০৬:২১ পি.এম
অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগের প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা। এই পরিস্থিতিতে পরীমনির পক্ষে দাঁড়িয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি একই সঙ্গে নিজের জীবনে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন।
বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা জানান, পরীমনির ঘটনায় তিনি চুপ থাকতে পারছেন না। তার মতে, কিছু বিষয় নিয়ে প্রতিবাদ না করলে নিজের বিবেকের কাছে অপরাধী মনে হয়। এ সময় তিনি সংশ্লিষ্ট সাংবাদিককে সমর্থন না করার জন্যও আহ্বান জানান।
ভিডিওতে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে প্রভা বলেন, একটি প্রসাধনীর মেলা অনুষ্ঠানে অংশগ্রহণের সময় তিনি কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হন। সেখানে এক সাংবাদিক একাধিক মাইক্রোফোন নিয়ে তার খুব কাছাকাছি চলে আসছিলেন। প্রভা বারবার সরে যাওয়ার চেষ্টা করলেও ওই ব্যক্তির হাত ক্রমেই তার শরীরের কাছাকাছি চলে আসছিল বলে অভিযোগ করেন।
আরও পড়ুন: শাহরুখ নিজেকে বকতে বলেছিলেন, জানালেন ফারাহ
প্রভার ভাষ্য অনুযায়ী, ওই সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তিনি জানান, সাংবাদিক না হলে তিনি নিজের স্যান্ডেল দিয়েই ওই ব্যক্তিকে মারতেন। এমনকি হাসিমুখে তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তার আচরণে তিনি অস্বস্তি বোধ করছেন।
পরীমনির ঘটনার প্রেক্ষিতে নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রভা সংশ্লিষ্ট অভিযোগের তদন্ত দাবি করেছেন। তবে তার ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি। কেউ কেউ ভিডিওটির মন্তব্যঘরে তার দাবির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন