ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে: ট্রাম্প


হরমুজকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, শিগগিরই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে।

স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের গার্ডেন সিটিতে নতুন নাসাউ কাউন্টি পুলিশ একাডেমিতে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করব।’

এদিকে, ট্রাম্প দাবি করেন যে, হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ এখনো বহাল রয়েছে এবং বলেন, ‘আমরা না চাইলে কোনো জাহাজই সেখান দিয়ে যেতে পারে না।’

আরও পড়ুন: ৬০ হাজার কোটি টাকায় কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা

তবে ইরান যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের দাবি প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার, দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড মার্কিন দাবিকে ‘ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট’ বলে অভিহিত করে।

পণ্য ও জাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর ১৬৬ দিনে, ১২ আগস্ট পর্যন্ত ৩ হাজার ৩৭১টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যুদ্ধ শুরুর আগের তুলনায় এটি প্রায় ২০ শতাংশ বেড়ে গেছে।

এদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। পরে ১৭ জুন দুই দেশ একটি চুক্তিতে সই করে চূড়ান্ত সমঝোতার লক্ষ্য নিয়ে আলোচনা শুরু করে। তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে আলোচনা পরবর্তী সময়ে স্থবির হয়ে পড়ে।

আপেক্ষিকভাবে, ৮ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সামরিক হামলা-পাল্টা হামলা ঘটে। ওয়াশিংটন ইরানের ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে, তেহরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশের মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালায়।

আরও পড়ুন: দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বে জয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠিয়ে ‘টানা’ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৬ এম


মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠিয়ে ‘টানা’ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর হামলার অংশ হিসেবে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে মধ্যপ্রাচ্য থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এর পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে সেখানে মোতায়েন করা হচ্ছে। লিংকন দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে নাবিকদের মানসিক চাপ এবং বিভিন্ন সমস্যার খবর প্রকাশিত হওয়ার পর এই পরিবর্তন করা হচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যেও যুদ্ধবিরতির আলোচনা যদি অচলাবস্থায় রয়ে যায়, তবে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে ইরানের বন্দরগুলোতে তারা ‘অনির্দিষ্টকাল’ নৌ অবরোধ চালিয়ে যাবে। একই রকমভাবে ওয়াশিংটন দাবি করছে যে, হরমুজ প্রণালি তাদের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে।

তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে এবং তারা এ পথে চলাচল বন্ধ রেখেছে। যুক্তরাষ্ট্র যদি তাদের শর্তগুলো মেনে না নেয়, তবে ওই জলপথ খুলবে না। তাদের শর্তের মধ্যে রয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানের সম্পত্তি ছাড়া।

মার্কিন নৌবাহিনীর জন্য নতুন রণতরি পাঠানোর সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৪০ দিনের বেশি সময় ধরে গতিশীল। মার্কিন আইনপ্রণেতারা জাহাজটির নাবিকদের মানসিক স্বাস্থ্য, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের অভাব, পানিদূষণ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এসব প্রতিবেদনকে ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত’ বলে দাবি করেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জাহাজের কোনো নৌ সদস্য মারা যাননি। ৩ আগস্ট, জাহাজ থেকে পড়ে যাওয়া একজন নাবিককে দ্রুত উদ্ধার করা হয়েছিল।

ইউএসএস আব্রাহাম লিংকনের দীর্ঘ অভিযানে নাবিকদের মানসিক চাপের সঙ্গে পানিদূষণ এবং মৌলিক সরবরাহের ঘাটতির খবর এসেছে। অবসরপ্রাপ্ত মার্কিন নৌ কর্মকর্তা হারলান উলম্যান বলেন, জটিল যুদ্ধজাহাজের রক্ষণাবেক্ষণ সমুদ্রে করা সম্ভব নয়। দীর্ঘ সময় সমুদ্রে থাকলে জাহাজের প্রস্তুতি এবং সক্ষমতা কমে যেতে পারে। লিংকন একটানা প্রায় ২০০ দিন কোনো বন্দরে ভেড়েনি।

এ কারণে জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানোকে শুধু নিয়মিত জাহাজ বদল নয়, বরং দীর্ঘ অভিযানে মার্কিন নৌবাহিনীর চাপের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে জর্জ ওয়াশিংটন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ গত বৃহস্পতিবার বলেন, ইরানের বন্দরগুলোর ওপর চলমান নৌ অবরোধ কার্যকর রাখার জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ‘অনির্দিষ্টকাল’ স্থায়ী রাখা সম্ভব। তিনি জানান, জাহাজগুলোকে পর্যায়ক্রমে বদল করে এ অবরোধ চলবে।

একই দিনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ তৈরির ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে আগামী সপ্তাহ থেকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার জন্য ‘নজিরবিহীন’ পদক্ষেপ নেওয়া হবে।

গত ১৭ জুন যুদ্ধ বিরতি সম্পর্কিত একটি সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্র ও ইরান সই করেছিল। সেই স্মারকে বলা হয়েছিল পরবর্তী ৬০ দিনের মধ্যে আলোচনা করে চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে হবে। কিন্তু আলোচনা ভেঙে যায় এবং দুই দেশ আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করে।

৬০ দিনের ওই সময়সীমা আগামীকাল রবিবার শেষ হতে যাচ্ছে। তবে এই সময়ের মধ্যে সমঝোতা নবায়ন বা নতুন আলোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর মধ্যেই ইরানের ওপর চাপ তৈরি করতে নৌ অবরোধসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।

হরমুজে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুদ্ধের আগে প্রতিদিন ১৩০ থেকে ১৪০টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করলেও মঙ্গলবার তা মাত্র আটটিতে নেমে এসেছে। কিন্তু গত ১০ দিন ধরে গড়ে প্রতিদিন প্রায় ১২টি জাহাজ এই প্রণালী ব্যবহার করেছে। ফলে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ এবং ইরানের ‘প্রণালি বন্ধ’—দুটি দাবিই প্রশ্নের মুখে পড়েছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে হরমুজ প্রণালি স্বীকৃত। যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবাহিত হত। অবরোধ এবং ইরানের পাল্টা পদক্ষেপের ফলে এই সরবরাহব্যবস্থা চাপের মুখে পড়েছে।

ইরান বলছে, তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে না। যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচল স্বাভাবিক থাকার দাবি করে দেশটির যৌথ সামরিক কমান্ড বলছে, এটি হচ্ছে ‘মিথ্যা এবং ভিত্তিহীন’।

এদিকে, মার্কিন অবরোধের ফলে ইরানের প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের উৎস তেল রপ্তানি বিঘ্নিত হচ্ছে। নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে তেহরানকে আলোচনায় ছাড় দিতে বাধ্য করতে চায় ওয়াশিংটন।

তবে ইরানের হাতে রয়েছে বড় চাপ তৈরির হাতিয়ার—হরমুজ প্রণালি। বিশ্লেষকরা বলছেন, এ জলপথের জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করে ইরান যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সক্ষমতা রাখে।

ফলে যুক্তরাষ্ট্র নতুন রণতরি নিয়ে এসে অবরোধের দীর্ঘায়িত করার সক্ষমতা দেখাচ্ছে। অপরদিকে, ইরান হরমুজকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার শুরু না হলে, এই অচলাবস্থা আরও দীর্ঘতর হতে পারে।

সূত্র : আল-জাজিরা ও রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে স্বর্ণের দামে পতন, ভরি যত টাকায় বিক্রি হচ্ছে আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৭ এম


দেশে স্বর্ণের দামে পতন, ভরি যত টাকায় বিক্রি হচ্ছে আজ

টানা ৩ দফা বাড়ানোর পর অবশেষে সবশেষ সমন্বয়ে দেশে বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার (১৫ আগস্ট) মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।

সবশেষ শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সেদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠান এই দাম কার্যকর রাখবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, সবশেষ গত ১৩ আগস্ট সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৫১ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫১ দফা এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ১৪৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬২ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ৩২ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৩০ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলার সময় সূচি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৩ এম


আজকের খেলার সময় সূচি

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। তাই কিছুটা বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা রয়েছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে আপনি দেখে নিন এই শিডিউল। আর এখন ঠিক করে ফেলুন কখন কোন খেলায় নজর দেবেন।

ডারউইনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তৃতীয় দিনের খেলা চলমান। এছাড়া শুরু হতে চলেছে শ্রীলঙ্কা ও ভারতের গল টেস্ট।

ক্রিকেট

ডারউইন টেস্ট, ৩য় দিন

অস্ট্রেলিয়া-বাংলাদেশ

সকাল ৬-৩০ মিনিট, পিটিভি

গল টেস্ট-১ম দিন

শ্রীলঙ্কা-ভারত

সকাল ১০-৩০ মি., সনি স্পোর্টস ১

ফুটবল

লা লিগা

আলাভেস-হেতাফে

রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ

সেভিয়া-ভায়েকানো

রাত ১-৩০ মি., বিগিন অ্যাপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইক্লিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ব্রিটিশ রাইডারের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩২ এম


সাইক্লিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ব্রিটিশ রাইডারের

পর্তুগাল অনুষ্ঠিত ভোলেটা আ পর্তুগাল সাইক্লিং প্রতিযোগিতার অষ্টম ধাপে ব্রিটিশ সাইক্লিস্ট ফিনলে টার্লিং মাত্র ১৯ বছর বয়সে মারাত্মক সড়ক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার আকস্মিক মৃত্যু ঘটে রেস চলাকালীন একটি হালকা পণ্যবাহী গাড়ির সঙ্গে মাথা থেকে মুখোমুখি সংঘর্ষের কারণে। ফিনলে ছিলেন ইনিয়স দলের প্রখ্যাত সাইক্লিস্ট জশ টার্লিংয়ের ছোট ভাই।

মেলগাসো থেকে ফাফে পর্যন্ত ১৬৬.৮ কিলোমিটার রুটে এনএসএনডেভেলপমেন্ট টিমের হয়ে সাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলেন তিনি।

স্থানীয় ন্যাশনাল রিপাবলিকান গার্ডের অফিসার মেজর তিয়াগো মাচাদো স্থানীয় গণমাধ্যমকে জানান, সাইক্লিস্ট এবং গাড়ির মধ্যে মাঝপথে মারাত্মক সংঘর্ষ ঘটে। ঘটনার মূল কারণ সম্পর্কে অনুসন্ধানে ইতোমধ্যে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।

ফিনলে টার্লিংয়ের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার দল এনএসএন। তারা এক হৃদয়বিদারক বার্তায় জানায়, ভোলেটা আ পর্তুগালে ফিনলে টার্লিংয়ের প্রয়াণের খবর প্রকাশ করতে গিয়ে আমাদের হৃদয় ভেঙে গেছে। ফিনের বাবা-মা, ভাই জশ এবং তার সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।

এই ট্র্যাজেডির পর পর্তুগিজ সাইক্লিং ফেডারেশন ও রেস আয়োজকরা সাথে সাথে প্রতিযোগিতা স্থগিত করে। পাশাপাশি পোডিয়াম পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করে শোক পালন করার সিদ্ধান্ত নেয়।

পর্তুগালের রাষ্ট্রপতি আন্তোনিও হোসে সেগুরো এক বার্তায় বলেন, টার্লিংয়ের মত্যু পুরো রেস, আয়োজক ও স্বাগতিক জাতিকে গভীর শোকে নিমজ্জিত করেছে।

ব্রিটিশ সাইক্লিংয়ের পারফরম্যান্স ডিরেক্টর স্টিফেন পার্ক এবং সাইক্লিংয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইউসিআই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিনলেকে স্মরণ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বড় ভাই জশ টার্লিংয়ের মতো টাইম ট্রায়াল বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি পাচ্ছিলেন ফিনলে। অল্প বয়সে গ্রেট ব্রিটেনের হয়ে রোড ও ট্র্যাক সাইক্লিংয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। গত জুনে ব্রিটিশ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-২৩ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন ফিনলে। মাত্র এক বছর আগে তিনি ট্যুর অব ব্রিটেনে অংশ নিয়েছিলেন।

গত ৫ আগস্ট লিসবন থেকে শুরু হওয়া ১০ পর্বের ভোলেটা আ পর্তুগাল প্রতিযোগিতা ১৬ আগস্ট পোর্তোতে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই উদীয়মান এই ব্রিটিশ অ্যাথলেটের করুণ বিদায়ে সারা সাইক্লিং বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%