শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৩০ পি.এম
উখিয়া এলাকায় ছিনতাই এবং অপরাধ সংঘটনের প্রস্তুতির খবর পাওয়ার পর অভিযান পরিচালনা করে পুলিশ একটি পুরাতন আগ্নেয়াস্ত্র (পিস্তল) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
পুলিশের সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দের রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পালংখালী উচ্চ বিদ্যালয়ের সামনে অজ্ঞাতনামা কয়েকজন ছিনতাইকারী ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন সংবাদ পুলিশ পায়।
সংবাদের ভিত্তিতে তথ্যের সত্যতা যাচাই এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বালুখালী ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলের নিকটবর্তী এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়।
পুলিশ পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি পুরাতন আগ্নেয়াস্ত্র (পিস্তল) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকামূলে অস্ত্রটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটির মালিকানা এবং ঘটনাস্থলে ফেলে যাওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে। পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ঘটনায় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য (এমপি) এটিএম আজহারুল ইসলাম মন্তব্য করেছেন যে, লং মার্চে যদি কোনো বাধা সৃষ্টি হয়, তবে তারা তা গ্রহণ করবেন না। সেই বাধাকে উপেক্ষা করে তারা রংপুরের দিকে অগ্রসর হবেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার যেন জনগণের দাবি সম্মানের সঙ্গে গ্রহণ করে। অন্যথায়, তারা ফ্যাসিস্ট সরকারের চরিত্রের দিকে এগিয়ে যাচ্ছেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধন করে তা জনগণের ওপর চাপিয়ে দিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে ঢাকা টু রংপুর লং মার্চের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ ২৬৫ আসন পেয়েছিল এবং তাদের বন্ধু দেশ নিয়ে গর্ব করতো। পুলিশ ও আর্মিসহ সকলকে ব্যবহার করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে পারেনি এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণ বলছে, আওয়ামী লীগ পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে, কিন্তু বিএনপি কোথায় পালাবে? এজন্য সরকারকে বলবো, জনগণের কথা শুনুন এবং দেওয়ালগুলোর দিকে তাকান, জনগণ কি লিখছে।
তিনি আরও বলেন, হাসিনার মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অবহেলা করে ক্ষতিগ্রস্ত হবেন না। দাবি না মানলে জনগণের আকাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হবে। তিনি দেশবাসীকে জানাতে চান, আসুন দাবিগুলোর প্রতি সমর্থন দিয়ে শান্তিপূর্ণভাবে লং মার্চ সফল করি। সরকারের কাছে দাবি জানাতে চান যে, জনগণের চাওয়াকে উপলব্ধি করে আগামী সংসদে সংবিধান সংস্কারের শপথ নিন, অথবা সংবিধান সংস্কারে ঐক্যমতের ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করুন।
এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, দেশে তেলের সংকট দেখা দিয়েছিল। সরকারি দল এবং বিরোধীদল মিলে মিটিং করে আমরা দুই দিনের মধ্যে তা সমাধান করেছি। বিদ্যুতের সংকটের সময় জামায়াতের আমির সরকারি দল ও বিরোধীদল মিলে সংকট সমাধানের কথা বলেছিল, কিন্তু সরকারি দল কোনো কর্ণপাত করেনি। সংসদে সম্পত্তি হস্তান্তর আইন পাস হয়েছে, যা ইসলামী শরিয়াহ বিরোধী। সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। এছাড়া চাঁদাবাজি, দখলবাজিসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড বেড়ে চলেছে। লং মার্চের দাবিগুলো জামায়াতের নয়, এটি জনগণের। তাই জনগণ এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, জামায়াতে ইসলামীর দিনাজপুর-রংপুর অঞ্চলের পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল, প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক সামসুল হকসহ অন্যান্যরা।
উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ করা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লং মার্চ শুরু হবে এবং সন্ধ্যা ৭টায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ সফল করতে রংপুর জিলা স্কুলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এছাড়া জেলাজুড়ে মাইকিং, তোরণ নির্মাণ, দেওয়াল ও গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার-পোস্টার টানিয়ে প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শহরের পলাশপোল এলাকার মনসাতলায় এ পূজা অনুষ্ঠিত হয়।
সকাল থেকে পূজাস্থলে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ভক্তরা ফুল, ফল ও বিভিন্ন উপাচার নিবেদন করে প্রার্থনা করেন।
মনসা পূজার সাথে সম্পর্কিত দীর্ঘকাল ধরে সাতক্ষীরায় মাসব্যাপী ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু হয়ে আসছে। এক সময় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এ মেলায় অংশগ্রহণ করতেন। নানা পণ্যের দোকানসহ মেলাটি মানুষের মিলনমেলায় পরিণত হত।
কিন্তু ২০০২ সালের বোমা হামলার পর দীর্ঘ সময়ের জন্য মেলার আয়োজন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আবার শুরু হলেও আগের সেই জৌলুস ফিরে আসেনি। গত বছর মনসা পূজা অনুষ্ঠিত হলেও মেলা হয়নি।
স্থানীয়দের দাবি, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মেলা পুনরায় চালু করা উচিত। তাদের মতে, গুড়পুকুর মেলা শুধুমাত্র একটি আয়োজন নয়, এটি সাতক্ষীরার ইতিহাস ও লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ট্রাভিস হেড, যিনি আগের ম্যাচে দুই অঙ্কে পৌঁছাতে পারেননি, এবার একটি বিধ্বংসী ইনিংস খেললেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে তিনি অস্ট্রেলিয়ানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ঝড়ো ব্যাটিংয়ের মাধ্যমে।
শুক্রবার হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই কীর্তি গড়েন হেড। অস্ট্রেলিয়ার হয়ে আগে ব্যাট করতে নেমে তিনি ১১২ রানের ইনিংসের পথে ৭৫ বলে সেঞ্চুরি করেন।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে আগের দ্রুততম সেঞ্চুরি ছিল ম্যাট রেনশরের, যিনি ৮৬ বলে সেঞ্চুরি করেছিলেন।
এটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করা অষ্টম অস্ট্রেলিয়ান হেড। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ২০তম শতক। তার পূর্ববর্তী ১৯টি সেঞ্চুরির মধ্যে একটি ম্যাচেও অস্ট্রেলিয়া হারেনি।
গত বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪২ রানের ইনিংস খেলার চার ম্যাচ পর তিনি আবারও তিন অঙ্কের স্কোরের ছোঁয়া পেলেন। ওয়ানডেতে এটি তার অষ্টম সেঞ্চুরি।
সেঞ্চুরির প্রথম পঞ্চাশ রান আসে ৪৩ বলে। এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠেন ডানহাতি এই ব্যাটার। ২৮তম ওভারে তিনি ওয়েসলি মাধেভেরের বলে কাভার-পয়েন্টে ক্যাচ দিয়ে বিদায় নেন।
হেডের ৮৪ বলে ১১২ রানের ইনিংসটি ১৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো ছিল। তার সঙ্গে কুপার কনোলির ৭৮, মিচেল মার্শের ৫৩ এবং অলিভার পিকের ১৮ বলে অপরাজিত ৪১ রানের সুবাদে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৬ রান সংগ্রহ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : ব্রাজিলের আমাজন অঞ্চলের একটি গ্রামের পাশে বয়ে যাওয়া শান্ত নদীর দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছেন আদিবাসী নেতা ভাগনার কারিপুনা। তার মনে আশঙ্কা, যদি সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে এবং সেটি জোয়ারের পানির সঙ্গে তাদের গ্রাম পর্যন্ত পৌঁছে যায়, তাহলে কী ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এটি জানানো হয়েছে বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে।
কারিপুনার গ্রাম মাঙ্গা, উত্তর ব্রাজিলের আমাপা রাজ্যের সীমান্তবর্তী শহর ওইয়াপোকের কেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। ফরাসি গায়ানার সীমান্তবর্তী এই শহরে গত এক বছর ধরে তেল নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এর পেছনে কারণ হলো, ব্রাজিলের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাস এক বছর আগে ওই অঞ্চলের সমুদ্রসীমায় তেল অনুসন্ধান শুরু করেছে।
অগাস্ট মাসে পেট্রোব্রাস জানায়, আমাপা রাজ্যের উপকূল থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে সমুদ্রের একটি কূপে তারা তেলের সন্ধান পেয়েছে।
বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, যিনি ৪ অক্টোবরের নির্বাচনে পুনর্নির্বাচনের জন্য লড়ছেন, দ্রুত ওই এলাকা পরিদর্শন করেন। তিনি তেলকে ‘ভবিষ্যতের পাসপোর্ট’ হিসেবে অভিহিত করেন।
রাজ্যের রাজধানী মাকাপা থেকে ওইয়াপোতে যেতে প্রায় ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এর একটি বড় অংশ গর্তে ভরা লাল মাটির রাস্তা। বিভিন্ন জলপথ পার হতে অস্থায়ী কাঠের সেতুও ব্যবহার করতে হয়।
শহরের অনেক রাস্তায় ফুটপাত নেই। দুই পাশে নিচু ভবনগুলোর জরাজীর্ণ চেহারা চোখে পড়ে। তবে একই সঙ্গে বেশ কিছু নির্মাণকাজও চলছে।
লুলার ওপর ‘হতাশ’ আদিবাসী নেতা
দারিদ্র্যপীড়িত শহরটিতে সম্ভাব্য তেলসম্পদ নিয়ে অনেক বাসিন্দা আশাবাদী হলেও কারিপুনা বিষয়টি নিয়ে মোটেও নিশ্চিত নন।
৫৭ বছর বয়সী এই আদিবাসী নেতা বলেন, ‘তেল ছড়িয়ে পড়লে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। পানির কোনো সীমান্ত নেই।’
তিনি আশঙ্কা প্রকাশ করেন, সমুদ্রে তেল ছড়িয়ে পড়লে তা ‘কুরিপি নদীতে পৌঁছে যেতে পারে। নদীটি তার প্রায় ১,৮০০ বাসিন্দার গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। এতে তিনি ‘বিরাট বিপর্যয়ের’ আশঙ্কা করছেন।
পেট্রোব্রাস জানিয়েছে, তাদের বিশ্লেষণে তেল ছড়িয়ে পড়লে তা উপকূলে পৌঁছানোর ‘সম্ভাবনার কোনো ইঙ্গিত’ পাওয়া যায়নি।
২০২৩-২৪ সালে পেট্রোব্রাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এবং বর্তমানে জ্বালানি ও প্রাকৃতিক সম্পদবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সের্নের চেয়ারম্যান জ্যাঁ পল প্রাতেস এএফপিকে বলেন, ‘সমুদ্রে তেল অনুসন্ধানে শূন্য ঝুঁকি বলে কিছু নেই।’
তিনি বলেন, ঝুঁকির সম্ভাবনা কম হলেও এর পরিণতি ‘অত্যন্ত গুরুতর’ হতে পারে।
কারিপুনা বলেন, পরিবেশ ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় নিজেকে সোচ্চার হিসেবে তুলে ধরা প্রেসিডেন্ট লুলার ওপর তিনি ‘হতাশ’।
লুলা বলেছেন, তিনি জীবাশ্ম জ্বালানির পক্ষে নন। তবে তার মতে, বিশ্ব এখনো এগুলো ছাড়া চলতে পারে না এবং তেল থেকে পাওয়া অর্থ পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের অর্থায়নে ব্যবহার করা যেতে পারে।
কারিপুনা বলেন, তেল অনুসন্ধানের প্রভাব তিনি ইতোমধ্যে টের পাচ্ছেন। তার ভাষায়, বিমান ও হেলিকপ্টারের শব্দে পাখি ও বন্যপ্রাণী ভয় পেয়ে দূরে সরে যাচ্ছে।
তার এই উদ্বেগের সঙ্গে একমত জোয়েলসো মেন্দনসা, প্রায় ৪০০ জন ঐতিহ্যবাহী জেলের একটি সংগঠনের সহসভাপতি।
নদীর তীরে খুঁটির ওপর তৈরি একটি ছোট ঘরে জাল মেরামত করতে করতে ৫০ বছর বয়সী মেন্দনসা বলেন, তেল ছড়িয়ে পড়লে কেউ আমাদের মাছ কিনতে চাইবে না।
পেট্রোব্রাস এএফপিকে জানিয়েছে, তারা নাগরিক সমাজ ও আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে ‘নিয়মিত সংলাপ চালিয়ে যাচ্ছে’।
বিমান চলাচল নিয়ে কোম্পানিটি জানিয়েছে, আদিবাসী নেতাদের সঙ্গে আলোচনার পর তারা প্রয়োজনীয় ‘সমন্বয়’ করেছে।
কেউ দেখছেন আশীর্বাদ, কেউ অভিশাপ
কেউ সম্ভাব্য তেলসম্পদকে অভিশাপ হিসেবে দেখলেও জ্যাকুলিন ক্যাডেতে এটিকে ‘ঈশ্বরের দেওয়া সংকেত’ মনে করেন।
৪৫ বছর বয়সী এই ইভানজেলিক্যাল ধর্মযাজক ২০২৫ সালের শেষ দিকে ওইয়াপোতে আসেন। বহু বছর ফরাসি গায়ানা ও ফ্রান্সের মূল ভূখণ্ডে থাকার পর তেলের সম্ভাব্য ‘সুযোগের’ আশায় তিনি শহরটিতে চলে আসেন।
জাতীয় শিল্প পর্যবেক্ষণ সংস্থার এক গবেষণা অনুযায়ী, আমাপা রাজ্যে ৫০ হাজারের বেশি কর্মসংস্থান’ সৃষ্টি হতে পারে।
তেল উৎপাদন শুরু হলে পেট্রোব্রাসকে যে রয়্যালটি বা রাজস্ব দিতে হবে, তা স্থানীয় কর্তৃপক্ষের জন্যও বড় ধরনের আয় এনে দিতে পারে।
তবে পেট্রোব্রাসের প্রেসিডেন্ট মাগদা শ্যামব্রিয়ার্ড আগস্টে জানান, তেল উৎপাদন শুরু হতে আরও ‘ছয় বা সাত বছর’ সময় লাগতে পারে।
এরই মধ্যে শহরের মেয়র ইনাসিও মনতেইরো মাসিয়েল ভবিষ্যৎ নিয়ে ‘খুব আশাবাদী’। তবে তিনি স্বীকার করেছেন, অবকাঠামো ও সামাজিক নীতির ক্ষেত্রে শহরটিকে ‘প্রায় শূন্য থেকে শুরু করতে হবে’।
২০২২ সালের আদমশুমারি অনুযায়ী, শহরটির প্রায় ২৮ হাজার বাসিন্দার অর্ধেকেরও বেশি ব্রাজিলের দরিদ্র পরিবারগুলোর জন্য দেওয়া বোলসা ফামিলিয়া ভাতা পান।
তবে সাম্প্রতিক বছরগুলোতে শহরটিতে নতুন মানুষের আগমন বেড়েছে। মেয়র জানান, পেট্রোব্রাস খননকাজ শুরু করার পর এই প্রবণতা আরও ‘তীব্র হয়েছে’।
তার হিসাব অনুযায়ী, বর্তমানে ওইয়াপোকে ৪০ হাজার থেকে ৪৫ হাজার মানুষ বসবাস করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ