১০:১৮ পি.এম
ময়মনসিংহ নগরীতে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবককে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করার পেছনের কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। একদিকে নারীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় থাপ্পড়ের প্রতিশোধের তথ্য উঠে এসেছে, অন্যদিকে পুলিশের একটি সূত্র মাদক সংক্রান্ত অভ্যন্তরীণ দ্বন্দ্বের দিকে ইঙ্গিত করছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নগরীর আকুয়া ভাংগারপুল এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
এই ঘটনায় অভিযুক্ত ঘাতক যুবক অন্তরকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার পান্নু মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত অন্তর একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক হামিম মল্লিক নিহত
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত অন্তর এলাকায় কিছুটা নারীঘেঁষা ও আপত্তিকর স্বভাবের ছিলেন। তিনি প্রায়ই প্রতিবেশী ভাবিদের জোরপূর্বক জড়িয়ে ধরে শ্লীলতাহানি করতেন। বিষয়টি জানতে পেরে দুই দিন আগে সাদ্দাম হোসেন অন্তরকে ডেকে নিয়ে শাসন করেন এবং একটি থাপ্পড় মারেন। সবার সামনে থাপ্পড় খাওয়ার এই অপমান অন্তর মেনে নিতে পারেনি।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে সাদ্দামকে একটি কক্ষে একা পেয়ে অন্তর সেখানে ঢুকে তার বুক ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সাদ্দাম মারা যান।
তবে হত্যাকাণ্ডের পেছনে কেবল থাপ্পড়ের প্রতিশোধ নাকি অন্য কিছু রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশের আরেকটি সূত্র। ওই সূত্রের দাবি, মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মাঝে দীর্ঘদিনের বিরোধ ছিল। আজ দুপুরে মাদক নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি হয়। তখন অন্তর তার হাতে থাকা চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে একাধিক আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন।
এ বিষয়ে জানতে চাইলে কোতোওয়ালি থানার ওসি শিবিরুল ইসলাম জানান, নারীর শ্লীলতাহানি নাকি মাদক দ্বন্দ্ব- তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত অন্তরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষেই সাদ্দাম হত্যার প্রকৃত রহস্য উদঘাটিত হবে।
আরও পড়ুন: লাখাইয়ে ডোবা থেকে রাজমিস্ত্রির লাশ উদ্ধার, হত্যার অভিযোগে বন্ধু গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন