১১:০০ এম
পর্তুগালের রাজপরিবারের সদস্য হিজ রয়্যাল হাইনেস (HRH) মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা, ডাচেস অব কোইমব্রা, মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার সাভারে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেন। এই সফরটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে গণ্য হচ্ছে।
সফরের সময়, তার সঙ্গে ছিলেন ডিউক অব কোইমব্রা দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্টিন্স এবং গ্লোবাল ফেয়ার পে চার্টার ও লন্ডন টি এক্সচেঞ্জের প্রতিনিধিসহ পর্তুগাল ও যুক্তরাজ্যের একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল।
রাজকীয় অতিথি সফরের সময় ড্যাফোডিল স্মার্ট সিটির বিভিন্ন একাডেমিক ও অবকাঠামোগত সুবিধা, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগের বিষয়ে ধারণা লাভ করেন।
আরও পড়ুন: নির্মাতার গাড়িতে নবাগত অভিনেত্রী দেবিনা ব্যানার্জির অন্ধকার জায়গায় থামার অভিজ্ঞতা
এই সফরের অংশ হিসেবে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং ডাচেস অব কোইমব্রার যৌথ অংশগ্রহণে একটি স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরবর্তী সময়ে, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কনফারেন্স হলে রাজকীয় অতিথি ও তার প্রতিনিধিদলের সম্মানে একটি বিশেষ আনুষ্ঠানিক অধিবেশন আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। এ সময়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং আন্তর্জাতিক প্রতিনিধিদলের প্রধান স্যার শেখ আলিউর রহমান বক্তব্য প্রদান করেন।
ডাচেস অব কোইমব্রা তার বক্তব্যে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ড. মো. সবুর খানকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ Knight of the Crown Royal সম্মাননা প্রদান করা। পর্তুগালের রাজপরিবারের সদস্য হিজ রয়্যাল হাইনেস মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা, এই সম্মাননা তাঁর হাতে তুলে দেন। একই সঙ্গে, ড. সবুর খানকে বাংলাদেশে ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসাডর হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়।
আরও পড়ুন: ‘বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন—গুলি আপনাদের ওপর চলবেই’
এই সম্মাননা অর্জনের মাধ্যমে, ড. মো. সবুর খান বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ রাজকীয় স্বীকৃতি লাভ করেন, যা তার ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও দেশের জন্যও একটি গৌরবের উপলক্ষ।
রাজকীয় সফরের আরেকটি উল্লেখযোগ্য আয়োজন ছিল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের নতুন স্থাপনা ‘Cozinha Real – The Royal Lounge’-এর আনুষ্ঠানিক উদ্বোধন। হিজ রয়্যাল হাইনেস মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা এ স্থাপনাটির উদ্বোধন করেন।
এই উদ্যোগ শিক্ষার্থীদের ব্যাবহারিক শিক্ষা, আন্তর্জাতিক রন্ধনশৈলী, খাদ্যসংস্কৃতি, আতিথেয়তা এবং পেশাগত দক্ষতা বিকাশের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। ‘Cozinha Real – The Royal Lounge’ পর্তুগাল ও বাংলাদেশের ঐতিহ্য, খাদ্যসংস্কৃতি এবং আতিথেয়তার মধ্যে একটি অর্থবহ সংযোগ তৈরির প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি, বিশেষ সম্মাননা ও স্মারক উপহার বিনিময়ের আয়োজন করা হয়।
আরও পড়ুন: মেঘনা আলমের মন্তব্য: জামায়াতে থাকলে লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে নাচতে পারতাম
এ প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন গ্লোবাল ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসাডর স্যার আসিফ নিসার বাজওয়া, যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের কো-চেয়ার ফারহান-খান ফারানি, গ্লোবাল ফেয়ার পে চার্টারের পাকিস্তানবিষয়ক মিডিয়া ও জনসংযোগ প্রধান মোহাম্মদ তাহির চৌধুরী, লন্ডন টি এক্সচেঞ্জের পরিচালক মোহাম্মদ শালিম মুকিত আবদুল, গ্লোবাল ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসাডর মোহাম্মদ আজিজ-উর-রহমান, নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান পিটার ডেনিস পোগোজ, জাবিন চৌধুরী, লায়লা মিশেল গুরমুখ এবং লন্ডন টি এক্সচেঞ্জের অন্যান্য প্রতিনিধিরা।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা, গবেষণা, উদ্ভাবন, সাংস্কৃতিক বিনিময় এবং বৈশ্বিক সম্পৃক্ততা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্য ও আন্তর্জাতিক প্রতিনিধি দলের এই সফর বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন