০৩:৩৩ পি.এম
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্তের মধ্য দিয়ে ২ পুরুষ এবং ১ জন নারীকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার (২৬ জুন) ভোরে ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার রংপুর গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ১৩৫ নম্বর মেইন পিলারের ৭এস সাব-পিলার-সংলগ্ন ধলা সীমান্ত দিয়ে ওই তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর প্রচেষ্টা করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরবেলায় বিএসএফ তিনজনকে বাংলাদেশ সীমান্তে পুশইনের জন্য চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি এবং স্থানীয়রা মিলে এই পুশইনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার সম্মুখীন হয়ে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ, বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ এবং এলাকাবাসীর প্রতিরোধই পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে।
আরও পড়ুন: চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আটক
উল্লেখ্য, চলতি মাসে মেহেরপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ একাধিকবার পুশইনের চেষ্টা করেছে। ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জন, ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে ৪ জন এবং ২৫ জুন গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। প্রতিটি ঘটনায়ই বিজিবি এবং স্থানীয়দের বাধার কারণে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত নিতে বাধ্য হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন