০১:২১ পি.এম
চট্টগ্রামের রাউজানে জেঠাতো ভাইয়ের কাঠের আঘাতে গুরুতর আহত মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর (৩৭) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রোববার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আবদুল মন্নান রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কবির আহাম্মদের ছেলে এবং তিনি স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ লোকমান সওদাগরের ছোট ভাই।
দলিল ও পারিবারিক সূত্রে জানা গেছে যে, গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর বাজারে মন্নান সওদাগরের সঙ্গে তার জেঠাতো ভাই শাহজানের তুচ্ছ বিষয়ে কিছু কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাহজান ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে একটি ভারী গাছের টুকরো (কাঠ) দিয়ে মন্নানের মাথায় আঘাত করে। আঘাতের ফলে মন্নানের মাথা ফেটে রক্তাক্ত হয়ে ছাত্র পড়লে অভিযুক্ত শাহজান ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এরপর বাজারের ব্যবসায়ী ও পরিবারের সদস্যরা মন্নানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নগরীর বেসরকারি সাজিনাজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানিপাথর বাজারের এক ব্যবসায়ী জানিয়েছেন, প্রকাশ্যে দিবালোকে এই নির্মম হামলার ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘাতক শাহজানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার বিষয়ে বলেন, 'কাঠের আঘাতে গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যুর বিষয়টি আমরা হাসপাতাল সূত্রে জেনেছি। যেহেতু মৃত্যুর ঘটনাটি চট্টগ্রাম নগরীর হাসপাতালে ঘটেছে, তাই সেখানকার সংশ্লিষ্ট থানা পুলিশ নিহতের লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করছে। ময়নাতদন্ত শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'
আরও পড়ুন: চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর পর পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন