ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কার্দাশিয়ান প্যারিসের ডাকাতির মামলায় ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন


কার্দাশিয়ান প্যারিসের ডাকাতির মামলায় ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন

ফ্রান্সের প্যারিসে ২০১৬ সালে বন্দুকধারীদের দ্বারা ডাকাতির শিকার হন আমেরিকার বিখ্যাত তারকা কিম কার্দাশিয়ান। প্যারিসের একটি আদালত সেই মামলার রায়ে তাকে প্রতীকীভাবে মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা প্রদান করেছে।

এতে অবাক হওয়ার কিছু নেই। কিম নিজে যে পরিমাণ ক্ষতিপূরণ চেয়েছিলেন, আদালত তাকে ঠিক ততটুকুই প্রদান করেছে।

গত বছর আদালত এই ডাকাতির ঘটনায় জড়িত আটজনকে দোষী সাব্যস্ত করে। সেসময় কিম এই ঘটনার অভিজ্ঞতাকে জীবনের ‘সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা’ হিসেবে উল্লেখ করেছিলেন। রায় ঘোষণার পর কিম কার্দাশিয়ান এবং ঘটনার সময় তার সঙ্গে থাকা স্টাইলিস্ট সিমোন হারুচে ফরাসি বিচারব্যবস্থার প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন: মার্ভেলের পর্দায় আবারও ফিরছে স্টার-লর্ড: ক্রিস প্র্যাটের নিশ্চিতকরণ

তারা যৌথ বিবৃতিতে বলেছেন, ‘এই ঘটনার ট্রমা আজও আমাদের মনে রয়ে গেছে। আজকের এই রায় টাকার অঙ্কের জন্য নয়, বরং এটি অপরাধের স্বীকৃতি এবং ন্যায়বিচার পাওয়ার বিষয়। আদালত এবং যারা আমাদের পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখন এই খারাপ সময় পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই।’

যে হোটেলে (হোটেল ডি পুরতালেস) এই ঘটনা ঘটেছিল, সেখানকার একজন সাবেক রিসেপশনিস্টকে আদালত ১,০৯,৫১৬ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ২০১৬ সালের ফ্যাশন উইকের সময় কিমের ৬ মিলিয়ন ডলার মূল্যের গয়না চুরির ঘটনায় তিনি মারাত্মকভাবে ভয় পেয়েছিলেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানা যায়। কিমের আইনজীবী এই রায়কে একটি বড় জয় হিসেবে দেখছেন।

এ ছাড়া, স্টাইলিস্ট সিমোন হারুচে তার চাওয়া অনুযায়ী ১ ইউরো এবং হোটেল কর্তৃপক্ষ ৫০,০০০ ইউরো ক্ষতিপূরণ পাচ্ছে।

যা ঘটেছিল সেদিন

আরও পড়ুন: প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা ও বিজয়

২০১৬ সালের অক্টোবর মাসে পুলিশের রূপ ধরে দুই ডাকাত কিম কার্দাশিয়ানের রুমে ঢুকে পড়ে। এরপর তাকে টেপ ও জিপ টাই দিয়ে বেঁধে তারা প্রায় ৬০ লাখ ডলারেরও বেশি মূল্যের গহনা ও হীরা লুট করে নিয়ে যায়।

এই ডাকাত দল ফ্রান্সে ‘লে পাপিস ব্রাক্যুর’ বা ‘দাদাদের ডাকাতি দল’ নামে পরিচিতি পায়। কারণ, বিচারের আওতায় আসা ছয়জনের বয়সই ছিল ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। তবে আগে থেকেই হাজতবাস করায় দোষীদের কাউকেই আর নতুন করে জেলে যেতে হয়নি এবং তারা রায়ের বিরুদ্ধে আপিলও করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন মার্কিন বন্ড বিক্রি বাড়াল, ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন ট্রেজারি হোল্ডিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


চীন মার্কিন বন্ড বিক্রি বাড়াল, ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন ট্রেজারি হোল্ডিং

চীন যুক্তরাষ্ট্রের সরকারি ঋণে বিনিয়োগ বা ট্রেজারি সিকিউরিটিজ ধারণের পরিমাণ কমিয়ে ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসেছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক বন্ড বাজারের অস্থিরতা, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর কৌশল হিসেবে বেইজিং ধারাবাহিকভাবে তাদের রিজার্ভ কমাচ্ছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের (SCMP) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের (ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট) সর্বশেষ তথ্য অনুযায়ী, চীনের ট্রেজারি সিকিউরিটিজ ধারণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে ১৮ বছরের সর্বনিম্নে পৌঁছেছে। ২০০৮ সালের বিশ্বমন্দার পর থেকে বেইজিংয়ের হাতে মার্কিন বন্ডের পরিমাণ এত কম কখনো দেখা যায়নি।

বিশ্লেষকদের মতে, চীন মার্কিন ঋণে বিনিয়োগ কমানোর পেছনে বেশ কয়েকটি কৌশলগত কারণ রয়েছে:

১. বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈচিত্র্য: চীন তাদের রিজার্ভকে শুধুমাত্র মার্কিন ডলার বা বন্ডের মধ্যে সীমাবদ্ধ না রেখে সোনা (Gold) এবং অন্যান্য আন্তর্জাতিক সম্পদে বিনিয়োগ বাড়াচ্ছে।

২. মার্কিন অর্থনৈতিক অনিশ্চয়তা: মার্কিন সরকারের ক্রমবর্ধমান জাতীয় ঋণ এবং সুদের হারের ওঠানামা বৈশ্বিক বন্ড বাজারকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

৩. ভূ-রাজনৈতিক উত্তেজনা: ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক দ্বন্দ্ব এবং সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে চীন তাদের সম্পদ ডলার-ভিত্তিক ব্যবস্থা থেকে সরিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছে।

একসময় মার্কিন ট্রেজারি বন্ডের সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্রেতা ছিল চীন। তবে বর্তমানে চীন ক্রমাগত বিক্রি বাড়ানোর মধ্য দিয়ে যাচ্ছে, অন্যদিকে জাপান এবং যুক্তরাজ্য মার্কিন বন্ডে তাদের ধারণ বৃদ্ধি করছে।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে এই কূটনৈতিক ও অর্থনৈতিক দূরত্বের প্রভাব সরাসরি বৈশ্বিক শেয়ারবাজার এবং বিদেশি মুদ্রার বিনিময়ে পড়ছে। বিশেষ করে, চীন মার্কিন ঋণের ওপর নির্ভরতা কমানোর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের একচ্ছত্র আধিপত্য (Deddolarisation) আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসিফ মাহমুদের দেশ ছাড়ার শঙ্কা, নিষেধাজ্ঞা চাইবে দুদক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


আসিফ মাহমুদের দেশ ছাড়ার শঙ্কা, নিষেধাজ্ঞা চাইবে দুদক

দুর্নীতি দমন কমিশন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করছে। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ দেশ ছাড়তে পারেন বলে দুদক আশঙ্কা করছে। এ কারণে আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষ থেকে আবেদন করা হবে।

আজকের পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুদকের এক কর্মকতার বরাত দিয়ে যে, আসিফ মাহমুদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান যাতে বাধাগ্রস্ত না হয়, সেই উদ্দেশ্যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদকের একজন কর্মকর্তা জানিয়েছেন, "আসিফ মাহমুদের বিরুদ্ধে একাধিক অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। যদি তিনি দেশ ত্যাগ করেন, তাহলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে।"

আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার-বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এই অভিযোগগুলোর তথ্য-উপাত্ত যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও নথিপত্রের বিষয়ে অনুসন্ধান চলছে।

দুদক বিদেশে আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে। দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে বিলাসবহুল সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযোগ করা হয়েছে।

দুদক কর্মকর্তারা জানাচ্ছেন, এগুলো সবই অভিযোগ আকারে রয়েছে। অভিযোগগুলো আমলে নিয়েই তারা অনুসন্ধান শুরু করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ব্যাচেলর পয়েন্ট’র জাকিরের আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


‘ব্যাচেলর পয়েন্ট’র জাকিরের আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি কথিত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির দৈর্ঘ্য প্রায় ৪৫ সেকেন্ড এবং এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা চলছে।

তবে ভিডিওটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি, এবং এটি কি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ভিডিওতে পাভেলের মতো দেখতে এক ব্যক্তিকে একটি নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে এবং অশালীন অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর, নেটিজেনরা বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কিছু ব্যবহারকারী ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

সাইদুর রহমান পাভেল বাংলাদেশের নাট্যাঙ্গনের একটি পরিচিত মুখ। তিনি ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশগ্রহণ করে রানারআপ হন। দেশে ফিরে তিনি স্টেজ শো এবং বিভিন্ন ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন।

পাভেল তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন। তবে তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন।

পরবর্তীতে, অমির পরিচালনায় ‘ফিমেল ১’, ‘ফিমেল ২’, ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’-সহ বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন পাভেল।

এদিকে, ভাইরাল হওয়া ভিডিওটি সত্যি কি না, কিংবা এটি সম্পাদিত বা এআই-নির্মিত কি না—এই বিষয়ে অভিনেতা পাভেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার, উদ্ধার বিপুল পরিমাণ নকল ওষুধ ও সরঞ্জাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার, উদ্ধার বিপুল পরিমাণ নকল ওষুধ ও সরঞ্জাম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নকল পণ্য এবং বিপুল পরিমাণ ভেজাল ওষুধ তৈরির সরঞ্জামসহ মোহাম্মদ আমিন নামের এক রোহিঙ্গা ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)।

গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উখিয়ার ১-ওয়েস্ট নম্বর ক্যাম্পের এফ-১৫ ব্লকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এপিবিএনের উত্তরা সদর দপ্তর ও উখিয়া কার্যালয় অভিযানের খবরটি নিশ্চিত করেছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্র জানায়, অভিযানের সময় অভিযুক্ত আমিনের বসতঘর থেকে ২২৮ পিস ভুয়া বাম, ১০ লিটার জেল, বাম তৈরির ৩ কেজি উপাদান, ৩ হাজার পিস বোতলের ঢাকনা এবং বাংলাদেশে ব্যবহৃত বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আমিন দীর্ঘ সময় ধরে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা স্বীকৃত প্রশিক্ষণ ছাড়াই নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ক্যাম্পে ভুয়া চিকিৎসাসেবা প্রদান করছিল এবং অবৈধভাবে তৈরি এসব ভেজাল ওষুধ বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ঘটনার বিষয়ে উখিয়া ১৪-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বলেন, "গত মঙ্গলবার রাত ৯টার পর থেকে গভীর রাত পর্যন্ত উখিয়া লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন এলাকায় এ অভিযান চালানো হয়। আটক মোহাম্মদ আমিন দীর্ঘদিন ধরে মিয়ানমারের বামের আদলে ভেজাল বাম তৈরি করে ক্যাম্পে বিক্রি করছিল। তার কোনো চিকিৎসাসেবার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না।"

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজি ও মানব পাচারের পাশাপাশি সম্প্রতি জালিয়াতির নতুন কৌশল হিসেবে ভুয়া ওষুধ ও চিকিৎসা-বাণিজ্যের বিস্তার ঘটছে।

এ বিষয়ে এপিবিএনের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং ক্যাম্পকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%