ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পদ্মার চরে কৃষিজমি নষ্ট করে বনায়ন, বিপাকে স্থানীয় কৃষকরা


পদ্মার চরে কৃষিজমি নষ্ট করে বনায়ন, বিপাকে স্থানীয় কৃষকরা

নদীভাঙনে বিলীন হয়ে গিয়েছিল পূর্বপুরুষদের ভিটেমাটি ও ফসলি জমি। প্রায় ২৮ বছর পর পদ্মার বুকে আবারও জেগে ওঠে সেই জমি। পূর্বের জমির মালিকদের ওয়ারিশরা নতুন করে চাষাবাদ শুরু করেন। উর্বর মাটিতে মরিচ, মুগ, ভুট্টা ও ধানসহ বিভিন্ন ফসল ফলাতে শুরু করেন। কিন্তু এবার সেই কৃষিজমিতে বনায়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন। কৃষকদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ ছাড়াই ফসলি জমি নষ্ট করে বৃক্ষরোপণ শুরু হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় কৃষকরা। তবে প্রশাসনের দাবি, জমিগুলো সরকারি খাস ও নদী শ্রেণিভুক্ত।

খোঁজ নিয়ে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নটি পদ্মানদী দ্বারা বেষ্টিত। ডাইনগাঁও মৌজায় পদ্মার বুকে জেগে ওঠা চরে যতদূর দেখা যায়, বিস্তীর্ণ চরজুড়ে মরিচ, মুগ, ভুট্টা ও ধানসহ বিভিন্ন ফসলের আবাদ রয়েছে। স্থানীয়দের দাবি, একসময় এসব জমির মালিক ছিলেন তাদের পূর্বপুরুষরা। কয়েক দফা পদ্মার ভাঙনে জমিগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায়। প্রায় ২৮ বছর পর চর জেগে উঠলে পূর্বের মালিকদের ওয়ারিশরা সেখানে চাষাবাদ শুরু করেন। তাদের দাবি, অন্তত ৩০০ বছর ধরে এসব জমি তাদের পূর্বপুরুষদের ভোগদখলে ছিল।

সরকারি তথ্য অনুযায়ী, ডাইনগাঁও মৌজার ৪৩৮ দাগের ২৭৫ একর জমিই খাস বা নদী শ্রেণিভুক্ত। এর মধ্যে প্রায় ১০০ একর জমিতে বনায়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। আর এতেই আপত্তি স্থানীয় কৃষকদের। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে চাষাবাদ করে আসা জমিতে থাকা ফসল নষ্ট করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই বৃক্ষরোপণের কাজ শুরু হয়েছে। অথচ এসব জমির ওপর নির্ভরশীল অন্তত ১০০টি পরিবার।

আরও পড়ুন: মাতামুহুরীর চরে বদলাচ্ছে দৃশ্যপট, তামাকের বদলে শুরু হচ্ছে সবজি চাষ

স্থানীয় কৃষক শরিফ আলী মোল্লা, যার পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছে, সংসার চালান। পদ্মার জেগে ওঠা চরের ২০ শতাংশ জমিতে মরিচের আবাদ করেছেন তিনি। তার দাবি, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি ছিল। নদীতে বিলীন হওয়ার পর চর জেগে উঠলে আবারও সেখানে চাষাবাদ শুরু করেন। এখন সেই জমিতে গাছ লাগানোর উদ্যোগ নেওয়ায় তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

শরিফ আলী মোল্লা বলেন, "এই জমি আমাগো বাপ দাদা গো আছিলো। নদীভাঙনে জমি হারানোর পর আবার চর জাগলে আমি সেই জমিতে মরিচ লাগাইছি। এখন এই জমি নাকি সরকার নিয়া এইহানে গাছ লাগাইবো। এই জমি লইয়া গেলে আমরা না খাইয়া মরমু। সরকার যদি এই জমি নিতে চায় আমারে মাইরা তারপর জমিডা নেয়।"

একই অভিযোগ করেছেন স্থানীয় কৃষক জসিম ঢালী। তিনি বলেন, "আমরা কোন দখলদার না। এই জমি আমাগো পূর্বপুরুষ গো। তারা মারা যাওয়ার পর এখন আমরা চাষাবাদ করি। পদ্মা কয়েক দফা ভাঙ্গনের পর আবার চর জাগছে। আমরা সেইখানেই চাষ করতাছি। এখন ইউএনও এসে আমাদের জমি নষ্ট করে সেখানে কাঠগাছ লাগাচ্ছে। অনেক জায়গায় খাস জমি পড়ে আছে, যেখানে ফসল হয় না। তারা সেখানে গাছ রোপণ না করে আমাদের ফসলি জমিতে গাছ লাগাচ্ছে। আমাদের দাবী এই জমি যদি খাস হয় তাহলে সরকার আমাদের বন্দোবস্ত দেক। এই জমির ফসল দিয়েই আমরা জীবন টিকিয়ে রাখছি।"

আরেক কৃষক সাদেক আলী বেপারী বলেন, "আমাগো এই সম্পত্তির বয়স তিনশো বছরের বেশি। আমার দাদায় খাইছে, তার দাদায় খাইছে। নদী ভাঙনে বিলিন হইছে, আবার চর জাগলে আমরাই চাষ করতাছি। এসব জমির ফসল বিক্রি করেই পরিবার সংসার চালাই। বনায়ন প্রকল্পের কারণে জমি হারালে আমাদের জীবিকার পথ বন্ধ হয়ে যাবে। তাই আমাদের স্বার্থ বিবেচনায় নিয়ে জমিগুলো বন্দোবস্ত দেওয়ার দাবি জানাই।"

আরও পড়ুন: চাটমোহরে কৃষকরা বিনা হালে রসুন আবাদের কাজে ব্যস্ত

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও কৃষিজমিতে বনায়নের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এসব জমি তিন ফসলি। নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষেরা নতুন করে চরে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাই ফসলি জমি নষ্ট না করে অন্য কোনো অনাবাদি জমিতে বনায়ন করা উচিত। পাশাপাশি প্রকৃত ভূমিহীন ও পূর্বের মালিকদের ওয়ারিশদের বিষয়টি বিবেচনায় নিয়ে আইন অনুযায়ী জমি বন্দোবস্তের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সুশীল সমাজের প্রতিনিধি কামরুল হাসান সজীব বলেন, "কৃষিজমি মানুষের খাদ্য উৎপাদন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বিশেষ করে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষেরা নতুন করে চর জেগে ওঠার পর সেখানে চাষাবাদ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। প্রকৃতপক্ষে এই সম্পত্তি তাদের পূর্বপুরুষদের ছিল। তিন ফসলি জমিতে বনায়ন না করে বিকল্প অনাবাদি জমি নির্বাচন করা প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত দাবিদারদের সরকারি নিয়মে জমি বন্দোবস্ত দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।"

এদিকে, কৃষকদের অভিযোগ অস্বীকার করেছে উপজেলা প্রশাসন। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, "ডাইনগাঁও মৌজার জমিগুলো নদী শ্রেণিভুক্ত সরকারি সম্পত্তি। অধিকাংশ সময় এসব জমি পানিতে তলিয়ে থাকে। বনায়নের জন্য এমন স্থানকেই নির্বাচন করা হয়েছে, যেখানে নিয়মিত কৃষি আবাদ হয় না। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফকিরহাটে ২৫ বিঘা জমিতে সুপারির বিশাল বাগান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডের গুদামে কর্মীদের মলত্যাগে বাধ্য করছে এআই নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


নিউজিল্যান্ডের গুদামে কর্মীদের মলত্যাগে বাধ্য করছে এআই নজরদারি

টয়লেটে যাওয়ার পরও কর্মীরা স্বস্তি পাচ্ছেন না। ঘড়ির কাঁটার নির্ধারিত সময়ের বাইরে বিরতি নিলেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। এই পরিস্থিতির কারণে, সময়মতো শৌচাগারে যেতে না পেরে গুদামের পণ্য রাখার জায়গাতেই প্রস্রাব ও মলত্যাগ করতে বাধ্য হয়েছেন কর্মীরা। নিউজিল্যান্ডের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান দ্য ওয়্যারহাউস গ্রুপের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএনজেডকের বরাতে দি ইনডিপেনডেন্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের ভবিষ্যৎ চাকরির নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগের মধ্যে এ সপ্তাহে প্রতিষ্ঠানটির অকল্যান্ড ও ক্রাইস্টচার্চের বিতরণকেন্দ্রে তিন শতাধিক কর্মী বিক্ষোভ করেছেন। এআই প্রযুক্তির মাধ্যমে কর্মীদের ওপর নজরদারি এবং ব্যাপক ছাঁটাইয়ের আশঙ্কায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কার্স ফার্স্ট ইউনিয়নের অভিযোগ, কর্মীদের বিরতির সময় এআই প্রযুক্তির মাধ্যমে হিসাব রাখায় অনেকেই প্রয়োজনের সময় শৌচাগারে যেতে পারছেন না। এর ফলে বিতরণকেন্দ্রের পণ্য রাখার জায়গাতেই প্রস্রাব ও মলত্যাগের মতো ঘটনা ঘটছে।

তবে দ্য ওয়্যারহাউস গ্রুপ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এমন ঘটনা কখনোই ঘটেনি।

কর্মীরা জানিয়েছেন, তাদের সঙ্গে মানুষের পরিবর্তে রোবটের মতো আচরণ করা হচ্ছে। চাকরির ভবিষ্যৎ নিয়েও তারা উদ্বিগ্ন।

২৩ বছর ধরে একটি বিতরণকেন্দ্রে কাজ করা এক কর্মী বলেন, ‘আমি কি রোবটের মতো দেখতে? না, আমি তা নই। আমরা এসব বিষয়ের প্রতিবাদ করতে এসেছি। কারণ, কাজটি একজন মানুষের করার কথা, রোবটের নয়।’

ইউনিয়ন সংগঠক হেইলি কোর্টনি বলেন, ব্যবস্থাপকেরা কর্মীদের শৌচাগার পর্যন্ত অনুসরণ করছেন এবং তাদের মৌলিক অধিকার প্রয়োগের জন্য তিরস্কার করছেন। বিষয়টি একেবারেই অযৌক্তিক। গত আট মাস ধরে তিনি এ সমস্যা নিয়ে লড়াই করছেন বলেও জানান।

কোর্টনির ভাষ্য, কর্মীরা দক্ষতা বাড়াতে প্রযুক্তির ব্যবহার কিংবা আধুনিকায়নের বিরোধিতা করছেন না। তবে এসব পরিবর্তনের ফলে তাদের চাকরির ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে নিশ্চয়তা চান তারা।

তিনি অভিযোগ করেন, পণ্য বাছাইয়ের কাজে বড় আকারের একটি রোবট যুক্ত করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি এআইচালিত ড্রোন ব্যবহার করে শারীরিকভাবে পণ্য গণনার কাজে নিয়োজিত কয়েকজন কর্মীর জায়গা নেওয়া হয়েছে। এখন কর্মীরা কতক্ষণ শৌচাগারে থাকছেন, সেটিও এআই প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।

কোর্টনি আরো জানান, শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলেও কর্মীরা সময়ের হিসাবের ভয়ে তা আটকে রাখার চেষ্টা করছেন। এতে দুর্ঘটনাও ঘটেছে।

সংবাদমাধ্যম দ্য পোস্টকে তিনি বলেন, ‘আমরা মেঝেতে কিছু (মল) পড়ে থাকতে দেখেছি। আমি বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নেওয়ার পর অবশ্য তা বন্ধ হয়েছে। তবে এর আগে একাধিকবার এমন দুর্ঘটনা ঘটেছে। কারা এর সঙ্গে জড়িত, তা আমরা জানি না। এমন পরিস্থিতিতে পড়া যে কারও জন্য অত্যন্ত অপমানজনক।’

তবে এসব অভিযোগকে বিস্ময়কর ও আপত্তিকর বলে উল্লেখ করেছে দ্য ওয়্যারহাউস গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রধান জনবল কর্মকর্তা রিচার্ড পার্কার বলেন, কর্মীদের দক্ষতা পর্যবেক্ষণে তারা যে প্রযুক্তি ব্যবহার করেন, সেটি এআই নয়। বিতরণকেন্দ্রগুলোতে কয়েক দশক ধরে বিশ্বজুড়ে ব্যবহৃত স্ক্যানিং যন্ত্রের মাধ্যমে কাজের দক্ষতা পরিমাপ করা হয়। এর সঙ্গে শৌচাগার ব্যবহারের কোনো সম্পর্ক নেই।

পণ্য গণনার কাজে ড্রোন ব্যবহারের কারণে কোনো কর্মীর চাকরি যায়নি বলেও দাবি করেন পার্কার। বরং এ বিভাগে বর্তমানে তিনটি অতিরিক্ত অস্থায়ী পদ রয়েছে বলে জানান তিনি।

পার্কারের দাবি, ড্রোন ব্যবহারে পণ্যের মজুতের হিসাব আরো নির্ভুল হচ্ছে এবং গ্রাহকসেবার মান বাড়ছে। একই সঙ্গে রাতের বেলায় যন্ত্রের সাহায্যে উঁচুতে উঠে কাজ করার প্রয়োজন কমায় বিতরণকেন্দ্রের নিরাপত্তাও বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাধারণ মানুষের মর্যাদা তুলে ধরলেন মহানবী (সা.)

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


সাধারণ মানুষের মর্যাদা তুলে ধরলেন মহানবী (সা.)

বিশিষ্ট সাহাবি হজরত আবু আব্বাস সাহল ইবনে সাদ সায়েদি (রা.) থেকে বর্ণিত হয়েছে যে, এক ব্যক্তি মহানবী (সা.)-এর পাশ দিয়ে যাচ্ছিল। তখন মহানবী (সা.) তার পাশে বসা একজন লোককে প্রশ্ন করলেন, "এ লোকের ব্যাপারে তোমার ধারণা কী?" সে উত্তর দিল, "সে সম্মানী লোক।

আল্লাহর কসম! যদি সে কাউকে বিয়ের প্রস্তাব দেয়, তাহলে তার প্রস্তাব গ্রহণ করা হবে এবং কারো জন্য সুপারিশ করলে তার সুপারিশও কবুল করা হবে।" মহানবী (সা.) এ কথা শুনে চুপ থাকলেন এবং কিছুই বললেন না।

কিছুক্ষণ পর, আরেক ব্যক্তি সেখানে দিয়ে অতিক্রম করছিল।

মহানবী (সা.) আবার তার পাশে বসা লোককে জিজ্ঞেস করলেন, "এ লোকের ব্যাপারে তোমার ধারণা কী?" সে বলল, "ইয়া রাসুলাল্লাহ, এ তো একজন দরিদ্র মুসলমান। সে এমন ব্যক্তি, কোথাও সে বিয়ের প্রস্তাব দিলে, সেটা কবুল করা হবে না; কারো জন্য সুপারিশ করলে, তা কবুল করা হবে না। সে কোনো কথা বললে, তার কথা কেউ শুনবেও না।" তখন মহানবী (সা.) বললেন, "ওরকম খ্যাতিমানদের চেয়ে এ রকম সাধারণ লোক পুরো দুনিয়া ভরে যাওয়া উত্তম।" (সহিহ বুখারি, হাদিস নম্বর : ৬৪৪৭)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমোহনে ৩৫ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


লালমোহনে ৩৫ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ

ভোলার লালমোহন পৌরসভার দত্তপাড়া পুকুরপাড় এলাকায় ৩৫ বছর ধরে দখল করে রাখা সরকারি জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা ও পৌর প্রশাসন। সেখানে জনসাধারণের চলাচলের সুবিধার্থে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌর কর্তৃপক্ষ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের সমন্বয়ে যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান এখনও চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক জানিয়েছেন, যেখানেই অবৈধ স্থাপনা রয়েছে, সেখানেই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এই অভিযানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সিফাত বিন সাদেক, লালমোহন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, পৌর সচিব মো. আরিফ হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী নিজাম উদ্দিন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পৌর কর্মকর্তা-কর্মচারীরা।

পৌরসভা সূত্রে জানা যায়, লালমোহন পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী জানান, তাঁদের প্রাণপ্রিয় ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশনায় লালমোহন পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরের লক্ষ্যে শহরের সৌন্দর্যবর্ধন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে পুকুরপাড়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পৌরসভার মাধ্যমে শিগগিরই সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু হবে।

পৌরসভা কর্তৃপক্ষ পূর্বে একাধিকবার মাইকিং করে দখলদারদের সতর্ক করেছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দখলদাররা স্থাপনা ও মালামাল সরিয়ে না নেওয়ায় প্রশাসন শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযানে নামে। অভিযানের সময় স্থানীয় কয়েকজন দখলদার বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে যৌথবাহিনী মোতায়েন করা হয়। পরে যৌথবাহিনীর নিরাপত্তায় দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

উপজেলা ও পৌর প্রশাসন জানিয়েছে, পৌর শহরের সৌন্দর্যবর্ধন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের কঠোর অবস্থান থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক জানিয়েছেন, শুধু এখানেই নয়, যেখানেই অবৈধ স্থাপনা রয়েছে, সেখানেই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে কৃষকরা বিনা হালে রসুন আবাদের কাজে ব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


চাটমোহরে কৃষকরা বিনা হালে রসুন আবাদের কাজে ব্যস্ত

পাবনার চাটমোহর উপজেলায় কৃষক ও কৃষিশ্রমিকরা বিনা হালে রসুন আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত বছরের রসুনের ভালো দাম পাওয়ার কারণে কৃষকরা এবারও রসুন রোপণের দিকে ঝুঁকে পড়েছেন। আমন ধান কাটার পর জমির খড় পরিষ্কার করে ভেজা জমিতে রসুন রোপণ করা হচ্ছে। এ ক্ষেত্রে কোনো হালচাষের প্রয়োজন পড়ে না। রসুন রোপণের পর জমিকে আবার খড় দিয়ে ঢেকে দেওয়া হয়। অন্যান্য ফসলের তুলনায় রসুনের ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকেরা এ বছরও রসুন আবাদের দিকে আগ্রহী হয়েছেন। চাটমোহরসহ চলনবিল অঞ্চলে রসুনকে ‘সাদা সোনা’ হিসেবে দেখা হচ্ছে, যা একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল।

উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে চাটমোহর উপজেলায় রসুন আবাদের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৭০০ হেক্টর জমিতে নির্ধারণ করা হয়েছে। কৃষিশ্রমিক ও কৃষকদের সঙ্গে কিষাণীরাও রসুন আবাদের কাজে বাড়িতে ও মাঠে সক্রিয় রয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানিয়েছেন, বর্তমানে চাটমোহর উপজেলায় রসুন একটি প্রধান অর্থকরী ফসল হিসেবে পরিচিত। খরচ কম এবং অধিক লাভ হওয়ায় কৃষকরা কয়েক বছর ধরে এই ফসলের আবাদে ঝুঁকছেন। বিনা হালে রসুন আবাদের পদ্ধতি এখানে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে, সরিষা, ভুট্টা, গম ও ধানের বাজারদর বৃদ্ধি পাওয়ার কারণে অনেক কৃষক রসুন আবাদের পরিবর্তে গম বা ভুট্টা আবাদের দিকে ঝুঁকছেন। কৃষি বিভাগ রবি মৌসুমে কৃষকদের সব ধরনের সহযোগিতা প্রদান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%