০৬:৪৩ পি.এম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নৈশ প্রহরীদের বেঁধে অস্ত্রের মুখে সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন মালিকানাধীন একটি কারখানা থেকে মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনা শুক্রবার (১৯ জুন) দিবাগত গভীর রাতে পৌরসভা রহমতগঞ্জ মহল্লায় অবস্থিত ‘স্পার্ক ভিশন’ নামের প্রতিষ্ঠানের কারখানায় ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মাহমুদ হাসান সুমন আত্মগোপনে রয়েছেন, এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কারখানার নিরাপত্তা প্রহরি ইমন মিয়া বলেন, তার বাবা সুরুজ মিয়া ও আবদুল মালেক নিয়মিত কারখানায় পাহারা দেন। শুক্রবার সুরুজ মিয়ার শারীরিক অসুস্থতার কারণে তিনি বাবার পরিবর্তে দায়িত্ব পালন করতে আসেন। তার ডিউটি ছিল সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত।
আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত
ইমনের ভাষ্য অনুযায়ী, রাত ৯টার দিকে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে কারখানার গেটে এসে তাকে ডাকাডাকি করেন। যখন তিনি অন্য প্রহরি আবদুল মালেককে ডাকতে যান, তখন মুখোশধারী কয়েকজন ব্যক্তি ফটক টপকে ভেতরে প্রবেশ করে এবং তাকে জিম্মি করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে বেঁধে ফেলেন। এরপর আবদুল মালেক বাইরে এলে তাকেও একইভাবে বেঁধে রাখা হয়।
অভিযুক্তরা পরে কারখানার ফটক খুলে একটি মিনি ট্রাক ভেতর প্রবেশ করিয়ে স্পার্ক ভিশনের মূল্যবান স্টিল ও লোহার সরঞ্জাম ট্রাকে তুলে নেয়। যাওয়ার আগে তারা দুই প্রহরীর বাঁধন খুলে দিয়ে চলে যান। পরে প্রহরীরা স্থানীয়দের ঘটনাটি জানান।
ঘটনার বিষয়ে সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি কারখানায় লুটপাটের ঘটনা ঘটার বিষয়টি নিশ্চিত করেন। তিনি দাবি করেন, ঘটনার পর তার প্রতিষ্ঠানের ম্যানেজার তারেক মাহবুব বাবুকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।
তবে তিনি কারো নাম উল্লেখ না করে এ ঘটনার সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন।
আরও পড়ুন: বাংলা একাডেমিতে বৌদ্ধ ঐতিহ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম জানান, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন