ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মধুপুরে মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


মধুপুরে মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ‘মেধাবৃত্তি-২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. রেশমা আনাম রোজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার।
মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক, প্রধান আলোচক ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র। আগত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর বিজয় কৃষ্ণ দাশ,ডাঃ রোকসানা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সহসভাপতি আনোয়ারা খন্দকার লিলি সরকার, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এম. এ. ছোবহান, মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেদ এবং বাংলাদেশ আইন-সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক), মধুপুর উপজেলা শাখার সভাপতি আঃ হামিদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলেও তারা উল্লেখ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ও মনোযোগ বাড়ানোর লক্ষ্যেই ‘মেধাবৃত্তি-২০২৫’ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী এরিক জেমুরের প্রার্থীতা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী এরিক জেমুরের প্রার্থীতা ঘোষণা

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬: ফ্রান্সের ডানপন্থী রাজনীতিক এরিক জেমুর শুক্রবার তার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি অভিবাসন নিয়ন্ত্রণের পাশাপাশি বেকার বিদেশিদের, যারা বৈধভাবে বসবাস করছেন, তাদের দেশ থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

রিকনকোয়েস্ট পার্টির নেতা জেমুর ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ স্থানে ছিলেন। তিনি বিএফএমটিভিকে বলেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হব।’

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।

আগামী বছরের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মেয়াদ শেষ হওয়ার পর ক্ষমতায় যাওয়ার জন্য ডানপন্থী প্রার্থী মেরিন লি পেন সবচেয়ে বড় সুযোগ দেখছেন। এরই মধ্যে জেমুর নির্বাচনী দৌড়ে যোগ দিয়েছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ায় লি পেনের সরকারি পদে থাকার ওপর নিষেধাজ্ঞা ছিল। তবে জুলাইয়ে আদালত সেই নিষেধাজ্ঞা কমিয়ে দেয়।

অভিবাসন বিরোধী ন্যাশনাল র‌্যালি পার্টির এই অভিজ্ঞ রাজনীতিক গত দুই নির্বাচনে মাখোঁর কাছে রানারআপ হন। বিভিন্ন জনমত জরিপে আগামী নির্বাচনের প্রথম দফায় তাকে এগিয়ে রাখা হয়েছে।

জেমুর অভিবাসন বন্ধের পাশাপাশি বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নীতি সমর্থন করেন। তিনি বলেন, ‘সব বিদেশি অপরাধীকে দেশে ফেরত পাঠাতে হবে। তারা কারাগারে না থাকলেও।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই অনিবন্ধিত অভিবাসীদেরও ফেরত পাঠাতে হবে। দীর্ঘদিন ধরে যারা বেকার, তাদেরও ফেরত পাঠাতে হবে। যারা পুরোপুরি সরকারি কল্যাণ ভাতার ওপর নির্ভরশীল, তাদেরও ফেরত পাঠাতে হবে।’

সাম্প্রতিক সপ্তাহগুলোর জনমত জরিপেও আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় লি পেনকে এগিয়ে দেখানো হয়েছে।

এ সপ্তাহের শেষে প্রকাশিত একটি জরিপে বলা হয়েছে, মধ্যপন্থী সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ লি পেনের সঙ্গে দ্বিতীয় দফায় যেতে পারেন। তবে এর জন্য তার মধ্যপন্থী প্রতিদ্বন্দ্বী গ্যাব্রিয়েল আত্তালকে সরে দাঁড়াতে হবে।

অন্যথায় কট্টর বামপন্থী নেতা জ্যাঁ-লুক মেলঁশঁ প্রতিদ্বন্দ্বী হতে পারেন লি পেন। ১৩ হাজার ভোটারের ওপর চালানো জরিপে এ তথ্য উঠে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুইটোর বনাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণকর্মীদের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


কুইটোর বনাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণকর্মীদের অভিযান

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬: ইকুয়েডরের রাজধানী কুইটোর বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণের লক্ষ্যে শুক্রবার অগ্নিনির্বাপণকর্মীরা অভিযান পরিচালনা করেছেন। শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগুনের কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেশ কিছু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, আগুনের লেলিহান শিখায় গাছপালা জ্বলছে এবং ঘন ধোঁয়ার কুণ্ডলী রাতের আকাশে ছড়িয়ে পড়ছে। এ সময় জরুরি সেবার যানবাহনের আলোও দৃশ্যমান ছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শহর কর্তৃপক্ষ জানায়, বৃষ্টির অভাবে শুষ্ক হয়ে যাওয়া গাছপালা এবং প্রবল বাতাসের কারণে উত্তর কুইটোর কাসিতাগুয়া পাহাড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ৪৮ জনকে এলাকা থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

কুইটো দমকল বিভাগ জানায়, বৃহস্পতিবারের মধ্যে নয়টি দাবানলের ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতটি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

দমকল বিভাগ এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা আকাশ ও স্থলপথে কাজ করছি, যাতে ক্ষয়ক্ষতি বা আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়।’

দমকল বিভাগের কর্মকর্তা জেফারসন মেরা জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে জরুরি সেবাকর্মীদের দুর্গম পাহাড়ি ভূখণ্ডের সঙ্গে লড়াই করতে হচ্ছে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘কিছু আগুন নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন, কারণ সেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন।’

কাসিতাগুয়া পাহাড় থেকে ওঠা আগুনের শিখা পুরো শহর থেকেই দৃশ্যমান ছিল। চলতি সপ্তাহে শহরের কেন্দ্রীয় এলাকায় আরেকটি দাবানল ছড়িয়ে পড়ায় কুইটো আগে থেকেই সতর্ক অবস্থায় ছিল।

কুইটোর নিরাপত্তাপ্রধান ক্যারোলিনা আন্দ্রাদে বলেন, ‘এই আগুন রাজধানীর গাছপালার ওপর ‘অত্যন্ত গুরুতর ও ভয়াবহ প্রভাব’ ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা, ইতোমধ্যে প্রায় ২০০ হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।’

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আশপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নেই।

শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুইটোতে প্রায় ২০০টি দাবানলের ঘটনা ঘটেছে। এতে রাজধানীর প্রায় ১,২০০ হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে।

দাবানল সৃষ্টির অভিযোগে চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২৪ সালেও কুইটো কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ দাবানলের সম্মুখীন হয়েছিল। ওই সময় ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর ঘটনায় ছয়জন আহত হন এবং বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজেরিয়ায় ৩৭ খনি শ্রমিকের মৃত্যু, তদন্তের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


নাইজেরিয়ায় ৩৭ খনি শ্রমিকের মৃত্যু, তদন্তের নির্দেশ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬: নাইজেরিয়ায় অবৈধ খননকাজের সঙ্গে জড়িত সন্দেহে আটক ৩৭ জন খনি শ্রমিকের মৃত্যুতে দেশের সরকার শুক্রবার একটি বেসামরিক নিরাপত্তা কমান্ডারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে এবং ‘পূর্ণাঙ্গ তদন্তের’ নির্দেশ প্রদান করেছে।

এই মৃত্যুর ঘটনা বৃহস্পতিবার নাইজার রাজ্যে ঘটে। একটি গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যেখানে তাদের রাখা হয়েছিল সেখানে অতিরিক্ত ভিড় এবং যথেষ্ট বাতাস চলাচলের ব্যবস্থা না থাকার কারণে তাদের মৃত্যু ঘটেছে। লাগোস থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

বেলজিয়ামের আয়তনের দ্বিগুণেরও বেশি আয়তনের নাইজার রাজ্যটি খনিজ সম্পদে সমৃদ্ধ। সোনার সন্ধানে হাজার হাজার ক্ষুদ্র খনি শ্রমিক সেখানে কাজ করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তদন্ত চলাকালীন নাইজেরিয়া সিকিউরিটি অ্যান্ড সিভিল ডিফেন্স কোরের (এনএসসিডিসি) রাজ্য কমান্ডার সুবেরু সিয়াকা আনিভিয়েকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এনএসসিডিসি মানুষের জীবন এবং গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ ও অবকাঠামো সুরক্ষায় কাজ করে, যা পুলিশকে সঙ্গে নিয়ে পরিচালিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ওলুবুনমি তুনজি-ওজো এক বিবৃতিতে বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। তবে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। আর যার দায়িত্বে থাকা অবস্থায় ঘটনাটি ঘটেছে, সেই কমান্ড্যান্টকে তদন্ত চলাকালে বরখাস্ত রাখা হবে।’

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, নাইজার রাজ্যের রাজধানী মিননায় এই ঘটনা ঘটার পর খনি শ্রমিকদের বিভিন্ন সংগঠন এবং তাদের সমর্থকদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এএফপির দেখা গোয়েন্দা প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে খোলা জায়গায় কয়েক ডজন তরুণের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাদের পরনে ছিল শুধু হাফপ্যান্ট। তাদের বেশিরভাগকেই কিশোর বলে মনে হয়েছে। পুলিশও এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

কর্মকর্তা ও বিশেষজ্ঞরা জানান, নাইজার রাজ্যের অবৈধ খনিগুলো থেকে সোনা উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ‘ব্যান্ডিট’ নামে পরিচিত অপরাধী চক্রগুলোর সহিংসতা বাড়ছে।

এই চক্রগুলো খনি শ্রমিকদের কাছ থেকে কর আদায় করে এবং খনিতে প্রবেশের অনুমতি দেওয়ার বিনিময়ে উত্তোলিত আকরিকের একটি অংশ দাবি করে।

২০২৪ সালের সুইসএইডের এক প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে উত্তোলিত সোনার বেশিরভাগই সংযুক্ত আরব আমিরাতে পাচার করা হয়। সেখান থেকে তা ইউরোপ, যুক্তরাষ্ট্র, এশিয়া ও দক্ষিণ আফ্রিকার বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ঢুকিয়ে বৈধ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম

বর্তমান বিএনপি সরকারকে সাহস থাকলে তাদের পূর্ববর্তী মেয়াদ, অর্থাৎ ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি মন্তব্য করেন, ‘দুদক (দুর্নীতি দমন কমিশন) পুনর্গঠন করে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) ও বিরোধীদলকে টার্গেট করা হচ্ছে। যদি সাহস থাকে, ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতি ও অভিযোগগুলো আপনারা তদন্ত করুন।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন ও নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে’ এই কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি জানিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা সরকার এমন কিছু আইন ও প্রতিষ্ঠান তৈরি করছে, যেগুলো মানবাধিকার হরণের সুযোগ তৈরি করছে।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা যে গণঅভ্যুত্থান করেছিলাম, যে লড়াই করেছিলাম দেশের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য, সেই গণতান্ত্রিক ও মৌলিক অধিকার, মানবাধিকার এখনো এই দেশে নিশ্চিত হয়নি।’

মিরাজ শেখের নিখোঁজ হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আজকে আমরা আপনাদের সামনে বলতে চাই, মিরাজ শেখ কোথায়? পাঁচ মাস হয়ে গেলো, কেন মিরাজ শেখের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? অথচ এই সরকারের মন্ত্রীরা বলছেন, সরকারের বিগত সাত মাসে নাকি একটিও গুম হয়নি। মিরাজ শেখের গুমের ঘটনা পুরো বিশ্ববাসী এখন জানে।’

মিরাজ শেখের পরিবারকে হয়রানির অভিযোগ করে নাহিদ ইসলাম জানান, তারা প্রথমে থানায় গেলে মামলা নেওয়া হয়নি। পরে সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হলেও সেখানে কোস্টগার্ডের নাম লিখতে দেওয়া হয়নি।

গাজী সালাহউদ্দিন তানভীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘তিনি (গাজী সালাহউদ্দিন) একটা ভুল করেছিলেন। খারাপ ভাষা ব্যবহার করে সরকার প্রধানের নামে কটূক্তি করেছিলেন। আমরা সেটা সমর্থন করিনি। দল হিসেবে আমরা তৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। গাজী সালাহউদ্দিন তানভীর কোন সন্ত্রাস করেছেন যে তাকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে?’

গাজীপুরের সিফাতের বিরুদ্ধেও একই আইনে মামলা দেওয়ার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে গালি দেওয়া কি এক ধরনের সন্ত্রাস? তারেক রহমান কি বাংলাদেশের নতুন দিগ্বিজয়ী? তার বিরুদ্ধে কথা বললেই, মিম করলেই, এমনকি গালি দিলেও, যেটা আমরা সমর্থন করি না, সেটা তো সন্ত্রাস নয়।’

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার বন্ধের দাবি জানান তিনি। হবিগঞ্জে ছাত্রশক্তির কর্মী আলিফের ওপর হামলার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘হবিগঞ্জে দেখেছেন, আমাদের ছাত্রশক্তির কিশোর আলিফের চোখ তারা কেড়ে নিয়েছে। বিরোধী দল-মত দমন করা শুরু হয়ে গেছে।’

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, মানবাধিকার কমিশন আইন এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নিয়েও আপত্তি জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গুমের অভিযোগের তদন্ত যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমেই করা হয়, তাহলে একটি বাহিনীর বিরুদ্ধে অন্য একটি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করবে। পাশাপাশি অভিযোগ ভুল প্রমাণিত হলে অভিযোগকারীকে শাস্তির বিধান রাখার ফলে মানুষ অভিযোগ করতে ভয় পাবে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপির বহু নেতাকর্মী বিগত সময়ে গুম হয়েছেন। সালাহউদ্দিন (স্বরাষ্ট্রমন্ত্রী) সাহেব গুম হয়েছেন, ইলিয়াস আলী গুম হয়েছেন। বিএনপি বিরোধীদলে থাকার সময় আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। আর এখন তারা সরকারে এসে জাতীয় পর্যায়েও কোনো তদন্ত হতে দিচ্ছে না।’

মানবাধিকার কমিশনকে ‘সরকারি মানবাধিকার কমিশনে’ পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে গুমের তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

জাতিসংঘে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর বিএনপির নেতারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে গেছেন। এখন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তারা কী জবাব দেবেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আপনি সেখানে দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আপনি সেখানে বিএনপির প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন না। ভালো হতো, যদি জাতীয় ঐক্য আপনি দেখাতে পারতেন।’

তিনি আরও বলেন, পুলিশ সংস্কার কমিশন না করে পুলিশকে বিরোধীদল দমনের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং নির্বাচন কমিশনকেও দুর্বল করা হচ্ছে।

সরকার তেল, গ্যাস ও বিদ্যুৎ দিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এই সরকার তেল, গ্যাস, বিদ্যুৎ দিতে ব্যর্থ হয়েছে, সুশাসন দিতে ব্যর্থ হয়েছে, এখন মানবাধিকার হরণ করে নিচ্ছে এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করেনি।’

মানববন্ধন থেকে গুমের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, মানবাধিকার কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া এবং সাইবার সুরক্ষা আইনের সংশোধনীর মাধ্যমে মতপ্রকাশের অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করার দাবি জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘অবিলম্বে এই আইনগুলো আপনারা সংশোধন করেন, সঠিকভাবে যাতে গুমের তদন্ত হয়, মানবাধিকার কমিশন যাতে নিরপেক্ষভাবে তদন্ত করতে পারে এবং সাইবার সুরক্ষা আইনের নামে যে সংশোধন আনা হচ্ছে, সে আইনের সংশোধনের নামে যাতে কোনোভাবেই মতপ্রকাশের অধিকার হরণ না করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%