মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৫৯ পি.এম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মন্তব্য করেছেন যে, নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের সকলের বেতন দ্বিগুণ হবে, এ বিষয়টি সঠিক নয়। তবে তিনি স্বীকার করেছেন যে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা বিদ্যমান।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেছেন।
তথ্য উপদেষ্টা বলেন, 'আমি কথা বলে দেখেছি, সরকারি কর্মকর্তাদের বেতন স্কেল দীর্ঘদিন হয়নি। অনেকের ইনক্রিমেন্ট হতে হতে বেতন অনেক ক্ষেত্রে ওই পর্যায়ে চলে গেছে। অনেককে হিসাব করতে দেখেছি, নতুন স্কেল হওয়ার পরে তাদের বেতন আসলে কত টাকাই বা বাড়বে।'
তিনি আরও বলেন, 'দেখতে মনে হচ্ছে, বেতন অনেক বেড়ে যাবে, শতভাগ বেড়ে ডাবল হয়ে যাবে। বিষয়টি কিন্তু এরকম না। অনেক সিনিয়র কর্মকর্তা আছেন, যাদের বেতনের ইনক্রিমেন্ট হতে হতে তারা নতুন স্কেলের কাছাকাছি পৌঁছে গেছেন।'
পে স্কেল বাস্তবায়নে ব্যয় বাড়বে এবং এই ব্যয়ের জন্য সরকারের বাজেট রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
নতুন পে-স্কেলের ফলে বাজারে কী প্রভাব পড়তে পারে এবং তা মোকাবিলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশের মধ্যে থাকলে সেটিকে সহনীয় বলা যায়। কিন্তু দেশে দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি ২ অঙ্কে ছিল এবং তা ১০ শতাংশের বেশি ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে অবশ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বিপুলসংখ্যক মানুষের বেতন বাড়লে মূল্যস্ফীতির কিছুটা ঝুঁকি তৈরি হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রিয়াল মাদ্রিদের ডাগআউটে থাকার সময় হোসে মরিনহোকে কত রাত ঘুম হারাম করতে হয়েছে লিওনেল মেসিকে সামলাতে, তার কোনো হিসাব নেই। এই পর্তুগিজ ‘স্পেশাল ওয়ান’ মেসির জাদুকরী ড্রিবলিং এবং ক্ষুরধার আক্রমণ ভেস্তে দিতে বিশেষ পরিকল্পনা তৈরি করতেন।
বহু যুদ্ধের সেই পরিচিত প্রতিপক্ষ যখন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান, তখন শত্রুতার দেওয়াল গলে বেরিয়ে আসে নিখাদ শ্রদ্ধা।
সম্প্রতি সান্তিয়াগো বার্নাবেউয়ের হটসিটে ফিরে আসা মরিনিওকেও মেসির বিদায়ে তৈরি হওয়া শূন্যতা স্পর্শ করেছে। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকার আন্তর্জাতিক অবসরের ঘোষণা তার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে।
গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর কথা জানান মেসি।
অবসরের বার্তায় আবেগপ্রবণ হয়ে আলবিসেলেস্তে অধিনায়ক লেখেন, ‘ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বিদায়বেলায় নিজের ভেতরের আবেগ ধরে রাখতে না পেরে দেশের ভক্তদের উদ্দেশে মেসি আরও লেখেন, ‘এটি অত্যন্ত কষ্টদায়ক একটি সিদ্ধান্ত ছিল এবং এখনও আমার হৃদয়ের গভীরে আঘাত করছে। তবে আমি অনুধাবন করতে পারছি যে উপযুক্ত সময় এসে গেছে। আমি আপনাদের কসম খেয়ে বলছি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়ে খেলেছি।
কেবল সাম্প্রতিক বছরগুলোতে নয়, যখন আমরা সবকিছু জিতেছি, বরং তার আগের দিনগুলোতেও। আমি সবসময় লড়াই করেছি এবং এই জার্সিটার জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত অনুভব করাতে পারি।’
মহাকাব্যিক ক্যারিয়ারের এই শেষ পাতায় প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি মরিনিও। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কোচ হলেও মেসির বিদায় মেনে নিতে তার কষ্ট হচ্ছে। মেসির সেই পোস্টের কমেন্ট বক্সে পর্তুগিজ মাস্টারমাইন্ড লেখেন, ‘চমৎকার ও অবিস্মরণীয় আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন।
তোমার অনুপস্থিতিতে পরের কোপা আমেরিকা ও পরের বিশ্বকাপ আগের মতো একই রকম থাকবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নে ১৮ ঘন্টা পরিশ্রম করছেন আর অন্য একটি দল নির্বাচনে হেরে গিয়ে পাগল হয়ে তারেক রহমানের কাজে ঈর্ষান্বিত হয়ে রাজপথে পাগলের প্রবল করছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা বিএনপির আয়োজনে শহরের শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন,আমরা বলে দিতে চাই তারেক রহমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন দেশের মানুষের ভালবাসায় প্রধানমন্ত্রী হয়েছেন।মিথ্যা অপবাদ দিয়ে তারেক রহমানকে ছোট করা যাবে না। আমরা বিরোধী দল মতের বন্ধুদের সাবধান করে দিতে চাই,আপনারা ভালো কাজের সাথে থাকেন তারেক রহমানের উন্নয়নের সাথে থাকেন, তাহলে বাংলাদেশের উন্নতি হবে ভবিষ্যতে মানুষের কাছে যেতে পারবেন। আর যদি সরকারের বিরোধিতা করেন তাহলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন আপনারা। ফ্যাসিস্টদের বিদায় হয়েছে বাংলাদেশের লক্ষ জনতা নির্যাতিত হয়েছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তাদের রক্তের প্রতি সম্মান রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন-মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড,জাফর আলী মিয়া,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ,জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার,সাধারণ সম্পাদক এ্যাড,মাসুদ পারভেজ,জেলা কৃষকদলের আহবায়ক ওলিউর রহমান দর্জি,সদস্য সচিব এ্যাড,অহিদুজ্জামান খানসহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে তার নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে এটি তার প্রথম ঠাকুরগাঁও সফর হবে।
ঠাকুরগাঁওবাসীর মধ্যে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন স্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রঙ করার কাজ।
সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজনে একটি সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি যোগদান করবেন।
নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানিয়েছেন, রাষ্ট্রপতি ওই দিন হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও পৌঁছাবেন। তিনি সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর শহরের সেনুয়া গোরস্থানে তার পিতার কবর জিয়ারত করবেন। এরপর তিনি নিজের বাড়িতে যাওয়ার পর সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে জামালপুরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইস্রাফিল শাহীন জানিয়েছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সীমিতসংখ্যক অতিথি উপস্থিত থাকবেন।
রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন জানিয়েছেন, নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়া হবে।
তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতি বর্তমানে একটি নিরপেক্ষ ব্যক্তি। তাই সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি বা ধানের শীষের কোনো প্রতীক প্রদর্শন না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে কেন্দ্রীয় বিএনপির সহায়তায় এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।
সকাল থেকেই ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণ করতে জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। মেডিসিন, হৃদরোগ, চর্ম ও যৌন, চক্ষুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা রোগীদের পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে রুহুল কবির রিজভী মন্তব্য করেন, "বিএনপি সব সময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল এবং আছে।" তিনি উল্লেখ করেন, দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দলের নেতাকর্মীরা সবসময় সামনের সারিতে ছিলেন। এই ফ্রি মেডিকেল ক্যাম্প বিএনপির সামাজিক ও মানবিক অঙ্গীকারের ধারাবাহিকতার অংশ।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া বিএনপির অন্যতম অগ্রাধিকার।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শত শত দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ