ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার


অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ শাকিল আহমেদকে (৩৭) গ্রেপ্তার করেছে এসআরবি। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বনলতা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার শাকিল আহমেদ গোদাগাড়ী উপজেলার নারায়ণপুর এলাকার মোঃ ফজলুর রহমানের ছেলে। অভিযানের পর তাঁকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

আরও পড়ুন: শীতলক্ষ্যা থেকে মাটি লুট থামছে না, অভিযানে ক্ষুব্ধ স্থানীয়রা

এসআরবি জানায়, শাকিল আহমেদ রাজপাড়া থানায় করা একটি অপহরণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা নম্বর-১০, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬। মামলাটির তদন্তের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৮-১০টি বসতঘর

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


ভৈরবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৮-১০টি বসতঘর

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ থেকে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের চণ্ডিবের এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় চণ্ডিবের এলাকার একটি বসতঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে একের পর এক ঘর আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়।
খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আশুগঞ্জ থেকে আরও একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিটের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
এদিকে আকস্মিক এ অগ্নিকাণ্ডে বসতঘর ও মালামাল হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চরম হতাশা ও আহাজারি দেখা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডার সরকারি ওয়েবসাইটে হ্যাকের চেষ্টা করল এআই এজেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


কানাডার সরকারি ওয়েবসাইটে হ্যাকের চেষ্টা করল এআই এজেন্ট

একটি এআই গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট কানাডা সরকারের একটি ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল। তবে, ওই প্রচেষ্টা সফল হয়নি। কানাডা সরকারও এ বিষয়ে নিশ্চিত করেছে যে, তাদের কোনো সিস্টেমে ক্ষতি হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।

এআই গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সলুস বুধবার জানায়, তাদের এআই এজেন্টরা ওয়েবসাইটটিতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। প্রতিষ্ঠানটি এই ঘটনাকে একটি ব্যর্থ হ্যাকিং প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে।

ট্রান্সলুস আরও জানায়, এআই এজেন্টদের ব্যবহৃত কৌশল একই সময়ে ওপেনএআইয়ের সঙ্গে সম্পর্কিত কিছু এজেন্টের কার্যক্রমের সাথে মিল রয়েছে। তবে, ট্রান্সলুস বলেছে, এসব প্রচেষ্টা ওপেনএআইয়েরই ছিল, এমনটি নিশ্চিতভাবে বলার মতো যথেষ্ট প্রমাণ তাদের কাছে নেই।

ট্রান্সলুস জানিয়েছে, তাদের এআই এজেন্ট ২৮ মে ও ৯ জুন কানাডার ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’ ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করেছিল। প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে জানায়, সোমবার তারা কানাডা সরকারকে এ বিষয়ে অবহিত করেছে।

কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটি মঙ্গলবার জানায়, তারা এআই এজেন্টের সন্দেহজনক কার্যক্রমের খবর সম্পর্কে অবগত। তবে এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘এখন পর্যন্ত সরকারি কোনো সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।’

ট্রান্সলুস আরও জানায়, তারা নিশ্চিতভাবে বলতে পারছে না যে এসব চেষ্টা ওপেনএআই করেছে। তবে ওই এআই এজেন্টের ব্যবহৃত কৌশল একই সময়ে ওপেনএআইয়ের সঙ্গে সম্পর্কিত বলে তারা যে কার্যক্রম শনাক্ত করেছিল, তার সাথে মিল রয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, এ কারণে ওপেনএআইয়ের সম্পৃক্ততার সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছে না। তবে বিষয়টি নিশ্চিত করার মতো প্রমাণও তাদের হাতে নেই।

ওপেনএআই জানিয়েছে, কানাডার সরকারি ওয়েবসাইট থেকে সবার জন্য উন্মুক্ত তথ্য সংগ্রহের চেষ্টা নিয়ে তাদের এআই মডেলের কার্যক্রমের একটি প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, তারা পাওয়া তথ্য পর্যালোচনা করছে এবং কানাডার কর্মকর্তাদের এ বিষয়ে প্রাথমিক তথ্য দিয়েছে।

এদিকে, এআই প্রযুক্তির দ্রুত উন্নয়নের সাথে তাল মেলাতে বিশ্বজুড়ে সরকারগুলো বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিশ্বের কয়েকটি বড় এআই প্রতিষ্ঠানও এই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছে এবং এআই নিয়ন্ত্রণে সরকারগুলোর মধ্যে সমন্বয়ের আহ্বান জানিয়েছে।

ট্রান্সলুস জানায়, পর্তুগালের বিজ্ঞান ও প্রযুক্তি ফাউন্ডেশন পরিচালিত বিনামূল্যের অনলাইন সেবা ‘আর্কাইভ ডট পিটি’র তথ্য বিশ্লেষণ করে তারা লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডার ‘কালেকশন সার্চ’ সেবায় ২৮ মে ও ৯ জুন মোট ৮৯৯টি অনুরোধ শনাক্ত করেছে।

ট্রান্সলুসের দাবি, এসব অনুরোধের মধ্যে কয়েকটি প্রাথমিক হ্যাকিংয়ের চেষ্টাও ছিল। তবে, বেশিরভাগ চেষ্টা সফল হয়নি বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। এদিকে, বিশ্বজুড়ে এআই এজেন্টের মাধ্যমে সাম্প্রতিক কয়েকটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে উদ্বেগ বেড়েছে।

গত সপ্তাহে অস্ট্রেলিয়া জানায়, জুন মাসে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট দেশটির একটি সরকারি স্বাস্থ্য তথ্য পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে।

এ ঘটনায় ওই এজেন্ট কিছু ফাইলে প্রবেশাধিকার পেয়েছিল বলে জানানো হয়। এটিকে সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিংয়ের প্রথম জানা ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশের ঘটনায় ওপেনএআই মঙ্গলবার দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশনেও বেঁচে গেলেন ক্রিস্টা পাইক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশনেও বেঁচে গেলেন ক্রিস্টা পাইক

যুক্তরাষ্ট্রের টেনেসির একটি মৃত্যুদণ্ড কার্যকরের সময় একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা পাইককে দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও মৃত্যু ঘটেনি।

পাইককে পরে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। টেনেসির গভর্নর বিল লি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন, যাতে এই অস্বাভাবিক পরিস্থিতির কারণ অনুসন্ধান করা যায়। স্থানীয় সময় বুধবার রাত ৮টায় ন্যাশভিলের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউশনে পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়।

পাইকের আইনজীবী জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, পাইককে রাসায়নিক পেন্টোবারবিটালের দুটি ডোজ দেওয়া হয়। এই সময় প্রত্যক্ষদর্শীদের জন্য নির্ধারিত কক্ষের পর্দা দুইবার বন্ধ করা হয় এবং গণমাধ্যমকর্মীদেরও সেখান থেকে চলে যেতে বলা হয়।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের সময় পাইকের আইনজীবীরা জরুরি ভিত্তিতে কার্যক্রম বন্ধের আবেদন করেন। তারা জানান, পাইক অচেতন হয়ে পড়েছেন, তবে তার হৃদস্পন্দন রয়েছে এবং তিনি নাক ডাকছেন।

পাইকের একজন আইনজীবী বিবিসিকে জানান, ৫০ বছর বয়সী পাইককে হাসপাতালে জীবন রক্ষাকারী চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে, ১৯ বছর বয়সী কোলিন স্লেমারকে হত্যার দায়ে ১৯৯৬ সালে পাইককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তখন তার বয়স ছিল ১৮ বছর। তৎকালীন প্রেমিক ট্যাডারিল শিপের সঙ্গে মিলে তিনি স্লেমারকে মারধর, নির্যাতন ও হত্যা করেন। স্লেমারের সঙ্গে তাদের পরিচয় হয়েছিল সমস্যাগ্রস্ত কিশোর-কিশোরীদের জন্য একটি কর্মপ্রশিক্ষণ শিবিরে।

পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের আগে শেষ মুহূর্ত পর্যন্ত আইনি লড়াই চলছিল। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দেয়।

এপি জানায়, টেনেসির মৃত্যুদণ্ড কার্যকরের প্রটোকল অনুযায়ী, প্রথম দফার ওষুধ দেওয়ার পর বন্দি মারা না গেলে দ্বিতীয় দফায় দেওয়ার জন্য অতিরিক্ত ওষুধের সিরিঞ্জ প্রস্তুত রাখা হয়। তবে দ্বিতীয় দফা দেওয়ার পরও যদি বন্দি জীবিত থাকে, সে বিষয়ে প্রটোকলে কিছু বলা হয়নি।

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে টেনেসির গভর্নর বিল লি বলেন, ঠিক কী ঘটেছিল তা নির্ধারণ করতে তিনি একটি সমন্বিত, তৃতীয় পক্ষের পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, এ বছর নির্ধারিত সর্বশেষ মৃত্যুদণ্ড আর কার্যকর করা হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ১৪৫১ কৃষকের কৃষক কার্ড বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


কালীগঞ্জে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ১৪৫১ কৃষকের কৃষক কার্ড বিতরণ

গাজীপুরের কালীগঞ্জে ১৪৫১ জন কৃষক কৃষক কার্ড গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ভিডিও কলে প্রধানমন্ত্রী গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের সঙ্গে আলোচনা করেন। এ সময় মিলন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "কৃষক কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ।"

কালীগঞ্জের নাগরীর কালব রিসোর্ট অ্যান্ড কনফারেন্স সেন্টারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং কৃষি বিভাগের কর্মকর্তাগণ।

বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, "কালীগঞ্জের কৃষকরা গর্বিত মানুষ। কারণ তারা জেলার মধ্যে প্রথম কৃষক কার্ড পেলেন। সরকার নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু করেছে। দেশের ৮০ ভাগ মানুষ কৃষক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ওই চিন্তা থেকেই প্রধানমন্ত্রী কৃষকদের প্রণোদনা দিচ্ছেন। এই কার্ডের মাধ্যমে কৃষক নানা সুবিধা পাবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%