ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় সুষ্ঠু আয়োজনেই নবীনবরণ কনসার্ট অনুষ্ঠিত


ব্রাহ্মণবাড়িয়ায় সুষ্ঠু আয়োজনেই নবীনবরণ কনসার্ট অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠান ও কনসার্ট বন্ধের দাবি উঠেছিল কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তির কারণে। তবে, শেষ পর্যন্ত একটি সমঝোতার মাধ্যমে সুষ্ঠু ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান দুটি সম্পন্ন হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের মূল ভবনের সামনে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

এছাড়া, কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ওবায়দুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি ভিপি জহিরুল হক খোকন এবং সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

 জানা গেছে, নবীনবরণ অনুষ্ঠান শেষে বিকেল ৩টায় কলেজের দক্ষিণ ভবনের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে ব্যান্ড হাইওয়ে ছাড়াও স্থানীয় সংগীতশিল্পীরা গান পরিবেশন করেন। কনসার্ট উপভোগ করতে হাজারো শ্রোতা ও দর্শনার্থী উপস্থিত হন।

কনসার্টে উপস্থিত দর্শনার্থী তৌফিকুল ইসলাম রানা কালের কণ্ঠকে বলেন, ‘নবীনবরণ অনুষ্ঠান নিয়ে গত কয়েকদিন ধরে নানারকম কথা শোনা গেলেও অনুষ্ঠানে সেরকম কিছুই হয়নি। বরং অনেক সুন্দর আয়োজনে এবং সুষ্ঠুভাবেই অনুষ্ঠান শেষ হয়েছে। কনসার্টেও কোনোরকম বিশৃঙ্খলা দেখা যায়নি।’

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম. ওবায়দুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে কালের কণ্ঠকে তিনি বলেন, ‘আমি এখন একটা মিটিংয়ে আছি। শেষ করে কথা বলছি।’

এর আগে নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজনের বিরোধিতা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। পরে সংসদ সদস্যের হস্তক্ষেপে বিষয়টি নিয়ে সমঝোতা হয়।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

সমঝোতার পর ‘অশ্লীলতা হবে না’—এই শর্তে কলেজের দক্ষিণ ক্যাম্পাসের ভেতরের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে একমত হন কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। শেষ পর্যন্ত সেই সমঝোতার ভিত্তিতেই অনুষ্ঠিত হয় নবীনবরণ ও কনসার্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২০ শতক সরকারি জমি পুনরুদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২০ শতক সরকারি জমি পুনরুদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন প্রায় ২০ শতক সরকারি জমি পুনরুদ্ধার করেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন জানায়, ৫ আগস্টের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে পৌরসভার কলেজগেট থেকে ইছাপুর ফয়জিয়া বাজার, সত্তারঘাট এবং চট্টগ্রাম-নাজিরহাট সড়কের মেডিকেল গেট থেকে নাজিরহাটের হাটহাজারী সীমানা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে সরকারি সম্পদ দখলের অভিযোগ রয়েছে।

এ প্রসঙ্গে, পশ্চিম ধলইয়ের মনিয়া পুকুরপাড় সংলগ্ন এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন বিএস খতিয়ান-৬-এর বিএস ২০৮৫৬ দাগের প্রায় ২০ শতক জমিতে অনুমোদন ছাড়াই স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দেয়।

অভিযান সূত্রে জানা যায়, উচ্ছেদ করা জায়গাটির আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা। অভিযানের মাধ্যমে সরকারি ওই সম্পদ পুনরুদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর এবং হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান বলেন, ‘সরকারি জায়গা কেউ দখল করে রাখতে পারবেন না। সরকারি সম্পদ রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় কিছু ছবি যুক্ত ও সরানোর ঘটনাকে ইতিহাস বিকৃতির প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সংগঠনটি এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ একযোগে বলেন, ‘ডাকসুতে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি যুক্ত করা হয়েছে। অথচ তিনি বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়ে বাঙালিদের ওপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিলেন। ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন, শুধু উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় ছাত্রসমাজ জিন্নাহর সেই চরম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল। এরই ধারাবাহিকতায় সংঘটিত হয় বায়ান্নর ভাষা আন্দোলন। যা পরবর্তীতে ঊনসত্তরের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের ভিত্তি গড়ে দেয়। ঐতিহাসিকভাবে ডাকসু ভাষা আন্দোলনসহ স্বাধীনতা সংগ্রামের গোটা কালপর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের পর সমালোচনার মুখে ডাকসু নেতারা দাবি করেছেন যে, ভাষা আন্দোলনের বিরুদ্ধে জিন্নাহ যে অবস্থান নিয়েছিলেন, সেটি দেখানোর উদ্দেশ্যে এই ছবি যুক্ত করা হয়েছে। ছাত্রশিবির সমর্থিত ডাকসু এবং স্বয়ং ছাত্র শিবিরের জিন্নাহ্ নিয়ে সাম্প্রতিক অবস্থান ও বক্তব্য, ‘৪৭ পরবর্তী ‘৭১ পর্যন্ত এদেশের জাতীয়তাবাদী আন্দোলনকে ভিন্নভাবে তুলে ধরার প্রচেষ্টা’— এই ব্যাখ্যাকে সমর্থন করে না।

বাস্তবতা হলো, ভাষা আন্দোলন ও স্বাধীনতার সংগ্রামে ডাকসুর গৌরবোজ্জ্বল ভূমিকা এবং ছাত্রসমাজের লড়াইয়ের ইতিহাসের বিরুদ্ধে সংগ্রহশালাকে নতুনভাবে সাজানো হয়েছে।

ছাত্রফ্রন্ট স্বাধীনতা সংগ্রামে ও পরবর্তীতে শেখ মুজিবের ভূমিকা নিয়ে বিভিন্ন মূল্যায়ন হতে পারে, কিন্তু পুরো আন্দোলন থেকে তাঁকে গায়েব করে দিলে ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন করা সম্ভব নয়।

একই সঙ্গে সংগঠনটি জানাচ্ছে, সংগ্রহশালায় ইসলামী ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি যুক্ত করার কোনো ঐতিহাসিক কারণ নেই বলে তারা মনে করেন।

নেতারা ইতিহাস বিকৃতি, ঐতিহাসিক ব্যক্তিত্বদের ভূমিকা মুছে ফেলা এবং মহান মুক্তিযুদ্ধকে কালিমালিপ্ত করার অপপ্রয়াসের বিরুদ্ধে ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে জনতা ব্যাংকের ব্যবস্থাপক আবুল হোসাইনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


চট্টগ্রামে জনতা ব্যাংকের ব্যবস্থাপক আবুল হোসাইনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার খোরশেদবাগ আবাসিক এলাকার একটি বাসা থেকে পুলিশ জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইনের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

মরদেহটি গতকাল সোমবার সকালে তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় তার কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

হালিশহর থানার এসআই মোশাররফ হোসেন কালের কণ্ঠকে জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পাওয়ার পর আবুল হোসাইনের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। উদ্ধার হওয়া চিরকুটটিও বিশ্লেষণ করা হবে। এ ঘটনার পর তার স্ত্রী হালিশহর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে খাবার খেয়ে আবুল হোসেন আলাদা কক্ষে ঘুমাতে যান। সোমবার ভোরে তার স্ত্রী ফজরের নামাজের জন্য উঠে কক্ষে প্রবেশ করে আবুল হোসেনকে ফ্যানের সঙ্গে চাদর প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে। তার চিৎকারে ছেলে ও অন্যান্য স্বজনরা এসে চাদর কেটে তাকে নিচে নামান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশের দাবি, মৃত্যুর আগে লেখা চিঠিতে আবুল হোসাইন উল্লেখ করেছেন—‘১৪ সেপ্টেম্বর রাত ৩টা। গত কয়েক মাস যাবত নানাবিধ সমস্যার মধ্যে আছি। বিশেষ করে মোহাম্মদপুর শাখার দায়িত্ব নেওয়ার পর থেকে নানাবিধ পেশার লোন দেওয়া না দেওয়া, বদলি—আরো কত কী?’

পুলিশ জানায়, চিঠিতে তিনি আরো লেখেন, ‘আমার গত কয়েক মাস যাবত বিভিন্ন ব্যবসা, মানুষের কাছে পাওনা টাকা না পাওয়াতে অনেক কষ্ট হচ্ছে। সর্বশেষ স্ত্রীর নমিনি ফ্ল্যাটটি গত ৪ আগস্ট বিক্রয় করার জন্য বায়না করছি। আমার স্ত্রীর মতো এত মমতাময়ী, দরদি স্ত্রী পাওয়া আমার সৌভাগ্য। তা ছাড়া গত দুই সপ্তাহ আগে জানতে পারি, ২০২১ সালের একটি চেকের বিষয়ে লালদীঘি শাখার তৎকালীন ব্যবস্থাপক (জিবি) হিসেবে আমার নামে ও অন্যান্য সহকর্মীদের নামে সম্প্রতি একটি সিআর মামলা হয়েছে। আমি নির্দোষ ও নিরপরাধ, শতভাগ। এ চিন্তায় গত দুই-তিন সপ্তাহ ধরে আমি ঘুমাতে পারিনি।’

চিঠির শেষ অংশে তিনি লিখেছেন, ‘আমার স্ত্রী ও দুই সন্তানকে আপনারা দেখে রাখবেন। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমাকে সবাই ক্ষমা করে দিয়েন’ বলে দাবি পুলিশের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত

ময়মনসিংহের পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন নারী রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিভিন্ন সময়ে ত্রিশাল, নান্দাইল ও গফরগাঁওয়ে এসব দুর্ঘটনা ঘটে।

এসব ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা ও হাইওয়ে থানার ওসি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দুপুরে ত্রিশালের তির্খী কালীবাজার এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক জসিম উদ্দিন (৩৮) মারা যান। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক নারী মারা যান। এই ঘটনায় আহত আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, রবিবার রাতে নান্দাইলের আতকাপাড়া এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা পথচারী নারী ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়দের খবরের ভিত্তিতে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এছাড়া, দক্ষিণ গফরগাঁওয়ের পাইথল ইউনিয়নে পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় রিফাত (২৫) নামের এক যুবক নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%