ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের ঘোষণা সার্বিয়ার


গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের ঘোষণা সার্বিয়ার

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশটির সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের পাশাপাশি সার্বিয়ায় ইসরাইলি ড্রোন উৎপাদন প্রকল্প বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে সার্বিয়ার নির্বাচনে জয়ী ছাত্র আন্দোলনভিত্তিক রাজনৈতিক জোট ‘স্টুডেন্ট লিস্ট’। সাবেক প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচের শাসনামলে ইসরাইলের সঙ্গে গড়ে ওঠা ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে এই ঘোষণাকে দেখা হচ্ছে।

গত সপ্তাহে ব্রিটিশ সাংবাদিক অ্যারন বাস্তানির উপস্থাপনায় একটি পডকাস্টে অংশ নিয়ে স্টুডেন্ট লিস্টের প্রতিনিধি ফিলিপ উবোভিচ এই ঘোষণা দেন। গাজায় ইসরাইলের যুদ্ধ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন, ‘সেখানে যা ঘটছে, তা মানবতার বিবেকের ওপর একটি কলঙ্ক। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমাদের রাজনৈতিক কর্মসূচিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করা হবে।’

২৫ অক্টোবর অনুষ্ঠিত আগাম নির্বাচনে ২৫০ আসনের মধ্যে ১৪০টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে স্টুডেন্ট লিস্ট। এর ফলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা ভুসিচের রাজনৈতিক জোটকে পরাজিত করে ছাত্র আন্দোলনভিত্তিক এই শক্তি। ভুসিচের শাসনামলে কর্তৃত্ববাদী প্রবণতা ও দুর্নীতির অভিযোগ নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক চলছিল।

আরও পড়ুন: প্রতিশ্রুতি আছে, প্রাপ্তি নেই: জলবায়ু সম্মেলনে জৌলুস হারাচ্ছে

নতুন নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে ১৭ নভেম্বর স্টুডেন্ট লিস্টের আইনপ্রণেতাদের বেলগ্রেডে পার্লামেন্ট ভবনের সামনে সমর্থকদের সঙ্গে দেখা যায়।

ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্যে উল্লেখযোগ্য উল্লম্ফন ঘটেছে। ভুসিচের শাসনামলে সার্বিয়ার সঙ্গে ইসরাইলের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ২০২৪ সালে সার্বিয়া থেকে ইসরাইলে অস্ত্র রপ্তানির পরিমাণ আগের ১৫ লাখ ডলার থেকে বেড়ে ৪ কোটি ৫৮ লাখ ডলারে পৌঁছায়। গাজায় ইসরাইলের সামরিক অভিযান চলাকালীন এই রপ্তানি বৃদ্ধি পায়।

শুধু অস্ত্র রপ্তানিই নয়, ইসরাইল থেকে সামরিক সরঞ্জাম কেনার পরিমাণও বেড়েছে সার্বিয়ার। ২০২৫ সালের শুরুর দিকে ইসরাইলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের কাছ থেকে ৩৩ কোটি ৫০ লাখ ডলারে পিইউএলএস আর্টিলারি ব্যবস্থা ও হার্মিস ড্রোন কেনার চুক্তি করে দেশটি।

একই বছরের আগস্টে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম কিনতে প্রায় ১৬০ কোটি ডলারের আরেকটি চুক্তি করে সার্বিয়া। গত বছরের সেপ্টেম্বরে ভুসিচ সার্বিয়ায় ইসরাইলি প্রযুক্তিতে তৈরি ড্রোন সংযোজনের একটি কারখানা উদ্বোধন করেন। নতুন সরকারের অস্ত্র বাণিজ্য বন্ধের অঙ্গীকার বাস্তবায়িত হলে দুই দেশের বিদ্যমান সামরিক সহযোগিতায় বড় পরিবর্তন আসতে পারে।

আরও পড়ুন: বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সীমিত করার ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাতিল করলেন বিচারক

ফিলিস্তিনের প্রতি বাড়ছে সংহতি

লন্ডনের কিংস কলেজের যুদ্ধ অধ্যয়ন বিভাগের পররাষ্ট্রনীতি ও বৃহৎ কৌশলবিষয়ক শিক্ষক ভুক ভুকসানোভিচ মনে করেন, ইসরাইলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সার্বিয়ার সমাজে দীর্ঘদিন ধরেই মতভেদ রয়েছে। তার মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অভিন্ন নিপীড়নের ইতিহাসের কারণে সার্বিয়ার একাংশের সঙ্গে ইহুদি জনগোষ্ঠীর আবেগগত সম্পর্ক রয়েছে। অন্যদিকে, জোটনিরপেক্ষ যুগোস্লাভিয়ার ঐতিহাসিক অবস্থানের কারণে অনেক সার্বীয় নাগরিক ফিলিস্তিনিদের প্রতিও সংহতি প্রকাশ করেন।

ভুকসানোভিচ বলেন, গত কয়েক বছরে বিশেষ করে ছাত্র আন্দোলনের উত্থানের সঙ্গে ফিলিস্তিনিদের প্রতি সংহতি আরো বেড়েছে। বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের দুর্দশা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিও এ পরিবর্তনে ভূমিকা রেখেছে। তিনি আরো বলেন, অনেক সার্বীয় নাগরিক মনে করেন, গাজার মানবিক বিপর্যয় ইসরাইলের সঙ্গে অতীতের বন্ধুত্বের ঐতিহাসিক সম্পর্কের চেয়েও বড় হয়ে উঠেছে।

তার মতে, ভুসিচের আমলে ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও গোলাবারুদ সরবরাহের সিদ্ধান্তকে অনেকেই সার্বিয়ার জাতীয় স্বার্থের অংশ হিসেবে দেখেননি। বরং সাবেক ক্ষমতাসীন গোষ্ঠীর নিজেদের স্বার্থ রক্ষা এবং ইসরাইল, দেশটির লবিগোষ্ঠী ও এর মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করেছেন।

আরও পড়ুন: পারমাণবিক হামলা হলে ‘সমপর্যায়ের’ জবাব দেয়ার হুঁশিয়ারি ইরানের

নতুন সরকারের ঘোষণায় ক্ষুব্ধ ভুসিচ

স্টুডেন্ট লিস্টের অস্ত্র বাণিজ্য বন্ধের ঘোষণার পর সাবেক প্রেসিডেন্ট ভুসিচ এর সমালোচনা করেছেন। তার অভিযোগ, এই সিদ্ধান্ত সার্বিয়ার প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে দেবে। ১২ নভেম্বর ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে তিনি দাবি করেন, সার্বিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের ভাঙন শুরু হয়েছে এবং এর পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা রয়েছে।

তবে স্টুডেন্ট লিস্টের ঘোষণাটি মূলত ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য এবং দেশটিতে ইসরাইল-সংশ্লিষ্ট ড্রোন প্রকল্প বন্ধ করার বিষয়ে। চীনের সঙ্গে সহযোগিতা বন্ধের কোনো ঘোষণা তারা দেয়নি।

অঙ্গীকার বাস্তবায়ন কতটা কঠিন?

আরও পড়ুন: দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নতুন সিদ্ধান্ত নিল সুইডেনের পার্লামেন্ট

বিশ্লেষকদের মতে, ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের ঘোষণা দেওয়া সহজ হলেও বাস্তবে তা কার্যকর করা বেশ জটিল হতে পারে। কারণ, দুই দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে ইতোমধ্যে প্রযুক্তি, উৎপাদন ও সরবরাহব্যবস্থার দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি হয়েছে।

ভুক ভুকসানোভিচ বলেন, নতুন সরকারের উদ্দেশ্য ও অঙ্গীকার আন্তরিক হলেও প্রতিরক্ষা শিল্পের আয়ের উৎস কীভাবে বন্ধ করা হবে, এলবিটের কারখানার সঙ্গে প্রযুক্তিগত ও সরবরাহব্যবস্থার সম্পর্ক কীভাবে ছিন্ন করা হবে এবং বিদ্যমান চুক্তির আইনি বাধ্যবাধকতা কতটা কঠোর—এসব প্রশ্নের সমাধান করতে হবে।

তিনি মনে করেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি নষ্ট না করে ধাপে ধাপে সামরিক সহযোগিতা কমিয়ে আনার পথ খুঁজতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ইসরাইলের স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সম্ভাব্য প্রতিক্রিয়াও বিবেচনায় রাখতে হবে।

ভুকসানোভিচের ভাষায়, আশ্চর্যজনকভাবে ইসরাইলের সঙ্গে সম্পর্কের এই পরিবর্তন সার্বিয়ার ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের পরিবর্তনের চেয়েও কঠিন হতে পারে। স্টুডেন্ট লিস্টের সঙ্গে মন্তব্য জানতে যোগাযোগ করেছিল সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো জবাব পাওয়া যায়নি।

আরও পড়ুন: কোরআন হাতে শপথ নিলে মুসলিম প্রতিনিধিত্বের ইতিহাস পাবে নতুন মাত্রা

সূত্র: মিডল ইস্ট আই, বলকান ইনভেস্টিগেটিভ রিপোর্টিং নেটওয়ার্ক (বিআইআরএন) ও হারেতজে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে শিক্ষা ক্যাডার পরিষদের সম্পাদক নির্বাচিত সাইফুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


শ্রীমঙ্গলে শিক্ষা ক্যাডার পরিষদের সম্পাদক নির্বাচিত সাইফুল ইসলাম

দীর্ঘ চার বছরের স্থবিরতা কাটিয়ে অবশেষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজ শিক্ষা ক্যাডার পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত এই নির্বাচনে সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক পদে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শাহীনুর রহমান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কলেজে অনুষ্ঠিত নির্বাচনে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক সুরঞ্জিত কিলিকদার। কমিশনের অন্যান্য দুই সদস্য ছিলেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মনকিউল হাসনাত এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মুহেব্বুর রহমান।

নির্বাচন সূত্রে জানা যায়, কলেজটির গঠনতন্ত্র অনুযায়ী কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা এ পরিষদের ভোটার ও সদস্য। কলেজে মোট ৪৭টি শিক্ষা ক্যাডার পদ থাকলেও বর্তমানে ২৩ জন কর্মকর্তা কর্মরত রয়েছেন। নির্বাচনে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষণীয় ছিল।

সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সুব্রত সাহা পান ৯ ভোট। অন্যদিকে, যুগ্ম সম্পাদক পদে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শাহীনুর রহমান ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় ওই পদে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, শিক্ষা ক্যাডার পরিষদের পূর্ববর্তী কমিটির মেয়াদ চার বছর আগে শেষ হলেও নানা কারণে নতুন কমিটি গঠন সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হওয়ায় কলেজের শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এ পরিষদ ২০২৭-২৮ মেয়াদে আগামী দুই বছর কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবে। নতুন নেতৃত্ব কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, শিক্ষক-কর্মকর্তাদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাংকিংয়ে বিশ্বের সেরা ১ হাজারে আইইউবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাংকিংয়ে বিশ্বের সেরা ১ হাজারে আইইউবি

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাংকিংস ২০২৭-এ বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। এবারের র‍্যাংকিংয়ে ২,২০০ প্রতিষ্ঠানের মধ্যে আইইবির অবস্থান ৯৬২তম। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইইবি ৪র্থ অবস্থানে রয়েছে; আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইইবির স্থান দ্বিতীয়। গত বছরের তুলনায় আইইবি এবার ৫৪০ ধাপ অগ্রসর হয়েছে।

কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাংকিং বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং সুশাসনসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে তৈরি করা হয়। এই র‍্যাংকিংয়ে গবেষণা, শিক্ষা কার্যক্রম, প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড ও পরিচালনব্যবস্থার মাধ্যমে পরিবেশগত ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা মূল্যায়ন করা হয়।

আইইবির অগ্রগতি এবারের র‍্যাংকিংয়ে টেকসই উন্নয়ন-সংশ্লিষ্ট ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান পরিচিতির প্রতিফলন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ অবস্থান অর্জন করে টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইইবি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রতিবছর এই র‍্যাংকিং প্রকাশ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য-উপাত্ত পর্যালোচনা ছাড়াই মজুরি নির্ধারণে বসেছে বোর্ড: সিপিডি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


তথ্য-উপাত্ত পর্যালোচনা ছাড়াই মজুরি নির্ধারণে বসেছে বোর্ড: সিপিডি

মজুরি নিয়ে দরকষাকষির সংস্কৃতি থেকে বের হয়ে আসার প্রয়োজন রয়েছে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটকে মাথায় রেখে তথ্য-উপাত্তের ভিত্তিতে পোশাক শ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণের জন্য তাগিদ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে অনুষ্ঠিত ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে সিপিডির পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা ছাড়াই মজুরি বোর্ড বেতন কাঠামো নির্ধারণের কাজ শুরু করেছে। শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের জন্য দেশের আর্থসামাজিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্তের গুরুত্ব অপরিসীম।

সিপিডি উল্লেখ করেছে, ২০২৩ সালের ১২,৫০০ টাকার মূল্যস্ফীতি বিবেচনায় ২০২৬ সালে চারজনের পরিবারের জন্য মজুরি হতে পারে ১৬,৩৫১ টাকা। দারিদ্রসীমার আলোকে মজুরি হতে পারে ১৮,৫৭৮ টাকা এবং ন্যূনতম মানবিক জীবনযাপনে ব্যয় নির্বাহের জন্য মজুরি হতে পারে ২৪,২০৪ টাকা।

সিপিডির প্রস্তাব অনুযায়ী, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকার মধ্যে নির্ধারণ করা হতে পারে।

এর আগে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে। একই দিনে শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় জরুরি সভা অনুষ্ঠিত হয়। তবে এর পরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

আন্দোলনের কারণে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, সড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গোয়েন্দাদের বরাতে জানা গেছে, আন্দোলনে আওয়ামী লীগ-সমর্থিত শিল্প মালিক এবং ছাত্রলীগ-যুবলীগের সদস্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এই পরিস্থিতিতে সরকার শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে। পুলিশের পাশাপাশি বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ হামলার ঘটনা ঘটে আজ বুধবার সকালে, মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়টিতে। হামলায় দুই থেকে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামলার সময় সকাল সোয়া ৮টার দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠিসোঁটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভবনটিতে অতর্কিত হামলা চালায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%