বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৩১ পি.এম
মানসিক স্বাস্থ্যসংকটের মোকাবিলায় জরুরি সেবা নিশ্চিত করার পাশাপাশি একটি কার্যকর জাতীয় মানসিক স্বাস্থ্য ক্রাইসিস রেসপন্স সিস্টেম গড়ে তোলার দাবি করেছেন বিশেষজ্ঞরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। তারা উল্লেখ করেছেন, মানসিক স্বাস্থ্য এখন আর একটি ব্যক্তিগত বা বিচ্ছিন্ন বিষয় নয়; এটি জাতীয় জনস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সংকটের সময় দ্রুত সহায়তা না পাওয়ার কারণে অনেক মানুষ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত র্যালি ও মানববন্ধনের সময় এই দাবি উত্থাপন করা হয়।
সভাপতির বক্তব্যে মীর মোহাম্মদ আলী বলেন, সমাজে এখনো অনেকেই মানসিক সমস্যার কথা বলতে সংকোচ বোধ করেন। সাহায্য নেওয়াকে দুর্বলতা হিসেবে দেখার প্রবণতাও বিদ্যমান।
রাজনীতিবিদ বজলুর রশীদ ফিরোজ বলেন, সংকটের মুহূর্তে দ্রুত সহায়তার জন্য সরকারি পর্যায়ে কার্যকর জাতীয় ক্রাইসিস লাইন নেই। সীমিত জনবল ও সম্পদ নিয়ে কিছু স্বেচ্ছাসেবী হেল্পলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, দেশের বিশাল জনগণের জন্য তা যথেষ্ট নয়। তিনি মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ড. হুমায়রা ইসলাম বলেন, গবেষণা এবং দীর্ঘদিনের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে, বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসংকট আর বিচ্ছিন্ন বা ব্যক্তিগত সমস্যা নয়। এটি এখন জাতীয় বাস্তবতা।
মনোবিজ্ঞানী তানজীম জামান বলেন, মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা থাকা বিপুলসংখ্যক মানুষ চিকিৎসার বাইরে রয়েছেন। প্রাথমিক ও কমিউনিটি পর্যায়েও পর্যাপ্ত মানসিক স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে ওঠেনি। তাই জরুরি মানসিক স্বাস্থ্যসেবা শুধুমাত্র বড় শহর বা হাসপাতালকেন্দ্রিক না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলেও সহজলভ্য করার আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মহাখালীতে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকো ভবনের পাশে একটি ৪ তলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে সফলভাবে আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, মহাখালীর ভবনে লাগা আগুন বেলা ১২টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই কাজের জন্য আমাদের ৩টি ইউনিট নিয়োজিত ছিল।
আগুন লাগার প্রাথমিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এছাড়া, আগুনের কারণে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
এর আগে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের বিষয়ে খবর পায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে), পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে মাগুরা সদর সার্কেলে বদলির আদেশপ্রাপ্ত) এ এন এম সাইফুল আলম খাঁনকে এসবিতে, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনকে রাজবাড়ী সদর সার্কেলে এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার শারমিন সুলতানা রাখীকে বরিশাল মহানগর পুলিশে (বিএমপি) বদলি করা হয়েছে।
এছাড়া, র্যাবের সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. নুরুল ইসলাম সিদ্দিককে সিআইডিতে এবং বিএমপির সহকারী পুলিশ কমিশনার রতন চন্দ্র কর্মকারকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁয় এক স্কুলশিক্ষককে বাসায় ডেকে নিয়ে মারধরের ভয় দেখিয়ে টাকা ছিনতাই, স্ট্যাম্পে জোরপূর্বক সই এবং ২ লাখ টাকার চেক হাতিয়ে নেওয়ার অভিযোগে চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার মধ্যে একজন নারীও রয়েছে। এই সদস্যরা হানি ট্র্যাপ প্রতারক চক্রের অংশ বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত প্রতারক চক্রের সদস্যদের মধ্যে রয়েছেন— নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার চামেলী আক্তার মিলি (৪৫), আত্রাইয়ের বেড়াহাসন এলাকার রাকিব হাসান (২৯), বদলগাছীর নিহনপুর এলাকার সোহরাব হোসেন (২৬) এবং বগুড়ার দুপচাঁচিয়ার নাঈম হোসেন (২৫)।
মিডিয়া সেলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভুক্তভোগী শিক্ষক জয়পুরহাটের আক্কেলপুর এলাকার একটি স্কুলের কর্মচারী। গ্রেপ্তার হওয়া চামেলী আক্তার মিলির সঙ্গে তার পূর্বে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। এই সম্পর্কের ভিত্তিতে গত ২৫ আগস্ট বিকেলে জরুরি কথা বলার জন্য ওই শিক্ষককে নওগাঁ শহরের নিজের বাসায় ডেকে নেন মিলি। শিক্ষক যখন বাসায় পৌঁছান, তখন প্রতারক চক্রের বাকি সদস্যরা তাকে ঘেরাও করে মারধরের ভয় দেখায়। এরপর তার কাছে থাকা নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে জিম্মি করে ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করায় এবং ২ লাখ টাকার একটি চেকে সই করিয়ে নেয়।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ মাঠে নামে। এক সপ্তাহের অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। আটকের পর তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই করা সেই ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃউপজেলাভিত্তিক একটি সক্রিয় ব্ল্যাকমেইলার চক্রের সদস্য। তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে টার্গেট করা ব্যক্তিকে নির্জন স্থানে ডেকে আনতো। এরপর ছবি তোলা, মারধরের হুমকি কিংবা সম্মানহানির ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ১৪ মাস বয়সী একটি শিশুর মৃত্যু ঘটেছে। এ ঘটনার ফলে চলতি বছরে জেলায় হাম সন্দেহে ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৭ জনে পৌঁছেছে।
শিশুটির মৃত্যুর বিষয়টি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান মিয়া মনজুর আহমেদ।
নিহত শিশুর নাম আনাবিয়া (১৪ মাস)। সে চৌদ্দগ্রাম উপজেলার ধনুসারা গ্রামের আলমগীর হোসেনের কন্যা।
মিয়া মনজুর আহমেদ জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে আনাবিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু ঘটে।
তিনি বলেন, নিহত শিশুটির শরীরে হামের বিভিন্ন লক্ষণ ছিল। তবে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে হাম আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হবে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় হাম সন্দেহে আরও ২২ জন রোগী শনাক্ত করা হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে কুমিল্লা জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৮৯৬ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ