ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চীনে রোবটই বানাচ্ছে রোবট, প্রতি ১০ মিনিটে তৈরি হচ্ছে একটি


চীনে রোবটই বানাচ্ছে রোবট, প্রতি ১০ মিনিটে তৈরি হচ্ছে একটি

রোবট তৈরি করছে রোবট—এটি একটি কল্পবিজ্ঞানের গল্পের মতো শোনালেও, চীন এই প্রযুক্তিকে বাস্তবে রূপ দিয়েছে। লিউঝৌ শহরে একটি নতুন কারখানায় হিউম্যানয়েড রোবটের সাহায্যে প্রতি ১০ মিনিটে একটি করে শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী রোবট উৎপাদন করা হচ্ছে।

চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউবিটেক রোবোটিকস গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে এই কারখানাটি স্থাপন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এ কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ১০ হাজার রোবট।

১৪ হাজার বর্গমিটার আয়তন এবং ১৩ দশমিক ৮ মিটার উচ্চতার এই কারখানায় মূলত ইউবিটেকের ওয়াকার এস ও ক্রুজার সিরিজের শিল্পক্ষেত্রে ব্যবহারের উপযোগী হিউম্যানয়েড রোবট তৈরি করা হয়। উৎপাদন ব্যবস্থাপনা পরিচালনার জন্য এখানে ‘স্মার্ট ব্রেন’ নামে একটি ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন: বুধবার ১২ রাশির অর্থভাগ্যে সতর্কতা, জেনে নিন রাশিফল

ইউবিটেকের মতে, এই ব্যবস্থা উৎপাদন পরিকল্পনা, যন্ত্রাংশ স্থানান্তর এবং প্রস্তুত পণ্যের মান নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজ তদারকি করে। প্রতিটি রোবটকে একটি স্বতন্ত্র সিরিয়াল নম্বর দেওয়া হয়, যা উৎপাদনের প্রতিটি ধাপে তার অবস্থান ও অগ্রগতি পর্যবেক্ষণ করতে সহায়তা করে।

কারখানার ভেতরে উপকরণ খালাস, সংরক্ষণ, পণ্য পরিবহন এবং উৎপাদন লাইনের বিভিন্ন স্থানে সরবরাহের কাজ করছে ক্রুজার ওয়াই১ ও ক্রুজার এস২ মডেলের রোবট। অর্থাৎ, কিছু রোবট নতুন রোবট তৈরির প্রক্রিয়াকেও সহায়তা করছে।

চূড়ান্ত সংযোজন পর্যায়ে হিউম্যানয়েড রোবটের পাশাপাশি সহযোগী রোবোটিক বাহু, চালকবিহীন লজিস্টিক যান, শক্তি-সহায়ক যন্ত্র এবং ঘূর্ণনশীল কর্মমঞ্চ ব্যবহার করা হচ্ছে। এর ফলে একই উৎপাদন লাইনে বিভিন্ন ধরনের রোবট তৈরি করা সম্ভব হচ্ছে, আলাদা সংযোজন লাইন স্থাপনের প্রয়োজন পড়ছে না।

বাজারে পাঠানোর আগে প্রতিটি হিউম্যানয়েড রোবটকে চার ঘণ্টারও বেশি সময় ধরে পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এরপর ৩৬০ ডিগ্রি ভিজ্যুয়াল পরিদর্শনের মাধ্যমে রোবটের বাহ্যিক অবস্থা যাচাই করা হয়।

আরও পড়ুন: ৫৩ বছরেও ফিট থাকার জন্য শচীন ছেড়ে দিলেন দুই বদঅভ্যাস

কারখানার স্বয়ংক্রিয় গুদামে মাত্র ৬৫ বর্গমিটার জায়গায় ১১২টি হিউম্যানয়েড রোবট সংরক্ষণ করা যায়। সেখানে স্বয়ংক্রিয় নির্দেশিত যান, চালকবিহীন ফর্কলিফট এবং অন্যান্য লজিস্টিক যন্ত্রাংশের মাধ্যমে রোবট ও প্রয়োজনীয় উপাদান সংযোজন, পরীক্ষা ও সংরক্ষণ এলাকার মধ্যে স্থানান্তর করা হয়।

চীনে দ্রুত সম্প্রসারিত হওয়া রোবট শিল্পের মধ্যে এই কারখানার কার্যক্রম শুরু হলো। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, জুলাই মাসে চীনে ৯৮ হাজার ৬৭৭টি শিল্প রোবট উৎপাদিত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ২ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম সাত মাসে দেশটিতে মোট ৬ লাখ ৩৫ হাজার ৫৬টি শিল্প রোবট উৎপাদিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি বহরে যুক্ত হচ্ছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৯ এম


সরকারি বহরে যুক্ত হচ্ছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা

সরকার বৈদ্যুতিক যান (ফুল ইলেকট্রিক ভেহিকেল-এফইভি) সরকারি প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির গাড়ি কেনায় অন্তর্ভুক্ত করেছে। অর্থ বিভাগ এসব গাড়ির স্পেসিফিকেশন ও বাজারদর বিবেচনায় সর্বোচ্চ মূল্যসীমা নির্ধারণ করেছে। এর ফলে সরকারি গাড়ি কেনায় জ্বালানিনির্ভরতার পাশাপাশি পরিবেশবান্ধব বৈদ্যুতিক যান ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে।

অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৪ শাখার ১৬ সেপ্টেম্বরের একটি চিঠিতে এ মূল্যসীমা জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত স্পেসিফিকেশনের এফইভি কেনার ক্ষেত্রে নির্ধারিত দাম অনুসরণ করতে হবে।

নির্ধারিত তালিকায় সাধারণ কারের সর্বোচ্চ মূল্য ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে মোটর পাওয়ার কমপক্ষে ৯৫ কিলোওয়াট, ব্যাটারি সক্ষমতা ৬০ কিলোওয়াট/ঘণ্টা এবং একবার চার্জে কমপক্ষে ৪০০ কিলোমিটার চলার সক্ষমতা থাকতে হবে। এছাড়া, ব্যাটারির ওয়ারেন্টি কমপক্ষে আট বছর নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-৩ ও তদনিু কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক জিপের সর্বোচ্চ দাম ৫৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, গ্রেড-২ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য জিপের মূল্যসীমা ৭৫ লাখ টাকা। বিআরটিএর বিধান অনুযায়ী বৈদ্যুতিক মোটরযানের জন্য আলাদা শনাক্তকরণ ও কিলোওয়াটভিত্তিক নিবন্ধনের ব্যবস্থা রয়েছে।

অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, অনুমোদিত মূল্যসীমা অতিক্রম না করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে গাড়ি কেনার ক্ষেত্রে অর্থ বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে। এর ফলে সরকারি গাড়ি কেনায় ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি বিদ্যুৎচালিত পরিবহণ ব্যবহারের পরিধি বাড়ানোর নতুন সুযোগ সৃষ্টি হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি নেতাদের আ.লীগের দোসর আখ্যা দিয়ে মামলা, এরপর...

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৬ এম


বিএনপি নেতাদের আ.লীগের দোসর আখ্যা দিয়ে মামলা, এরপর...

চট্টগ্রামে দুই গ্রুপের ঠিকাদারি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ বিএনপির তিন নেতাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দোসর উল্লেখ করে ‘গায়েবি’ মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে ঠিকাদার মো. আব্দুল কাদের সিকদার সাতকানিয়া থানায় মামলাটি করেন। 

মামলায় বিএনপি নেতা এমএ হাশেম রাজু ছাড়া আরও দুজনকে সাক্ষী রাখা হয়েছে। মামলার ঘটনাস্থল দেখানো হয়েছে সাতকানিয়া থানার ১১ নম্বর কালিয়াইশ ইউনিয়নের চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের কার্যালয়ের সামনে। অথচ এমন কোনো ঘটনাই সেখানে ঘটেনি।

এদিকে, মিথ্যা মামলা গ্রহণের এ ঘটনাকে কেন্দ্র করে সাতকানিয়া থানার ওসি জাহাঙ্গীর আলমকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়েছে। ঘটনাটি জেলা পুলিশ তদন্ত শুরু করেছে। এজাহারে বিএনপি নেতাদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতার উদ্দেশে লাঠিসোঁটা নিয়ে মিছিল এবং বিএনপির শীর্ষ নেতাদের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে পদদলিত করার মতো গুরুতর অভিযোগ আনা হয়। 

এজাহারে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হচ্ছেন-গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আফিল উদ্দিন আহমদ, চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ইলিয়াছ বাবুল এবং ঠিকাদার কামাল উদ্দিন চৌধুরী বাচা। এছাড়া অজ্ঞাত আরও অনেকে রয়েছেন।

 

এজাহারে অভিযোগ করা হয়, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আসামিরা চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের কার্যালয়ের সামনে দেশিয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিলের আয়োজন করেন। তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থায়নে সহায়তা, আসামিদের আশ্রয়দান ও প্ররোচিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ওই কর্মসূচি পালন করেন। 

আসামিদের বিরুদ্ধে সড়ক বিভাগের কার্যালয়ের মূল ভবনে থাকা প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে উল্লাস করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

মামলার নেপথ্যে সওজের ঠিকাদারি নিয়ন্ত্রণ : 

অভিযোগ রয়েছে বিএনপির একপক্ষের এই ‘গায়েবি’ মামলার উদ্দেশ্য চট্টগ্রাম সড়ক বিভাগের ঠিকাদারি কাজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। 

সওজ ও আশপাশের প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, মামলায় যে ঘটনাস্থল দেখানো হয়েছে, ওই স্থানে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। পুরোটাই ‘কাল্পনিকভাবে’ সাজানো হয়েছে ।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগে বিএনপির দুপক্ষে কাজের ভাগ-বাটোরায়া নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ‘চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার সমিতি’ এবং ‘চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতি’ নামে দুটি আলাদা সমিতিও রয়েছে। সড়ক বিভাগের কোটি কোটি টাকার ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ ও ভাগ-বাটোয়ারার সুবিধার্থে স্থানীয় বিএনপির দুপক্ষ নিজেদের মতো করে এসব সমিতি গড়ে তুলেছে। 

একটি সমিতির নেত্বত্বে রয়েছেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাশেম রাজু এবং সাধারণ সম্পাদক মো. মোরশেদুল আলম চৌধুরী। অন্য সমিতির সভাপতি বিএনপি নেতা আফিল উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস বাবুল।

 

জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে এমএ হাশেম রাজুর নেতৃত্বাধীন সমিতি সড়ক বিভাগ কার্যালয়ের মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। অন্যদিকে, ওইদিন রাতে আফিল উদ্দিনের নেতৃত্বে অপরপক্ষের নেতাকর্মীরা সড়ক বিভাগ কার্যালয়ের একটি কক্ষে ছোট পরিসরে আলোচনা সভা করে। ওইদিন বিবদমান দুই গ্রুপের মধ্যে কিছুই ঘটেনি। অথচ প্রতিপক্ষের বিরুদ্ধে ডাহা মিথ্যা মামলা ঠুকে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী ইলিয়াস বাবুল বলেন, ‘বিএনপি করার কারণে ১৭ বছর আওয়ামী লীগের আমলে অনেক গায়েবি মামলার আসামি হয়েছি। এখন বিএনপির আমলে আরেকটি ‘গায়েবি’ মামলার আসামি হলাম। অথচ আমি আজীবন আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম সহ্য করেছি। সোমবার রাতের সেই আলোচনা সভায় আমি উপস্থিতই ছিলাম না।’

সাতকানিয়া থানার ওসি জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি সোমবার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।’ 

জেলা পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৯ এম


১৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে গেছে, যা কয়েক দফা কমার পর ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি করেছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। নতুন দাম কার্যকর হয়েছে সেদিন সকাল ১০টা থেকে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নির্ধারিত ওই দামেই বিক্রি হবে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাজুস সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদিকে বিশেষ দিনে শুভেচ্ছা বার্তা দিলেন শাহরুখ-সালমান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ এম


মোদিকে বিশেষ দিনে শুভেচ্ছা বার্তা দিলেন শাহরুখ-সালমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯১৯ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে তাই সকাল থেকে নানা জায়গায় নানাভাবে পালিত হয়ে আসছে। এবার প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানান বলিউড বাদশাহ শাহরুখ খান, ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানসহ আরও অনেক বলি তারকা।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কালো রঙের ব্যাকগ্রাউন্ডে শাহরুখ খান লিখেছেন—'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো সুস্থতা, সুখ ও সাফল্যে ভরে উঠুক।' তিনি আরও বলেন, 'দেশকে অনুপ্রাণিত করার মতো শক্তি ও ইতিবাচক মনোভাব যেন আপনার মধ্যে সব সময় থাকে।'

অন্যদিকে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে সালমান খানও লিখেছেন— 'জন্মদিন মোবারক হো প্রধানমন্ত্রী সাহাব। নরেন্দ্র ভাই মোদি আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। জয় হিন্দ।'

শুধু শাহরুখ খান কিংবা সালমান খান নন, মোদির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের আরও অনেক তারকা। ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাউতও একটি সংস্কৃত শ্লোকের মাধ্যমে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশের সেবা করে যাওয়ার শক্তি কামনা করেছেন। 

খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার সাধারণ মানুষকে এই দিনটিকে ‘সেবা সঙ্কল্প’ হিসাবে পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়িয়েই এই বিশেষ দিনটি পালন করা যেতে পারে।

অভিনেতা সুনীল শেটিও প্রধানমন্ত্রীকে সুস্বাস্থ্য, শক্তি এবং দেশসেবায় অবিচল থাকার শুভেচ্ছা জানিয়েছেন। অনুপম খের কামনা করেছেন প্রধানমন্ত্রীর দীর্ঘ, সুস্থ ও আনন্দময় জীবন। শিল্পা শেঠি লিখেছেন— দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে মোদির সুস্বাস্থ্য, শক্তি ও সাফল্য কামনা করেন তিনি।

জ্যাকি শ্রফ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া অনিল কাপুর, অজয় দেবগন, কাজল, সঞ্জয় দত্ত, রবি কিশনের মতো তারকারাও সামাজিক মাধ্যমে ছবি ও বার্তা দিয়ে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%