১০:৪৯ পি.এম
অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত অপরাজনীতি বন্ধের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ঢাকা জেলা যুবদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল 'গুপ্ত রাজনীতি' পরিচালনা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
সোমবার বিকেলে, সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে 'সুস্থ ধারার রাজনীতি' প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা যুবদল।
আরও পড়ুন: নড়াইলে হত্যা মামলার চার্জশিটে প্রকৃত আসামিদের নাম বাদ দেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না বলেন, কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুপ্ত রাজনীতি শুরু করেছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছে।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের একজন নেতা সংসদে দাবি করেছেন যে, তার বাবা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন। কিন্তু পরে দেখা গেছে, তার বাবা এখনো জীবিত। এভাবেই তারা মিথ্যা ও অপপ্রচারের রাজনীতি করে চলছে।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনছুর খান দীপক, আজহারুল ইসলাম মিলন, মিনহাজুল ইসলাম ভূঁইয়া, সাজেদুল ইসলাম এবং ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক আইয়ুব খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। তারা শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করে বলেন, জনগণের কল্যাণের জন্য ইতিবাচক রাজনীতি চর্চা করাই তাদের লক্ষ্য।
আরও পড়ুন: চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আটক
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রেডিও কলোনী এলাকায় গিয়ে শেষ হয়। এতে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন