ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

আবৃত্তিকন্যা তৃনা


আবৃত্তিকন্যা তৃনা

আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা সম্প্রতি মনোনীত হয়েছেন ১১তম ‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০২৬’ এর জন্য। তিনি প্রশিক্ষক এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবেও কাজ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন আগেই। বর্তমানে তিনি ইউএসডিএ ফেলোশিপ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার সঙ্গে যুক্ত আছেন।

আবৃত্তির প্রতি তাঁর ভালোবাসা থেকেই তিনি প্রতিষ্ঠা করেছেন আবৃত্তি সংগঠন ‘কাব্য কুহুক’। এই সংগঠনের মাধ্যমে শিশু-কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের আবৃত্তি ও উপস্থাপনার প্রশিক্ষণ প্রদান করেন তিনি। তাঁর গ্রন্থনা ও নির্দেশনায় উল্লেখযোগ্য প্রযোজনাগুলোর মধ্যে রয়েছে: ‘একটি বাংলাদেশ’, ‘হৃদয়ে রবীন্দ্র নজরুল’, ‘বৈশাখী আবাহন মা-মাটির জয়গান’, ‘বর্ষা বিদায়’ এবং ‘দুয়ার ভাঙ্গা গান’।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফারহানা তৃনা বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত আবৃত্তিশিল্পী ও অনুষ্ঠান উপস্থাপক। সুইজারল্যান্ড থেকে প্রকাশিত ‘আবৃত্তি অনলাইন’-এর আবৃত্তিবিষয়ক অনলাইন পত্রিকা ‘আবৃত্তি জার্নাল’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: সুকান্তের সংগ্রামী চেতনা সমাজে ছড়িয়ে দেয়ার তাগিদ

ফারহানা তৃনার কণ্ঠে একক এবং দ্বৈত মিলিয়ে তিনটি আবৃত্তি অ্যালবাম প্রকাশিত হয়েছে। নজরুল কবিতা আবৃত্তির জন্য কলকাতার দোলনচাঁপা ফাউন্ডেশন থেকে তিনি ‘কাজী সব্যসাচী ২০২৪’ পুরস্কার অর্জন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? সমস্যায় ভুগছেন জানুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫২ এম


পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? সমস্যায় ভুগছেন জানুন

রাতে যথাযথ ঘুমের পরেও সকালে শরীরে ক্লান্তি অনুভব করছেন? সামান্য হাঁটাচলা কিংবা দৈনন্দিন কাজ করতে গেলেই হাঁপিয়ে উঠছেন, মনোযোগ ধরে রাখতে পারছেন না? অনেকেই এই সমস্যাগুলোকে বয়স বৃদ্ধির স্বাভাবিক প্রভাব মনে করে এড়িয়ে যান। তবে দীর্ঘ সময় ধরে এমন ক্লান্তি অনুভব করার পেছনে আর্থ্রাইটিস বা বাতের মতো রোগ থাকতে পারে।

সাধারণত আর্থ্রাইটিসের লক্ষণ হিসেবে জয়েন্টে ব্যথা, ফোলাভাব এবং শক্ত হয়ে যাওয়ার বিষয়গুলো বেশি পরিচিত। কিন্তু এসব উপসর্গের পাশাপাশি দীর্ঘস্থায়ী ক্লান্তিও এই রোগের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এমনকি পর্যাপ্ত ঘুমানোর পরও অনেক রোগীর শরীরের অবসাদ দূর হয় না।

বিশেষজ্ঞদের মতে, শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ, জয়েন্টের ব্যথা, ঘুমের সমস্যা এবং শারীরিক সক্রিয়তা কমে যাওয়ার কারণে এই ক্লান্তি তৈরি হতে পারে। সময়ের সাথে এটি দৈনন্দিন কাজকর্ম এবং মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

ভারতের আইএসআইসি মাল্টিস্পেশালিটি হাসপাতালের রিউমাটোলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক চিকিৎসক ডা. শ্রী রাম গর্গের মতে, আর্থ্রাইটিসের কারণে সৃষ্টি হওয়া ক্লান্তি দূর করতে শুধু ঘুমের সময় বাড়ানো যথেষ্ট নয়। প্রদাহ নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়মিত ব্যায়াম এবং জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

আর্থ্রাইটিসে কেন দীর্ঘস্থায়ী ক্লান্তি দেখা দেয়?

আর্থ্রাইটিসের কারণে সৃষ্ট ক্লান্তি সব সময় বয়স বা অতিরিক্ত পরিশ্রমের ফল নয়। বিশেষ করে প্রদাহজনিত আর্থ্রাইটিসে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। এর ফলে শরীরে দীর্ঘ সময় প্রদাহ বজায় থাকে, যা অবসাদ এবং দুর্বলতার অন্যতম কারণ।

এছাড়া জয়েন্টের ব্যথার কারণে রাতে বারবার ঘুম ভেঙে যেতে পারে। ফলে দীর্ঘ সময় ঘুমালেও শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না। আবার ব্যথা বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই হাঁটাচলা ও ব্যায়াম কমিয়ে দেন। এতে পেশির শক্তি কমে যায় এবং শারীরিক সক্ষমতা হ্রাস পায়।

ফলে অল্প কাজ করতেও শরীরকে বেশি শক্তি ব্যয় করতে হয়। এভাবে ব্যথা, অনিয়মিত ঘুম এবং পেশির দুর্বলতা পরস্পরকে বাড়িয়ে একটি দীর্ঘস্থায়ী ক্লান্তির চক্র তৈরি করে।

ক্লান্তি কমাতে যে ৫টি অভ্যাস গড়ে তুলবেন-

১. শারীরিক চলাফেরা একেবারে বন্ধ করবেন না

জয়েন্টে ব্যথা থাকলে ব্যায়াম করতে অনীহা তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু দীর্ঘদিন শরীরচর্চা বন্ধ রাখলে পেশি দুর্বল হওয়ার পাশাপাশি জয়েন্টের জড়তাও বাড়তে পারে।

তাহলে নিজের শারীরিক সামর্থ্য অনুযায়ী প্রতিদিন অল্প সময় হাঁটা, হালকা স্ট্রেচিং অথবা পানিতে ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। প্রয়োজনে ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে পেশি শক্তিশালী করার ব্যায়াম করতে পারেন। একটানা দীর্ঘ সময় ব্যায়াম না করে দিনের বিভিন্ন সময়ে অল্প অল্প করে শরীরচর্চা করাও উপকারী। ব্যায়ামের ফলে ব্যথা বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২. ঘুমের রুটিন ঠিক রাখুন

আর্থ্রাইটিসের ব্যথা অনেক সময় রাতের ঘুমে বাধা সৃষ্টি করে। আবার ঘুমের ঘাটতি থাকলে ব্যথা ও ক্লান্তির অনুভূতিও বাড়তে পারে। এ কারণে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং সকালে একই সময়ে ওঠার অভ্যাস করুন।

রাতে চা-কফি পান কমিয়ে দিন। ঘুমানোর আগে দীর্ঘ সময় মোবাইল এবং কম্পিউটার ব্যবহার থেকেও বিরত থাকুন। শোবার ঘর আরামদায়ক রাখার চেষ্টা করুন। ব্যথার কারণে নিয়মিত ঘুম ভেঙে গেলে বিষয়টি অবহেলা না করে রিউমাটোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন।

৩. শরীরের সক্ষমতা অনুযায়ী কাজ করুন

দৈনন্দিন কাজ একসঙ্গে শেষ করার চেষ্টা না করে সেগুলো ছোট ছোট ভাগে ভাগ করে নিন। এতে শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়বে না। প্রয়োজনীয় জিনিস হাতের কাছে রাখুন এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার পরিবর্তে সম্ভব হলে বসে কাজ করুন। কাজের ধরন পরিবর্তন করে এবং অপ্রয়োজনীয় শারীরিক পরিশ্রম কমিয়ে নিজের শক্তি সঞ্চয় করতে পারেন।

৪. কাজের ফাঁকে পর্যাপ্ত বিরতি নিন

আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য শরীরচর্চার পাশাপাশি বিশ্রামও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব আর্থ্রাইটিস অ্যান্ড মাসকিউলোস্কেলেটাল অ্যান্ড স্কিন ডিজিজেসের পরামর্শ অনুযায়ী, শারীরিক সক্রিয়তা ও বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।

তবে দীর্ঘ সময় বিছানায় শুয়ে না থেকে কাজের মাঝখানে ছোট ছোট বিরতি নিন। এতে অতিরিক্ত ক্লান্তি ছাড়াই দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়া সহজ হতে পারে।

৫. দীর্ঘদিনের ক্লান্তিকে স্বাভাবিক ভাববেন না

শরীরে ক্লান্তি দেখা দিলেই যে তার কারণ আর্থ্রাইটিস, এমন নয়। রোগের প্রদাহ নিয়ন্ত্রণে না থাকলে অথবা নির্দিষ্ট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় দুর্বলতা তৈরি হতে পারে। এ ছাড়া রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা এবং বিভিন্ন সংক্রমণ থেকেও দীর্ঘস্থায়ী ক্লান্তি দেখা দিতে পারে।

তাহলে দীর্ঘদিন ধরে শরীরে অবসাদ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্লান্তির প্রকৃত কারণ শনাক্ত করতে পারেন।

মনে রাখতে হবে, পর্যাপ্ত ঘুমের পরও দীর্ঘদিন ক্লান্তি থাকলে সেটিকে শুধু বয়স বা কাজের চাপের ফল মনে করে এড়িয়ে যাওয়া ঠিক নয়। সঠিক কারণ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা এবং জীবনযাত্রায় পরিবর্তন আনলেই সুস্থ থাকা সহজ হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রীতা রানীকে মারধরের অভিযোগ, ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে ডিএমপির মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ এম


রীতা রানীকে মারধরের অভিযোগ, ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে ডিএমপির মন্তব্য

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ফিরোজ কর্তৃক শ্রীময়ী রীতা রানী নামের এক নারীর মারধরের অভিযোগ সংবলিত একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সাবেক ছাত্রলীগ নেতা এস. এম. জাকির তার ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে দাবি করেন যে, এ ঘটনার পর মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, মিরপুর বিভাগের আওতাধীন সাতটি থানায় এ ধরনের কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। এছাড়াও, শ্রীময়ী রীতা রানী নামে কোনো নারী এই বিষয়ে অভিযোগ জানাতে মিরপুর বিভাগের কোনো থানায় আসেননি—এমন তথ্যও পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি ও অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট পরিচয় বা ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।

এমতাবস্থায়, পুলিশকে নিয়ে এ ধরনের অভিযোগ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এছাড়াও, শ্রীময়ী রীতা রানীকে কেউ চিনে থাকলে কিংবা তার পরিচয়, অবস্থান বা উক্ত ঘটনা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য জানা থাকলে তা মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ অথবা ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনসাধারণের নিরাপত্তা রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্তে সর্বদা অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে আটক করে নিয়ে গেল বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ এম


চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে আটক করে নিয়ে গেল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আহত হয়েছেন মনিরুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি নাগরিক। এরপর বিএসএফের সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছেন। এই ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮-বিজিবি) পালটা গুলি ছুড়েছে। পাশাপাশি, সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিহরনগর গ্রামের সীমান্তে মেইন পিলারে ৬১/১-এস-এর নিকট এই ঘটনা ঘটে।

আহত মনিরুল ইসলাম লিয়াকত ইসলামের ছেলে এবং একই গ্রামের বাসিন্দা। তাকে ভারতের কৃষ্ণনগর জেলার শান্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় অবৈধভাবে মনিরুল ইসলামসহ সাতজন ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের টুঙ্গী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছোঁড়ে। এতে মনিরুলের পিঠের বিভিন্ন স্থানে রাবার বুলেট লাগে এবং পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা অন্য চোরাকারবারি পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যান।

মনিরুলের সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা হলেন, কামাল উদ্দিনের ছেলে রাশেদ (৩২), তৈয়ব আলীর ছেলে আনিছ (৩৫), বগের ছেলে সোহান (২৫), কিনার উদ্দিনের ছেলে শাওন (২৬), মৃত বদরুদ্দিনের ছেলে মিন্টু (৩৮) এবং মতেহার হোসেনের ছেলে মশিয়ার (৪০)।

সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য টিটু জানান, সন্ধ্যার পরপরই সীমান্তবর্তী কাঁটাতারের কাছ থেকে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তিনি জানতে পারেন, মনিরুল ইসলামকে বিএসএফ আহত অবস্থায় আটক করে নিয়ে গেছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, তারা ঘটনাটি শুনেছেন। তবে প্রশাসনিকভাবে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, একজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ টুঙ্গী ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলির শব্দ শুনে বিজিবির মেদিনীপুর ক্যাম্পের টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত ও সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে পালটা ফায়ার করে।

ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে অধিনায়ক পর্যায়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সূচক হিসেবে দায়িত্ব পালন করবেন বৈভব সূর্যবংশী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ এম


সূচক হিসেবে দায়িত্ব পালন করবেন বৈভব সূর্যবংশী

ভারতের উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী মাত্র ১৫ বছর বয়সে একটি বড় দায়িত্ব গ্রহণ করেছেন। তাকে সরাসরি অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহার দলের নেতৃত্ব দেবেন এই তরুণ ক্রিকেটার।

বৈভবের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে, যদিও তা পরিস্থিতির প্রয়োজনে ছিল। দুলিপ ট্রফির ফাইনালে নিয়মিত অধিনায়ক ইশান কিষাণ মাঠের বাইরে চলে গেলে, কিছু সময়ের জন্য ইস্ট জোনের অধিনায়কত্ব তিনি সামলান। রঞ্জি ট্রফিতে বিহার দলের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে এবারই প্রথম পূর্ণাঙ্গভাবে কোনো দলের অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি।

শুক্রবার বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক কমিটির সভায় বৈভবকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, "তরুণ ক্রিকেটারের জন্য এটি অনেক বড় দায়িত্ব এবং তার জন্য শুভকামনা রইল।"

এদিকে, সৈয়দ মুশতাক আলি ট্রফির প্রথম দুই ম্যাচের চূড়ান্ত স্কোয়াড তৈরির আগে বিহার ক্রিকেটারদের ট্রায়াল নেওয়ার পরিকল্পনা করেছে। খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে ট্রায়ালের পারফরম্যান্স এবং তাদের আগের রেকর্ডও বিবেচনায় রাখা হবে।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে বৈভব জায়গা পেয়েছিলেন। যদিও তিনি মাত্র দুই ম্যাচে সুযোগ পেয়েছেন। সেখানে তার ব্যাট থেকে এসেছে ৪ ও ৪৫ রান। তবে তৃতীয় ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে তার বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে গড়ে ওঠা ১১৮ রানের জুটি বিশেষভাবে আলোচনায় আসে। এটি ছিল বিশ্বরেকর্ড গড়া জুটি।

এখন পর্যন্ত বৈভব ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে সাতটি ম্যাচে তিনি বিহারের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। গত আসরের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে কলকাতার ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। মাত্র ৬১ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার।

তবে এবারের ঘরোয়া মৌসুমে বিহারের শুরুটা মোটেও ভালো হয়নি। রঞ্জি ট্রফির প্রথম পর্বে চারটি ম্যাচ খেলেই সবকটিতে পরাজিত হয়েছে দলটি। এবার বৈভবের নেতৃত্বে টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে তাদের।

আগামী ১৪ নভেম্বর ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে সৈয়দ মুশতাক আলি ট্রফির অভিযান শুরু করবে বিহার। এখন দেখার বিষয়, অধিনায়ক হিসেবে প্রথম বড় পরীক্ষায় কতটা সফল হন সূর্যবংশী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%