০১:৪৫ পি.এম
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফরিস আরও এক ধাপ অগ্রসর হচ্ছেন।
মধ্যবর্তী নির্বাচনে বিপুল বিজয়ের পর বুধবার ডেমোক্র্যাটরা নিজেদের দলের নেতা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে তার স্পিকার হওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পেতে পারে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতার নেতৃত্ব দেওয়ার জন্য জেফরিস অপেক্ষা করছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ, কয়েক দশকের বিরোধ এবার চূড়ান্ত পর্যায়ে
মঙ্গলবার জেফরিস জানিয়েছেন, তিনি তার মনোনয়নের জন্য রেকর্ডভিত্তিক ভোটের অনুরোধ করবেন। আনুষ্ঠানিক ভোট ছাড়াই সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচিত করার আশা করেছিলেন তার কিছু ঘনিষ্ঠ সহযোগী।
ভোটের আগের দিন ক্যাপিটলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেফরিস বলেন, "তার অভিজ্ঞতা, রাজনৈতিক কর্মকাণ্ডের রেকর্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনার সুযোগ প্রত্যেক ডেমোক্র্যাটের থাকা উচিত।"
বুধবারের ভোটে স্পিকার পদে ডেমোক্র্যাটদের প্রার্থী নির্ধারণ করা হবে। তবে আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ ভোটে তাকে স্পিকার নির্বাচিত হতে হবে।
বুধবারের মনোনয়ন ভোটে বর্তমান ও নবনির্বাচিত—উভয় শ্রেণির ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে প্রগতিশীল নেতারাও অন্তর্ভুক্ত রয়েছেন।
আরও পড়ুন: আশ্রয় আবেদন বাতিল হলে যুক্তরাজ্যে বিনা নোটিশে বহিষ্কার
যুক্তরাষ্ট্রের ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়া এবং রাজনীতিতে অর্থের প্রভাব—বিভিন্ন বিষয়ে জেফরিসের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করছেন তারা।
সমর্থন আরও সুসংহত করার লক্ষ্যে জেফরিস ও তার ঘনিষ্ঠ সহযোগীরা কাজ করছেন।
একই সঙ্গে নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর দেশ পরিচালনার দলের পরিকল্পনার দিকে মনোযোগ ফেরানোর চেষ্টা করছেন জেফরিস। ইরান যুদ্ধ এবং জ্বালানির আকাশচুম্বী দাম নিয়ে জনঅসন্তোষের কারণে রিপাবলিকানরা বড় ধরনের নির্বাচনী বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।
মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, "রিপাবলিকানদের অর্থনৈতিক পরিস্থিতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা প্রথম দিন থেকেই এই পরিস্থিতি বদলাতে প্রতিশ্রুতিবদ্ধ।"
আরও পড়ুন: চীনে ট্রাম্পকে সামরিক মহড়া ও গার্ড অব অনারসহ উষ্ণ অভ্যর্থনা
ব্রুকলিনে বেড়ে ওঠা
ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় বেড়ে ওঠা জেফরিস আইন বিষয়ে পড়াশোনা করেন। ২০০৭ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় যোগদান করেন তিনি। ২০১২ সালে কংগ্রেস সদস্য নির্বাচিত হন।
সংযত আচরণ, তীক্ষè বক্তব্য এবং হিপহপ শিল্পীদের উদ্ধৃতি দেওয়ার প্রবণতার জন্য তিনি পরিচিত।
২০২২ সালে ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হয়ে ডেমোক্র্যাটদের নেতা নির্বাচিত হন। এর মাধ্যমে কংগ্রেসের দুই কক্ষের যেকোনো একটিতে কোনো দলের নেতৃত্ব দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ রাজনীতিক হওয়ার ইতিহাস গড়েন তিনি।
আরও পড়ুন: ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণে জামিনে মুক্ত বিলকিস বানের ধর্ষকরা’
২০২০ সালে ট্রাম্পের প্রথম অভিশংসন বিচারেও প্রতিনিধি পরিষদের কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
স্পিকার নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হবে।
তবে মধ্যপন্থী এবং ক্রমেই প্রভাবশালী হয়ে ওঠা বামপন্থীদের নিয়ে গঠিত ডেমোক্র্যাট জোটকে ঐক্যবদ্ধ রাখা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।
ডেমোক্র্যাটরা ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।
আরও পড়ুন: ই-স-রা-য়ে-লি বাহিনী ১৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে
প্রতিনিধি পরিষদে তুলনামূলক সহজ নেতৃত্ব নির্বাচনের চিত্রের বিপরীতে সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। সেখানে দলের দীর্ঘদিনের নেতা চাক শুমারের প্রতিদ্বন্দ্বী হয়েছেন মেরিল্যান্ডের প্রগতিশীল সিনেটর ক্রিস ভ্যান হলেন।
বার্নি স্যান্ডার্সসহ বামপন্থী রাজনীতির প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন পেয়েছেন ভ্যান হলেন। তবে নিজেকে এ প্রতিযোগিতায় পিছিয়ে থাকা প্রার্থী হিসেবেই দেখছেন তিনি।
ডিসেম্বরের শুরুতে সিনেট ডেমোক্র্যাটরা তাদের নেতা নির্বাচন করবেন।
এদিকে রিপাবলিকানরা গত সপ্তাহেই কংগ্রেসে নিজেদের নেতা নির্বাচন করেছে।
আরও পড়ুন: চীনা বিজ্ঞানীদের উদ্ভাবন: ‘জাদুকরী চিরুনি’তে ইঁদুরের মাথায় ফিরেছে প্রায় শতভাগ চুল
প্রতিনিধি পরিষদে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জিম জর্ডানকে নেতৃত্বে এনেছে দলটি। আর সিনেটে জন থুনকে পুনরায় নেতা হিসেবে রেখেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন