ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদি-পাকিস্তান জোটে যোগ দেওয়া নিয়ে যা বললেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


সৌদি-পাকিস্তান জোটে যোগ দেওয়া নিয়ে যা বললেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হতে পারে। তিনি জানান, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ঢাকা তিন দেশের সঙ্গে অর্থনৈতিক বা প্রতিরক্ষা সহযোগিতার কাঠামোয় যুক্ত হতে চায় এবং এ ব্যাপারে ইতিবাচক সমর্থন রয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "বাংলাদেশ এ ধরনের উদ্যোগের সম্ভাবনা যাচাই করবে।" পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য পরিস্থিতির বিষয়টিও তিনি উল্লেখ করেন। এ ক্ষেত্রে দেশের স্বার্থই থাকবে সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন: আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে : রাষ্ট্রপতি

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে ঢাকা। এর ফলে কোনো আন্তর্জাতিক জোট বা সহযোগিতামূলক কাঠামোয় যুক্ত হওয়ার বিষয়ে জাতীয় স্বার্থের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনকেও গুরুত্ব দেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক ধীরে ধীরে জোরদার হচ্ছে। স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, প্রধানমন্ত্রীর মহামান্য তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফর করবেন বলেও জানিয়েছেন হুমায়ুন কবির। এই সফরের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করে। চুক্তির অন্যতম মূল বিষয় হলো—তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

আরও পড়ুন: নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এ ছাড়াও, চুক্তির আওতায় তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কেউ প্রেসিডেন্ট হতে চায় না’, ইরানের নেতৃত্বকে কটাক্ষ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


‘কেউ প্রেসিডেন্ট হতে চায় না’, ইরানের নেতৃত্বকে কটাক্ষ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বকে উপহাস করেছেন। তিনি বলেছেন, ইরানে বর্তমানে কেউ প্রেসিডেন্ট হতে চায় না। শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ ক্যারোলিনায় সিনেটর ডার্লিন গ্রাহামের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প ইরান নিয়ে এসব মন্তব্য করেছেন।

ট্রাম্প বলেন, ‘যখন কোনো দেশের আর নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার, প্রযুক্তিগত সরঞ্জাম বা উৎপাদন সক্ষমতা থাকে না, তখন তাদের নেতারা চলে যায়, দ্বিতীয় সারির নেতারাও চলে যায় এবং তৃতীয় সারির নেতৃত্বেরও কিছু অংশ হারিয়ে যায়।’

ইরানের নেতৃত্ব সম্পর্কে আরও কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘আসলে এটি আমার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। আমি জানি না কার সঙ্গে আলোচনা করব।’

ট্রাম্প দাবি করেছেন, ইরানে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে এবং বলেছেন, ‘এটি একটি সমস্যা। বিশ্বের একমাত্র দেশ যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চায় না। তারা বলে, ‘কে প্রেসিডেন্ট হতে চায়?’ আর উত্তর আসে, ‘ওহ না, আমি প্রেসিডেন্ট হতে চাই না।’

সমাবেশে তিনি ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেছেন। ট্রাম্প আবারও দাবী করেছেন যে, ইরান অর্থনৈতিক এবং সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে ‘অত্যন্ত আগ্রহী’।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে এর জবাব দিয়ে লিখেছেন, ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের পরিকল্পনা ‘ব্যর্থ হতে বাধ্য।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব

ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার হোজ্জাতোলেসলাম হোসেইন তাইব মন্তব্য করেছেন যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র বর্তমানে সরাসরি সামরিক পদক্ষেপের পরিবর্তে রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক চাপ প্রয়োগের কৌশল গ্রহণ করেছে। তিনি দাবি করেন যে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বর্তমানে তাদের সবচেয়ে দুর্বল অবস্থার সম্মুখীন হয়েছে।

শনিবার কোম শহরে দেওয়া এক ভাষণের সময় তিনি ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের কৌশল অন্তর্ভুক্ত করেন। তাইব বলেন, শত্রুপক্ষ প্রথমে ভেবেছিল যে, ইসলামী বিপ্লবের নেতা ও সামরিক এবং প্রতিরোধ অবকাঠামোর ওপর হামলা চালিয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রকে পতনের দিকে ঠেলে দেওয়া সম্ভব হবে।

কিন্তু তার এই ভুল হিসাব প্রমাণিত হয়েছে, এমনটাই বলেন তিনি। তাইব দাবি করেন, বিশ্বাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং শহীদ নেতাদের রক্তে শক্তিশালী এই আন্দোলন হামলার কারণে বিলীন হয়নি; বরঞ্চ এটি টিকে থাকার পাশাপাশি আরও বিস্তৃত হয়েছে।

তাইবের ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের তীব্র সামরিক অভিযান চলে। হামলায় প্রতিদিন ২০০টি বিমান পর্যন্ত ব্যবহৃত হয় এবং নতুন অস্ত্র ও বোমার পরীক্ষা চালানো হয়। এই সঙ্গে বি-১ ও বি-৫২ বোমারু বিমানও মোতায়েন করা হয় এবং সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

কিন্তু ইরানের জনগণ প্রতিরোধ অব্যাহত রেখে নিজেদের অবস্থানে অটল রয়েছে—এটি বুঝতে পারার পর শত্রুপক্ষ শেষ পর্যন্ত যুদ্ধবিরতির দিকে চলে যায়, এমনটাই দাবি করেন তাইব।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিরতি চাইনি; তারাই যুদ্ধবিরতির দিকে এগিয়ে এসেছিল।’ তাইব দাবি করেন, সমঝোতার পরও অপর পক্ষ ৬০ দিন পর্যন্ত চুক্তি মানেনি এবং তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে।

তাইব বলেন, এরপর শত্রুপক্ষ নৌ অবরোধের কৌশল গ্রহণ করে। তাদের ধারণা ছিল যে, এর মাধ্যমে ইরানের জনগণকে দুর্বল করা যাবে, অভ্যন্তরীণ বিভেদ উসকে দেওয়া যাবে এবং নিজেদের ক্ষতিগ্রস্ত অবস্থান পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে।

মার্কিন একটি জরিপের উল্লেখ করে তিনি বলেন, ৭১ শতাংশ আমেরিকান মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভুল করেছেন।

তাইবের মতে, ওয়াশিংটনের বর্তমান কৌশল হচ্ছে যুদ্ধের বিষয়টি আড়ালে ঠেলে দেওয়া, সামাজিক অসন্তোষ সৃষ্টি করা, সামাজিক ইস্যুকে নিরাপত্তা ইস্যুর সঙ্গে যুক্ত করা এবং ইরানের অভ্যন্তরে মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া।

তিনি আরও বলেন যে, যুক্তরাষ্ট্র ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি এবং এ অঞ্চলে এমন জোট গঠনের চেষ্টা করছে, যা ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেবে।

তাইবের দাবি, সরাসরি যুদ্ধে মার্কিন ভূমিকা বজায় রাখার পরিবর্তে এখন ইরানের বিরুদ্ধে আঞ্চলিক জোটগুলোকে সক্রিয় করার চেষ্টা করছে ওয়াশিংটন। তবে তিনি বলেন, ইরান ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টিতে যুক্তরাষ্ট্র সফল হয়নি।

তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র এখন তাদের ‘ভুল হিসাব’ বুঝতে পেরেছে এবং ইরানের বিরুদ্ধে পুরো অঞ্চলকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টায়ও ব্যর্থ হয়েছে। সূত্র: তাসনিম নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুনঃস্থাপন হলো আরএমপির ঐতিহাসিক স্মারক ফলক, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


পুনঃস্থাপন হলো আরএমপির ঐতিহাসিক স্মারক ফলক, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর

রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে ১৯৯২ সালে আরএমপি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। সময়ের বিবর্তনে পরিবর্তিত হওয়া সেই ঐতিহাসিক স্মারক ফলক ফিরিয়ে স্থাপন করার খবর জানিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে পুনঃস্থাপিত ফলকটি উন্মোচন করেন প্রধান অতিথি মিজানুর রহমান মিনু। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরএমপির গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ঐতিহাসিক স্মারকটি পুনঃস্থাপন করা হয়েছে। ভূমিমন্ত্রী আরও মন্তব্য করেন, রাজশাহী মহানগরী থেকে জুয়া, ভূমিদস্যু ও মাদক চোরাকারবারীদের কঠোর হাতে নির্মূল করতে হবে।

তিনি বলেন, রাজশাহীকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইন তার নিজস্ব গতিতে চলবে। যে কোন পরিস্থিতিতে অপরাধীদের দমনে পুলিশকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে না। বাক্তিগত মন্তব্য করে, তিনি জানান, বিগত ১৭ বছরে স্বৈরাচারী সরকারের আমলে সীমান্তবর্তী এলাকা থেকে শত শত কোটি টাকার মাদক ও অবৈধ চোরাচালান দেশের অভ্যন্তরে প্রবেশ করানোর অপচেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। তিনি এই চক্রকে জাতির শত্রু বলেও মন্তব্য করেন।

এর পর মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আরএমপিকে কঠোর হওয়ার নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠানে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, সাবেক মেয়র মোঃ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আরএমপি ও প্রশাসনের কর্মকর্তা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে রাজশাহীতে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

রাজশাহী সীমান্তে পৃথক একটি অভিযান পরিচালনা করে ভারতীয় ৩২ বোতল এস্কাফ সিরাপ এবং ৫ হাজার পিস ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২১ আগস্ট) গভীর রাতে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সোনাইকান্দি ও খানপুর বিওপির সদস্যরা এই অভিযানগুলি পরিচালনা করেন।

শনিবার বিকালে ১ বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজিবি জানাচ্ছে, শুক্রবার রাত পৌনে ১টার দিকে সোনাইকান্দি বিওপির একটি টহল দল দামকুড়া থানার বেড়পাড়া চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।

একই রাত পৌনে ১টার দিকে খানপুর বিওপির একটি আভিযানিক দল কাটাখালী থানার খানপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করে।

শনিবার সকালে জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং চোরাই ভারতীয় মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

এসব ঘটনার সঙ্গে সম্পৃক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%