ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

স্কুলের আশপাশে খাবার বিক্রি বন্ধ করতে যাচ্ছে ভারত


স্কুলের আশপাশে খাবার বিক্রি বন্ধ করতে যাচ্ছে ভারত

ভারত শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে অতিরিক্ত চর্বি ও চিনি সমৃদ্ধ খাবার বিক্রি সীমিত করার লক্ষ্যে নতুন নিয়মের দিকে অগ্রসর হচ্ছে। প্রস্তাবিত নিয়ম অনুসারে, স্কুলের ৫০ মিটারের মধ্যে এসব খাবারের বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। শিশুদের মধ্যে স্থূলতা বাড়তে থাকায় জাংক ফুডের ব্যবহার হ্রাস করতেই এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

যদি প্রস্তাবটি কার্যকর হয়, তাহলে ভারতের প্রায় ১৫ লাখ স্কুলের আশপাশে অবস্থিত ছোট দোকান, রেস্তোরাঁ ও খাবারের স্টলগুলো এর আওতায় পড়বে। এসব প্রতিষ্ঠানে বিক্রি হওয়া চিনিযুক্ত কোমলপানীয়, অতিরিক্ত লবণযুক্ত চিপস, তেলে ভাজা সমুচা, পিৎজা ও বার্গারের মতো খাবারের বিক্রিতে বিধিনিষেধ আসতে পারে।

বিশেষ করে শিশুদের মধ্যে স্থূলতার হার বাড়তে থাকায় অস্বাস্থ্যকর ও উচ্চমাত্রায় চর্বি-চিনি সমৃদ্ধ খাবারের ব্যবহার কমানোর উদ্যোগকে জোরদার করা হচ্ছে।

আরও পড়ুন: ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধিতে সীমিত পরিসরের বাজেটের পথে যুক্তরাজ্য

স্কুলের আশপাশে জাঙ্ক ফুড বিক্রিতে বিধিনিষেধের প্রস্তাব ভারতের বড় বহুজাতিক খাদ্য ও পানীয় কোম্পানিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। পেপসিকো, কোকা-কোলা, মন্ডলেজ ও নেসলের মতো প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে উচ্চমাত্রায় চর্বি, লবণ ও চিনি সমৃদ্ধ (এইচএফএসএস) খাবারে লাল সতর্কীকরণ লেবেল ব্যবহারের প্রস্তাবিত নিয়মের মুখোমুখি হচ্ছে। নতুন নিয়ম কার্যকর হলে খাদ্যনিরাপত্তা ও অস্বাস্থ্যকর খাবার নিয়ন্ত্রণে কঠোর নীতি থাকা চিলি ও মেক্সিকোর মতো দেশের সঙ্গে ভারতের নীতিও আরো সামঞ্জস্যপূর্ণ হবে।

স্কুলের আশপাশের দোকান ও মুদি ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পূর্ব ভারতের ভুবনেশ্বর শহরের প্রায় এক ডজন দোকানদার বলেছেন, নতুন নিয়ম কার্যকর হলে তাদের বিক্রি এক-তৃতীয়াংশ বা তারও বেশি কমে যেতে পারে। ভুবনেশ্বরের একটি দোকানে ১৫ বছর বয়সী প্রিয়াংশু পালাই স্কুলে যাওয়ার পথে পেপসিকোর জনপ্রিয় ‘আঙ্কেল চিপস’-এর দুটি প্যাকেট কেনে। ব্যাগে চিপস রাখার সময় সে বলে, ‘টিফিনের সময় এগুলো খাব।’ তার মায়ের তৈরি ভাত ও ডালের তুলনায় চিপসই তার বেশি পছন্দ বলে জানায় সে।

ভারত শিশুদের মধ্যে জাংক ফুড খাওয়ার অভ্যাস কমাতে চায়। এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটির (এফএসএসএআই) প্রধান নির্বাহী রাজিত পুনহানি। তিনি রয়টার্সকে বলেন, ‘নিরাপদ খাদ্য’ কর্মসূচির লক্ষ্য হলো শিশুদের ছোটবেলা থেকেই অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস থেকে দূরে রাখা। তিনি বলেন, ‘আমাদের শিশুদের এসব খাবার খাওয়া থেকে নিরুৎসাহিত করতে হবে। ছোটবেলা থেকেই তাদের মধ্যে স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তুলতে হবে।’

তবে পুনহানি উল্লেখ করেন, নতুন নিয়মের কারণে ব্যবসায়ীদের ওপর বড় ধরনের প্রভাব পড়বে না। কারণ, দোকানিরা উচ্চমাত্রায় চর্বি, লবণ ও চিনি নেই—এমন খাবার বিক্রি করতে পারবেন। তার মতে, নতুন বিধিমালার অন্যতম লক্ষ্য হলো খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের পণ্যের উপাদান ও রেসিপি পরিবর্তনে উৎসাহিত করা।

আরও পড়ুন: স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষে ১০ জন নিহত

এই আইন প্রথম প্রস্তাব করা হয় ২০২০ সালে। তবে এটি কার্যকর করার নির্দিষ্ট সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি। দেশজুড়ে খাদ্যনিরাপত্তা নিয়ে চলমান উদ্যোগের অংশ হিসেবে কর্তৃপক্ষ গত আগস্টে খাবারে চর্বি, লবণ ও চিনির সর্বোচ্চ মাত্রা নির্ধারণের প্রস্তাব প্রকাশ করে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, নির্ধারিত মাত্রার বেশি চর্বি, লবণ ও চিনি থাকা খাবার স্কুলের ভেতরে ও আশপাশে বিক্রিতে নিষেধাজ্ঞা আসতে পারে। এ বিষয়ে জনসাধারণের মতামত দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর।

ভারতে বাড়ছে শিশুদের স্থূলতা

ভারতে লে’স চিপস, ক্যাডবেরি চকলেট ও ম্যাগি নুডলসের মতো প্রক্রিয়াজাত খাবারের জনপ্রিয়তা বেড়েছে। এর সঙ্গে বাড়ছে শিশুদের অতিরিক্ত ওজন ও স্থূলতাও। ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের তথ্য অনুযায়ী, ৫ থেকে ১৯ বছর বয়সী অতিরিক্ত ওজনের ভারতীয় শিশুর সংখ্যা ২০১৫ সালে ছিল ২ কোটি ৮০ লাখ। ২০২৫ সালে তা বেড়ে ৪ কোটি ১০ লাখ হয়েছে। ২০৪০ সালে এ সংখ্যা ৫ কোটি ৬০ লাখে পৌঁছাতে পারে।

ভারতের কেন্দ্রীয় আইনে স্কুলের আশপাশের দোকানে শিশুদের কাছে উচ্চ চর্বি, লবণ ও চিনিযুক্ত খাবার বিক্রি ও বিজ্ঞাপনে বিধিনিষেধের প্রস্তাব রয়েছে। তবে মহারাষ্ট্রে কঠোর নিয়ম করা হয়েছে। রাজ্যের খাদ্য নিরাপত্তা কমিশনার তুকারাম মুন্ধে রয়টার্সকে জানান, স্কুলের ৫০ মিটারের মধ্যে কোনো দোকানে এসব পণ্য রাখা যাবে না। রয়টার্সের দেখা রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত স্কুলের ৫০ মিটারের মধ্যে থাকা ১৩৩টি দোকানে নিয়ম লঙ্ঘনের প্রমাণ পেয়েছেন পরিদর্শকেরা। এর মধ্যে ৫১টি দোকানের ব্যবসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থী বিনিময় থেকে মহাকাশ: ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার নতুন অংশীদারিত্ব

জাংক ফুড নিষেধাজ্ঞায় ব্যবসায়ীদের উদ্বেগ

ভারতে স্কুলের আশপাশে জাংক ফুড বিক্রিতে প্রস্তাবিত নিষেধাজ্ঞা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি, অনেক স্কুল বাজারের কাছে হওয়ায় নতুন নিয়ম মানা কঠিন হবে এবং এতে ব্যবসা ও জীবিকা ক্ষতিগ্রস্ত হতে পারে।

পেপসিকো ও নেসলেসহ বড় কম্পানিগুলো জানিয়েছে, স্কুলে খাবার বিক্রির ক্ষেত্রে তারা নিজেদের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে। এদিকে চিলি ও মেক্সিকোর মতো কয়েকটি দেশে স্কুলের আশপাশে জাঙ্ক ফুড বিক্রিতে ইতিমধ্যে কঠোর নিয়ম রয়েছে।

আরও পড়ুন: রাহুলের অভিযোগ, টাটা গোষ্ঠীকে ‘ধ্বংসের’ জন্য মোদি-শাহকে নিশানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাকিমপুরে মাদক মা-ম-লা-র ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


হাকিমপুরে মাদক মা-ম-লা-র ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুরে পৃথক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। এ সময় এক আসামির কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ শহিদুল ইসলাম (৬৬), পিতা—মৃত জান বক্স শেখ, সাং—দক্ষিণ বাসুদেবপুর; মোঃ আজমল হোসেন (৪৭), পিতা—মৃত তোজাম্মেল হক ওরফে তোমাজ উদ্দিন, মাতা—রাশেদা বিবি, সাং—খাট্টাউছনা; মোঃ ফরিদুল ইসলাম (৩৪), পিতা—মোঃ রহিদুল ইসলাম, সাং—দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ; এবং মোছাঃ রাবেয়া বেগম (৩৬), স্বামী—মোঃ সেকেন্দার আলী, সাং—বানিয়াল। তারা সবাই হাকিমপুর থানার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ শহিদুল ইসলাম হাকিমপুর থানার মামলা নং-১৫, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণীর ১৯(ক) অনুযায়ী দায়ের করা মামলার আসামি। একই সঙ্গে তিনি হাকিমপুর থানার মামলা নং-১১, তারিখ ২২ আগস্ট ২০২৫, জিআর-১৬৪/২৫-এর ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া মোঃ আজমল হোসেন জিআর-১৮৫/২৬ (নবাব), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(গ) অনুযায়ী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

মোঃ ফরিদুল ইসলাম এনজিআর-৪৯/২৪ (হাকিমপুর) মামলার ওয়ারেন্টভুক্ত এবং মোছাঃ রাবেয়া বেগম এনজিআর-১৬/২৬ (হাকিমপুর) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

গ্রেফতারের পর চার আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর সদর কোর্টে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


ভাণ্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা ১৩ লাখ ২৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভাণ্ডারিয়া-কাঠালিয়া সড়কের আমান উল্লাহ কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা এলাকার মো. বাকি বিল্লাহ সিকদার (৫৫), বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরকালেখা এলাকার মো. শামীম বেপারী (৪৫) এবং শরীয়তপুরের ডামুডা উপজেলার কুলকুড়ি এলাকার মো. সিয়াম সরদার (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকে করে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হলে এসব পণ্য পাওয়া যায়। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটিও।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি বহনকারী একটি ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ২৬ হাজার টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় ব্যতিক্রমী উদ্যোগ: বিরামচিহ্ন দিবস নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


মঠবাড়িয়ায় ব্যতিক্রমী উদ্যোগ: বিরামচিহ্ন দিবস নিয়ে আলোচনা

পিরোজপুরের মঠবাড়িয়ায় তথা বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথমবারের মতো বিরামচিহ্ন দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা করেছে মারকাযুল হুদা আলিয়া মাদ্রাসা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসার বাংলা বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে ছুটির পর শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম ও বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করা হয়। প্লাকার্ডে লেখা ছিল ‘বিরামচিহ্ন ঠিক রাখি, শুদ্ধ বাংলা লিখি’, ‘বিরামচিহ্নের সঠিক ব্যবহার, ভাষার সৌন্দর্য বাড়ায় বারবার’ সহ নানা সচেতনতামূলক লেখা। অনুষ্ঠানে শিক্ষকরা বলেন, ভাষার লিখিত রূপকে অর্থবোধক, সুস্পষ্ট ও শ্রুতিমধুর করে তুলতে বিরামচিহ্নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কমা, দাঁড়ি, প্রশ্নবোধক বা বিস্ময়বোধক চিহ্নের যথাযথ ব্যবহার অনেক সময় একটি বাক্যের অর্থ ও ভাব সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে। তাই শুধু পরীক্ষার খাতায় নয়, দৈনন্দিন লেখালেখিতেও শিক্ষার্থীদের বিরামচিহ্নের সঠিক ব্যবহার জানতে হবে।

আলোচনায় আরও জানানো হয়, আন্তর্জাতিকভাবে ২৪ সেপ্টেম্বর National Punctuation Day হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রে জেফ রুবিনের উদ্যোগে ২০০৪ সাল থেকে দিবসটি পালনের প্রচলন শুরু হয়। বিভিন্ন সময় সংবাদমাধ্যমে ২৪ সেপ্টেম্বর বিরামচিহ্ন দিবস সম্পর্কে লেখা প্রকাশিত হলেও এখন পর্যন্ত বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি নিয়ে আলোচনা করেনি। এমন কোন নির্ভযোগ্য তথ্য অনলাইনে পাওয়া যায়নি। সেই বিবেচনায় মঠবাড়িয়ার মারকাযুল হুদা আলিয়া মাদ্রাসার ২০২৬ সালের এই উদ্যোগটি ব্যতিক্রমী। বাংলা বিভাগের উদ্যোগে আয়োাজিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষার প্রতি ভালোবাসা সৃষ্টি, শুদ্ধ বানান ও ভাষারীতি চর্চায় উৎসাহিত করা এবং বিরামচিহ্নের যথাযথ ব্যবহারের গুরুত্ব তুলে ধরা।

মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক মোঃ রুম্মান হাওলাদার বলেন, ুশিক্ষার্থীরা যেন শুধু পাঠ্যবইয়েরর জ্ঞান অর্জন না করে, বরং বাংলা ভাষাকে শুদ্ধভাবে পড়তে, লিখতে ও ব্যবহার করতে শেখে এ লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। বিরামচিহ্ন ছোট হলেও ভাষার অর্থ ও সৌন্দর্য রক্ষায় এর ভূমিকা অত্যন্ত বড়।”

আযোাজকদের প্রত্যাশা, ভবিষ্যতে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালিত হবে এবং শিক্ষার্থীদের মধ্যে শুদ্ধ বাংলা চর্চার আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমানকে নিয়ে সুনীল পালের তীব্র সমালোচনা, বললেন ‘লজ্জা পাওয়া উচিত’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


সালমানকে নিয়ে সুনীল পালের তীব্র সমালোচনা, বললেন ‘লজ্জা পাওয়া উচিত’

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে ট্রল ও কটাক্ষের প্রসঙ্গে সালমান খানের সাম্প্রতিক মন্তব্যের পর কৌতুকশিল্পী সুনীল পাল তাকে তীব্র সমালোচনার মুখে ফেলেছেন। এক অনুষ্ঠানে তিনি সালমানকে উদ্দেশ্য করে বলেন, অভিনেতাদের উচিত দর্শকদের অবদান মনে রাখা।

হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

সুনীল পালের বক্তব্য ছিল, ‘আমরাই সালমান খানকে তৈরি করেছি, সালমান খান আমাদের তৈরি করেননি।’ তিনি আরও দাবি করেন, ভারতের জনগণের কারণে সালমান আজকের তারকা হয়ে উঠেছেন, কারণ তারা বছরের পর বছর ধরে তার সিনেমা দেখেছেন।

এ সময় সুনীল ‘হনুমান অংশ’ সিনেমার উদাহরণ তুলে ধরেন, যেখানে মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি ৫০০ কোটি রুপি আয় করেছে। বিপরীতে, ৫০০ কোটি রুপি বাজেটের সিনেমাগুলি ৫০ কোটি রুপি আয় করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। সুনীল অভিযোগ করেন, বড় তারকাদের আধিপত্যের কারণে ছোট নির্মাতা ও শিল্পীদের জন্য কাজ করা কঠিন হয়ে পড়েছে।

সালমানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ নিয়েও সুনীল মন্তব্য করেন। শোটিকে ‘গাটার শো’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সেখানে কিছু মানুষকে তারকা হিসেবে তুলে ধরা হয়, যাঁদের তিনি দেশের জন্য ‘বড় ক্ষতি’ মনে করেন।

সম্প্রতি ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’-এ সালমান সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের চেহারা ও ব্যক্তিগত বিষয় নিয়ে ট্রলের সমালোচনা করেছিলেন। ক্যাটরিনা কাইফের প্রসবের পর ওজন বেড়ে যাওয়া নিয়ে কটাক্ষের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সন্তান জন্মের পর ওজন বাড়া স্বাভাবিক এবং ক্যাটরিনা চাইলে অভিনয়ে ফেরার পর আবার নিজের ফিটনেসে ফিরতে পারবেন।

 

সালমান তার নিজস্ব চেহারা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের প্রসঙ্গ তোলেন। তিনি উল্লেখ করেন, তাঁকে ‘বুড়ো’ বলা এবং টাক নিয়ে বিদ্রূপ করার কথাও। পরে অনুষ্ঠানে শরীর নিয়ে ট্রলের জবাব দিতে তিনি নিজের শার্ট খুলে প্রতিক্রিয়া জানান।

সালমানের এই অবস্থানকে সমর্থন করেছেন বরুণ ধাওয়ান, নেহা ধুপিয়া ও রোহিত শেঠিসহ কয়েকজন তারকা। তবে সুনীল পাল এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়ে সালমানের সমালোচনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%