ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কেমব্রিজ ডিকশনারির ২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’


কেমব্রিজ ডিকশনারির ২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : কেমব্রিজ ডিকশনারি কর্তৃপক্ষ ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ‘হিউম্যান’ নির্বাচন করেছে। এই শব্দটির অর্থ হলো- দেবতা, প্রাণী বা যন্ত্রের বিপরীতে মানুষের মধ্যে বিদ্যমান গুণাবলি, ত্রুটি ও অনুভূতির অধিকারী হওয়া।

কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের বোর্ড সদস্য ফ্রান্সেসকা উডওয়ার্ড জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তার এবং এর ফলে মানবজাতির বিলুপ্তির আশঙ্কার প্রেক্ষাপটে শব্দটি ‘২০২৬ সালের সময়ের চেতনা’ ধারণ করেছে।

বার্তা সংস্থা এএফপি লন্ডন থেকে এই তথ্য প্রকাশ করেছে।

আরও পড়ুন: ই-স-রা-য়ে-লি বাহিনী ১৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে

ফ্রান্সেসকা উডওয়ার্ড বলেন, গত ১২ মাসে বিশেষ করে এআই মানুষের কর্মসংস্থান দখল করে নিতে পারে—এমন উদ্বেগের কারণে মানুষ ‘মানুষ হওয়ার প্রকৃত অর্থ’ নিয়ে গভীরভাবে ভাবছে।

তিনি আরও বলেন, ‘মানুষ আসলে কী, তা নিজেদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

‘হিউম্যান’ শব্দটি এআই ও অনলাইন জগতের সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি শব্দকে পেছনে ফেলে বর্ষসেরা শব্দের স্বীকৃতি পেয়েছে। এতে প্রযুক্তি কীভাবে আমাদের জীবনকে পরিবর্তন করছে, সে বিষয়ে বিশ্বজুড়ে মানুষের ব্যাপক আগ্রহের প্রতিফলন ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

কেমব্রিজ ডিকশনারির শব্দবিশারদরা ‘হিউম্যান-মেইড’ (মানুষের তৈরি) ও ‘হিউম্যান অথর’ (মানব লেখক) এর মতো যৌগিক শব্দে ‘হিউম্যান’ শব্দটির ব্যবহার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন।

আরও পড়ুন: চীনা বিজ্ঞানীদের উদ্ভাবন: ‘জাদুকরী চিরুনি’তে ইঁদুরের মাথায় ফিরেছে প্রায় শতভাগ চুল

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দর্শন ও বিজ্ঞান বিভাগের অধ্যাপক টম ম্যাকক্লেল্যান্ড ‘হিউম্যান’ শব্দটিকে ‘খুবই আকর্ষণীয় একটি নির্বাচন’ হিসেবে অভিহিত করেন। তার মতে, বর্তমান সময়ে মানবতা সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তিত হচ্ছে।

এআই নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক

তিনি বলেন, ‘আমরা মানুষের মন ও কৃত্রিম মনের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করছি। একইভাবে আমাদের মতো জীবিত সত্তা এবং আমাদের তৈরি কৃত্রিম সত্তার মধ্যেও পার্থক্য খুঁজছি। আমাদের আলাদা করে কী—চেতনা, সৃজনশীলতা, নাকি সহমর্মিতা?’

মানুষ হওয়ার অর্থ কী, তা নিয়ে চলমান বিতর্কে বিশ্বনেতাদের পাশাপাশি পোপ চতুর্দশ লিও, বিল গেটস, ধ্রুপদি সাহিত্য ও সংস্কৃতির গবেষক মেরি বিয়ার্ড এবং অভিনেত্রী কেট ব্ল্যানচেটের মতো বিশিষ্ট ব্যক্তিরাও মতামত প্রকাশ করেছেন।

আরও পড়ুন: যুক্তরাজ্যে আদালতের ঐতিহাসিক রায়: বাবার বিপুল সম্পদ নিয়ে ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের জয়

বর্ষসেরা শব্দ নির্বাচনের প্রতিযোগিতায় আরও ছিল ‘এজেন্ট’। এর অর্থ, এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা, যা মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই জটিলভাবে কাজ করতে সক্ষম।

এছাড়া প্রতিযোগিতায় ছিল ‘হোলসাম’। শব্দটির অর্থ এমন কিছু, যা শারীরিক ও নৈতিক বা মানসিকভাবে মানুষের জন্য উপকারী এবং জীবনকে উন্নত করতে পারে।

‘ডাসকিং’ শব্দটিও বিবেচনায় ছিল। এটি এক ধরনের অবসরযাপনের পদ্ধতি, যেখানে দিনের আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাওয়ার দৃশ্য উপভোগ করা হয়।

নেদারল্যান্ডসের একটি ঐতিহ্যবাহী এই চর্চা প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নতুন করে গড়ে তোলার উপায় হিসেবে আবার জনপ্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: প্রতিশ্রুতি আছে, প্রাপ্তি নেই: জলবায়ু সম্মেলনে জৌলুস হারাচ্ছে

২০২৬ সালে ডিকশনারিতে যুক্ত হওয়া অন্যান্য নতুন শব্দের মধ্যে রয়েছে ‘অরা ফার্মিং’। এর অর্থ, এমন কিছু করা, যার মাধ্যমে নিজের ব্যক্তিত্বের এমন দিক তুলে ধরা হয়, যা অন্যদের কাছে প্রশংসনীয় মনে হয়।

আরেকটি শব্দ ‘লুকসম্যাক্সিং’। এর অর্থ, নিজেকে শারীরিকভাবে যতটা সম্ভব আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা।

কেমব্রিজ ডিকশনারির ওয়েবসাইটে কোন শব্দগুলো বেশি খোঁজা হচ্ছে, তা-সহ বিভিন্ন মানদণ্ড বিবেচনা করে বর্ষসেরা শব্দ ও নতুন শব্দ নির্বাচন করা হয়।

আগামী বছর নজরে রাখার মতো শব্দের তালিকায় রয়েছে ‘ফোবো’। এর অর্থ, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজ করে দিতে পারায় নিজের কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় হয়ে পড়ার ভয়।

আরও পড়ুন: বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সীমিত করার ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাতিল করলেন বিচারক

আরেকটি শব্দ ‘ওয়েদার হুইপল্যাশ’। এর অর্থ, আবহাওয়ার এক চরম অবস্থা থেকে দ্রুত আরেক চরম অবস্থায় পরিবর্তিত হওয়া।

গত বছর বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল ‘প্যারাসোশ্যাল’। ব্যক্তিগতভাবে পরিচিত নন, এমন কোনো বিখ্যাত ব্যক্তি কিংবা কাল্পনিক চরিত্রের সঙ্গে নিজের এক ধরনের সম্পর্ক বা ঘনিষ্ঠতা অনুভব করাকে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক রাতের আগুনে পরিমলের কৌটায় জমানো ৮০ হাজার টাকা পুড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


এক রাতের আগুনে পরিমলের কৌটায় জমানো ৮০ হাজার টাকা পুড়েছে

দোকানের বেচাকেনা শেষ করে স্বামী পরিমল মিস্ত্রী ও স্ত্রী স্বরস্বতী ছোট্ট বসতঘরে ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে হঠাৎ করে স্বরস্বতীর বাম হাতে এসে পড়ে একটি জ্বলন্ত কুণ্ডলি। চমকে উঠে তিনি দেখেন, দোকানে আগুন লেগেছে। মুহূর্তেই স্বামী ও ছেলেকে ডাকেন তিনি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো দোকান ও বসতঘরে। প্রাণ বাঁচাতে এক কাপড়েই ঘর থেকে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। তাঁদের সাজানো সংসার, দোকানের মালামাল, আসবাবপত্র, সারাজীবনের সঞ্চয়—সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। এক রাতের আগুনে শুধু ঘরবাড়ি ও দোকান নয়, একটি পরিবারের বেঁচে থাকার স্বপ্নও পুড়ে গেছে।

গত ১৬ নভেম্বর মধ্যরাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে চা দোকানি পরিমল মিস্ত্রীর পরিবার সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। ওই অগ্নিকাণ্ডে বাজারের ১৮টি দোকান, দুটি বসতঘর ও একটি মন্দির সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়। ব্যবসাপ্রতিষ্ঠানের সর্বস্ব হারানোর পাশাপাশি মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়েছেন পরিমল। যে দোকানের আয় দিয়ে তাঁর চার সদস্যের সংসার চলত, সেই দোকান ও বসতঘর এখন শুধুই পোড়া ছাইয়ের স্তূপ।

পরিমল মিস্ত্রী একজন অ্যাজমা রোগী। চায়ের দোকানে চা, পান ও সিগারেট বিক্রি করেই তাঁর সংসার চলত, নিজের ওষুধ ও ইনহেলারের খরচ এবং সন্তানদের পড়াশোনা। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়েকে নার্সিং পড়িয়ে বিয়ে দিয়েছেন, তবে চাকরি হয়নি তাঁর। ছোট মেয়েকে বর্তমানে বেসরকারিভাবে নার্সিং পড়াচ্ছেন। ছেলে বাজারের একটি ইলেকট্রনিকস দোকানে কাজ করার পাশাপাশি কলেজে পড়াশোনা করছে। পরিমল জানান, ব্যাংকে তাঁর কোনো সঞ্চয় নেই। দোকানের প্রতিদিনের বিক্রির লাভ থেকে অল্প অল্প করে টাকা জমাতেন একটি বড় টিনের কৌটায়। রাবার দিয়ে বেঁধে সেই কৌটার মধ্যেই রাখতেন সঞ্চিত টাকা। কয়েক দিন আগে একটি এনজিও থেকে ঋণ নিয়েও সেই টাকা কৌটায় রেখেছিলেন। সব মিলিয়ে সেখানে প্রায় ৮০ হাজার টাকা ছিল। মেয়ের নার্সিং পরীক্ষার ফি, হোস্টেল খরচ এবং দোকানে নতুন মালামাল কেনার পরিকল্পনা ছিল সেই টাকা দিয়ে। কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাঁর সব সঞ্চয়।

এখনো পোড়া টাকার বান্ডিলভর্তি সেই কৌটাটি বুকে জড়িয়ে ধরে কাঁদেন পরিমল। বাজারে কেউ ক্যামেরা হাতে তাঁর কাছে গেলেই কান্নায় ভেঙে পড়েন। চোখের পানি মুছতে মুছতে জানান, "কীভাবে এক রাতেই শেষ হয়ে গেল তাঁর সারা জীবনের পরিশ্রম।"

পরিমলের স্ত্রী স্বরস্বতীও আগুনে বাম হাতে দগ্ধ হয়েছেন। নিজের পোড়া হাত দেখিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "এই পোড়া হাতের চিকিৎসার জন্য একটু মলম কিনব, সেই টাকাটুকুও এখন আমাদের কাছে নেই।" গত ১৬ নভেম্বরের অগ্নিকাণ্ডের পর থেকে পুরো পরিবারটি এক কাপড়ে দিন কাটাচ্ছে। দোকান ও বসতঘর হারিয়ে গত দুই দিন ধরে আশ্রয় নিয়েছেন প্রতিবেশীর বাড়িতে। কেউ দিলে খাচ্ছেন আর ফুফিয়ে কাদছেন।

প্রতিবেশী মো. আলী হায়দার বলেন, বাজারে ১৮টি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে এসব ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিমলের মতো অসহায় পরিবার আর নেই। তাঁর কোনো বাড়িঘর বা জমিজমা নেই। তাই দোকানের একটি অংশে বসতঘর বানিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন। তিনি নিজেও অসুস্থ। চা বিক্রির আয়েই সংসার, নিজের ওষুধ ও ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালাতেন। এক রাতের আগুনে তাঁর সব শেষ হয়ে গেছে। এখন পরিবারটি এক কাপড়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নিয়েছে।

গুয়ারেখা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মজিবুর রহমান জানান, অগ্নিকাণ্ডে বাজারের ১৮টি দোকান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিমল মিস্ত্রীর পরিবার সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়েছে। তাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। দুই মেয়ে নার্সিং পড়ছে, ছেলে কলেজে পড়ে। দোকানের আয়েই চলত তাদের সংসার। কৌটায় জমানো ও এনজিও থেকে ঋণ নেওয়া সব মিলিয়ে প্রায় ৮০ হাজার টাকাও পুড়ে গেছে। এখন পরিবারটির খাবারের ব্যবস্থাটুকু করাও কঠিন হয়ে পড়েছে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ জানান, ক্ষতিগ্রস্থ সবাইকে গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জনপ্রতি ২ বান্ডিল ঢেউটিন, ছয় হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে। এর পরে সাহয্যে আসলে দেখা হবে। তাদের বিষয়ে খোজ রাখা হচ্ছে।

একটি ছোট্ট চায়ের দোকানই ছিল পরিমল মিস্ত্রীর পরিবারের বেঁচে থাকার অবলম্বন। সেই দোকানের আয়েই চলত সংসার, সন্তানদের লেখাপড়া আর অসুস্থ শরীরের চিকিৎসা। আগুনে পুড়ে গেছে সেই অবলম্বন, পুড়ে গেছে ভবিষ্যতের জন্য জমানো শেষ সম্বলটুকুও। এখন দগ্ধ হাতের চিকিৎসা, পরিবারের খাবার আর নতুন করে মাথা গোঁজার ঠাঁই সবই অনিশ্চিত পরিমলের জীবনে। তাই পরিমল মিস্ত্রীর পরিবারের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন তাঁরা?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরম আবহাওয়ায় ৩০ বছরে প্রাণ গেছে ৯ লাখ ১৬ হাজারের বেশি মানুষের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


চরম আবহাওয়ায় ৩০ বছরে প্রাণ গেছে ৯ লাখ ১৬ হাজারের বেশি মানুষের

বিশ্বজুড়ে গত ৩০ বছরে ৯ লাখ ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে প্রায় ১০ হাজার চরম আবহাওয়াজনিত ঘটনার কারণে। এসব ঘটনার ফলে সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৭০ হাজার কোটি ডলার। এই তথ্যটি জার্মানভিত্তিক জলবায়ু গবেষণা ও উন্নয়ন সংস্থা জার্মানওয়াচের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ ‘ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৭’ (সিআরআই ২০২৭) প্রকাশ করে সংস্থাটি। প্রতিবেদনে ১৯৯৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে চরম আবহাওয়ার প্রভাব ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে।

৩০ বছরের হিসাব অনুযায়ী, ডমিনিকা, মিয়ানমার ও হন্ডুরাস চরম আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি দেশের মধ্যে নয়টি মধ্যম আয়ের অর্থনীতির দেশ। তালিকায় একমাত্র উচ্চ আয়ের দেশ হিসেবে বাহামাস অন্তর্ভুক্ত রয়েছে।

শুধু ২০২৫ সালেই বিশ্বজুড়ে ৩৬৭টি চরম আবহাওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং ১০ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময়ে সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১৫ হাজার ৮০০ কোটি ডলারেরও বেশি। ওই বছর সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে জ্যামাইকা, শ্রীলঙ্কা ও স্পেন।

২০২৫ সালে চরম আবহাওয়াজনিত মৃত্যুর প্রধান কারণ ছিল তাপপ্রবাহ, যা ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটিয়েছে। এটি ওই বছর এসব ঘটনায় মোট প্রাণহানির প্রায় ৭০ শতাংশ। তবে সাব-সাহারান আফ্রিকার মতো অঞ্চলে তাপপ্রবাহে মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক ক্ষেত্রেই নথিভুক্ত হয় না বলে সংস্থাটি জানিয়েছে।

অন্যদিকে, অর্থনৈতিক ক্ষতির দিক থেকে সবচেয়ে ভয়াবহ ছিল ঝড়। ২০২৫ সালে ঝড়ের কারণে সরাসরি ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৬৪৮০ কোটি ডলার। ১৯৯৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩০ বছরে চরম আবহাওয়ার মোট অর্থনৈতিক ক্ষতির ৫৮ শতাংশের জন্য ঝড় দায়ী ছিল।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিষ্ক্রিয়তার মূল্য ক্রমেই বাড়ছে। এর প্রভাব মানুষের জীবনহানির পাশাপাশি অর্থনীতিতেও বিপুল ক্ষতি সৃষ্টি করছে। সংস্থাটির ভাষ্য, চরম আবহাওয়ার মানবিক ও অর্থনৈতিক পরিণতি দিন দিন আরও গুরুতর হয়ে উঠছে।

এ অবস্থায় কপ৩১ সম্মেলন থেকে জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিষয়ে উচ্চাভিলাষী পদক্ষেপ নেওয়ার জন্য জার্মানওয়াচ আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বড় নিঃসরণকারী দেশ ও জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলোকে জলবায়ু মোকাবিলায় আর্থিক সহায়তা বাড়ানোর জন্য সংস্থাটি অনুরোধ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে আমিরাতের জাহাজে হামলা, ১১ ক্রু সদস্য আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


হরমুজে আমিরাতের জাহাজে হামলা, ১১ ক্রু সদস্য আহত

সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ হামলার শিকার হয়েছে হরমুজ প্রণালিতে। এই হামলার ফলে জাহাজের ১১ জন ক্রু সদস্য আহত হয়েছেন। আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক) এই তথ্য জানিয়েছে।

অ্যাডনক জানায়, তাদের একটি জাহাজ রাতে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় হামলার সম্মুখীন হয়।

কোম্পানির তথ্য অনুযায়ী, এই ঘটনায় ১১ জন ক্রু সদস্য আহত হওয়ার পাশাপাশি একজন ব্যক্তি নিখোঁজ রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ড্রোন হামলার শিকার হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার মধ্যে। একই সময়ে, ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের বন্দর থানার অভিযানে ১০ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে ১ বছরের সশ্রম কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


বরিশালের বন্দর থানার অভিযানে ১০ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে ১ বছরের সশ্রম কারাদণ্ড

চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা চলমান; ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড

বরিশালের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১০টি মামলার আসামি মোঃ রমজান হাওলাদার (৩২) গ্রেপ্তার হয়েছেন। পরবর্তীতে মাদকদ্রব্য সেবন ও অভ্যাসগত চোরাই কাজে জড়িত থাকার কথা স্বীকার করায় বিজ্ঞ আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর ২০২৬ ইং তারিখ বিকেল ৩টা ৪৫ মিনিটে বরিশালের বন্দর থানাধীন চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া সাকিনের রাজার ব্রিজ এলাকায় বন্দর থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মাদকাসক্ত ও সন্দেহজনক অবস্থায় মোঃ রমজান হাওলাদারকে আটক করা হয়।

গ্রেপ্তার রমজান হাওলাদার বরিশাল জেলার বন্দর থানাধীন চাঁদপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খন্তাখালী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম খালেক হাওলাদার।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রমজান হাওলাদারের বিরুদ্ধে চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১০টি মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে চুরি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন বলে জানা গেছে।

অভিযানের পর তাকে আটক করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়। এ সময় মাদকদ্রব্য সেবন ও অভ্যাসগত চোরাই কাজে জড়িত থাকার কথা স্বীকার করায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

বন্দর থানা পুলিশের এ অভিযানের মধ্য দিয়ে চুরি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি আবারও সামনে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%