ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালীন তাঁদের আটক করা হয় এবং পরে সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) এবং শাহআলম (৪৪)।

উপজেলা পরিষদের সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের নেতৃত্বে খেজুরবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু, জাজিরায় ৫ ব্যবসায়ীর জানাজায় উপচে পড়া ভিড়

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইয়াবা সেবনের সময় শাকিলকে আটক করা হয়। তাঁর কাছ থেকে তিনটি ইয়াবা উদ্ধার হওয়ায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাসুদুর মাউলার কাছ থেকে দুটি ইয়াবা উদ্ধার হওয়ায় তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, শাহআলমের কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার হওয়ায় তাঁকেও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এ বিষয়ে মন্তব্য করেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত যে-ই হোক, তাঁদের আটক করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় তরুণদের নিয়ে যৌন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ এম আর উজ্জ্বল, নেত্রকোনা জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


নেত্রকোনায় তরুণদের নিয়ে যৌন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা সভা

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক সভা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের কান্দি এমইউ আলিম মাদ্রাসায় ‘যৌন স্বাস্থ্য অধিকার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী তরুণ-তরুণী অংশ নেন।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ হেলথ ওয়াচ ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় আয়োজিত সভায় তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে যৌন স্বাস্থ্য, অধিকার, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

সভায় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. সামিয়া সানজানা। তিনি বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, স্বাস্থ্যবিধি এবং ব্যক্তিগত নিরাপত্তা ও অধিকার সম্পর্কে তরুণ-তরুণীদের তথ্যভিত্তিক ধারণা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য মাহবুবল কিবরিয়া চৌধুরী হেলিম, কান্দি এমইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আজিম উদ্দিন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য আব্দুল হাই এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগম।

বক্তারা বলেন, স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সঠিক তথ্যের অভাব তরুণদের নানা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে খোলামেলা ও তথ্যভিত্তিক আলোচনা বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুম ইবনে জয়নাল। সভার ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিনিধি অলিভিয়া আক্তার এবং জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্য শুভ রজক ও সুশান্ত পাল।

তরুণ-তরুণীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য ও অধিকার বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত উঠে আসে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আলোচনা তরুণদের সঠিক তথ্য জানার সুযোগ তৈরি করার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে বাসার বারান্দা থেকে উদ্ধার হলো বিষাক্ত শঙ্খিনী সাপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৬ এম


শ্রীমঙ্গলে বাসার বারান্দা থেকে উদ্ধার হলো বিষাক্ত শঙ্খিনী সাপ

শ্রীমঙ্গলে একটি বাসার বারান্দা থেকে বিষাক্ত শঙ্খিনী (শাঁখামুটি) সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে, শ্রীমঙ্গল হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত কাওসার মিয়ার বাসার বারান্দায় সাপটি পরিবারের সদস্যদের নজরে আসে। এরপর সিসিটিভি ক্যামেরার ফুটেজে সাপটির উপস্থিতি নিশ্চিত করা হয়।

সাপটিকে দেখে বাসার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। কাওসার মিয়া পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে এসে সাপটি দেখতে পান। তাঁরা সাপটিকে শঙ্খিনী (শাঁখামুটি) হিসেবে শনাক্ত করেন।

পরবর্তীতে, সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার মানোন্নয়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা জরুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৭ এম


শিক্ষার মানোন্নয়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা জরুরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. রইছ উদ্দীন সম্প্রতি বলেছেন, শিক্ষার মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বৃহস্পতিবার রাতে সিলেট সার্কিট হাউজে বর্ণির ছাহেবজাদা মাওলানা মো. আব্দুল আলীমের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই মন্তব্য করেন।

এছাড়া, সাক্ষাৎকালের পূর্বে বর্ণির ছাহেবজাদা মাওলানা মো. আব্দুল আলীম ভিসি এবং তার সফরসঙ্গীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইআবির ঢাকার প্রো-ভিসি অধ্যাপক ড. শহীদুল আলম এবং ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়ার ট্রেজারার ড. ইদ্রিস আলী। তাদেরকে স্বাগত জানান হবিবপুর ও কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাকীম, চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মস্তাক আহমেদ চৌধুরী এবং ইসলাহুল বানাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমত আলী হেলালী।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন আরও বলেন, “সিলেটে এসে এমন আন্তরিক অভ্যর্থনা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও অভিভূত।” তিনি অভ্যর্থনা জানানো সকলকে ধন্যবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষাকালে দোপাটি ফুলের মুগ্ধকর সৌন্দর্য ও পরিচর্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৭ এম


বর্ষাকালে দোপাটি ফুলের মুগ্ধকর সৌন্দর্য ও পরিচর্যা

গ্রামবাংলার বাড়ির আঙিনা, বাগান কিংবা টবের পরিচিত ফুল দোপাটি। রঙিন ও আকর্ষণীয় এই ফুল মানুষের দৃষ্টি সহজেই আকর্ষণ করে। বর্ষাকালে সজীব সবুজ পাতার মাঝে লাল, গোলাপি, সাদা ও বেগুনি রঙের ফুল ফুটে উঠলে প্রকৃতিতে ভিন্ন এক সৌন্দর্য যুক্ত হয়। দোপাটি ফুলের ইংরেজি নাম Garden balsam, এছাড়া Rose balsam, Touch-me-not এবং Lady slipper নামেও এটি পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Impatiens balsamina।

Balsaminaceae পরিবারের অন্তর্ভুক্ত একটি একবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ দোপাটি। সাধারণত দোপাটি গাছের উচ্চতা ৪৫ থেকে ৬০ সেন্টিমিটার পর্যন্ত হয়, তবে পরিবেশ ও জাতভেদে এর উচ্চতা কিছুটা বেশি হতে পারে। গাছের কাণ্ড পুরু, নরম এবং রসালো। এই বৈশিষ্ট্যের কারণে সহজেই ভেঙে যেতে পারে। গাছের প্রকৃতি সাধারণত ঝোপালো।

দোপাটি গাছের পাতাগুলো লম্বাটে বা কিছুটা বল্লমাকার। পাতার কিনারা করাতের দাঁতের মতো খাঁজকাটা। সবুজ পাতার সঙ্গে বিভিন্ন রঙের ফুলের সমন্বয় দোপাটি গাছকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে। দোপাটি ফুল একক কিংবা দ্বৈত পাপড়ির হতে পারে। ফুলের রং সাদা, গোলাপি, লাল, বেগুনি ইত্যাদি। দ্বৈত পাপড়ির ফুল ছোট গোলাপের মতো দেখতে হয়। এই কারণে বাগানের সৌন্দর্য বাড়াতে এবং বাগানের বর্ডার তৈরিতে দোপাটি গাছ জনপ্রিয়। গরম ও বর্ষাকালে দোপাটি ভালোভাবে বেড়ে ওঠে এবং এই সময় প্রচুর ফুল ফুটতে দেখা যায়। উষ্ণ ও অনুকূল পরিবেশে বছরের অন্য সময়েও ফুল ফুটতে পারে। বীজ থেকে সহজেই এর চারা জন্মানো যায় এবং বাড়ির আঙিনা, বাগান কিংবা টবেও এটি চাষ করা সম্ভব।

তবে দোপাটি ফুলের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য তার ফলের মধ্যে নিহিত। ফল পরিপক্ক হলে সামান্য স্পর্শ বা চাপেই এর ফলের খোসা হঠাৎ ফেটে যায় এবং ভেতরের বীজ চারদিকে ছিটকে পড়ে। বীজ ছড়িয়ে দেওয়ার এই বিস্ফোরণধর্মী পদ্ধতির কারণে ইংরেজিতে দোপাটির একটি প্রচলিত নাম ‘ঞড়ঁপয-সব-হড়ঃ’ রয়েছে।

দোপাটি শুধুমাত্র একটি পরিচিত বাগানফুল নয় বরং বর্ষার প্রকৃতিতে রঙের এক সুন্দর সংযোজন। নরম কাণ্ড, সবুজ পাতা এবং বাহারি রঙের ফুলের সমাহারে এটি বাড়ির আঙিনা ও বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে। সহজে জন্মানো এবং পরিচর্যা তুলনামূলকভাবে সহজ হওয়ায় গ্রামবাংলার বাড়ির আঙিনা থেকে শহরের টবের বাগান-সবখানেই দোপাটি ফুলের রয়েছে আলাদা কদর। ছবিটি শনিবার সকাল ১১টার দিকে মৌলভীবাজার শহরের ফরেস্ট অফিস রোডের কল্লোল দেবের বাসার ছাদবাগান থেকে তোলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%