সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:০৫ পি.এম
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭৫ জনকে গ্রেফতার করেছে।
আজ ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানায় ১১ জন, পল্টন থানায় ২০ জন, সবুজবাগ থানায় ৬ জন, খিলগাঁও থানায় ১৮ জন, রামপুরা থানায় ১ জন, শাহজাহানপুর থানায় ১১ জন এবং মুগদা থানায় ৮ জন রয়েছে ।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আমতলীতে ১০০ গ্রাম গাজা সহ জোসনা বেগম (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। রবিবার রাত ৯ টার দিকে উপজেলার মহিষকাটা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জোসনা বেগম মহিষকাটা বাজারের সাইদুল মোল্লার স্ত্রী। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইয়াকুব হোসাইন জানিয়েছেন, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হজতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখায় টাকা গোনার সময় এক গ্রাহকের ৪ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দেবিদ্বার পূবালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গ্রাহক মো. জাকির হোসেন দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের চানমিয়া সরকার বাড়ির বাসিন্দা।
জানা গেছে, নিজ প্রয়োজনে ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন জাকির হোসেন। টাকা নিয়ে তিনি ব্যাংকের ভেতরের একটি সোফায় বসে স্ত্রী আয়েশা আক্তার ও পুত্রবধূ পলি আক্তারকে সঙ্গে নিয়ে টাকা গুনছিলেন। প্রথমে এক হাজার টাকার চারটি বান্ডেল গুনে পেছনে রাখেন। পরে বাকি টাকা গোনার সময় পাশে বসা এক ব্যক্তি কৌশলে ওই চারটি বান্ডেল নিয়ে চলে যান বলে অভিযোগ করেন তিনি।
টাকা গোনা শেষে হিসাব না মেলায় জাকির হোসেন ও তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে পাশে বসা ব্যক্তির বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করেন তিনি।এ ঘটনায় রোববার রাতেই জাকির হোসেন বাদী হয়ে দেবিদ্বার থানায় অভিযোগ দেন।
দেবিদ্বার পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. ওয়ায়েছ মাসুম চৌধূরী বলেন, একজন গ্রাহক টাকা উত্তোলন করে গণনায় ব্যস্ত ছিলেন। টাকা গুনে গুনে পেছনে রাখছেন, অথচ ডান-বামে লক্ষ্য করছেন না। এ সুযোগে প্রতারক চক্রের সদস্য কৌশলে ৪ লাখ টাকার চারটি বান্ডেল নিয়ে চলে যায়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজও পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : জেলা শহরের পুরান বাজারে অভিযান চালিয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ এবং অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে পুরান বাজারের ট্রাঙ্ক পট্টি ও সুতা পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গাজী স্টোরকে ১০ হাজার টাকা, রিয়াদ স্টোরকে ১০ হাজার এবং ইব্রাহিম স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযানের সময় মেয়াদবিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ অভিযানে পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির একটি দল সার্বিক সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে অনিয়ম প্রতিরোধ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইল, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : জেলায় আজ সর্বজনীন পেনশন মেলা ও এ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়) এবং নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, জাতীয় পেনশন কর্তৃপক্ষে নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকগণ ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসলে কাউকে বৃদ্ধ বয়সে অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। প্রান্তিক ও নিম্নআয়ের মানুষ, বেসরকারি চাকরিজীবী ও প্রবাসীদের পেনশন সুবিধার আওতায় আনা, পেনশন স্কিমে সাধারণ মানুষকে সম্পৃক্তকরণ এবং এর নানাবিধ আর্থিক সুবিধাসমূহ তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পেনশন মেলার আয়োজন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ