০৪:৩৪ পি.এম
মাতামুহুরী নদীর চরে একসময় তামাকের চাষ করা হতো। কৃষকের মাঠের দিকে দূর থেকে তাকালে সবুজ পাতায় ঢাকা তামাকক্ষেতকে সবজিক্ষেত মনে হতো। তবে বর্তমানে সেই বিভ্রম আর নেই। এখন চরজুড়ে কেবল শাক-সবজি দেখা যাচ্ছে।
সম্প্রতি বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীর চরে গিয়ে দেখা যায়, সেখানে কৃষকরা বেগুন, মরিচ, বাদাম, মূলাসহ শীতকালীন শাক-সবজির আবাদে ব্যস্ত রয়েছেন। নদীর পাড় ও বালুচরের শত শত একর জমিতে বীজ বপন, চারা রোপণ এবং ক্ষেত পরিচর্যার কাজ চলছে।
কৃষকদের মধ্যে কেউ জমি প্রস্তুত করছেন, কেউ বাদাম, বেগুন, আলু, মরিচ, ফুলকপি, মূলার বীজ বপন করছেন। অন্যরা শীতকালীন সবজির চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। নদীর অববাহিকার পলিমিশ্রিত বালুমাটি এবং অনুকূল আবহাওয়া এই অঞ্চলে শীতকালীন সবজি চাষের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।
আরও পড়ুন: চাটমোহরে কৃষকরা বিনা হালে রসুন আবাদের কাজে ব্যস্ত
কৃষকরা আশা করছেন, যদি আবহাওয়া অনুকূল থাকে এবং প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা যায়, তবে চলতি মৌসুমে এসব জমি থেকে কোটি টাকার সবজি উৎপাদন সম্ভব হবে।
স্থানীয় সবজিচাষি হাসান ও ইউসুফ জানিয়েছেন, মাতামুহুরী নদীর নিকটবর্তী হওয়ায় জমিতে সেচের পানির ব্যবস্থা করা তুলনামূলক সহজ। পর্যাপ্ত সেচ, সুষম সার প্রয়োগ এবং নিয়মিত পরিচর্যা করা গেলে এবারের ফলন ভালো হবে। এসব জমিতে উৎপাদিত তাজা শাক-সবজি স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহের সম্ভাবনা রয়েছে।
দুই চাষি আরো বলেন, মাতামুহুরীর তীরবর্তী এলাকার মাটি ও পরিবেশ শীতকালীন সবজি চাষের জন্য উপযোগী। সঠিক পরিচর্যা ও প্রাকৃতিক পরিবেশ বজায় থাকলে চলতি মৌসুমে এখান থেকে বিপুল পরিমাণ সবজি উৎপাদন সম্ভব। তাদের প্রত্যাশা, এবারের ভালো ফলনে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।
আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, একসময় কৃষকরা মাতামুহুরী নদীর চরাঞ্চলে তামাকের চাষ করতেন। বর্তমানে তামাকের পরিবর্তে মাতামুহুরী নদীর তীরে শীতকালীন সবজির উৎপাদন হচ্ছে। গত বছর শীতকালীন সবজি আবাদ হয়েছে ৮৪ হেক্টর; এবছর হচ্ছে আরো বেশি।
আরও পড়ুন: পদ্মার চরে কৃষিজমি নষ্ট করে বনায়ন, বিপাকে স্থানীয় কৃষকরা
কৃষি কর্মকর্তা আরো জানান, ৭০০ হেক্টরেরও বেশি জমিতে রবি সবজি চাষাবাদ হচ্ছে। উপজেলার সবজির চাহিদা পূরণ করে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সবজি পাঠানো হয়। তিনি জানান, কৃষক যাতে আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে কাঙ্খিত ফলন ঘরে তুলতে পারেন, সে বিষয়ে কাজ করছে কৃষি বিভাগ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন