বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
১২:১০ পি.এম
মার্কিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে দীর্ঘ সময় ধরে সাইবার অনুপ্রবেশের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে একটি চীনভিত্তিক হ্যাকার দলের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের দাবি, দলটি মার্কিন বিচার বিভাগ, নাসা, ফেডারেল রিজার্ভ এবং সিনেটসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করেছে। যদিও কয়েকটি ক্ষেত্রে অনুপ্রবেশ সফল হয়েছে, বেশিরভাগ প্রচেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
স্থানীয় সময় বুধবার মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, কিউস্ক্যান এবং কিউটিরাউটার নামে দুটি হ্যাকিং প্ল্যাটফর্মের ব্যবহৃত ডোমেইন জব্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, দীর্ঘ সময় ধরে পরিচালিত সাইবার হামলা অভিযানে এই দুটি প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে।
আদালতে জমা দেওয়া একটি হলফনামায় বলা হয়েছে, হ্যাকারদের লক্ষ্যবস্তুর তালিকায় ছিল মার্কিন জ্বালানি বিভাগ, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ। এছাড়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আরও চারটি বেসরকারি প্রতিষ্ঠানও তাদের নিশানায় ছিল বলে দাবি করা হয়েছে।
মার্কিন বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, কিউস্ক্যান ও কিউটিরাউটার পরিচালনা করত চীনভিত্তিক নানজিয়াং জিনজিওয়েই নেটওয়ার্ক টেকনোলজি কোম্পানি। যুক্তরাষ্ট্রের দাবি, প্রতিষ্ঠানটির গ্রাহকদের মধ্যে চীনের বেসামরিক গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি এবং দেশটির সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ রয়েছে।
তবে স্বাভাবিক কর্মঘণ্টার বাইরে পাঠানো মন্তব্যের অনুরোধে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র ইমেইলে জানান, মার্কিন বিচার বিভাগের বিবৃতিতে উল্লিখিত নির্দিষ্ট বিষয়গুলো সম্পর্কে তারা অবগত নন। তবে চীন সরকার সব ধরনের সাইবার হামলার দৃঢ় বিরোধিতা করে এবং আইন অনুযায়ী এ ধরনের হামলা প্রতিরোধ ও মোকাবিলা করে বলে জানান তিনি।
চীনা মুখপাত্রের অভিযোগ, যুক্তরাষ্ট্র সাইবার নিরাপত্তার বিষয়কে ব্যবহার করে চীনকে কলঙ্কিত বা হেয় করার চেষ্টা করছে। জাতীয় নিরাপত্তার ধারণাকে অতিরঞ্জিত করে চীনা কোম্পানিগুলোর ওপর বৈষম্যমূলক বিধিনিষেধ আরোপের অজুহাত হিসেবে ওয়াশিংটন এটি ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার কথা জানান।
২০১৮ সাল থেকে নজরে মার্কিন নেটওয়ার্ক
মার্কিন আদালতে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, অন্তত ২০১৮ সাল থেকেই হ্যাকাররা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল নেটওয়ার্কে প্রবেশের জন্য নিজেদের তৈরি বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে আসছে। তবে তাদের সব প্রচেষ্টা সফল হয়নি।
২০১৯ সালের আগস্টে একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনের দুর্বলতা কাজে লাগিয়ে নাসার নেটওয়ার্কে ঢোকার চেষ্টা করা হয়েছিল। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয় বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের তিনটি অজ্ঞাতনামা গবেষণাগার, ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের একটি অজ্ঞাত সংস্থা এবং একটি মার্কিন নিরাপত্তা ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অনুপ্রবেশের অভিযোগ ওঠে।
এফবিআই, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা এনএসএ এবং ইউএস সাইবার কমান্ডের সাইবার ন্যাশনাল মিশন ফোর্সের যৌথ সাইবার নিরাপত্তা সতর্কবার্তায় গত কয়েক বছরের বেশ কয়েকটি হ্যাকিং প্রচেষ্টার তথ্যও প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে ২০২৪ সালের মে মাসে কয়েকটি অজ্ঞাতনামা মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে তথ্য চুরির ঘটনাও রয়েছে।
তবে হ্যাকারদের তৎপরতা শুধু তথ্য চুরিতে সীমাবদ্ধ ছিল না বলে মার্কিন কর্তৃপক্ষের দাবি। বিভিন্ন নেটওয়ার্কের দুর্বলতা শনাক্ত করতে স্ক্যান চালানোর পাশাপাশি ২০২৬ সালের মার্চে মার্কিন সিনেট ও একটি মার্কিন হাসপাতালের নেটওয়ার্কে প্রবেশের ব্যর্থ চেষ্টাও করা হয় বলে জানানো হয়েছে।
নাসার এক মুখপাত্র নির্দিষ্ট কোনো সাইবার ঘটনার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এ বিষয়ে প্রশ্নের জন্য বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। অন্যদিকে বিচার বিভাগও অতিরিক্ত তথ্য জানতে পাঠানো অনুরোধের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি।
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য একদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
এই তথ্য বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন।
তিনি উল্লেখ করেছেন যে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার বাংলাদেশে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ কাষ্টমস ও বন্দরের সকল কার্যক্রম যথা নিয়মে শুরু হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন ভারত থেকে ৪০০ থেকে সাড়ে ৪০০ পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সরকার প্রতিদিন এ বন্দর থেকে প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের চলমান জ্বালানি সংকটের সমাধানে চীন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। উভয় দেশ একত্রে কাজ করছে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর শক্তির উন্নয়নকে কেন্দ্র করে, যা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, চীন বাংলাদেশের জ্বালানি ঘাটতি পূরণে সহায়তা করার জন্য তার প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর দুই দেশের মধ্যে সহযোগিতার একটি নতুন ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। এই সফরের মাধ্যমে উভয় দেশ ‘নতুন যুগে একটি অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ সম্প্রদায়’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।
অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রীর সফরের পরবর্তী দুই মাসে অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে।
তিনি জানান, চীনের সহায়তায় বাংলাদেশে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তিস্তা নদী প্রকল্পের সম্ভাব্যতা ফিজিবিলিটি স্টাডির কাজ বর্তমানে চলমান রয়েছে।
এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন রেসিডেন্সিয়াল হল এবং একটি হাসপাতালের নির্মাণ কাজ অত্যন্ত সফলভাবে এগিয়ে চলছে।
দুই দেশের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা ও কাজ চলছে বলে জানিয়েছেন ইয়াও ওয়েন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১০ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দিয়েছিলেন। আজ এই মামলায় জিয়াউল আহসানকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর জন্য প্রসিকিউশন আবেদন জানাবে।
এর আগে, গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গিয়ে সালাহউদ্দিন আহমদ গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করেছিলেন। মামলার নথিতে জিয়াউল আহসান ছাড়াও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক দুই আইজিপি বেনজীর আহমেদ ও এ কে এম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিঞা এবং সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ অজ্ঞাত পরিচয় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ঘটনার বিবরণীতে সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ অভিযোগ করেন, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে কিছু লোক তার স্বামীকে তুলে নিয়ে যায়। গুম হওয়ার সময় সালাহউদ্দিন আহমদ বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর, ভারতের মেঘালয়ের শিলংয়ে তার সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট দেশে ফিরে আসেন তিনি।
এদিকে, ট্রাইব্যুনালে আজ জুলাই গণ-অভ্যুত্থানের হত্যা মামলায় গ্রেপ্তার থাকা দীপু মনি ও আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাবেক ১০ মন্ত্রী-সংসদ সদস্যকেও হাজির করা হয়েছে। আজ এসব আসামির বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ধার্য রয়েছে।
এ ছাড়া ২০১৩ সালে হাফেজ জাকির হোসেনকে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের অন্য একটি মামলায় র্যাব-১-এর সাবেক অধিনায়ক আবদুল্লাহ আল মোমেনকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ঘটে যাওয়া প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের কারণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই শোক প্রকাশ করেন।
এর আগে, বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি, বর্তমান পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ঘটে যাওয়া আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ জন।
নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক, নিরাপত্তাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অন্তর্ভুক্ত রয়েছে। ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যার ফলে দেশটির তিনটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ