০২:৫৮ পি.এম
বলিউডের খল অভিনেতা মুকেশ ঋষি ঢাকায় এসেছেন। তিনি বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে মুম্বাই থেকে ঢাকায় পৌঁছান, এমডি ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে। সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
ঢাকা বিমানবন্দরে মুকেশ ঋষির হাতে ফুলের তোড়া তুলে দেন আরশাদ আদনান। এ সময় দুজনকে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা যায়।
‘নসিব’ সিনেমাটি আরশাদ আদনানের গল্প ভাবনায় নির্মিত হচ্ছে। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি করা হচ্ছে। মুকেশ ঋষি এতে খলচরিত্রে অভিনয় করবেন এবং শুটিংয়ের জন্য উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
আরও পড়ুন: অভিনয়জীবনের ৫০ বছরে আজিজুল হাকিম পাচ্ছেন বিশেষ সম্মাননা
নব্বইয়ের দশক থেকে বলিউডে খলনায়ক হিসেবে পরিচিতি অর্জন করেছেন মুকেশ ঋষি। তার শক্তিশালী শারীরিক গঠন, গম্ভীর কণ্ঠস্বর এবং পর্দায় ভয়ংকর উপস্থিতির কারণে তিনি আলাদা জায়গা তৈরি করেছেন। তবে তার অভিনয়জীবন শুধুমাত্র হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা।
অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ এবং ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ এবং ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’।
এছাড়া, আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রটিও তাকে দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে।
আরও পড়ুন: নির্মাতার গাড়িতে নবাগত অভিনেত্রী দেবিনা ব্যানার্জির অন্ধকার জায়গায় থামার অভিজ্ঞতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন