শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:২১ পি.এম
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার ৬ নম্বর রোডের একটি ভবনের ফ্ল্যাট থেকে মাহবুব হোসেন (৪৬) ও মোছাঃ সানজিদা আলম মৌ (২৫) নামের ওই নারীকে আটক করা হয়। মাহবুব হোসেন বর্তমানে সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্স ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ছুটি না নিয়ে সিরাজগঞ্জ থেকে রাজশাহীতে এসে ওই ফ্ল্যাটে অবস্থান করেন মাহবুব হোসেন৷ এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে আন্নি আক্তার ফ্ল্যাটটিতে গিয়ে ভেতরে থাকা ব্যক্তিদের বিষয়ে জানতে চান। দরজায় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও দরজা খোলা হয়নি। একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দরজা খুলে দিলে ভেতর থেকে মাহবুব হোসেন ও সানজিদা আলম মৌকে বের করে আনা হয়। পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে মাহবুব হোসেন সানজিদা আলম মৌকে তাঁর স্ত্রী বলে দাবি করেন। তবে এ দাবির সমর্থনে তিনি কোনো কাবিননামা দেখাতে পারেননি বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে আন্নি আক্তারকে চার দিন আগে তালাক দেওয়া হয়েছে বলে মাহবুব হোসেন দাবি করেন। এসব বিষয় নিয়েই আন্নি আক্তার থানায় লিখিত অভিযোগ করেছেন।
মাহবুব হোসেন ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় এক ব্যক্তির কাছ থেকে খাম নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেখানে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় বলে জানা গেছে। এরপর তাঁকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়।
চন্দ্রিমা থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা এবং এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা তদন্তের পর নির্ধারণ করা হবে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিলি ববি ব্রাউন আবারও মা হয়েছেন। ২২ বছর বয়সী এই অভিনেত্রী ও তার স্বামী জেক বনজোভির পরিবারে এবার এসেছে এক পুত্রসন্তান। ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের আগমনের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
মিলি নবজাতকের ছোট্ট হাতের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘হাই, ছোট্ট বন্ধু!’ ছবিতে অভিনেত্রীর হাতে ‘মম’ লেখা একটি আংটিও দেখা যায়। বিষয়টি ভক্তদের নজর আকর্ষণ করেছে। এর আগে ২০২৫ সালের আগস্টে মিলি ও জেক একটি কন্যাসন্তান দত্তক নিয়েছিলেন। এবার পুত্রসন্তানকে পরিবারে স্বাগত জানিয়ে তাদের সংসারে নতুন আনন্দ যোগ হলো।
মিলি ও জেক ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা গোপনীয়তা বজায় রাখেন। তারা নিজেদের জীবনের সবকিছু প্রকাশ্যে না এনে বিশেষ মুহূর্তগুলোই কেবল ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তাই দ্বিতীয় সন্তানের আগমনের খবরটি অনেকটা আকস্মিকভাবেই জানতে পারেন অনুরাগীরা।
মিলি ও জেকের সম্পর্কের শুরু ২০২১ সালে। ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন তারা। চলতি বছরের জুনে কাইলি কেলসির পডকাস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে মিলি জানিয়েছিলেন, ভবিষ্যতে আরও সন্তান দত্তক নেওয়ার ইচ্ছা রয়েছে তার। পড়াশোনার সময় থেকেই দত্তক নেওয়ার আইনি ও সামাজিক প্রক্রিয়া সম্পর্কে জানার আগ্রহ ছিল বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।
‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজে ‘ইলেভেন’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান মিলি ববি ব্রাউন। পরে ‘এনোলা হোমস’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘এনোলা হোমস ৩’ সিনেমায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে।
মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে চলমান অভিযান ও নজরদারির অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ৩টার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান শুরু হয় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দ্বারা।
অভিযানের সময় কাজীপুর বর্ডারপাড়া মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আট বোতল ভারতীয় মদ ও চার হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লাখ ১২ হাজার টাকা।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মালিকবিহীন মাদকদ্রব্য মেহেরপুরের গাংনী থানায় জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা জোরদার করা হচ্ছে এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন মন্তব্য করেছেন যে, চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন আগামী পঞ্চাশ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে ঘটাতে হবে।
তিনি উল্লেখ করেন, ‘আমরা কেউ চিরদিন থাকবো না, এ দেশ থাকবে এবং এ দেশের মানুষ থাকবে; তাই আগামী পঞ্চাশ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে।’
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) প্রথম অপেন হার্ট সার্জারি দিবস এবং কার্ডিওভাসকুলার সার্জিক্যাল কনফারেন্স অব এনআইসিভিডি-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
এজেডএম জাহিদ হোসেন জানান, জরুরি স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব, তবে রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সংগতির বিষয়টিকেও বাস্তবসম্মতভাবে বিবেচনা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, দেশে হৃদরোগ ও জন্মগত হৃদরোগের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি সতর্ক করেন যে, এ রোগ কার্যকরভাবে প্রতিরোধ করা না গেলে ভবিষ্যতে উৎপাদনশীল কর্মক্ষম জনসংখ্যার ওপর বিরূপ প্রভাব পড়বে। সরকার ইতোমধ্যে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ভাল্ব এবং স্টেন্ট (রিং)-এর ওপর ট্যাক্স মওকুফ করে হৃদরোগ চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে চেষ্টা করছে।
মন্ত্রী দাবি করেন, দেশে আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারিত হওয়ায় বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের প্রবণতা অনেকাংশেই কমে এসেছে। তিনি জানান, সাধারণ মানুষের কষ্ট লাঘবে এবং জনকল্যাণে বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সরকারের পাশাপাশি এ সকল মানবিক কাজে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বাংলাদেশে বর্তমানে হৃদরোগের সব ধরনের উন্নত চিকিৎসা সেবা প্রদান সম্ভব হচ্ছে। তিনি উল্লেখ করেন, বিগত সময়ের অনিয়ম কাটিয়ে বর্তমান সরকার জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, যার অংশ হিসেবে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
এর আগে, মন্ত্রী একটি বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন।
বিশ্বে ওপেন হার্ট সার্জারির সূচনা ঘটে ১৯৫৩ সালে ডা. জন হেইশাম গিবনের হাত ধরে। এর ধারাবাহিকতায়, ১৯৮১ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার এনআইসিভিডিতে কার্ডিও-পালমোনারি বাইপাসের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে প্রথম সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। ঐতিহাসিক এ দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর দেশে ১৮ সেপ্টেম্বর দিবসটি উদযাপন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরা এলাকা থেকে নিষিদ্ধ যুবলীগের এক সক্রিয় কর্মীকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন জসিমউদ্দিন এলাকায় হোন্ডা মোবাইল-৯১ ডিউটি চলাকালীন জসিমউদ্দিন-রাজলক্ষ্মীর মাঝামাঝি প্রিমিয়াম ব্যাংকের গলিতে সন্দেহজনকভাবে ওয়াকিটকি নিয়ে ঘোরাফেরা করার সময় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম ইকবাল খন্দকার (৪২) পিতা- আব্দুল আজিজ খন্দকার। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর থানার কলাবাগান এলাকায়। উত্তরা পশ্চিম থানার এসআই (নিরস্ত্র) জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল এলোমেলো তথ্য প্রদান করে। পরে সে তার প্রকৃত নাম ও ঠিকানা প্রকাশ করে। সে জানায়, তার পিতা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান। নিজেকে নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে স্বীকার করে সে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ইকবাল নিজ এলাকায় বিভিন্ন অপরাধ করে ঢাকায় আত্মগোপনে ছিল। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত ইকবাল খন্দকারের বিরুদ্ধে খাগড়াছড়িতে একাধিক মামলা রয়েছে। খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-৩, তারিখ- ১৫ আগস্ট, ২০২৪; জিআর নং-৮৫, ধারা- ১৪৩/১৪৭/১৪৮/ ৩২৩/৩২৫/ ৩০৭/৩৮৫/৪২৭/৪৪৭/৪৪৮/৪৩৬/৩৭৯/৩৮০/৫০৬/১১৪/৩৪, পেনাল কোড। পানছড়ি থানার এফআইআর নং-১, তারিখ- ৬ অক্টোবর, ২০২৪; জিআর নং-৪১, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩৮৫/৩৮৬/১১৪/৫০৬/৩৪, পেনাল কোড। এই মামলায় চার্জশিট নং-৩৩, তারিখ- ৩০ নভেম্বর, ২০২৫।
পানছড়ি থানার এফআইআর নং-১, তারিখ- ৩ সেপ্টেম্বর, ২০২৪; ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪, পেনাল কোড। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মুনসুর নিশ্চিত করেছেন যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ