০১:৪৪ পি.এম
নারীর মর্যাদা ও অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকারের উদ্যোগ হিসেবে পরিবারের নারী সদস্যদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে, এমনটি জানিয়েছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জোলানী।
শনিবার (১০ অক্টোবর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।
এস এম জোলানী উল্লেখ করেন, সমাজে নারীরা অনেক সময় অবহেলার শিকার হন। এর পেছনে একটি বড় কারণ হলো, অনেক ক্ষেত্রে তারা সরাসরি উপার্জনের সঙ্গে যুক্ত নন। নারীদের অর্থনৈতিক মর্যাদা ও পরিবারের মধ্যে সম্মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তাদের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান
তিনি আরও বলেন, গত ১৭ বছরে একটি ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করেছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। এর ফলে দেশের অর্থনীতি বর্তমানে ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই বাস্তবতা মাথায় রেখে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সংসদ সদস্য আরো বলেন, বর্তমান নির্বাচিত সরকার ভঙ্গুর অর্থনীতির মধ্যেই দেশ পরিচালনা করছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে একসঙ্গে সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার নির্দেশনা দেওয়া হতো। তবে বর্তমান সরকারের দক্ষতার কারণে অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। এ সময় বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার এবং যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলামসহ অন্যান্যরা।
প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দায়িত্ব পালনকারী ১৫ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজারের মধ্যে ডিজিটাল ট্যাব বিতরণ করা হয়।
আরও পড়ুন: আজ সোনার ভরি মূল্য নির্ধারণ করেছে বাজুস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন