ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

উদ্ভাবনী বাংলাদেশ গড়তে নতুন জ্ঞান ও দক্ষ মানবসম্পদ প্রয়োজন: পরিকল্পনা প্রতিমন্ত্রী


উদ্ভাবনী বাংলাদেশ গড়তে নতুন জ্ঞান ও দক্ষ মানবসম্পদ প্রয়োজন: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের মাধ্যমে মানবিক, দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়নকে টেকসই ও গতিশীল করার জন্য সরকারের, ব্যবসা ও শিল্পখাত এবং একাডেমিয়ার মধ্যে কার্যকর সমন্বয় ও অংশীদারত্ব গড়ে তোলা অত্যন্ত জরুরি।

রাজধানীর আগারগাঁওয়ে নভো থিয়েটারের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়ের সমন্বয় বাড়িয়ে উন্নয়ন প্রকল্পে ওভারল্যাপিং ও ডুপ্লিকেশন বন্ধ করতে হবে। এর ফলে সরকারি সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় কমানো সম্ভব হবে।

আরও পড়ুন: নেত্রকোণা সীমান্তে ২ লাখ ৬ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ

তিনি উল্লেখ করেন, ব্যবসা ও শিল্পখাত, একাডেমিয়া এবং সরকার—এই তিন পক্ষের সমন্বিত উদ্যোগ দেশের উদ্ভাবন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে শিল্পের বাস্তব চাহিদার সংযোগ ঘটাতে পারলে নতুন প্রযুক্তি, কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির সুযোগ আরও বৃদ্ধি পাবে।

সরকার উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে চায়। তিনি বলেন, একই প্ল্যাটফর্ম ও অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে সার্বিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে। এ ধরনের ইনোভেশন ফেয়ার তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা, গবেষক, শিক্ষার্থী এবং শিল্পখাতের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিখোর সিইও শাহির চৌধুরী, বিআইআইএনের চেয়ারম্যান সৈয়দ আলমাস কবির, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, ব্যাংক এশিয়ার ডিএমডি আখতার উদ্দিন মাহমুদ, ইউনিলিভার বাংলাদেশের পরিচালক দুরদানা চৌধুরী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ হোসাইন।

আরও পড়ুন: সাংবাদিকদের নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি ড. ইফতেখারুজ্জামানের

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নের সম্ভাবনা, প্রযুক্তির ব্যবহার, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং তরুণ প্রজন্মকে ভবিষ্যতের কর্মবাজারের জন্য প্রস্তুত করার বিভিন্ন দিক তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ডাকসুর সংগ্রহশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগের শিক্ষার্থী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগের শিক্ষার্থী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ‘সংস্কারের’ অংশ হিসেবে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, যা প্রতিবাদের চিহ্ন হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ডাকসু সংগ্রহশালায় গিয়ে ছবিগুলো ছিঁড়ে ফেলেন শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।

এ সময় তিনি মন্তব্য করেন, "এদেশের ভাষা আন্দোলনের আসল নায়কদের বাদ দিয়ে পাকিস্তানের জাঁদরেল জিন্নাহর ছবি কেন ডাকসু রেখেছে তার জন্য প্রশাসন ও ডাকসুর নেতাদের জবাব দিতে হবে।" তিনি আরও বলেন, "যে জিন্নাহ আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, সে জিন্নাহকে কীভাবে এখানে রাখে? ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সব জায়গায় রক্তগঙ্গা দিয়েছে। এখানে থাকতে হবে ভাষা আন্দোলনের নায়ক আবুল কাসেমের (ছবি)। এখানে থাকবে শেখ মুজিবুর রহমান, মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ।"

আবু তৈয়ব হাবিলদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি ২০২৫ সালে ডাকসু নির্বাচনে সহ-সভাপতি পদে স্বতন্ত্রভাবে ভোট দিয়েছেন।

সংস্কার শেষে রোববার ডাকসু সংগ্রহশালা পুনরায় চালু করে, যেখানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক বা গৌরবোজ্জ্বল ছবি না থাকলেও নতুন করে যুক্ত হয় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর আলোচিত ছবি।

এর মধ্যে একটি ছবি ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের (সোহরাওয়ার্দী উদ্যান) এক অনুষ্ঠানের, যেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।’

স্থান পায় ১৯৪০ সালের মার্চ মাসে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের একটি গ্রুপ ছবি, যেখানে জিন্নাহ রয়েছেন। অপর ছবিটি ১৯৭০ সালের নির্বাচন নিয়ে জিন্নাহর ছবি সংবলিত পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদনের পেপার কাটিং।

ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ‘বিতর্কিত’ ছবি প্রদর্শনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার সকালে সংগঠনটি বলেছে, শিবির নিয়ন্ত্রিত ডাকসুর এই পরিষদ শিক্ষার্থীদের গণআকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী চেতনাকে বিসর্জন দিয়ে ১৯৭১ সালের পরাজিত শক্তির প্রতি তাদের প্রচ্ছন্ন অনুরাগ ও ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারতীয় নারী ক্রিকেট দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারতীয় নারী ক্রিকেট দল

ছেলেদের এশিয়া কাপের পর এবার মেয়েদের এশিয়া কাপেও একই ঘটনা ঘটেছে। ভারতীয় চ্যাম্পিয়ন দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি।

নারী এশিয়া কাপের দশম আসরের ফাইনালে রোববার শ্রীলঙ্কাকে পরাজিত করে ভারত তাদের অষ্টম ট্রফি অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ম্যাচ শেষ হওয়ার ৫০ মিনিট পর শুরু হয়, যার সঞ্চালনা করেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ফারভিজ মাহারুফ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমে ম্যাচ অফিসিয়ালদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। এরপর রানার্স আপ শ্রীলঙ্কা দলের ক্রিকেটার ও কর্মকর্তারা একে একে পদক গ্রহণ করেন। এসিসি সভাপতি মহসিন নাকভি লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন। এরপর মাহারুফ বলেন, “পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে …।”

এসময় ভারতীয় দলের উপস্থিতি মঞ্চের সামনে দেখা যায়নি। গত বছর ছেলেদের বেলাতেও একই ঘটনা ঘটেছিল। ভারতীয় পক্ষ থেকে জানানো হয়েছিল, দুই দেশের সামরিক উত্তেজনা চলাকালীন ক্রিকেটীয় সম্পর্ক উষ্ণ হতে পারে না।

এদিকে, এসিসি চেয়ারম্যান নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা বার্তা সংস্থা আইএএনএস-এর কাছে ভারতীয় দলের ট্রফি গ্রহণ না করার কারণ ব্যাখ্যা করেন।

“আমাদের পুরুষ দল দেড় বছর আগে এশিয়া কাপ জিতেছিল... তবে গত বছরের এপ্রিলে পহেলগাম হামলার পর থেকে পুরো পরিস্থিতিটা পাল্টে যায়। আমাদের নাগরিকদের পক্ষ থেকে চাপ রয়েছে যে, প্রতিবেশী দেশের সঙ্গে কোনো সম্পর্ক না রাখি এবং তাদের সঙ্গে ক্রিকেট না খেলি। যদিও আমাদের সরকারের একটি নীতি রয়েছে যে, বহুজাতিক টুর্নামেন্টগুলোতে আমাদের প্রতিটি দেশের বিরুদ্ধে খেলতে হবে...

কিন্তু এর মানে এই নয় যে, আমাদের জন্য রাখা প্রতিটি শর্ত আমরা মেনে চলব। আমাদের সামরিক সংঘাত এখনও চলছে। আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করা প্রধান নেতাদের একজনের কাছ থেকে আমরা ট্রফি গ্রহণ করতে পারি না। গত বছর পুরুষ দলের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে এবার নারী দলও সংহতি প্রকাশ করেছে।”

গত বছর ছেলেদের এশিয়া কাপ শেষেও সাইকিয়া বলেছিলেন, “আমাদের দল এমন একজনের কাছ থেকে ট্রফিটা নিতে চায়নি, যিনি পাকিস্তানের প্রধান নেতাদের একজন।”

ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় দলের কোচ অমল মজুমদার তাদের অবস্থান তুলে ধরেন।

“আমাদের বোর্ড এই অবস্থান নিয়েছে এবং আমরা এর সঙ্গে একমত। আমাদের জন্য এই টুর্নামেন্ট শেষ, আমরাই চ্যাম্পিয়ন। এটাই যথেষ্ট। বড় বোর্ডে লেখা ছিল যে, ভারত ২০২৬ এশিয়া কাপের চ্যাম্পিয়ন। আমাদের জন্য এই টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শেষ। আমরা চ্যাম্পিয়ন হয়ে খুশি এবং আমরা এশিয়ান গেমসের জন্য অপেক্ষা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর আশ্বাসে ভৈরব পৌরসভার নতুন কর কার্যক্রম স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর আশ্বাসে ভৈরব পৌরসভার নতুন কর কার্যক্রম স্থগিত

ভৈরব পৌরসভায় নতুন কর নির্ধারণের কার্যক্রম স্থগিত করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি, যিনি ১৬৭ কিশোরগঞ্জ (ভৈরব-কুলিয়ারচর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য।

নাগরিক সেবার মান উন্নত না করে গৃহ ও ব্যবসাপ্রতিষ্ঠানের পৌর কর প্রায় ৪০ শতাংশ বাড়ানোর উদ্যোগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, স্থানীয় সাধারণ নাগরিক, সাংবাদিক সমাজ এবং বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর ফলস্বরূপ, রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের ভৈরবে বাসস্ট্যান্ড সংলগ্ন দুর্জয় পাদদেশে নূরানী মসজিদের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। "জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সর্বস্তরের জনতা" ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ ছিল যে, নাগরিকদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ বা কার্যকর আলোচনা ছাড়াই পৌরকর বৃদ্ধি করা হয়েছে, যা ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে দ্রুত সামাজিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে, প্রতিমন্ত্রী শরীফুল আলম মানববন্ধনের ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত পদক্ষেপ নেন। তিনি পৌরসভা কর্তৃপক্ষকে নির্দেশ দেন এবং বলেন, "ভৈরব দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী, তাই পৌরসভার পৌর কর আপাতত নির্বাচিত কোনো জনপ্রতিনিধি না আসা পর্যন্ত বাড়বে না। গতবছর যা নির্ধারিত ছিলো, তা জনস্বার্থে বহাল থাকবে।" এই তথ্য মুঠোফোনে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ জুনাইদ দৈনিক ইনকিলাবের ভৈরব সংবাদদাতা সোহান রহমানকে নিশ্চিত করেন।

এদিকে, ভৈরবে সুশীল সমাজের বরেণ্য ব্যক্তিত্ব এবং জাতীয়তাবাদী দল (বিএনপির) উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম দৈনিক ইনকিলাবকে জানান, "হটাৎ করে পৌরসভার পৌর কর ৪০% বৃদ্ধি হওয়ার বিষয়টি জানার পর আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দলের নেতাকর্মীদের নিয়ে বিষয়টি বন্ধ করার জন্য স্পষ্ট ভাষায় বলি। কারণ, জনস্বার্থ সবকিছুর ঊর্ধ্বে।" তিনি আরও বলেন, "আজকের মানববন্ধন প্রতিমন্ত্রীর নজরে আসলে, তার সুবুদ্ধির জন্য ভৈরববাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে বারেক হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ দুই আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


চাটমোহরে বারেক হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ দুই আসামি গ্রেপ্তার

পাবনার চাটমোহরে চাঞ্চল্যকর আব্দুল বারেক ওরফে বারেক (৩৬) হত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপিসি-২ পাবনা।

গ্রেপ্তারকৃত দুজন হলেন চাটমোহর উপজেলার সাজনাই দক্ষিণপাড়া গ্রামের মোছা. রেশমা খাতুন (৩০) এবং তার স্বামী মো. রবি মোল্লা (৪২)। রেশমা খাতুন ৬ নম্বর এবং রবি মোল্লা ১ নম্বর এজাহারভুক্ত আসামি।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, র‌্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় রাত ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার আরামবাড়ীয়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি দল। অভিযানে হত্যা মামলার ৬ নম্বর আসামি রেশমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। এর আধা ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদীর ভাদুর বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে একই মামলার ১ নম্বর আসামি রবি মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৯ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে চাটমোহর উপজেলার পাশডাঙ্গা ইউনিয়নের সাজনাই এলাকায় রবি মোল্লার বাড়ির সামনে পাকা সড়কের ওপর পূর্বশত্রুতার জেরে আব্দুল বারেককে হামলা করা হয়। এ সময় এজাহারনামীয় আসামিরাসহ কয়েকজন তাকে লোহার রড, কাঠের খাইটা, কাঠের বাটাম ও বাঁশ দিয়ে মারধর করেন। ফলে আব্দুল বারেক নিহত হন।

এ ঘটনায় নিহতের চাচা ওয়াহাব আলী প্রামাণিক বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর ২। মামলায় রবি মোল্লা ও রেশমা খাতুনসহ মোট ১০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%