ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত


সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় মাদকবিরোধী র‌্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় সরকারি মহিলা কলেজের হলরুমে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা ৩৩ বিজিবি’র সহকারি পরিচালক বেগ আব্দল্লাহ আল মাসুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারি পরিচালক রাজিবুল ইসলাম, জেলা তথ্য অফিসের উচ্চমান কর্মকর্তা মনিরুজ্জামান মনির প্রমূখ।

বক্তারা আলোচনা সভায় বলেন, ‘যে মাদক অফার করে সে কখনো বন্ধু হতে পারেনা, নেশার ফাঁদে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা’। বক্তারা আরো বলেন, মাদক জীবন থেকে জীবনকে কেড়ে নেয়, তাই মাদক থেকে দূরে থাকুন।

আরও পড়ুন: ঝালকাঠিতে ওসির বদলি আদেশের প্রতিবাদে থানার সামনে মানববন্ধন

তারা আরো উল্লেখ করেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি। বক্তাগণ তরুণ সমাজকে রক্ষায় সবাইকে সচেতন হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা কলেজ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিসা চালুর খবরে আশাবাদী কলকাতার ব্যবসায়ীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


ভিসা চালুর খবরে আশাবাদী কলকাতার ব্যবসায়ীরা

ভারত বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালু করছে। দীর্ঘ দুই বছর পর এই সুখবর আসতেই স্বস্তির হাওয়া বইছে কলকাতার নিউমার্কেট ও পেট্রাপোল সীমান্ত এলাকায়। ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এই ভিসা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এর ফলে ওখানকার হোটেল, পোশাক এবং ওষুধের ব্যবসা প্রায় ৬০ শতাংশ কমে গিয়েছিল। অবশেষে বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশনার এই ঘোষণা দেওয়ায় স্বস্তি ফিরেছে হাজারো ব্যবসায়ীর মনে।

নতুন করে সতেজ বাতাস বইতে শুরু করেছে কলকাতার নিউমার্কেট চত্বরে। হোটেল ব্যবসায়ী, পোশাক ব্যবসায়ী থেকে শুরু করে বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, মোবাইলের সিম বিক্রেতা, এমনকি হাতে টানা রিকশাচালক, ফলের দোকানদার সকলেই আশাবাদী সরকারের এই সিদ্ধান্তে। তারা আশা করছে, নিউমার্কেট আবার তার প্রাণ ফিরে পাবে।

মারকুইস স্ট্রিটের সংযোগস্থল চার মাথার মোড়ে গত ৩০ বছর ধরে ফল বিক্রি করে আসছেন মুহাম্মদ আসলাম। একসময় তার দোকানে ভিড় লেগেই থাকতো। শুক্রবার তিনি জানান, ‘এখন ব্যবসা খুব খারাপ আছে। শেখ হাসিনা সরকার চলে যাবার পর থেকেই ব্যবসায় মন্দা চলছে। বাংলাদেশিরা এলে একটু ভালো হবে।’

নিউমার্কেটের ‘কটন গ্যালারি’র কর্ণধার কামরুদ্দিন মালিক জানিয়েছেন, ‘গত প্রায় দুই বছরের নিউ মার্কেটের ব্যবসা ৬০ শতাংশ কমে গেছে। আমরা আশা করছি, ভারতের এই সিদ্ধান্তে নিউ মার্কেট আবার তার প্রাণ ফিরে পাবে। বাংলাদেশিরা আমাদের কাছে মেহমান, তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই আমরা এই চত্বরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। আমরা চাই তারা নিশ্চিন্তে কলকাতায় আসুক।’

নিউমার্কেটের ‘গ্লোব ফার্মেসি’ দোকানের কর্মী কুসুম জানিয়েছেন, ‘বাংলাদেশি কাস্টমারদের ওপর আমাদের ব্যবসা নির্ভর করে। তারা মূলত ঔষধ, কসমেটিক্স ও ড্রাই ফ্রুটস-এর জন্য আমাদের দোকানে আসে। কিন্তু দীর্ঘদিন ধরে সেটা বন্ধ ছিল। অনেক দিন ধরেই শুনছি ভিসা স্বাভাবিক হবে, কিন্তু অবশেষে সরকার সিদ্ধান্ত নেওয়ায় আমরা খুশি।’

মার্কুইস স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি মনোতোষ সাহা জানিয়েছেন, ‘বিগত দুই বছর ধরে আমরা অনেক অসহায় অবস্থায় ছিলাম। সেই অবস্থা কাটতে চলেছে। আমাদের লক্ষ্য থাকবে আমরা সবাইকে আহ্বান জানাব, বাংলাদেশি পর্যটকদের সঙ্গে সম্পর্ক রেখে আমরা যাতে আগের অবস্থানে পৌঁছাতে পারি।’

কলকাতার বিশিষ্ট দন্ত চিকিৎসক সুমিত কুমার সাহা বলেছেন, ‘খুবই ভালো সিদ্ধান্ত সরকার। ভারত সরকারের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। এর ফলে দুই দেশের সম্পর্কের উন্নয়ন ঘটবে, বাণিজ্য বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে পর্যটন ক্ষেত্রে অনেক শক্তিশালী হবে।’

শুধু নিউ মার্কেট নয়, গত কয়েক মাস ধরে একই চিত্র দেখা গেছে ভারত-বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলেও। পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল-বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত দিয়েই ভারতে প্রবেশ করেন অধিকাংশ বাংলাদেশি পর্যটক। এরপর সড়কপথে তারা পৌঁছান কলকাতা শহরে। ফলে তাদের ওপর নির্ভর করেই পেট্রাপোলে পরিবহন, হোটেল, রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি ও বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো গড়ে উঠেছে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার কর্মী যুক্ত আছেন।

ফলে আগামী ২৮ জুন থেকে পর্যটন ভিসা চালু হওয়ার খবরে উচ্ছ্বসিত পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীরাও।

এই বন্দরের ফরওয়ার্ডিং অ্যান্ড ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘এই সিদ্ধান্তের পরে শুধু বাংলাদেশি নাগরিকরা এখানে আসবেন, তা নয়, আমাদের ব্যবসার পরিমাণও বাড়বে। কারণ গত কয়েক মাস ধরে ব্যবসায়ীরা দোটানায় ছিলেন। সেই অবস্থা থেকেও তারা মুক্তি পাবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছয় দিনেও মেলেনি বিশ্বনাথের নিখোঁজ যুবকের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


ছয় দিনেও মেলেনি বিশ্বনাথের নিখোঁজ যুবকের সন্ধান

সিলেটের বিশ্বনাথে ছয়দিন ধরে মো. শিপন আহমদ (২৪) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। এই বিষয়টিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বড়ভাই থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

নিখোঁজ যুবক শিপন উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের মৃত তাহির আলীর পুত্র। পেশায় কার্পেন্টার শিপন গেল শনিবার (২০ জুন) তার কর্মস্থলে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

শিপনের বড়ভাই রিপন আহমদ জানান, গেল শনিবার সন্ধ্যায় তিনি বিশ্বনাথ পৌর শহরের কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কর্মস্থলে গিয়ে শিপন সাধারণত ৪-৫ দিন থাকেন। পরদিন তাঁর পরিবার থেকে যোগাযোগ করার চেষ্টা করলে জানা যায়, শিপনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এবং অফিসেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর গতকাল বিশ্বনাথ থানায় সাধারন ডায়েরী করতে বাধ্য হন তারা।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, সাধারণ ডায়েরীর পর মো. শিপন আহমদের সন্ধানে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় রায়পুর থানায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় রায়পুর থানায় মামলা

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের একটি বাসায় ঢুকে মা ও ৩ মেয়েকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীর পাড় সড়কের আমির হোসেন মাস্টারের ৫ তলা ভবনের নিচতলার বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার মেয়ে সায়মা আক্তার (২১), নাফিসা আক্তার ইকরা (১৭) ও ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফাকে (১০) কুপিয়ে হত্যা করা হয়। অভিযানে তাদের চিৎকার শুনে জানালা দিয়ে একজন লোককে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা আফরোজা বেগম রানী বাহির থেকে গেট বন্ধ করে দেয়। এতে অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদার ভবনের ভেতরে আটকা পড়ে। পরে ওই নারী আশাপাশের লোকজনকে খবর দিলে তারা বাসায় ঢুকে নিহতদের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে।

অভিযুক্ত ঘাতক বাসার ছাদে উঠে পার্শ্ববর্তী বাসার ছাদে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় জনগণ জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। প্রায় দেড় বছর ধরে ঘাতক যুবক একই ভবনের পাঁচতলায় ভাড়া থাকতেন। তবে প্রায় আট মাস আগে তিনি এ বাসা ছেড়ে চলে যান। জানা যায়, অন্তর এই বিষয়টি জানতো যে বাসা ভাড়ার টাকা সবাই শাহিনুরের কাছে জমা দেয় এবং কিছু স্বর্ণালংকারও ছিল। এ কারণে ডাকাতির উদ্দেশ্যে অন্তর এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানিয়েছেন।

নিহত শাহিনুরের ছোট ভাই ছানা উল্লাহ জানান, তার বোনের স্বর্ণালংকার ছিল এবং সেগুলো লুট করতেই ঘটনাটি ঘটেছে। এছাড়াও ঘটনার মূল রহস্য উদঘাটনসহ আর কাউকে জড়িত আছে কি না, তা বের করার দাবি জানান তিনি।

বাদী জুনাইদ ইসলাম সিফাত বলেন, ঘটনাটি টাকা বা স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে হয়ে থাকতে পারে। কারণ বাড়িওয়ালা না থাকলে আম্মুর কাছে সবাই ভাড়া দিত। এরপর বাড়িওয়ালা নিয়ে যেত। তিনি আরও বলেন, বাসার দায়িত্বে ছিলেন তার আম্মু এবং অন্তর বাসা ছেড়ে যাওয়ার পর তাকে আর দেখা যায়নি।

রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ জানান, এক ব্যক্তি ৪ জনকে খুন করতে পারে কিনা তা নিয়ে সবাই ধোঁয়াশার মধ্যে আছেন। খুনের সঙ্গে আর কেউ আছে কি না বা কি কারণে ঘটে তা বিশ্বস্তভাবে তদন্ত শেষ হলে প্রশাসন জানাবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শাহীনুরের ছেলে সিফাত বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং মামলার তদন্ত চলমান রয়েছে। ঘটনা কেন ঘটেছে তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর চীন সফরে কী কী চুক্তি হয়েছে, জানালেন মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


প্রধানমন্ত্রীর চীন সফরে কী কী চুক্তি হয়েছে, জানালেন মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরটি বাংলাদেশ ও চীনের বহুমাত্রিক সম্পর্ককে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বে পরিণত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, চীনে প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক একটি অনন্য বহুমাত্রিক রূপ লাভ করেছে।

শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় দুপুর দুইটায় (বাংলাদেশ সময় বেলা ১২টা) সেন্ট্রাল বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রীর চীনে সফরের প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, এই স্বল্প সময়ের সফরের মধ্যে প্রধানমন্ত্রী চীনের সবচেয়ে ক্ষমতাধর তিনজন ব্যক্তিত্ব—প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াং ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। অত্যন্ত উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের আলোচনায় নির্ধারিত হয়েছে যে, দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের মূল ভিত্তি হবে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা, সহযোগিতা ও দুই দেশের নিজস্ব স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি।

মাহদী আমিন জানান, দ্বিপাক্ষিক আলোচনার ফলস্বরূপ দুই দেশের শীর্ষ নেতৃত্বের সম্মতির ভিত্তিতে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ১৩টি মিনিস্ট্রি-টু-মিনিস্ট্রি, ৩টি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে চীনের বিভিন্ন স্টেকহোল্ডারদের এবং ১টি দুই দেশের রাষ্ট্র পরিচালনায় থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এই সফরের সফলতার ওপর ভিত্তি করে একটি ১৬ দফার যৌথ ইশতেহার তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মাহদী আমিন আরও উল্লেখ করেন, চীনের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশ ও চীনের মধ্যে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক এই রাষ্ট্রপ্রধানদের ইতিবাচক নীতি ও বারবার চীনে সফরের অবদানকে তারা গভীরভাবে মূল্যায়ন করেছেন। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন যে, ‘ওয়ান চায়না পলিসি’ সকলের জন্য সমান গুরুত্ব রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ সরকারের জন-কেন্দ্রিক নীতিগুলোকে চীন গভীরভাবে প্রশংসা করেছে এবং বিভিন্ন খাতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের উৎপাদন ও পোশাক খাতের কাঁচামাল স্থানীয়ভাবে তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে কারখানা স্থানান্তর (রিলোকেশন) এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীন বাংলাদেশকে অগ্রাধিকার দেবে।

উন্নয়ন প্রকল্পের বিষয়ে মাহদী আমিন বলেন, সড়ক, সেতু ও রেলওয়ের মতো মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থায় চীন সহযোগিতা বাড়াতে আগ্রহী। চট্টগ্রামের আনোয়ারা অর্থনৈতিক জোন ও মোংলা অর্থনৈতিক জোনের কাজ দ্রুত বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে। গ্রিন এনার্জি ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণেও কাজ হচ্ছে। বিএনপির নির্বানি ইশতেহারে থাকা তিস্তা মহাপরিকল্পনা ও পানি ব্যবস্থাপনার পরিকল্পনা থেকে শুরু করে কারিগরি সব স্তরে চীন সরকার যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে একটি অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠা করা হবে, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন করা হবে আঞ্চলিক হাব হিসেবে এবং মোংলা বন্দরের আধুনিকায়নে চীন কাজ করবে। শিক্ষা ক্ষেত্রে ম্যান্ডারিন ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় চীন সহযোগিতা করবে। স্বাস্থ্য খাতে রোবটিক সার্জারিসহ আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা ও বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়ে মাহদী আমিন জানিয়েছেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ উপায়ে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে চীন স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে এবং এ সম্পর্কে মিয়ানমারের সঙ্গে যেকোনো আলোচনায় চীন মধ্যস্থতা করবে। প্রথমবারের মতো দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ‘টু প্লাস টু’ ডায়ালগ মেকানিজম নিয়ে আলোচনা হয়েছে। চীন বাংলাদেশকে তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রিকসের সদস্যপদের জন্য বাংলাদেশ আবেদন করলে চীন তাকে স্বাগত জানাবে বলেও জানানো হয়েছে।

মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর পরিষ্কার যে আমাদের জন্য একটি নতুন রূপরেখা তৈরি হয়েছে, যা দীর্ঘমেয়াদি ও বিশ্বাসী সম্পর্কের ভিত্তিতে নির্মিত।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজন মাহমুদ, সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হকসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%