ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশ দলে ডিফেন্ডার স্ট্রাইকার, বোলার ওপেনার হিসেবে মাঠে নামলেন


বাংলাদেশ দলে ডিফেন্ডার স্ট্রাইকার, বোলার ওপেনার হিসেবে মাঠে নামলেন

ফুটবলে গোল ঠেকানোর দায়িত্ব যার, তাকেই গোল করার দায়িত্ব দেওয়া হলো। এমন বিপরীত কাজটি আবার দেখা গেল ক্রিকেটে। বোলার হয়ে গেলেন ওপেনার।

এই দুটি ঘটনা ভিন্ন ভিন্ন খেলার হলেও একটি জায়গায় মিল রয়েছে। অচেনা ভূমিকার এমন দৃশ্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দেখা গেছে। সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে স্ট্রাইকার হিসেবে খেলানো হলো। আর সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিংয়ে নামলেন স্পিনার নাঈম হাসান।

গতকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভুটানের মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে কোচ থমাস ডুলি রক্ষণভাগের খেলোয়াড় বিশ্বনাথকে মূল স্ট্রাইকার হিসেবে খেলান। বাধ্য হয়ে তাকে খেলানো হয়েছে এমনটা বলা যাবে না। ফরোয়ার্ড লাইনে খেলার জন্য বাংলাদেশের স্কোয়াডে শুকি ইতোফুসা-মিনহাজুল স্বাধীনরা ছিলেন। বদলি নামা ফাহমিদুল ইসলামও শুরুর একাদশে থাকতে পারতেন।

আরও পড়ুন: ৬৪ টেস্টে ২২৯ উইকেট, সাদা জার্সিকে বিদায় জানালেন শামি

কিন্তু কোচ ডুলি পরীক্ষা চালাতে গিয়ে বিশ্বনাথকে অচেনা পজিশনে নামালেন। ফল যা হওয়ার তাই হলো। চেষ্টা করলেও অনভিজ্ঞতার কারণে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলেন বিশ্বনাথ। এতে ঘরের মাঠে গোল না পাওয়ার চাপ বাংলাদেশের ঘাড়ে বাড়ছিল। শেষ পর্যন্ত বদলি নেমে বাংলাদেশকে বাঁচিয়েছেন ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। ৬৯ মিনিটে তার করা গোলেই বাংলাদেশ ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

একই চিত্র ক্রিকেটেও দেখা গেছে। সিলেটে আজ ফিল্ডিংয়ের সময় সাদমান ইসলাম চোট পেলে নাঈমকে ওপেনার হিসেবে মাঠে নামায় বাংলাদেশের ম্যানেজমেন্ট। মিরপুর টেস্টে ফিফটি পেলেও নতুন বলের সামনে যা হওয়ার তাই হলো। ৫ রানে ড্রেসিংরুমে ফিরলেন অফস্পিনার। টেস্টে এর আগে যার আট নম্বরের ওপরে কখনো ব্যাট করা হয়নি। অথচ, ওপেনার হিসেবে মেহেদী হাসান মিরাজকে নামাতে পারত বাংলাদেশ। এমনকি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও খেলতে পারতেন। দুজনেরই ওপেনার হিসেবে খেলার অভিজ্ঞতা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ওসির বিরুদ্ধে তরুণীকে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ এম


গাজীপুরে ওসির বিরুদ্ধে তরুণীকে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেনের বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৪ সেপ্টেম্বর, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী। অভিযোগে ওসির এক সহযোগী সোহেল নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী এবং তার পরিবারের অভিযোগ, লিখিত অভিযোগ দেওয়ার পর থেকে ওসি ও তার লোকজন তাদের হুমকি দিচ্ছেন। এই কারণে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

অভিযোগ দেওয়ার প্রায় দেড় মাস পরেও ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

ভুক্তভোগী তরুণী জানান, প্রায় দেড় বছর আগে কাশিমপুর থানায় কর্মরত থাকা অবস্থায় ওসি ইফতেখার হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। ওই সময় ওসি ইফতেখার তার মোবাইল নম্বর সংগ্রহ করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্ক চলাকালীন তিনি নিজেকে অবিবাহিত দাবি করেন এবং বিয়ের প্রতিশ্রুতি দেন।

তরুণী বলেন, দীর্ঘদিন ধরে ওসি ইফতেখার হোসেন তাকে তার বন্ধু সোহেলের বাসায় নিয়ে যেতেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতেন। সোহেল এই অপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিল। সোহেল নিয়মিতভাবে তরুণীকে ওসির সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে যেত এবং ওসির জন্য তার বাসাকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করতে দিত। পরে বিয়ের জন্য চাপ দিলে, ওসি ইফতেখার তাকে ৫ বছর অপেক্ষা করতে বলেন এবং সর্বশেষ বিয়ে করতে অস্বীকৃতি জানান।

অভিযোগে তরুণী উল্লেখ করেন, এই ঘটনা জানার পর ওসি ইফতেখার হোসেনের বাবা তাকে ফোন করে আর্থিক অসচ্ছলতা নিয়ে অপমান করেন। ওসির বাবার এই দুর্ব্যবহারের প্রতিবাদ করায়, ওসি নিজে অকথ্য ভাষায় গালিগালাজ, মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেন। গত ১১ সেপ্টেম্বর, ওসি ইফতেখার হোসেন ক্ষমতার অপব্যবহার করে তার বন্ধু সোহেল এবং তার কথিত এক আঙ্কেলকে তরুণীর বাসায় পাঠান। এ সময় তারা তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক মোবাইল কেড়ে নিয়ে ওসির বিরুদ্ধে থাকা সমস্ত কল রেকর্ড ও মেসেজ ডিলিট করে দেন। তরুণী আশঙ্কা প্রকাশ করেন যে, ওসি এবং তার সহযোগী সোহেল যেকোনো সময় তার এবং পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারেন।

তরুণী আরও বলেন, কমিশনারের কাছে অভিযোগ দেওয়ার পর থেকে ওসি ইফতেখার হোসেন তাকে ও তার পরিবারকে হুমকি দিচ্ছেন। তিনি বলেন, "বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন।" তিনি জানান, তারা ভয়ে বাসা থেকেও বের হতে পারছেন না এবং বিচার চেয়ে আবেদন করেছেন।

ভুক্তভোগী তরুণী দাবি করেন, ওসি ইফতেখার হোসেন এবং সোহেলের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্তপূর্বক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।

অভিযুক্ত ওসি মো. ইফতেখার হোসেন বলেন, "এগুলো সব কথা মিথ্যা।"

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান বলেন, "একটি অভিযোগ পেয়েছি। এটা তদন্তে আছে। অভিযোগ পাওয়ার পর একজন অফিসার নিয়োগ করা হয়েছে, তিনি তদন্ত করে রিপোর্ট দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোর অবসর নিয়ে চাপের মুখে পর্তুগাল কোচ, দাবি ‘আমি দায়ী নই’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ এম


রোনালদোর অবসর নিয়ে চাপের মুখে পর্তুগাল কোচ, দাবি ‘আমি দায়ী নই’

পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জে জেসুস ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের বিষয়টি নিয়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আসন্ন আন্তর্জাতিক বিরতির জন্য দলের ঘোষণার পর সংবাদ সম্মেলনে রোনালদোর অবসরের বিষয়টি বারবার উঠে আসায় তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করেন। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, রোনালদোর জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তের জন্য তিনি দায়ী নন।

জেসুসের মতে, রোনালদোর বিদায়ের ঘটনা কিছুটা দ্রুত ঘটেছে। তবে তিনি মনে করেন, একসময় এমন সিদ্ধান্ত আসা স্বাভাবিক ছিল। তিনি নিজের কোচিংয়ের সময়ের মধ্যে এই ঘটনাটি ঘটেছে বলে অনুতপ্ত নন। বরং তিনি রোনালদোর সিদ্ধান্তকে সম্মান জানানোর পাশাপাশি পর্তুগিজ ফুটবলে তার অসামান্য অবদানের গুরুত্বও তুলে ধরেন।

পর্তুগাল কোচ বলেন, রোনালদোর সঙ্গে তার দীর্ঘদিনের ভালো সম্পর্ক রয়েছে। মাঠের বাইরেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। জাতীয় দলের থেকে সরে দাঁড়ালেও রোনালদো পর্তুগালের ফুটবলের অন্যতম বড় প্রতীক হয়ে থাকবেন। বিশেষ করে নতুন প্রজন্মের ফুটবলারদের কাছে তার প্রভাব ও অনুপ্রেরণা কখনোই মুছে যাবে না।

জাতীয় দলের সর্বশেষ ক্যাম্পে জায়গা না পাওয়ার পর রোনালদোকে নিয়ে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছিল। জেসুস এবারও তাকে দলে ফেরানোর প্রত্যাশা করেছিলেন। এমনকি তার সঙ্গে কথা বলার বিষয়টিও বিবেচনায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত রোনালদো নিজেই জাতীয় দল থেকে বিদায়ের সিদ্ধান্ত নেওয়ায় সেটি মেনে নিয়েছেন কোচ।

রোনালদোর সঙ্গে যোগাযোগ না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জেসুস জানান, এই সিদ্ধান্ত যেকোনো সময় আসতে পারত। তার চার বছরের কোচিং মেয়াদে (২০৩০ সাল পর্যন্ত) রোনালদোর বিদায়ের ঘটনা ঘটতই। নেশন্স লিগ চলাকালীন হোক কিংবা অন্য কোনো সময়ে, রোনালদো নিজের উপযুক্ত মুহূর্ত বিবেচনা করেই সরে দাঁড়াতেন বলে তিনি মনে করেন।

এদিকে ঘোষিত পর্তুগাল দলে সাতজন নতুন ফুটবলার জায়গা পেয়েছেন। প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন আলবার্তো কস্তা, গুস্তাভো ভারেয়া, অ্যান্তনিও সিলভা, মাতিয়াস ফার্নান্দেজ, কার্লোস ফর্বস, রদ্রিগো মোরা ও জিওভানি কুয়েন্দা। জেসুসের বিশ্বাস, ক্লাব পর্যায়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই তারা জাতীয় দলে সুযোগ অর্জন করেছেন। তাদের মধ্যে পাঁচজন আগে অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন।

সবশেষে, পর্তুগিজ কোচ তার সিদ্ধান্তের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন। তার ভাষ্য, দলের স্বার্থ বিবেচনা করেই তিনি প্রতিটি সিদ্ধান্ত নিয়ে থাকেন। রোনালদোর প্রতি ব্যক্তিগত কোনো অসন্তোষ বা ক্ষোভ নেই। একজন কোচ হিসেবে যেটি দলের জন্য সবচেয়ে ভালো মনে হয়েছে, সেটিই করেছেন তিনি। আর নিজের সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনাও নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি নেতারা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে নাতনির ঝুলানো সাইনবোর্ড ভাঙলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৫ এম


এনসিপি নেতারা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে নাতনির ঝুলানো সাইনবোর্ড ভাঙলেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শহীদ বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ের ঐতিহাসিক বাসভবন সংরক্ষণ করে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবিতে সক্রিয় হয়ে উঠেছে। শুক্রবার রাতে এই দাবির প্রেক্ষিতে বাড়ির সামনে স্থাপিত সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেন এনসিপি কুমিল্লা মহানগর শাখার নেতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সাইনবোর্ড ভাঙার একাধিক ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ও সংরক্ষিত নারী আসনের দুই বারের সংসদ সদস্য আরমা দত্ত রাতের এই ঘটনার জন্য ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পূর্বে বিভিন্ন সময় বাড়িটি সংস্কার, স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও সংরক্ষণের দাবি উঠলেও তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি আরমা দত্ত ওই সম্পত্তির বৈধ ওয়ারিশ দাবি করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। পারিবারিক উত্তরাধিকারসূত্রে তিনি এই সম্পত্তির ওয়ারিশ। আরমা, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের একমাত্র ছেলে সঞ্জিব দত্তের মেয়ে। সাইনবোর্ডে লেখা ছিল—‘এই জমির প্রকৃত মালিক ওয়ারিশ সূত্রে আরমা দত্ত। পিতা মৃত সঞ্জিব দত্ত। দাগ নং ১৮০০, মৌজা ছোটরা, কুমিল্লা।’

এনসিপি নেতাদের বক্তব্য অনুযায়ী, বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক ও জাতীয় ঐতিহ্য হিসেবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া উচিত। তারা জানান, বাড়ি বিক্রির প্রচেষ্টার অংশ হিসেবে সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে পুরোনো স্থাপনা সরানোর চেষ্টা চলছে। সুতরাং, বাড়ি বিক্রি প্রতিহত করতে সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর এনসিপি নেতারা সেখানে গিয়ে প্রথমে বাড়িটি সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন। পরে তারা সাইনবোর্ডটি ভেঙে ফেলেন।

রাত ১০টার দিকে এনসিপি কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব মাসুমুল বারী কাওসার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত বাড়িটি সাধারণ কোনো স্থাপনা নয়; এটি ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ জাতীয় ঐতিহ্য। তাই, বাড়িটি ব্যক্তিগত কেনাবেচার বিষয় না করে রাষ্ট্রীয় উদ্যোগে সংরক্ষণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, এ উদ্যোগ বাস্তবায়নে তারা সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করবেন।

এনসিপি কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব মাসুমুল বারী কাওসার সমকালকে বলেন, "আমরা একটি ঐতিহাসিক বাড়ি রক্ষা করতে সাইনবোর্ড ভেঙে ফেলেছি। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। আশা করি সরকার ও ওয়ারিশ হিসেবে আরমা দত্তকে পাশে পাবো। যদি এ জায়গা বিক্রি কিংবা বহুতল ভবন করতে চাইলে জনগণ নিয়ে প্রতিহত করা হবে।"

মুঠোফোনে আরমা দত্ত সমকালকে বলেন, "এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আমি এর বৈধ ওয়ারিশ। কুমিল্লাবাসীও এ বিষয়ে অবগত। তাই এ বাড়িটির জায়গা আমি কী করবো, রাখবো না বিক্রি করবো, এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু রাতে এভাবে একটি বাড়ির বৈধ সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি দুঃখজনক। আমি প্রশাসনকে বিষয়টি অবহিত করবো।"

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড কে ভেঙেছে, এ বিষয়ে এখনো কেউ অবহিত করেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে কুমিল্লার নিজ বাসভবন থেকে পাকিস্তানি সেনাবাহিনী তাকে ও তার ছেলে দিলীপ কুমার দত্তকে ধরে নিয়ে যায়। এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। দিলীপ কুমার দত্তের মেয়ে আরমা দত্ত একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরে ২৪ ঘণ্টায় ট্রাক পৌঁছাবে চীনে: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৫ এম


বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরে ২৪ ঘণ্টায় ট্রাক পৌঁছাবে চীনে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার হয়ে চীন করিডোর বাস্তবায়ন হলে, দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। চট্টগ্রাম থেকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে একটি ট্রাক চীনের ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম হবে, এমন তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ১২ বছর পূর্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।

বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে বাণিজ্য ঘাটতি নতুন কিছু নয়, স্বাধীনতার পর থেকেই এই সমস্যা বিদ্যমান। তবে সরকার চায় না যে বাংলাদেশ শুধুমাত্র তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল হয়ে পড়ুক। এই বিষয়টি গভীরভাবে বিবেচনা করা হচ্ছে। তৈরি পোশাকের বাইরে অন্যান্য পণ্য রফতানি করার সম্ভাবনা নিয়ে কাজ চলছে এবং রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

চলমান শ্রমিক অসন্তোষের প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানালেন, শ্রমিক আন্দোলনের পেছনে যেসব ইন্ধনদাতা রয়েছে, তাদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%