ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ফটিকছড়িতে বিশেষজ্ঞ চিকিৎসকদের ফ্রি ক্যাম্প, ৩ লাখ টাকার ওষুধ ও চশমা বিতরণ


ফটিকছড়িতে বিশেষজ্ঞ চিকিৎসকদের ফ্রি ক্যাম্প, ৩ লাখ টাকার ওষুধ ও চশমা বিতরণ

"বয়স হয়েছে, চোখেও ঠিকমতো দেখি না। টাকার অভাবে ভালো ডাক্তার দেখানো সম্ভব হয় না। এখানে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পাশাপাশি ওষুধ ও চশমাও পেয়েছি। এমন সুযোগ আমাদের মতো গরিব মানুষের জন্য অনেক বড় পাওয়া।" কথাগুলো বলছিলেন চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের গোপালঘাটায় আয়োজিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে সেবা নিতে আসা এক সত্তরোর্ধ বয়োবৃদ্ধা রোগী সায়রা খাতুন। তাঁর মতো গ্রামের শত শত অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য একদিনের এই আয়োজন হয়ে ওঠে স্বস্তির উপলক্ষ।

চট্টগ্রামের ফটিকছড়িতে সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে লেলাং ইউনিয়নের গোপালঘাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

‘হাজী মোমেনা-আনোয়ার মুহুরী ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্র্যাট ও নানুপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার।

আরও পড়ুন: ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিরাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জয়নাল আবেদীন মুহুরীর সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পে ১৬ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল অংশ নেয়। দিনব্যাপী এ কার্যক্রমে চক্ষু, চর্ম ও যৌনরোগ, মেডিসিন, হৃদরোগ, গাইনি, শিশু রোগ এবং হাড়ভাঙা ও বাত-ব্যথাসহ বিভিন্ন বিভাগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

চিকিৎসাসেবার পাশাপাশি অসহায় ও দুস্থ রোগীদের মধ্যে প্রায় তিন লাখ টাকার বিনামূল্যের ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিকভাবে বাছাই করা ২০ জন ছানি রোগীর চোখের বিনামূল্যে অস্ত্রোপচারের সম্পূর্ণ ব্যবস্থা করে দেয় আয়োজক কর্তৃপক্ষ। এতে চিকিৎসাবঞ্চিত দরিদ্র রোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বস্তি দেখা যায়।

স্থানীয়রা জানান, গ্রামীণ জনপদে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেওয়া অনেক দরিদ্র পরিবারের জন্য ব্যয়বহুল ও কষ্টসাধ্য। এ ধরনের উদ্যোগের ফলে এক জায়গায় বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চশমা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে বয়োবৃদ্ধ ও অসচ্ছল রোগীদের জন্য এটি ছিল অত্যন্ত উপকারী আয়োজন।

আয়োজকরা জানান, মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: কসবায় দু'পক্ষের সংঘর্ষে জনজীবন বিপর্যস্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক শিল্পের অস্থিরতা বিনিয়োগে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


পোশাক শিল্পের অস্থিরতা বিনিয়োগে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, পোশাক শিল্পে সাম্প্রতিক কয়েক দিনের অস্থিরতার কারণে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, "কোনো অস্থিরতাই কাম্য নয়। কারণ একটি অস্থিরতা নতুন আরেকটি অস্থিরতা সৃষ্টি করে। তবে বিনিয়োগ দীর্ঘমেয়াদি বিষয়। তাই এই কয়েক দিনের অস্থিরতার কারণে বিনিয়োগ দুই পা পিছিয়ে বা এগিয়ে যাবে না।"

পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের প্রভাব সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, "এ ধরনের পরিস্থিতিতে মালিকপক্ষ, বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতাদের মধ্যে সাময়িক উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। তবে কয়েক দিনের অস্থিরতা ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড বিচার-বিশ্লেষণ করে শ্রমিকদের জন্য উপযুক্ত মজুরি নির্ধারণ করবে।"

সীমান্ত হাট চালু এবং স্থলবন্দরগুলোর পূর্ণ সক্ষমতা ব্যবহারের বিষয়ে মন্ত্রী বলেন, "এসব কার্যক্রম দুই দেশের পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল। বাংলাদেশের পাশাপাশি সংশ্লিষ্ট অন্য দেশেরও আগ্রহ ও সহযোগিতা প্রয়োজন। উভয় দেশের সম্মিলিত উদ্যোগেই কার্যক্রম পুনরায় চালু ও সম্প্রসারণ করা সম্ভব।"

এর আগে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শ অনুসরণ করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, "৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার আকাঙ্ক্ষা নতুন করে প্রতিষ্ঠিত হয়েছিল। জিয়াউর রহমান মানুষের মধ্যে জাতীয়তাবোধ ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিলেন। সীমিত সম্পদ ও নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের এগিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে তিনি তা প্রমাণ করেছিলেন।"

জিয়াউর রহমানের নেতৃত্বের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, "তার নেতৃত্বে বাংলাদেশ অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান ও গ্রহণযোগ্যতা অর্জন করে। মুসলিম বিশ্বের সঙ্গেও সম্পর্ক সুদৃঢ় হয়। সততা, স্বজনপ্রীতিহীনতা ও দেশপ্রেমের যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা এখনো মানুষের কাছে একটি মানদণ্ড। বিএনপির নেতাকর্মীদের কাছেও মানুষ একই মানের সততা, দায়িত্বশীলতা ও আদর্শ প্রত্যাশা করে।"

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও তাহসিনা রুশদির লুনা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম এবং রেঞ্জ ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন।

এছাড়াও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম ও পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ-মালদ্বীপ কূটনৈতিক সম্পর্কের সূচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ-মালদ্বীপ কূটনৈতিক সম্পর্কের সূচনা

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন করেছে।

এই বিশেষ দিনটি উপলক্ষে আয়োজিত একাডেমিক সেমিনার ও প্যানেল আলোচনায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুদূরপ্রসারী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ-মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করেন।

আজ শনিবার, দেশটির বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকমিশন মিলনায়তনে ‘জাতীয় ইতিহাস, কূটনৈতিক উত্তরাধিকার এবং বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্ব’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। এতে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষাবিদ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড পাবলিক পলিসি বিভাগের প্রধান মোহাম্মদ হুদ ইব্রাহিম। প্যানেল আলোচনায় অংশ নেন একই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. কে. এম. হুরিয়া পারভীন এবং মালদ্বীপে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশি উদ্যোক্তা ও কমিউনিটি নেতা খলিলুর রহমান।

আলোচনায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, বাংলাদেশের জাতীয় জীবনে এই দিনের গুরুত্ব এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের তাৎপর্য তুলে ধরেন।

তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রগঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয় সংহতি অর্জন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণে অবদানের কারণে দুই দেশের বন্ধুত্ব আজ পাঁচ দশকে পা দিয়েছে। ১৯৭৮ সালে তাঁর সময়ে গড়ে ওঠা ঐতিহাসিক কূটনৈতিক ভিত্তিই আজ দুই দেশের সম্পর্কের প্রধান শক্তি।

প্যানেল আলোচনায় বক্তারা শিক্ষাকূটনীতি, যৌথ একাডেমিক গবেষণা এবং প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও অর্থনৈতিক অবদানের বিষয়গুলো বিশদভাবে আলোচনা করেন।

বক্তারা আরও জানান, মালদ্বীপে কর্মরত প্রায় ১ লাখ প্রবাসী বাংলাদেশি তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশটির অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে নিবিড় বন্ধুত্বের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন।

সভাপতির বক্তব্যে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা তাঁর বৈদেশিক নীতির সুফল আজও প্রত্যক্ষ করছি। ১৯৭৮ সালে শুরু হওয়া কূটনৈতিক পথচলা আজ দ্বিপাক্ষিক বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে।

তিনি প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার জন্য মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের প্রাপ্ত বাণী পাঠ এবং বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সেমিনার ও আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজেপিকে মমতার হুঁশিয়ারি, "আমাদের ওপর বুলডোজার চালান"

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


বিজেপিকে মমতার হুঁশিয়ারি, "আমাদের ওপর বুলডোজার চালান"

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ‘গুন্ডামির’ অভিযোগ তুলে বলেন, প্রয়োজনে তাদের শরীরের ওপর দিয়ে বুলডোজার চালাতে হবে। শনিবার (৭ নভেম্বর) তিনি তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় বিজেপিকে দায়ী করেন।

মমতা অভিযোগ করেন, কালীপূজা ও দীপাবলির কয়েক ঘণ্টা আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অভিষেকের বাড়ির সামনে হামলা চালানো হয়। তিনি আরও বলেন, এ সময় এলাকায় ধর্মীয় উৎসব পালনে বাধা সৃষ্টি করা হয়।

এ ঘটনায় জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সংঘর্ষের ফলে অন্তত আটজন আহত হয়েছেন। দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায় শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, মমতা অভিযোগ করেন, এলাকায় দুর্গাপূজার একটি প্যান্ডেল অবৈধভাবে প্রধান সড়কের ওপর স্থাপন করা হয়েছে। এর ফলে ঐতিহ্যবাহী পূজায় যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে বলে তিনি দাবি করেন। কর্তৃপক্ষের বিরুদ্ধে নতুন পূজার অনুমতি দিয়ে পুরোনো পূজায় বাধা দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

সংবাদ সংস্থা এএনআইকে মমতা বলেন, ‘এটি আমাদের এলাকা। এই পথ দিয়ে মা কালীর অনেক শোভাযাত্রা যায়। আপনারা কেন এমন বিশৃঙ্খলা সৃষ্টি করছেন? আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পূজার অনুমতি বাতিল করেছেন, অথচ নতুন পূজার আয়োজনের অনুমতি দিচ্ছেন। গত রাতেও স্থানীয় ক্লাবগুলোকে কার্যক্রম চালাতে বাধা দিয়েছেন। আমরা ইন্ডিয়া জোটের অংশ, আর এ কারণেই তাদের এত ক্ষোভ।’

তিনি আরও বলেন, ‘এখানে চরম গুন্ডামি চলছে। রাত ২টা বা ৩টার দিকে লোকজন এখানে এসে হাজির হচ্ছে। বুলডোজার চালানোর সাহস থাকলে রাত ৩টার সময় গুন্ডাদের দল নিয়ে কালীপূজায় হামলা করতে আসছেন কেন? আমরা এখানে দলীয় কাজ করছি, আর আপনারা তা বাধাগ্রস্ত করতে আসছেন।’ সূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রোহিতরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রোহিতরা

ভারতের ক্রিকেট দল নিউজিল্যান্ডকে ৪ রানে পরাজিত করে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। ওয়েলিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বৃষ্টির কারণে বাধা সৃষ্টি হলে স্বাগতিক নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ১৩৪ রানে অলআউট হয়। ভারতীয় দলের সংগ্রহ ছিল ২৬ ওভারে ৭ উইকেটে ১১৩ রান, যখন বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতি অনুযায়ী সফরকারীরা ৪ রানের জয় পায়। পাঁচ ম্যাচের সিরিজে ভারত এখন ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

বৃষ্টির কারণে ম্যাচটি ৪৭ ওভারে সীমাবদ্ধ হয়ে পড়ে। টস জিতে ভারত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে নিউজিল্যান্ড শুরু থেকেই চাপের মধ্যে পড়ে। ভারতীয় পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

আউকিব নবি অভিষেক আন্তর্জাতিক উইকেট নিয়ে দুই ওপেনার টিম সাইফার্ট ও উইল ইয়ংকে ফিরিয়ে দেন। এরপর আনশুল কাম্বোজ হেনরি নিকোলসকে আউট করেন। ৫৩ রানে ৩ উইকেট হারানোর পর গুরনুর ব্রার জোড়া আঘাত হানেন, টম ল্যাথাম ও গ্লেন ফিলিপসকে আউট করেন।

ড্যারিল মিচেল একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান, ১০৪ বলে ৫৫ রান করেন। অধিনায়ক মিচেল স্যান্টনার ৩৮ বলে ৩১ রান করেন। তবে বাকিরা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি এবং নিউজিল্যান্ড ৪১ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায়।

ভারতের বোলিংয়ে গুরনুর ব্রার দুর্দান্ত পারফরম্যান্স দেখান, ১০ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন। আউকিব নবি, আনশুল কাম্বোজ ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারত শুরুতেই বিপাকে পড়ে। ইনিংসের প্রথম বলেই শুবমান গিল গোল্ডেন ডাক পান, পরের ওভারে বিরাট কোহলিও আউট হন। রোহিত শর্মা কিছুটা গতি আনলেও কাইল জেমিসনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৭ রানে ৪ উইকেট হারায় ভারত।

শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। আইয়ার ৪৬ বলে ৩০ রান করেন, অন্যদিকে রাহুল ৩৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন, ইনিংসে দুটি চার ও দুটি ছক্কা ছিল। বৃষ্টির সময় ভারতের স্কোর ছিল ২৬ ওভারে ৭ উইকেটে ১১৩। তখন সফরকারীদের জয়ের জন্য ২২ রান প্রয়োজন ছিল। তবে ডিএলএস হিসাব অনুযায়ী ভারত তখন লক্ষ্যের চেয়ে ৪ রান এগিয়ে থাকায় জয় নিশ্চিত হয়।

এই জয়ের ফলে ভারত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল। সিরিজের তৃতীয় ম্যাচ আগামী মঙ্গলবার, হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%