ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোমস্তাপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে শিশু নিহত, আহত মামা


গোমস্তাপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে শিশু নিহত, আহত মামা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ফারিয়া জান্নাত মাইশা (১১) নামের একটি মোটরসাইকেল আরোহী শিশু নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও ফারিয়ার মামা মো. আবদুল্লাহ (২৫)। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে পাবর্তীপুর ইউনিয়নের দীঘা এলাকায় আড্ডাগামী সড়কে এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়।

নিহত ফারিয়া দিনাজপুরের কাঁকড়াবাড়ি গ্রামের ফারুক হোসেনের মেয়ে এবং গোমস্তাপুরের দীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরদিকে, আহত আবদুল্লাহ দীঘা গ্রামের মনিরুল ইসলামের ছেলে। ফারিয়া দীঘা গ্রামে তার মায়ের সঙ্গে নানা মনিরুল ইসলামের বাড়িতে থাকত। ঘটনার সময় মামা-ভাগনি মোটরসাইকেলযোগে একই ইউনিয়নের দেওপুরা এলাকায় একটি ইসলামী মাহফিল শুনতে যাচ্ছিল।

আরও পড়ুন: মাদক ও নাশকতার বিরুদ্ধে কালকিনিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

গোমস্তাপুর থানার ওসি নাজমুল হক বলেন, নদীঘা থেকে আড্ডাগামী সড়কে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে পাশ থেকে সংঘর্ষে ফারিয়া সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। আহত হয় তার মামা আবদুল্লাহ। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সীমিত করার ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাতিল করলেন বিচারক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সীমিত করার ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাতিল করলেন বিচারক

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের একজন বিচারক বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের অবস্থানের মেয়াদ সীমিত করার পরিকল্পনা বাতিল করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) বোস্টনের ফেডারেল বিচারক ডেনিস সেলর ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নিয়মের বিরুদ্ধে এই রায় প্রদান করেন।

ট্রাম্প প্রশাসন প্রস্তাবিত নিয়মের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের অবস্থানের মেয়াদ নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ করার উদ্যোগ নিয়েছিল। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্নাতকোত্তর পর্যায়ের গবেষক এবং পোস্টডক্টরাল গবেষকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় নিয়ন্ত্রণ করার পরিকল্পনা ছিল।

বিচারক ডেনিস সেলর আদালতের রায়ে প্রশাসনের এই উদ্যোগকে যথাযথ আইনি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি মন্তব্য করেন, প্রস্তাবটি স্বেচ্ছাচারী, খামখেয়ালি এবং আইন অনুযায়ী প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের একটি বড় অংশ এফ-১ ভিসায় পড়াশোনা করে। অন্যদিকে, গবেষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাবিদদের মধ্যে জে-১ ভিসাধারীরাও রয়েছেন। এসব ভিসার মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে পড়াশোনা, গবেষণা এবং নির্দিষ্ট কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

প্রশাসনের এ প্রস্তাব কার্যকর হলে বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নিয়ে নতুন বিধিমালা তৈরি হতো বলে সচেতন মহল মনে করেন। ফলে দীর্ঘমেয়াদি গবেষণা, উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি ও একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা ছিল।

আদালতের এই রায়ের ফলে প্রশাসনের প্রস্তাবটি কার্যকর হয়নি। তবে সংশ্লিষ্ট ভিসার অন্যান্য নিয়ম, ভিসার মেয়াদ, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন এবং অভিবাসনসংক্রান্ত শর্ত আগের মতোই প্রযোজ্য থাকবে। যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী, গবেষক ও তাদের পরিবারের জন্য আদালতের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। সূত্র: কেএফএফ হেলথ নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে হাতাহাতির ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে হাতাহাতির ঘটনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তীর অনুষ্ঠানে মুখোমুখি অবস্থানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। সংগঠনটি দাবি করেছে যে, এ ঘটনায় শিবিরের দুই কর্মী আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষের মাঝে অবস্থান নেন। পরে তাদের মধ্যস্থতায় দুই পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে হীরকজয়ন্তীর অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সময় সেখানে উপস্থিত শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইদ বিন হাবিব জানান, এ ঘটনায় শিবিরের দুই কর্মী আহত হয়েছেন। আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর উদ্‌যাপন করছি আমরা। আমাদের বড় ভাইয়েরা এসেছেন, আমরা আনন্দ করব। এ উৎসব নষ্ট করার জন্য মিছিল নিয়ে আসবে, আমরা প্রত্যাশা করিনি। তারা মিছিল নিয়ে এসে ধাক্কাধাক্কি ও আঘাত করে। আমরা পরিস্থিতি অনুযায়ী সেখান থেকে চলে এসেছিলাম। আমরা চাই, উৎসবটা সুন্দরভাবে শেষ হোক।’

অন্যদিকে, শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি বলেন, ‘ছাত্রদলের সভাপতি বলেছেন, এখানে মিছিল হলে বিশৃঙ্খলা হতে পারে। আমি তাদের আশ্বস্ত করেছি, আমাদের লোকজন কেউ ঢুকবে না। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। ছাত্রসংগঠন হিসেবে আমাদের কর্মসূচি থাকবেই। আশা করি, তারা কারও কর্মসূচিতে বাধা দেবেন না। তারা তাদেরটা পালন করুক, আমরা আমাদেরটা পালন করি স্বাভাবিকভাবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন জানাতে গিয়ে বলেন, ‘এটা তেমন কিছু হয়নি। কেন্দ্রীয় খেলার মাঠে শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি আনন্দমিছিল প্রবেশ করছিল। সে সময় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কিছু কথা হয়। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কেউ আহত হননি। আমরা মাঝখানে মধ্যস্থতা করার পরপরই দুইপক্ষ নিজেদের মতো চলে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কমানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কমানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা

দীর্ঘদিনের আন্দোলনের পর কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মের সম্প্রসারণ ও উঁচু করার কাজ শুরু হলেও, এর দৈর্ঘ্য ৫০ ফুট কমানোর সিদ্ধান্তের ফলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং রেললাইনের ভেতরের মাছের বাজার রক্ষার উদ্দেশ্যে নির্ধারিত নকশা পরিবর্তন করায় এই অসন্তোষ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে মূল নকশা অনুযায়ী কাজ শেষ করার দাবি জানিয়েছেন।

যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য রেলওয়ে কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল ৬৫০ মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম নির্মাণের। সে লক্ষ্যে গত সেপ্টেম্বরের মাঝামাঝি রেললাইনের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অক্টোবরের মাঝামাঝি নির্মাণ কাজ শুরু হয়। তবে কাজ চলাকালীন হঠাৎ করেই এক বগি পরিমাণ বা ৫০ ফুট জায়গা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নির্মাণকাজে যুক্ত শ্রমিক শাহীন ও আবু বক্কর জানান, স্থানীয় সংসদ সদস্য এলাকা পরিদর্শনে এসে জনগণের স্বার্থে ও মাছবাজারের বিষয়টি বিবেচনায় নিয়ে প্ল্যাটফর্মের অংশবিশেষ কমানোর কথা বলেন। মূলত তার নির্দেশনার পরই কাজের পরিধি কমে যায়।

নকশা পরিবর্তনের এই সিদ্ধান্তে স্থানীয়রা তীব্র আপত্তি জানিয়েছেন। জালাল মোল্লা নামের এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "নির্ধারিত ম্যাপ অনুযায়ীই কাজ শেষ করতে হবে।" তিনি কোনো বাজার, দোকান বা ব্যক্তির স্বার্থে সংসদ সদস্যের এমন সুপারিশ করার এখতিয়ার নেই দাবি করে এই উদ্যোগকে সম্পূর্ণ অবৈধ বলে আখ্যায়িত করেন।

অন্যদিকে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কমানোর বিষয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, ওই এলাকায় দুটি জনগুরুত্বপূর্ণ রাস্তা, বাচ্চাদের স্কুল, মসজিদ ও বাজারঘাটে সাধারণ মানুষের চলাচলের সুবিধা বিবেচনা করেই ৫০ ফুট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রী, চিফ ইঞ্জিনিয়ারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

দীর্ঘদিন ধরে নিচু প্ল্যাটফর্মের কারণে যাত্রীদের, বিশেষ করে বয়স্কদের ট্রেনে ওঠানামায় চরম দুর্ভোগ পোহাতে হতো। তাজিম ইসলাম নামের এক ট্রেনযাত্রী জানান, প্ল্যাটফর্ম উঁচু হলে সুন্দরবন এক্সপ্রেসসহ অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলোতে যাতায়াতে বয়স্ক শিশু সবারই সুবিধা হবে। তবে কাজের বর্তমান ধীরগতি নিয়েও জনমনে হতাশা রয়েছে। রেলস্টেশন সংস্কার আন্দোলনের নেতা আশরাফুল ইসলাম জানান, দ্রুত কাজ শেষ করতে লোকবল বাড়ানোর জন্য রেলওয়ে কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এদিকে সংশোধিত পরিকল্পনা বা কাজের অগ্রগতি নিয়ে রেল কর্তৃপক্ষ বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, কোনো ধরনের আপস ছাড়াই যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে দ্রুত ও সঠিকভাবে নির্ধারিত লক্ষ্য অনুযায়ী প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারুশিল্পের ঐতিহ্য ও সমকালীন চর্চার মেলবন্ধন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বার্ষিক প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


কারুশিল্পের ঐতিহ্য ও সমকালীন চর্চার মেলবন্ধন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বার্ষিক প্রদর্শনী

বাংলার মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজন, ধর্মীয় বিশ্বাস, প্রকৃতি ও সামাজিক রীতিনীতিকে কেন্দ্র করে যে শিল্পের উৎপত্তি ও বিকাশ ঘটেছে, সেটাই কারুশিল্প। দীর্ঘ বিবর্তনের মাধ্যমে প্রাচীন এই শিল্পধারা বর্তমানে সমকালীন বা কনটেম্পোরারি শিল্পচর্চার অংশ হয়ে উঠেছে। ঐতিহ্য ও আধুনিকতার এমন সমন্বিত চর্চার অন্যতম কেন্দ্র হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগ।

বিভাগটির বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে প্রতিবছরই উঠে আসে এই চর্চার বহুমাত্রিক প্রকাশ। এর ধারাবাহিকতায় এবছরও আয়োজন করা হয়েছে কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৬। চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী চলবে এ প্রদর্শনী। প্রদর্শনীর প্রতিটি গ্যালারি সাজানো হয়েছিল বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পাঠ্যক্রমভিত্তিক শিল্পকর্মে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো— কারুশিল্পের চর্চায় সমকালীন শিল্পরীতির প্রভাব থাকলেও শিক্ষার্থীদের অধিকাংশ কাজেই দেশজ উপকরণ, লোকজ ঐতিহ্য ও নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের প্রাধান্য দেখা গেছে। ফলে সমকালীন শিল্পভাষার চর্চা করতে গিয়ে বিদেশি প্রভাবের অনুকরণে দেশীয় বৈশিষ্ট্য হারিয়ে যায়নি। বরং কারুশিল্পের নিজস্ব স্বরূপ ও বৈশিষ্ট্য দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা লক্ষ করা গেছে। প্রদর্শনীতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের কাজের মাধ্যম, শৈলী ও নান্দনিক প্রয়োগ ছিল বৈচিত্র্যপূর্ণ।

প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের শিল্পকর্মে ড্রয়িং, স্টাডি, ডিজাইন, পেপার আর্ট ও কম্পোজিশনের দক্ষতা বিশেষভাবে চোখে পড়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্কেচে রিয়েলিস্টিক (বাস্তবধর্মী) উপস্থাপনার পারদর্শিতা লক্ষণীয়। এসব কাজ দেখে মনে হয়েছে, শিক্ষার্থীরা শুধু কারুশিল্পী হিসেবেই নয়, চিত্রশিল্পী হিসেবেও নিজেদের দক্ষতা বিকাশের সম্ভাবনা রাখে। পাশাপাশি কালি ও পোস্টার রঙের ব্যবহারে তৈরি চিত্রকর্মগুলোতে রঙের প্রয়োগ ও নকশার দক্ষতা ফুটে উঠেছে। বিভিন্ন ধরনের কাপড় ও লোগো ডিজাইনেও তাদের সম্ভাবনা লক্ষ করা যায়। নকশার বিষয়বস্তু নির্বাচনে লোকজ মোটিফ, জামদানি মোটিফ ও আলপনার ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা বাংলাদেশের লোকজ সংস্কৃতিকে সমকালীন প্রজন্মের সামনে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছে।

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জুয়েলারি বা অলংকার তৈরির কাজও বেশ আকর্ষণীয়। পাট, কাপড়, জিনস, দেশীয় বিভিন্ন ফলের বীজ, পাতা, নারকেলের মালা ও রং করা মাটি ব্যবহার করে তৈরি হয়েছে এসব গহনা। অলংকরণের ক্ষেত্রে লকেটের ওপর অ্যাপ্লিক ও এমব্রয়ডারি (সূচিকর্মের) নকশা চোখে পড়ার মতো। একটি লকেটের ওপর আঠা দিয়ে কয়েকটি ধানের শিষ বসানো হয়েছিল। কাজটি দেখতে বেশ কৌতূহলোদ্দীপক। মনে হয়েছে, যেন একটি কুলার ওপর ধান ছড়িয়ে রাখা হয়েছে।

এসব কাজের বিশেষত্ব হলো— এগুলো কেবল প্রদর্শনীর সৌন্দর্য বাড়ানো কিংবা দর্শকের মনোরঞ্জনের জন্য তৈরি হয়নি; বরং ব্যবহারিক উপযোগিতাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। গহনাগুলোর নকশায় এমন কোনো অতিরঞ্জন দেখা যায়নি, যা দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে বেমানান মনে হতে পারে। অর্থাৎ নান্দনিকতা ও ব্যবহারিকতার মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা রয়েছে।

তৃতীয় বর্ষের কাজগুলোর মধ্যে উড কার্ভিং বা কাঠখোদাই শিল্পকর্ম সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে। বেশ শ্রমসাধ্য এসব কাজে বাস্তবধর্মী উপস্থাপনা অনেকাংশে মোমের কাজের কথা মনে করিয়ে দেয়। বিশেষ করে ফুলের প্রতিটি পাপড়ির সূক্ষ্ম গঠন এমন নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেন সেগুলো ছাঁচে তৈরি। এসব কাজে গামারি কাঠের ব্যবহার বেশি দেখা গেছে। তবে অলংকরণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাঠ, বার্নিশ ও পোড়ানোর কৌশল প্রয়োগের ফলে শিল্পকর্মগুলোতে তৈরি হয়েছে নানা রঙের বৈচিত্র্য। কিছু কাজে কাঠের ওপর ধাতব পাতের সংযোজন দৃশ্যমান সৌন্দর্য ও গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে।

তৃতীয় বর্ষের বাটিকের কাজেও বিষয়বস্তু ও উপস্থাপনায় ভিন্নধর্মী প্রয়োগ লক্ষ করা গেছে। এর মধ্যে বাটিকের ওপর ফিগারেটিভ (অবয়বধর্মী) নকশার ব্যবহার বিশেষভাবে নান্দনিক মনে হয়েছে। বাটিক প্রিন্টে গ্রামীণ পরিবেশ ও টেপা পুতুলের ধারণা বাঙালির মাটির ঘ্রাণ এবং লোকজ জীবনের অনুভূতিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। প্রচলিত বাটিকের উপকরণ হিসেবে কাপড়ের ব্যবহার পরিচিত হলেও প্রদর্শনীতে চামড়ার ওপরও বাটিকের প্রয়োগ দেখা গেছে। চামড়ার ওপর অ্যারাবিক গাম ব্যবহার করে তৈরি এসব কাজের সম্ভাবনা বৈদেশিক পোশাকশিল্পেও কাজে লাগানো যেতে পারে বলে মনে হয়েছে। উপকরণ ও মাধ্যমের এই বৈচিত্র্য বাটিকের প্রচলিত ধারণাকে আরো বিস্তৃত করেছে।

পাশাপাশি অ্যাপ্লিকের কাজগুলোও আলাদাভাবে উল্লেখ করার দাবি রাখে। শিক্ষার্থীদের কয়েকটি কাজ এতটাই নিখুঁত ও পরিশীলিত ছিল যে কাছ থেকে পর্যবেক্ষণ না করলে সেগুলো অ্যাপ্লিক, নাকি চিত্রকর্ম—তা বোঝা কঠিন। অ্যাপ্লিকের কাজে ধাতুর বহুমুখী ব্যবহারেও শিক্ষার্থীদের আগ্রহ প্রশংসনীয়। কাপড়ের অ্যাপ্লিকের সঙ্গে ধাতুর ছোট ছোট টুকরা যুক্ত করায় শিল্পকর্মগুলোতে নতুন মাত্রা যোগ হয়েছে। এর মধ্যে একটি কিউবিজমধর্মী অ্যাপ্লিক বিশেষভাবে নজর কেড়েছে। কাজটি দেখে মনে হয়েছে, কিউবিজমের মতো জ্যামিতিক ও ভাঙা অবয়বের শিল্পভাষা প্রকাশের জন্য অ্যাপ্লিক বেশ উপযোগী একটি মাধ্যম।

চতুর্থ বর্ষের কাজগুলোর মধ্যে মেটাল আর্ট (ধাতব শিল্পকর্ম) বর্তমান বাজারের বিবেচনায় সবচেয়ে বেশি বাণিজ্যিক সম্ভাবনাময় বলে মনে হয়েছে। ব্রাসের পাত আগুনে পুড়িয়ে তাতে বিভিন্ন ধরনের টেক্সচার তৈরি করা হয়েছে। রিলিফের মাধ্যমে অ্যানাটমি ও প্রকৃতির নানা অনুষঙ্গও দক্ষতার সঙ্গে তুলে ধরা হয়েছে। টেক্সচার ও রিলিফের সঙ্গে সামঞ্জস্য রেখে ধাতব পটভূমির রঙের সঙ্গে বিভিন্ন ধরনের কাঠের ব্যবহার শিল্পকর্মগুলোকে আরো স্বতন্ত্র রূপ দিয়েছে। উপকরণের সমন্বয়, টেক্সচারের বৈচিত্র্য এবং রিলিফের প্রয়োগে প্রতিটি শিল্পকর্মে তৈরি হয়েছে আলাদা দৃশ্যভাষা।

স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রমে ফ্যাশন ডিজাইনিংয়ের একটি বড় অংশ রয়েছে। জিনস, মসলিন, সুতি ও সিল্কের মতো বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করে তৈরি করা হয়েছে পাশ্চাত্য পোশাক, শাড়ি ও ব্লাউজ। এসব পোশাকে অ্যাপ্লিক, সূচিকর্ম, এমনকি ধাতব পাতের ব্যবহারও লক্ষণীয়। কয়েকটি শাড়িতে প্রচলিত অ্যাপ্লিকের পরিবর্তে অবয়বধর্মী চিত্রসংবলিত অ্যাপ্লিক ব্যবহার করা হয়েছে। কাজগুলোর উপস্থাপনা এতটাই চিত্রধর্মী যে শাড়ির ব্যবহারিক পরিচয় ছাপিয়ে এর ওপর ফুটিয়ে তোলা চিত্রকর্মই দর্শকের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। ফলে পোশাকের নকশার পাশাপাশি শাড়িতে চিত্রকর্মের নান্দনিকতা ও শিল্পমূল্য নিয়েও ভাবনার অবকাশ তৈরি হয়। ফ্যাশন ডিজাইনিংয়ের এই চর্চায় দেশীয় রুচি ও ঐতিহ্যের পাশাপাশি বিদেশি রুচি ও নান্দনিকতার প্রভাবও লক্ষ করা যায়।

কারুশিল্পের যে অংশটিতে সবচেয়ে বেশি ব্যক্তিগত ও নান্দনিক আগ্রহ খুঁজে পেয়েছি, তা হলো হাউসহোল্ড আইটেম (গৃহস্থালি সামগ্রী)। ট্যাপেস্ট্রি, অ্যাপ্লিক, কাঠখোদাই, স্ক্রিন প্রিন্ট ও মেটালওয়ার্কের (ধাতব কাজের) মতো বিভিন্ন মাধ্যমের সমন্বয়ে তৈরি হয়েছে এসব সামগ্রী। ধাতব অলংকরণযুক্ত কয়েকটি কাঠের আসবাব বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। কাজগুলোর সূক্ষতা ও নিখুঁত অলংকরণ এতটাই আকর্ষণীয় যে প্রথম দর্শনে আসবাবের ব্যবহারিক ধরন নয়, বরং এর সাজসজ্জাই চোখে পড়ে। অর্থাৎ ব্যবহারিক উপকরণও কিভাবে নান্দনিক শিল্পবস্তুতে রূপ নিতে পারে, এসব কাজ তারই উদাহরণ।

আসবাবের মধ্যে চরকির মতো দেখতে একটি বস্তু দেখে কৌতূহলবশত এগিয়ে যাই। বস্তুটি দেখেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। চরকিটি ঘোরাতে গিয়ে বুঝতে পারি, এর প্রতিটি অংশ আসলে একেকটি বাক্স হিসেবে তৈরি। পরিচিত একটি লোকজ উপকরণকে এভাবে ভিন্নধর্মী রূপ দেওয়ার বিষয়টি বেশ আনন্দিত করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের তৈরি বেশ কিছু দর্পণও চোখে পড়েছে। সেগুলোর কাঠ ও ধাতুর কাজ এক স্বতন্ত্র নান্দনিকতা তৈরি করেছে। কাজগুলো দেখতে গিয়ে মনে হয়েছে, দর্পণের সৌন্দর্যও নিজের প্রতিবিম্ব দেখার অভিজ্ঞতাকে আরো নান্দনিক করে তুলতে পারে। এখানে দর্পণ কেবল প্রতিফলনের মাধ্যম নয়, বরং নিজেই একটি শৈল্পিক উপস্থাপনার অংশ হয়ে উঠেছে।

সব মিলিয়ে প্রদর্শনীর বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের শিল্পকর্মে লোকজ মোটিফ, দেশীয় উপকরণ ও ঐতিহ্যবাহী কারুশিল্পের উপাদানের ব্যবহার বিশেষভাবে প্রশংসনীয়। বিশেষ করে টেপা পুতুলের মতো পরিচিত লোকজ অনুষঙ্গকে নতুন আঙ্গিকে উপস্থাপনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা কারুশিল্পের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়কে সমকালীন শিল্পচর্চার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছে। তবে কারুশিল্পের ভবিষ্যৎ বিকাশে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন উপকরণ, প্রযুক্তি ও নান্দনিক ভাষার আরো সৃজনশীল প্রয়োগের সুযোগ রয়েছে। শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নিষ্ঠা ও মনোযোগের মধ্য দিয়ে কারুশিল্পের এই চর্চা আরো সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা রইল।

লেখক : খণ্ডকালীন শিক্ষক, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%