০৬:০১ পি.এম
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : দেশের শিক্ষার্থী ভর্তি কার্যক্রমকে অধিকতর স্বচ্ছ করার উদ্দেশ্যে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই নীতিমালা জারি করা হয়।
নীতিমালার আওতায় প্রথম শ্রেণিতে শিক্ষার্থীদের লটারির মাধ্যমে ভর্তি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করার বিধান রাখা হয়েছে।
আরও পড়ুন: এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন: ডেপুটি স্পিকার
জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ৬ বছরের বেশি এবং ৭ বছরের কম হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত শিথিলতার সুযোগ রয়েছে।
ভর্তি ফি ও আবেদন ফি নির্ধারণ :
নীতিমালার তথ্য অনুযায়ী, অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ঢাকা মেট্রোপলিটনসহ অন্যান্য এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিও বহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ২০০ টাকা নেওয়া যাবে।
আরও পড়ুন: শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
নীতিমালায় ভর্তি ও অন্যান্য ফি সম্পর্কে বলা হয়েছে, সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, পৌর (উপজেলা) এলাকায় ১ হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি নেওয়া যাবে না।
অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভূত প্রতিষ্ঠানের বাংলা মাধ্যমে মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা আদায় করতে পারবে।
উন্নয়ন খাতে ৩ হাজার টাকার বেশি আদায় করা যাবে না।
ভর্তি পদ্ধতি :
আরও পড়ুন: পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহতের সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করতে হবে।
কোটা সংরক্ষণ :
নীতিমালায় বলা হয়েছে, ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলগুলোতে সংলগ্ন ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ বাধ্যতামূলক। অবশিষ্ট আসন সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
এছাড়া মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, এতিমখানার শিশুদের জন্য ১ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের জন্য ২ শতাংশ এবং সহোদর বা যমজ ভাই-বোনদের জন্য যথাক্রমে ৩ শতাংশ ও ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
আরও পড়ুন: হেফাজতে ইসলামের দাবি, ঢাবিতে সরস্বতীর মূর্তি নির্মাণ হিন্দুত্ববাদী ষড়যন্ত্রের অংশ
ভর্তি প্রক্রিয়ায় সরকারের নির্ধারিত ফি বা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন