবি ছাত্র ইউনিয়নের পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলায় নিন্দা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ পোশাক শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং শ্রমিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সংগঠনটির সভাপতি নূর আলম এবং সাধারণ সম্পাদক তাহমিদ হাসান সজীব সোমবার (২ নভেম্বর) রাতে এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গার্মেন্টস শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিশ্চয়তা ও মৌলিক অধিকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে তাদের হামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে, যা নিন্দনীয়।

নেতৃবৃন্দ তাদের যৌথ বিবৃতিতে উল্লেখ করেন, শ্রমিকদের ন্যায্য দাবি আলোচনার মাধ্যমে সমাধান না করে বলপ্রয়োগ ও দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন ও ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে তারা শ্রমিকদের ওপর সব ধরনের হামলা, নির্যাতন ও হয়রানি বন্ধ করে শ্রমিকদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার বাংলা-ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখাতে চায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


সরকার বাংলা-ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখাতে চায়

বাংলা ও ইংরেজির পাশাপাশি ইতালীয় ভাষা তৃতীয় ভাষা হিসেবে শেখানোর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্দেশ্যে কর্মীদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে ইতালির প্রশিক্ষণ মডেল দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে (টিটিসি) সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘ল্যাঙ্গুয়েজ, সিভিক অ্যান্ড প্রফেশনাল ট্রেনিং ফর স্কিলড মাইগ্রেশন টু ইতালি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এসব তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে ইতালি দূতাবাসের সহযোগিতা চেয়ে মাহদী আমিন বলেন, "সরকারের নির্বাচনী ইশতেহারে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় ভাষা শেখাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।" তিনি জানান, ইতালিতে কর্মসংস্থানের জন্য চালু হওয়া প্রশিক্ষণ মডেল দেখে ইতালীয় ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে চালুর ক্ষেত্রে দূতাবাসের সহযোগিতা নিতে চায় সরকার। অন্যান্য ভাষা শেখার উদ্যোগও নেওয়া হবে।

তিনি আরও বলেন, "এই প্রশিক্ষণ কার্যক্রম সরকারের কাছে বিচ্ছিন্ন কোনো প্রকল্প নয়। বরং এটি ভবিষ্যতে বৃহত্তর পরিসরে বাস্তবায়ন ও সম্প্রসারণের একটি মডেল।" ইতালির অভিজ্ঞতা ও আন্তর্জাতিক উত্তম চর্চা কাজে লাগিয়ে সরকারি পর্যায়ে এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় উদ্যোগটি এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মাহদী আমিন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার বিদেশে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ নেওয়া কর্মীদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।" ইতালীয় ভাষা শেখার পাশাপাশি তারা নির্দিষ্ট পেশাগত দক্ষতা, শিষ্টাচার ও নৈতিক মূল্যবোধের প্রশিক্ষণ নিচ্ছেন। এই দক্ষতা কাজে লাগিয়ে ইতালিতে গেলে তাদের জন্য কাজের সুযোগ তৈরি হবে।

তিনি জানান, প্রশিক্ষণার্থীরা পাঁচ থেকে ছয় মাসের প্রশিক্ষণের মধ্য দিয়ে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় ভাষা শিখছেন। এই অভিজ্ঞতা বাংলাদেশের জন্য একটি কার্যকর মডেল হতে পারে। সরকার তাদের প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থায় (টিভিইটি) এই মডেল যতটা সম্ভব সম্প্রসারণের চেষ্টা করবে।

মাহদী আমিন বলেন, "প্রশিক্ষণার্থীরা শুধু নিজেদের ক্যারিয়ার গড়ছেন না, বরং দেশের জন্যও একটি নতুন মডেল তৈরি করছেন।" তাদের অনুসরণ করে পরবর্তী প্রজন্মের কর্মীদেরও দক্ষ করে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

প্রবাসীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড চালু করেছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশে যাওয়ার সময় প্রশিক্ষণার্থীদের হাতে এই কার্ড তুলে দেওয়ার চেষ্টা করা হবে।

তিনি বলেন, "প্রবাসী কার্ডের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানো, পরিবারের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রবাসীরা সহযোগিতা পাবেন।" এ ছাড়া মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে দক্ষ অভিবাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মাহদী আমিন বলেন, "আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে তাদের বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হবে।" তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং এ ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%