০৫:২৭ পি.এম
বিশ্ব চলচ্চিত্রে মানবিক গল্প বলার এবং স্বতন্ত্র নির্মাণশৈলীর জন্য পরিচিত ছিলেন চিলির চলচ্চিত্র নির্মাতা সেবাস্টিয়ান লেলিও। তার হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে চিলির সিনেমা নতুন পরিচিতি লাভ করেছিল। শুক্রবার (৬ নভেম্বর) চিলির রাজধানী সান্তিয়াগোতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫২ বছর।
লেলিওর মৃত্যুর খবর তার পরিবার স্থানীয় সময় শুক্রবার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে। পোস্টে তার শারীরিক অবস্থার অবনতি সম্পর্কে উল্লেখ করা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘তার স্মৃতি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে। তিনি একজন চমৎকার মানুষ ছিলেন, যিনি চিলির সংস্কৃতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।’
আরও পড়ুন: তারান্নুম আফরীনের নতুন গান 'মনচোর বৈরাগী' প্রকাশ
২০১৮ সালে ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’ সিনেমার জন্য সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার বা অস্কার অর্জন করেন লেলিও। এই বিভাগটি আগে বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে পরিচিত ছিল। সিনেমাটিতে একজন ট্রান্সজেন্ডার নারীর জীবনসংগ্রাম ও সামাজিক বাস্তবতা তুলে ধরে নির্মাতা আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বিশেষ প্রশংসা অর্জন করেন।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ট্রান্সজেন্ডার অভিনেত্রী ড্যানিয়েলা ভেগা। তিনি একজন ওয়েট্রেস ও নাইটক্লাবের গায়িকার চরিত্রে অভিনয় করেন, যার প্রেমিকের আকস্মিক মৃত্যুর পর জীবন নানা সংকটের মুখে পড়ে। সিনেমাটি চিলির চলচ্চিত্র ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে এবং এটি ছিল দেশটির দ্বিতীয় অস্কার জয়। এর আগে ২০১৬ সালে ‘বিয়ার স্টোরি’ নামের একটি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এই সম্মান অর্জন করেছিল।
‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’ ছাড়াও লেলিওর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গ্লোরিয়া’, ‘দ্য ওয়েভ’, ‘দ্য ওয়ান্ডার’, ‘ডিসওবিডিয়েন্স’ ও ‘দ্য ইয়ার অব দ্য টাইগার’। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে কাজ করতে গিয়ে তিনি জুলিয়ান মুর, র্যাচেল ভাইস ও ফ্লোরেন্স পিউয়ের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন।
মৃত্যুর আগে নতুন সিনেমা ‘পোয়েতা চিলেনো’ বা ‘চিলিয়ান পোয়েট’ নিয়ে ব্যস্ত ছিলেন এই নির্মাতা। আলেজান্দ্রো জামব্রার বই অবলম্বনে নির্মিতব্য ছবিটির শুটিং চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হয়েছিল। তবে সিনেমাটির কাজ শেষ করে যেতে পারলেন না তিনি।
আরও পড়ুন: ‘দার-ই-নাজাত’-এর শেষ গল্প ফাঁস করলেন রোমাইসা, দর্শকদের মধ্যে নতুন কৌতূহল
আর্জেন্টিনার মেনদোসায় জন্ম নেওয়া লেলিও মাত্র দুই বছর বয়সে পরিবারের সঙ্গে চিলিতে চলে আসেন। চিলির চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে তিনি এক বছর সাংবাদিকতা নিয়েও পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে নিজের নির্মাণকর্মের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্রে স্থান করে নেন এই নির্মাতা। তার মৃত্যুতে চিলির চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন