০৩:০৮ পি.এম
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের বর্ণাঢ্য ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। মুম্বাইয়ের শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে উদ্বোধন করা হয়েছে ‘ব্যাটোগ্রাফি’ নামক একটি বিশেষ প্রদর্শনী। এই আয়োজনে সাবেক ভারতীয় অধিনায়ক শচীন তার পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন।
প্রদর্শনীটির উদ্বোধন সোমবার অনুষ্ঠিত হয়। এতে শচীনের ক্যারিয়ারের বিভিন্ন সময়ের ২৫টি ব্যাট প্রদর্শিত হয়েছে। শৈশবে উপহার পাওয়া প্রথম ব্যাট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরি করার সময় ব্যবহৃত ব্যাটটিও সেখানে রাখা হয়েছে।
এমসিএ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে প্রদর্শনীটিকে বর্ণনা করা হয়েছে—মুম্বাইয়ের এক কিশোরের বিশ্বজুড়ে গর্বের প্রতীকে পরিণত হওয়ার যাত্রার প্রতি শ্রদ্ধা হিসেবে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেতে সিরিজ জিতল ইংল্যান্ড
অনুষ্ঠানে শচীন টেন্ডুলকারের সঙ্গে উপস্থিত ছিলেন এমসিএ সভাপতি অজিঙ্কা নায়েক, অতিথি এবং গণমাধ্যমকর্মীরা। এ সময় প্রদর্শনীতে রাখা ব্যাটগুলো ঘুরে দেখেন শচীন এবং সেগুলোর সঙ্গে ছবি তোলেন।
বিশেষ এই আয়োজনে শচীনের পাশে ছিলেন তার পরিবারের সদস্যরাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার, ছেলে অর্জুন টেন্ডুলকার ও মেয়ে সারা টেন্ডুলকার। অর্জুনের স্ত্রী সানিয়া চান্দোকও অনুষ্ঠানে যোগ দেন। পরিবারের সদস্যদের সঙ্গে নিজের ক্রিকেটজীবনের স্মৃতিবিজড়িত এই আয়োজনটি উপভোগ করেন শচীন।
‘ব্যাটোগ্রাফি’ প্রদর্শনীর মাধ্যমে শচীনের দীর্ঘ ক্রিকেটযাত্রার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এক জায়গায় তুলে ধরেছে এমসিএ। এটি ক্রিকেটপ্রেমীদের জন্য কিংবদন্তি এই ক্রিকেটারের ক্যারিয়ারকে কাছ থেকে জানার সুযোগ করে দেবে, তেমনি নতুন প্রজন্মের জন্য তার অর্জন ও অবদানের স্মারক হয়ে থাকবে।
সূত্র: গালফ নিউজ
আরও পড়ুন: ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন হুয়ান মাতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন